শনিবার, অক্টোবর ১০, ২০২৬

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর্দা উঠছে আজ

আজ থেকে শুরু হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার ৭১তম আসর। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। এ প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা।

প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান- এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। পুরো ২৮ বছর বিরতির পর প্রতিযোগিতাটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শৈশব থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা। তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়াতাম। বলতাম, এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।

এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। তিনি বলেন, প্রিয়াংকা চোপড়া ও ঐশ্বরিয়া রাইকে দেখেছি। তাদের মতো করে নিজে নিজে বাড়িতে র‌্যাম্পে হেঁটেছি।

নেপালের প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। তিনি বলেন, দেখেন সবকিছুই কল্পনা থেকে শুরু হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তেমনই একটি মঞ্চ। এখানে আসতে পেরেছি। পুরো জার্নিটা আমার জন্য অনেক আনন্দের। আরও মজাদার আরও সহজ লাগছে।

বাঁকা টিপ পরে প্রতিবাদ জানালেন জয়া

বিশ্বজুড়ে একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘অড ডট সেলফি’। এটা নিছকই কোনো ফ্যাশন নয়। এগুলো নিস্তব্ধ বিপ্লব। বাংলাদেশের বহু অভিনেত্রী এই আন্দোলনের সঙ্গী হয়েছেন। কীসের আন্দোলন? নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন।

বাঙালি নারীরা রূপসজ্জার অন্যতম অঙ্গ টিপ। দুই ভ্রুর মাঝখানে কিংবা খানিকটা ওপরে টিপ পরার রেওয়াজ রয়েছে। সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান এই টিপ। যে-কোনো ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে নারীরা টিপ পরেন কপালে। আঠা দিয়ে আটকে যায়, এমন টিপ পরেন। আবিরের টিপ পরেন। সিঁদুরের টিপ পরেন। চন্দন, অন্যান্য রং… আরও কত রকম উপায়ে তৈরি টিপ পরেন তারা। কেবল গোল করে নয়, লম্বা, তিন কোণা, অর্ধেক চাঁদ, নানা নকশার টিপ পরেন। কিন্তু সেই টিপই যদি দুই ভ্রুর মাঝখানে কপালে না পরে কেউ যদি ভ্রুর ওপরে কিংবা কপালের অন্যত্র পরেন, খুবই বেমানান বলে মনে হতে পারে। তেমনটাই করেছেন জয়া এবং তার মতো অনেকেই। কিন্তু কেন? এই প্রতিবাদ কীসের জন্য?

এই প্রতিবাদ আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে। কপালে বাঁকা টিপ পরে নিস্তব্ধ বিপ্লবের অংশ হতে চেয়েছেন এই খ্যাতনামীরা। তৈরি করেছেন আন্দোলনের নিজস্ব ভাষা। তাতে যুক্ত হয়েছেন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। মূলত বাংলাদেশের অভিনেত্রী এবং ইনফ্লুয়েন্সারদেরই বাঁকা টিপ পরে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে।

জয়া লাল রঙের একটি টিপ বাঁকাভাবে পরে সেলফি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়। তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, “কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি-হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা একই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছেন। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি, আর #OddDotSelfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।”

যদিও জয়া এই প্রতিবাদ করেও কটাক্ষের শিকারই হয়েছে। নেটিজ়নদের একটা বড় অংশ কমেন্ট করে লিখেছেন, “কত পুরুষ যে ঘরে নির্যাতিত হয় বউদের হাতে, সে খবর রাখেন?” জয়াকে কদর্যভাষায় আক্রমণও করা হয়েছে।

অন্যদিকে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাজিবা নওশিন লিখেছেন, “আমরা নারীরা মন ভালো থাকলে টিপ পরি। এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা এবার প্রতিবাদ জানাচ্ছি।”

বিষয়টি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং সমাজকর্মী সারা জাকের লিখেছেন, “দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন। কোনো প্রতিবাদই হচ্ছে না সেই অর্থে। মিলিতভাবে সোচ্চার হওয়া খুব প্রয়োজন।”

মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া’ ডাকে সাড়া আম্বানি পরিবারের

এই মুহূর্তে ভারতে অন্যতম বড় অনুষ্ঠান হয়ে উঠেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব। জামনগরে অনুষ্ঠিত ওই প্রাক-বিবাহ উৎসবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি বলেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়েড ইন ইন্ডিয়া দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। যখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ভারতেই বিয়ে করা উচিত, তখন সেই বিষয়টা গর্বের এবং আনন্দের।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মাটিতেই দেশবাসীকে বিয়ের অনুষ্ঠান উদযাপন করা আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বেশ কিছু বড় পরিবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছে বিদেশে। আমরা সবাই বিয়ের অনুষ্ঠান ভারতের মাটিতেই করি। এতে দেশের অর্থ বাইরে চলে যাবে না।

নরেন্দ্র মোদি আরও বলেছিলেন, আমরা যদি ভারতবাসীর মাঝে দেশের মাটিতেই বিয়ের অনুষ্ঠানগুলো উদযাপন করি, তাহলে দেশের অর্থ দেশেই থেকে যাবে।

এর আগেও গত বছরের (২০২৩) ডিসেম্বরে একটি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার ভারতীয়দের কাছে ‘ওয়েড ইন ইন্ডিয়া’-র জন্য আর্জি জানিয়েছিলেন।

উল্লেখ্য, যারা বিলিয়নিয়ার, অঢেল সম্পদের মালিক তাদের ইচ্ছার দাম অনেক। তাদের বিলাসিতার কোনো শেষ নেই। বিয়ে কিংবা কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে তারা উন্নত দেশ কিংবা সুন্দর পরিবেশের ভেন্যু খোঁজেন। সেখানে গিয়ে ব্যয় করেন কোটি কোটি টাকা। তাই ঘরের টাকা ঘরে রাখার জন্য প্রধানমন্ত্রী এ আহ্বান।

কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩১ নির্বাচনে ভোট আজ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ছয়টি পৌরসভাসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনে আজ ভোটগ্রহণ। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটিতে মেয়রের শূন্যপদে উপনির্বাচন এবং তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও স্থানীয় সরকারে বিভিন্ন উপ-নির্বাচন নিয়ে ৯ মার্চ মোট ২৩১টি নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

জানা গেছে, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত রয়েছে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে থাকছে র‌্যাবের ১৭টি টিম ও বিজিবি থাকবে ৭ প্লাটুন।

এই সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ টিম থাকছে। এছাড়া নিয়োজিত থাকছে র‌্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন।

এই সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী- তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী এক লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুজন।

দুই সিটি নির্বাচনেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সাধারণ কেন্দ্রে আইন-শঙ্খলা বাহিনীগুলোর ১৬ জনের ফোর্স ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন থাকছে।

এদিকে পৌরসভাগুলোতে ১২ থেকে ১৪ জনের ও ইউপির নির্বাচনগুলোতে ২২ জনের ফোর্স নিয়োজিত করেছে ইসি।

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, পরিস্থিতি ভালো আছে। তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

‘পান্ডা পো’ আসছে আট বছর পর

হলিউডের ইতিহাসে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘কুংফু পান্ডা’ সিরিজ। নাদুসনুদুস দেহধারী পান্ডা পো-এর চালচলন, কথাবার্তা সব বয়সের মানুষকেই হাসিয়েছে। সর্বশেষ ‘কুংফু পান্ডা ৩’ ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো। এরপর আসে দীর্ঘ বিরতি।
শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

এই সিনেমা ঘিরে উত্তেজনা রয়েছে তুঙ্গে। পান্ডার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে ভক্তরা। পরিচালক মাইক মিশেল জানিয়েছেন, সিনেমাটিকে আরও সমৃদ্ধ, মহাকাব্যিক এবং মজার করতে যাবতীয় চেষ্টা করা হয়েছে।

সিনেমার পো একজন মজার এবং দায়িত্বশীল ব্যক্তি। প্রতিটি দায়িত্ব পালনের পর তার সামনে হাজির হয় আরেক নতুন ধাপ। এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা।

তাঁদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্ল্যাক। এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হলফম্যান, মিস্টার পিং চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস হং, লি চরিত্রে অভিনেতা ব্রায়ান ক্রান্সটন, টাই লুং চরিত্রে অভিনেতা ইয়ান ম্যাকসেন ও হ্যান চরিত্রে কণ্ঠ দিয়েছেন কে হু কুয়ান।

উল্লেখ্য, সিনেমাটি নির্মাণে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। ২০০৮ সালে ‘কুংফু পান্ডা’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায়। এরপর ২০১১ সালে দ্বিতীয়টি এবং ২০১৬ সালে তৃতীয়টি মুক্তি পায়।

বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে স্বর্ণ

বিশ্ববাজারে আরেক দফা বেড়ে সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছেছে স্বর্ণের দাম।

শুক্রবার (৮ মার্চ) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২ হাজার ১৭১ ডলার।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৭৫ ডলার ৫০ সেন্টে। এর আগে, স্বর্ণের দাম কখনো এতো দেখেননি বিশ্ববাসী।

সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৪ দশমিক ১ শতাংশ।

এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে। যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

ব্যাংক অব আমেরিকার গুরুত্বপূর্ণ ধাতু গবেষণার প্রধান মাইকেল উইডমার বলেছেন, স্বর্ণের চাহিদা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে।

লিঙ্গ সমতা শক্তিশালী গণতন্ত্রের অপরিহার্য পূর্বশর্ত : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের মতো বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য লিঙ্গ সমতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। লিঙ্গ সমতা শক্তিশালী গণতন্ত্রের একটি অপরিহার্য পূর্বশর্ত।

বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি আয়োজিত ‘উইমেন স্পিকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে স্পিকার এসব কথা বলেন।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকারের বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধান রাষ্ট্র ও গণজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমেও নারীরা সংসদ সদস্য হতে পারেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোতে শতকরা ৩৩ ভাগ নারী থাকার স্থলে বর্তমানে আছে শতকরা ২২ থেকে ২৪ ভাগ। তিনি বলেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সংখ্যায় নারীদের মনোনয়ন দিতে হবে। এ বিষয়ে উপযুক্ত আইন ও নীতি গ্রহণ করা আবশ্যক।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে লিঙ্গ সংবেদনশীল বাজেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক ও লজিস্টিক সহায়তার পাশাপাশি মার্কেটে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারীদের আইসিটি সেক্টরে অভ্যস্ত করতে প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।

ফ্রান্স, মেক্সিকো, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরিবাতি, স্পেন, বেলজিয়াম, ইউক্রেন, বাহামাস, মালাও, মোজাম্বিক, রুয়ান্ডা, তানজানিয়া, জার্মানিসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পিকার সামিটে অংশগ্রহণ করেছেন।

গুরবাজের সেঞ্চুরিতে সিরিজি এগিয়ে গেল আফগানিস্তান

রান তাড়ায় বড় সেঞ্চুরি হাঁকালেন হ্যারি টেক্টর। কিন্তু তার দুরন্ত লড়াই গেলো বিফলে। রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ভর করে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের কাছে হারতে হলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো আফগানিস্তান। শারজায় টস জিতে আফগানানদের শুরুতে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১০ রানের বড়সড় সংগ্রহ গড়ে তোলে আফগানিস্তান।

ওপেন করতে নেমে অনবদ্য শতরান করেন রহমানউল্লাহ। হাফসেঞ্চুরি করেন অপর ওপেনার ইব্রাহিম জাদরান। ওপেনিং জুটিতেই ১৫০ রান তুলে ফেলে আফগানিস্তান।

রহমানউল্লাহ ১১৭ বলে ১২১ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৮টি চার ও ৬টি ছক্কা মারেন। অন্যদিকে ইব্রাহিম ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৩ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন।

এ ছাড়া মোহাম্মদ নবি ২৭ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ধ্বংসাত্মক মেজাজে অর্ধশতরান করেন আফগান দলনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।

আয়ারল্যান্ডের হয়ে থিও ১০ ওভারে ৫৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৭৫ রানে থেমো যায়। দল হারায় বিফলে যায় হ্যারি টেক্টরের অনবদ্য শতরান। তিনি ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪৭ বলে ১৩৮ রান করে মাঠ ছাড়েন।

এ ছাড়া লরকান টাকার করেন ৭৬ বলে ৮৫ রান। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন টেক্টর আর টাকার। কিন্তু আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

ফজলহক ফারুকি ১০ ওভারে ৫১ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। ২টি উইকেট নেন আজমতউল্লাহ। ম্যাচসেরা হন রহমানুল্লাহ গুরবাজ।

এখন এই দুইটার একটাও না নেওয়া ভালো

বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হচ্ছে শুক্রবার (৮ মার্চ)। প্রতি বছরই দিবসটিকে ঘিরে নানা আয়োজন দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নারীদের সংবর্ধনা জানানো হচ্ছে। এদিন নারীর অধিকারসহ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এবার দিবসটি উপলক্ষে কথা বলেছেন কয়েকজন নারী তারকা। জানিয়েছেন নারী দিবস নিয়ে তাদের ভাবনা।

পরীমণি

প্রতিটি পুরুষ যেমন সুন্দর জীবন প্রত্যাশা করে, প্রতিটি নারীর জীবনও সুন্দর হোক। প্রতিটি পরিবারে একজন পুত্রসন্তানের পাশাপাশি সমান গুরুত্ব, সুযোগ-সুবিধা যেন একজন নারীও পায়। নারী ও পুরুষকে আলাদা চোখে না দেখে মানুষ হিসেবে তাদের সবাইকে গণ্য করতে হবে। পুরুষ হলেই পরিবারে বেশি সুবিধা পাবে—এই চিন্তাভাবনা থেকে সরে আসতে হবে আমাদের। এখন আর ঘরবন্দি নেই নারীরা। তারা জেগে উঠেছে। সমাজের সবখানেই তারা আলো ছড়াচ্ছে। সমাজকে আলোকিত করছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। সব নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। নারী-পুরুষ মিলেই সমাজটাকে এগিয়ে নিতে হবে। একজন আরেকজনের প্রতি সম্মানটা দেখাতে হবে।

মেহজাবীন চৌধুরী

নারীরা কোনো রকম বাধা ছাড়া সামনের দিকে এগিয়ে যাক। তাদের যোগ্যতা ও মেধা দিয়ে সামনে চলুক। নারী তার যথাযথ সম্মানটা পাক। পরিবার থেকে, সমাজ থেকে যেন কোনো নারী বাধা না পায়। নারীদের জীবন চলার পথটা সুন্দর হোক। নারী দিবসে সকল নারীকে জানাই ভালোবাসা ও সম্মান।

বিদ্যা সিনহা মিম

নারী ও পুরুষ—উভয়েই মানুষ। নারীকে প্রথমত মানুষ হিসেবে সম্মান করতে হবে। প্রাপ্য সম্মান এবং সুযোগ পেলে দারুণভাবে এগিয়ে যাবে নারীরা। আজকে সমাজের যেকোনো পেশাতেই নারীরা সফলতার প্রমাণ দিয়ে কাজ করছেন। শিক্ষায়ও নারীরা পিছিয়ে নেই। তারা যোগ্যতা, চেষ্টা আর মেধা দিয়েই এগিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেশি কাজ করে। এভাবেই নারীরা সামনে এগিয়ে যাক।

ডলি জহুর

বর্তমান যুগের মেয়েরা কিন্তু অনেক দূর এগিয়েছে। মেয়েরা সংসারের পাশাপাশি অফিস করছে, মা হচ্ছে, বিজনেস করছে। এক হাতে অনেককিছু সামাল দিচ্ছে। সবচেয়ে বড় কথা একজন মেয়ে প্রথমে মা। তারপর অন্যকিছু। একটা সময় ছিল মেয়েরা ঘরের বাইরে যেত না, পড়ালেখাও কম করত। সেইসময় তারা পিছিয়েই ছিল। কিন্তু এখন সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। তারা বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে কাজ করছে। মেয়েরা আরও এগিয়ে যাক, এই দিনে এটাই আমার চাওয়া।

শান্তা ইসলাম

নারীকে ঘরের বাইরে যেতে এখন আর বাধা দেখছি না। প্রতিটি পরিবার চায় তার মেয়ে ভালো কিছু করুক। পড়ালেখা করুক এবং উপার্জন করুক। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। ২০ বছর আগে নারীর জন্য যেরকম সমাজ ছিল, এখন সেটা নেই। অনেক কিছু পরিবর্তন হয়েছে। নারীরা ঘর থেকে বের হয়েছে। তারা সব পেশায় নিয়োজিত আছে। কিছু কিছু জায়গায় অসম্ভব মেধাবী তারা। এইসব নারীদের স্যালুট জানাই।

তমা মির্জা

প্রতিদিনই আমার কাছে নারী দিবস। প্রতিটি ঘর থেকে যেন নারীরা সম্মান পায়। ঘরে সম্মান পেলেই সমাজের পাশাপাশি দেশজুড়েও মূল্যায়ন পাবে। একটি ঘরের জন্য পুরুষের যেমন দরকার আছে, নারীদেরও দরকার আছে। কেউ কারও প্রতিযোগী নয়, বরং সহযোগী। সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই নারীরা আরও সুন্দরভাবে কাজ করে সাম্নের দিকে এগিয়ে যেতে পারবে। নারী দিবসে একটাই ভাবনা— ভালো থাকুক পৃথিবীর সকল নারী।

৯২ বছরে পঞ্চম বিয়ে করতে চলেছেন মিডিয়া মুগল মারডক

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক। এ নিয়ে পঞ্চমবারের মতো বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ে সামনে রেখে ৯২ বছরের মারডক সেরেছেন বাগদান, পাত্রীর নাম এলেনা জুকোভা। ৬৭ বছর বয়সী এই নারী একজন অবসরপ্রাপ্ত রাশিয়ান আণবিক জীববিজ্ঞানী।

আজ শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়া টাইকুন রুপার্ট মারডক তার বান্ধবীর সঙ্গে বাগদান করেছেন বলে তার দল নিশ্চিত করেছে। ৯২ বছর বয়সী এই ধনকুবের তার রাশিয়ান বান্ধবী এলেনা জুকোভার সঙ্গে কয়েক মাস ধরে ডেটিং করছেন বলে জানা গেছে।

বিবিসি বলছে, বাগদানের পর বিয়ের অনুষ্ঠানটি চলতি বছর ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে অনুষ্ঠিত হতে পারে। সবশেষ বাগদানটি মারডকের ষষ্ঠ বাগদান হলেও বিয়েটি হবে মারডকের পঞ্চম বিয়ে।

রুপার্ট মারডক গত বছর ফক্স অ্যান্ড নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসই প্রথম তার বাগদানের এই খবরটি সামনে আনে। প্রভাবশালী এই সংবাদমাধ্যমটির মতে, চলতি বছরের জুনে মারডকের এই বিবাহ হবে বলে নির্ধারিত হয়েছে এবং আমন্ত্রণপত্রগুলো ইতোমধ্যেই পাঠানো হয়েছে।