শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বাংলাদেশের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয় : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কম নয় বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, হাঙ্গেরি থেকে চিকিৎসক এনে আমরা জোড়া শিশুর অপারেশন করেছি। আমি দেখেছি বাচ্চাদের যখন এনেস্থিসিয়া দেওয়া হয়, তখন হাঙ্গেরির চিকিৎসকরা কিন্তু পারেনি, পেরেছে বাংলাদেশের চিকিৎসকরাই। কাজেই আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়।

আজ শনিবার (৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমডি-এমএস ফেইজে ভর্তিকৃত রেসিডেন্টদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল বলেন, আমাদের চিকিৎসকদের যে ভালো মেধা আছে, তার অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। ভুটান থেকে রোগী এসে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। শুধু যে রোগী বাইরে যাচ্ছে এ রকম নয়, ভারত থেকে আমাদের দেশে অসংখ্য রোগী আসছে।

তিনি বলেন, আজকে যারা এখানে আমার সামনে বসে আছেন, আমি সবিনয়ে তাদের কাছে একটা কথা বলব। আসুন আমরা চিকিৎসকদের মান-সম্মান এমন এক জায়গায় নিয়ে যাই, যেন এই দেশের লোকজন একদিন চিকিৎসকদের দেখলেই মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে প্রধান কাজ হলো ধৈর্য ধরে রোগীদের কথা শোনা, ধৈর্য ধরে তাদের সেবা দেওয়া।

মন্ত্রী বলেন, চিকিৎসকরাই হলো ভবিষ্যতের আসল কান্ডারি। ডাক্তার-রোগীর সম্পর্ক অনেক কিছুর ওপর নির্ভর করে। এটি শুধু ডাক্তারের ওপরই নির্ভর করে না। একটা হাসপাতালে ভালো চিকিৎসা সেবা হাসপাতাল পরিচালক, নার্স, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ সবার উপরই নির্ভর করে। সবার সমন্বিত প্রয়াসেই চিকিৎসা সেবার সুনাম বৃদ্ধি করে।

তিনি বলেন, আমরা সময়মতো হাসপাতালে যাব আসব। সাধারণ মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেব। আমাদের সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না, শুধু একটু গায়ে হাত দিয়ে কথা বলা, সুন্দর করে একটু কুশলাদি বিনিময় করলেই কিন্তু তারা খুশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা সাধারণত রোগ থেকে মুক্তি পেতে অসহায়ের মতো চিকিৎসকের ওপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে একজন চিকিৎসককে পিতার স্থান দখল করতে হয়। চিকিৎসকরা চাইলেই রোগীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে। এতে করে রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও ভালো চিকিৎসা সেবা প্রদান করা যায়।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিশাল একটা জনসংখ্যা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত। যখনই কেউ রোগে আক্রান্ত হয়, সামাজিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের উচিত তাদের সক্ষমতা ও সীমাবদ্ধতার কথা রোগীকে জানানো এবং সে অনুযায়ী রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা।

ডা. সামন্ত লাল সেন বলেন, উত্তম আচরণ হলো ন্যায়-অন্যায় আর আসল-নকলের পার্থক্যকারী। আমার উচিত অন্যের সঙ্গে সেভাবেই আচরণ করা, যেমনটি আমি অন্যের কাছ থেকে প্রত্যাশা করি। সব সময় ন্যায়কে ন্যায়, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারাই নৈতিকতা। অনৈতিকতা হলো নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। নৈতিকতার অভাবে দেশ ও জাতির উন্নতি ব্যাহত হয়, যোগ্য ব্যক্তিরা যথাযথ স্থানে পৌঁছাতে পারে না এবং অযোগ্যদের আস্ফালন বৃদ্ধি পায়। যোগ্য ব্যক্তিরা হীনমন্যতায় ভোগে এবং দেশে বিশৃঙ্খলাতা দেখা দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৮ মার্চ) ভোর ৬টা থেকে শনিবার (৯ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৫৪৯ ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

গাজায় ত্রাণবন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা : জাতিসংঘ

গাজায় ত্রাণ নেওয়ার জন্য অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণ-অনাহার দূর করা সম্ভব হবে না।

জাতিসংঘের একজন মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ শুক্রবার এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ গাজায় আরও ত্রাণ পাঠানোর সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে চালানো ইসরায়েলের অভিযানকেও সমর্থন করেন।

কংগ্রেসকে বাইডেন বলেন, একটি জেটি নির্মাণের মাধ্যমে গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।

তার এ পরিকল্পনা নাকচ করে দিয়ে জাতিসংঘের খাদ্যবিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেছেন, কেউ নৌ জেটির কথা বলেনি। না ফিলিস্তিনি জনগণ, না মানবাধিকারবিষয়ক ত্রাণ কমিউনিটির কেউ।

তিনি বলেছেন, কোন জেটি কিংবা আকাশ থেকে ত্রাণ ফেলা বাড়িয়েও ক্ষুধা ও দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে না। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে অযৌক্তিক, নিষ্ঠুর ও তামাশা বলে বর্ণনা করেছেন তিনি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ।
ফাখরি বলেছেন, এ মুহূর্তে গাজার প্রতিটি লোক ক্ষুধার্ত।

এদিকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু

যমুনার ডানতীর রক্ষা প্রকল্পের দুই মাসের মধ্যে অগ্রগতি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আগামী ২ মাসের মধ্যে যমুনা নদীর এনায়েতপুরে ডানতীর রক্ষা প্রকল্পের অগ্রগতি সম্মুখভাগে দেখা যাবে। এ ভাঙ্গন রোধে ম্যাথমেটিক্স সার্ভে করে আগামীকাল থেকে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডকে এ কাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৬’শ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প কাজ করা হচ্ছে এবং ইতিমধ্যেই বেশকিছু কাজ হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রাহ্মনগ্রাম-হাটপাচিল ডানতীর সংরক্ষন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ পরিদর্শন শেষে এনায়েতপুরে যমুনা স্পার বাঁধে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রকল্প এলাকায় জালালপুরসহ যেখানে নদী ভাঙন এখনও চলমান সেখানে আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙনরোধ কল্পে জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে। এরআগে প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন । তিনি ওই ভাঙ্গন এলাকার আড়কান্দি, জালালপুর, ভেকা নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন এবং তাদেরকে এ নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বাস দেন।

এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি চয়ন ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভূইয়া, উত্তর-পশ্চিমাঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম, বগুড়া পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার, অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পুলিশ মেমোরিয়ালের বেদিতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা

পেশাগত দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর মিরপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়াল’ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পরবর্তী নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের স্বজনরা ফুল দিয়ে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহাম্মদ তারিক, র‌্যাব মহাপরিচালক (ডিজি) খুরশীদ হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম।

উল্লেখ্য, গত বছর কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের বিভিন্ন স্তরের ১৩৪ সদস্য।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে কর্তব্যরত অবস্থায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর জীবন দেওয়া সদস্যদের স্মরণ করা হয়। এজন্য তৈরি করা হয়েছে মেমোরিয়াল।

বাংলাদেশ পুলিশের ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে ১ মার্চ মেমোরিয়াল-ডে পালন করছে।

প্রতি বছর মেমোরিয়াল-ডে তে ওই বছরে মৃত ব্যক্তিদের পরিবারের উপস্থিতিতে সম্মান প্রদর্শন করা হয়। মেমোরিয়াল-ডে পালন করার জন্য ইতোপূর্বে রেপলিকা স্মৃতি তৈরি করে পালন করা হয়েছে। জেলা/ইউনিটে একই দিনে রেপলিকা স্মৃতিস্তম্ভ তৈরি করে মেমোরিয়াল-ডে পালন করা হচ্ছে।

এ স্তম্ভের আন্ডারগ্রাউন্ডে ১৯৯৩-২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় নিহত বীর পুলিশ সদস্যদের ডাটা সংরক্ষিত রয়েছে।

কারাগারে রাজবন্দি নেই, আছে বিএনপির অ্যাকটিভিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বলছে যে, হাজার হাজার রাজবন্দি। আমি বলব দেশে রাজবন্দি বলতে এখানে কেউ নেই। আমাদের কাছে যারা বন্দি আছেন তারা বিএনপির অ্যাকটিভিস্ট। যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা পুলিশ-আনসার পিটিয়ে হত্যা করেছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। যেটা পুলিশ করছে।

পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আজ শনিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালেও তারা (বিএনপি) একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বানচালের চেষ্টা করেছে। তবে ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। ২০০৮ সালে ৩০টি, ২০১৮ ছয়টি সিট পেয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়ভাবে বা রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিএনপি যে অপপ্রচার চালাচ্ছে, তার কোনো ভিত্তি নেই। তবে তারা নির্বাচনের পরে মনগড়া তথ্য প্রচার করে বিদেশিদের আকর্ষণ করার চেষ্টা করছে। অথচ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিকরা নির্বাচন পরবর্তী সময়ে বলেছেন যে, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকারও দুই একটি সংগঠন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে।

তারেক রহমানকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন করবেন না বলে মুচলেকা দিয়ে ইংল্যান্ডে গেছেন আত্মগোপন করেছেন তার নির্দেশ অনুযায়ী আমরা দেখলাম দলটির সেক্রেটারি জেনারেল পদত্যাগ করেছেন। ইংল্যান্ডে বসে থেকে তিনি এদেশে তার দলের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি শুধু এ দেশের জনগণ নয় তার দলীয় নেতাকর্মীদেরও বুঝি তিনি ভালো-মন্দ চান না। দিন দিন এই দলটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেন যেখানে যাবেন তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এদেশের মানুষ বিশ্বাস করে যতোদিন প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছেন। গত নির্বাচনে অনেক মন্ত্রী, বড় বড় নেতা এই নির্বাচনে ধরাশায়ী হয়েছেন। কাজেই আমরা সুনিশ্চিত করে বলতে পারি এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বা কোন ধরনের সাপোর্ট কেউ পেয়েছে বলে আমরা মনে করি না, দেখিওনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যে দলটির কথা বললাম এই দলটি নানান দেশে নানান সময়ে নানান ধরনের অপপ্রচার করছে। গত ২৮ অক্টোবর নির্বাচনের আগে তারা কি একটা সহিংস অবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা কোথাও দেখিনি পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, প্রধান বিচারপতি বাসভবনে হামলা, হাসপাতালে ভাঙচুর করার দৃশ্য, সাংবাদিকদের নির্যাতন, মারধর করা দৃশ্য, জাজেস কম্পাউন্ডের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করা দৃশ্য আমরা কখনো দেখিনি। আসলে এসব করা হয়েছে মূলত তারা নিশ্চিত হয়েছে যে নির্বাচনে আসলে তাদের পরাজয় হবে, জয়ী হতে পারবে না, সেজন্য তারা এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন তারা বিভিন্ন দেশে গিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের কোনো ধরনের সত্যতা নেই।

ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, হামলা মামলা করে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়েছিল। নির্বাচন সংক্রান্ত ও গণগ্রেপ্তার, আটক, নির্যাতন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য আপনারা প্রত্যাখ্যান করছেন কি না? প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হামলা মামলা, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পলিটিকাল বাহিনী করেনি। তারাই (বিএনপি) করেছে। তারা করে তারাই যদি অপবাদ দেওয়ার চেষ্টা তরে তাহলে আমরা এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি এগুলো সত্যের অপলাপ। উদ্দেশ্যমূলকভাবে আরেকটি ষড়যন্ত্রের একটা নতুন ক্ষেত্র তৈরির প্রচেষ্টা নিচ্ছেন।

আপনি বলছেন একটি দল অর্থাৎ বিএনপি অপ্রচার চালাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে স্টেটমেন্টগুলো দিচ্ছে বলে আপনি মনে করেন? জবাবে আসাদুজ্জামান খান বলেন, ক্রমাগতভাবে বিএনপি মিথ্যা তথ্য প্রচার বা দিয়ে যাচ্ছে। তারা কে কীভাবে বিভ্রান্ত হচ্ছেন সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা স্পষ্ট করে বলতে পারি, তারা যেসব বলছেন সেসব দেশে ঘটেনি। দুই একটি দেশ বাদে সব দেশ সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছেন। তারা মনে করেন দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে।

‘পুলিশ সদস্যরা জীবন দিয়ে স্বাধীনতার চেতনা টিকিয়ে রেখেছে’

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ২০১৩-১৪ সালে এ দেশের উন্নয়নের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি চক্র বা স্বাধীনতাবিরোধী চক্র চেষ্টা করেছিল। দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত শুরু হয়েছিল। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রেখেছে।

আজ শনিবার (৯ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে একটি নিরাপদ জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি মারামারির ঘটনায় পুলিশ দক্ষতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। দেশের শান্তির প্রিয় জনগণসহ আন্তর্জাতিক অঙ্গনে অখণ্ড প্রশংসা অর্জন করেছে।

আইজিপি বলেন, অপরাধ দমনে পুলিশ বাহিনী এখন কার্যকর ভূমিকা পালনে সক্ষম। এই পুলিশ বাহিনী দেশের মানুষের আ¯’ার ঠিকানা। তারা যেকোনো ধরনের অপরাধে সক্ষমতা অর্জন করেছে। দিনে দিনে অপরাধের ধরন পরিবর্তনের কারণে নিত্যনতুন অপরাধের সংযোজন ঘটছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামর“ল আহসান, অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহাম্মদ তারিক, র‌্যাব মহাপরিচালক (ডিজি) খুরশীদ হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম প্রমুখ।

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন।

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত মাসেও বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হয়।
খবর রয়টার্স

‘স্মার্ট বাংলাদেশ গড়তে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে’

নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি বলেছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার প্রণোদণার পাশাপাশি সম্প্রতি অফশোর ব্যাংকিং আইন পাস করেছে জাতীয় সংসদে। আশা করছি, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধপথে দেশে পাঠাতে সরকার আরও ইতিবাচক পদক্ষেপ নেবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইপ্সিত স্মার্ট বাংলাদেশ গড়তে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসীরা বৈধপথে তাদের উপার্জিত আয় দেশে পাঠাতে উদ্বুদ্ধ হওয়ার জন্য সরকার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই অফশোর ব্যাংকিং আইন পাস করেছে। আপনারা অফশোর ব্যাংকিং আইনের সুবিধাগুলো আপনাদের লেখনিতে তুলে ধরতে পারেন। এর আগে রেমিট্যান্সে বিশেষ প্রণোদনা চালু করা হয়েছে। সরকারের গৃহীত এসব পদক্ষেপ বেশি করে সাধারণ মানুষকে অবগত করতে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন।

অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ শহর চট্টগ্রামে প্রথমবার আজ শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওয়াসিকা আয়েশা খান এমপি এ কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধাপে ধাপে উন্নত দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে চলছে। যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়নের পাশাপাশি দেশের প্রতিটি সেক্টর যাতে সমানতালে এগিয়ে যায় সে জন্য আমাদের সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছিন্নমূল পুনর্বাসন প্রকল্পসহ বহুমুখী উদ্যোগ চলমান রয়েছে।

ওয়াসিকা আয়েশা খান বলেন, আমার নিজের শহর চট্টগ্রাম। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা এবং এখান থেকেই রাজনীতি শুরু করে আমি আজকের এ অবস্থানে এসেছি। স্বাভাবিকভাবে চট্টগ্রামের প্রতি আমার আলাদা করে টান থাকবে। আমি চেষ্টা করবো, আমার সাধ্যের মধ্যে থাকা সমস্ত সুযোগগুলো কাজে লাগিয়ে চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার। আপনার আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন এবং বর্তমান সরকার ও আমার ভালো কাজগুলো বেশি বেশি করে প্রচার করবেন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ সালাম প্রমুখ।

জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সহযোগিতা চেয়েছেন গণপূর্তমন্ত্রী

জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম-২০২৪ আয়োজিত মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল বৈঠকে তিনি এ সহযোগিতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন পর্যায়ক্রমে সবার ওপর বিশেষ করে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে অধিক মাত্রায় প্রভাব ফেলবে। এর প্রভাব মোকাবেলায় প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা। আর এই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কম কার্বন নিঃসরণকারী দেশ হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্যতম।

তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে ফোরামকে অবহিত করেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে মুজিব প্রস্পারেটিভ প্লান (২০২২-২০৪১) এর আওতায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছেন বলে তিনি সভাকে অবহিত করেন।
এই আন্তর্জাতিক কনফারেন্স দুর্যোগ সহনীয় স্থাপনা গড়ে তুলতে নিত্য নতুন ধারণা ও উদ্ভাবন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততাসহ বিভিন্ন দুর্যোগ প্রতিনিয়ত বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে থাকে। সমীক্ষামতে প্রতিবছর দুর্যোগে গড়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রায় দুই শতাংশ সমপরিমাণ কমে যায়। বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের জন্য এ ধরনের সেমিনার যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও সহায়ক ভূমিকা পালনের সক্ষম বলে তিনি উল্লেখ করেন ।

সরকার জিটুজি, বিজনেস টু বিজনেস এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যেকোনো সহযোগিতা গ্রহণের জন্য প্রস্তুত বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিতান্ত প্রয়োজন সত্ত্বেও উন্নয়নশীল দেশের জন্য ২০২১ সালে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়ন পনেরো শতাংশ হ্রাস পেয়েছে। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়ায় মন্ত্রী তাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশসহ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) ৩৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।