শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আজ থেকে ৬০০ টাকায় গরুর মাংস

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রাজধানীর ৩০ স্থানে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হবে। আজ রোববার (১০ মার্চ) থেকে শুরু হবে ট্রাক সে‌লের মাধ‌্যমে গরুর মাংস বিক্রি।

গত সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাসকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

তিনি জানান, ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হবে।

মো. আবদুর রহমান বলেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করবো। এ ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রম রমজানে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের ৩০টি স্পটে পণ্যগুলো বিক্রি করা হবে। এটা আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নির্বাচন কমিশনার অরুন গোয়েল পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিন সদস্যের কমিশনার বেঞ্চের মধ্যে গত মাসে একজন অবসরে যান। ফলে এখন শুধু প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমারই নির্বাচন সামলানোর দায়িত্বে আছেন।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভে শনিবার (৯ মার্চ) জানিয়েছিল আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে অরুণ গোয়েল পদত্যাগ করায় এ বিষয়টি ঝুলে গেছে।

১৯৮৫ সালের আইএএস ব্যাচের কর্মকর্তা অরুণ গোয়েল ২০২২ সালের ১৮ নভেম্বর সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। এর একদিন পরই তাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। ওই সময় আদালত জিজ্ঞেস করেছিলেন, অরুণকে নির্বাচন কমিশনার বানাতে ‘কিসের এত তাড়া ছিল। ’

পরবর্তীতে এই পিটিশন খারিজ করে দেন আদালতের দুই সদস্যের বেঞ্চ। ওই সময় আদালত বলেছিলেন, সংবিধানের একটি বেঞ্চ বিষয়টি তদন্ত করেছে কিন্তু তারা অরুণ গোয়েলের নিয়োগ বাতিল করতে চায়নি।

ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অরুন। তাঁরা আরও বলেন, পদত্যাগ না করতে তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিল সরকার। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

স্বাস্থ্যগত কারণে অরুন পদত্যাগ করেছেন বলে গুঞ্জন রয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অরুনের স্বাস্থ্য ঠিকঠাকই আছে। এক কর্মকর্তা বলেন, শূন্য দুই পদে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার।

নির্বাচন কমিশনার অরুনের পদত্যাগকে ‘খুব খুবই উদ্বেগজন’ বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা সাকেত গোখেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এখন প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার সমন্বয়ে গঠিত প্যানেল নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন।

তুষারার এক ওভার গড়ে দিয়েছে ব্যবধান : শান্ত

তাসকিন (৪-০-২৫-২)-শরিফুলের (৪-০-২৮-১) নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৭৪/৭-এ আটকে ফেলে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে।

সিরিজের শেষ ম্যাচের আগে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে পাথিরাণা ছিটকে পড়ায় প্রকারান্তরে লাভ হয়েছে শ্রীলঙ্কার।ক্যারিয়ারের প্রথম ৭ টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার যে ছেলেটির, পাথিরানার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে সেই তুষারা প্রথম স্পেলে (২-১-৪-৪) এলোমেলো করে দিয়েছে বাংলাদেশকে।

লঙ্কান পেসার নুয়ান তুষারার হ্যাটট্রিক, ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৪-১-২০-৫) সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করেছে শ্রীলঙ্কা।

তুষারার প্রথম ওভারই ম্যাচে দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন-‘আমার মনে হয় ওই বোলারকে (নুয়ান তুষারা) ক্রেডিট দিতে হবে। ওই একটা ওভার পিছিয়ে দিয়েছে অমাদেরকে।’

ইনিংসের চতুর্থ ওভারে কোনো রান না দিয়ে তিন উইকেট, এবং হ্যাটট্রিক করেছেন তুষারা। ওই ওভার সামাল দিতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করছেন শান্ত-‘ওই একটা যদি ওভার আরেকটু বেটার খেলতে পারতাম কিংবা নতুন বলটা আরেকটু ভালো খেলতে পারতাম তাহলে হয়তো ডিফারেন্ট বল গেম হতে পারতো।’

তুষারার অ্যাকশন এবং সুইং বাংলাদেশ ব্যাটারদের বিপদে ফেলেছে বলে মনে করছেন শান্ত-‘ওর অ্যাকশনটা তো অবশ্যই একটি ডিফারেন্ট। আমরা তো নরমালি ওই ধরণের অ্যাকশন খুব বেশি যে খেলি না। আগের দুই ম্যাচে পাথিরানাকে খেলেছিলাম। তাকে ভালভাবে হ্যান্ডল করেছিলাম। তবে আমার মনে হয় তুষারা শুরু থেকেই ওই অ্যাকশনের সঙ্গে বল একটু সুইংও করছিল, একটু ডিফিকাল্টও ছিল। সাইড আর্ম বলে বাউন্স ছিল না।’

পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত তিন ম্যাজিস্ট্রেটসহ ৯

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন মোক্তার নামে এক যাত্রী। এছাড়া তিন জন ম্যাজিস্ট্রেটসহ অন্তত ৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। আহত ম্যাজিস্ট্রেটরা সবাই কাঁচিকাটা ইউপি নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন।

শনিবার (৯ মার্চ) রাতে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চুর ছেলে।

আহতদের মধ্যে তিন ম্যাজিস্ট্রেটসহ ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস, স্টেশনারি ও প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও দুর্ঘটনা কবলিত একটি স্পিডবোটের সহকারী মো. সাইফুল। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। নৌপথেই চলাচল করেন এই ইউনিয়নের মানুষেরা। শনিবার রাতে ইউনিয়নটির সাধারণ নির্বাচনে দায়িত্ব পালন শেষে একটি স্পিডবোটযোগে ফিরছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় তারা ঘাটের কাছাকাছি চলে এলে তাদের বহনকারী স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক আসা আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা সবাই আহত হন এবং অপর স্পিডবোটে থাকা মোক্তার নিহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত সদর এলাকার শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল নামের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়ে জয়ী হয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ৪১১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। অন্যদিকে আচাকজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট।

পাকিস্তানের আইনপ্রণেতারা শনিবার গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া ছাড়া সবকটি প্রাদেশিক পরিষদে পরাজিত হন আচাকজাই। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসআইসিতে যোগ দিয়ে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সেখানে সরকার গঠন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

আসিফ আলী জারদারি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বাবা এবং পাকিস্তানের প্রয়াত নেত্রী বেনজির ভুট্টোর স্বামী। তিনি এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

মিস ওয়ার্ল্ড ২০২৪ জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা

মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা। ১৯৫১ সালে শুরুর পর থেকে এবার ছিল এই সুন্দরী প্রতিযোগিতার ৭১ তম আসর।

শনিবার (৯ মার্চ) ভারতের মুম্বাইয়ে আয়োজিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার সঙ্গে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এ সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।

দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজন হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। ফলে এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা।

এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানষী চিল্লারও।

মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এছাড়াও এ দিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।

বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন এদিন। প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি। কিন্তু প্রতিযোগীতায় ৮ম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এ সুন্দরীকে। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের সুন্দরী ইয়াসমিনা জেইতুন।

সৌন্দর্যের মানদণ্ডে বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে। ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন ২০২২ সালে। সেবার মিস চেক রিপাবলিক খেতাব জিতে নেন তিনি। এর মধ্য দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসা তার। আর এসেই দেশের জন্য এনে দেন এক অনন্য সম্মান। ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন তারই স্বদেশি তাতানা কুচারোভা।

কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ সুন্দরী। সঙ্গে ম্যানেজমেন্ট স্টাডিজও চালিয়ে যাচ্ছেন ইন্সব্রুকের এমসিআই ম্যানেজমেন্ট সেন্টার থেকে।

আসামি যত শক্তিশালীই হোক গ্রেপ্তার করা হবে : ডিবি প্রধান

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হট্টগোল-হামলা ও মারামারির ঘটনায় করা মামলার আসামিরা যত শক্তিশালীই হোক না কেন তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মামলার সকল আসামি আইনজীবীদের গ্রেপ্তার করা হবে। কে কোন দল করে তা বিবেচ্য নয়। আসামি কত বড় শক্তিশালী তা দেখার বিষয় নয়।’

ডিবি প্রধান বলেন, ‘সুপ্রিম কোর্টের ঘটনায় মামলা হয়েছে। ডিবি পুলিশ কাজ করছে। ইতোমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আইনজীবী। বনানীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’ এ সময় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, হট্টগোল ও মারামারির ঘটনায় শুক্রবার (৮ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ থানায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে করা ওই মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ১ নম্বর আসামি করা হয়েছে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে। এছাড়া ২ নম্বর আসামি করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

এদিকে, মামলার পর রাতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় নাহিদ সুলতানা যুথীকে বাসায় পাওয়া যায়নি। অভিযানে গ্রেপ্তার আইনজীবীরা হলেন- কাজী বশির আহমেদ (৫ নম্বর আসামি), অ্যাডভোকেট তুষার (৯ নম্বর আসামি), অ্যাডভোকেট তরিকুল (১৯ নম্বর আসামি), অ্যাডভোকেট সুমন (৮ নম্বর আসামি) ও অ্যাডভোকেট উসমান (৬ নম্বর আসামি)।

বিশ্ববাজারে কমেছে খাদ্য পণ্যের দাম : এফএও

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দাম হ্রাস পেয়েছে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন।

শুক্রবার (৮ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এফএও বলছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দাম কমেছে ৫ শতাংশ। আর এই দাম ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় সাড়ে ২২ শতাংশ কম। এতে বলা হয়েছে, ভোজ্যতেল, গম, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারি মিলে বিশ্ববাজারে টানা দু-মাস ধরে বাড়ছে চিনির দাম।

এফএওর হিসাবমতে, এক বছর আগের তুলনায় গত মাসে চিনি বেচাকেনা হয়েছে সাড়ে ১২ শতাংশ বেশি দামে।

ভোজ্যতেলের দাম কমেছে ফেব্রুয়ারিতে। বিশ্ববাজারে গত বছরের ফেব্রুয়ারিতে যে দামে ভোজ্যতেল পাওয়া গেছে ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে তারচেয়ে ১১ শতাংশ কমে। সয়া, সানফ্লাওয়ার আর রাই-সরিষার মতো পণ্যের দাম পড়ে যাওয়ার সুফল পেয়েছেন ভোক্তারা। তবে গত মাসে পাম অয়েলের দাম বেড়েছে কিছুটা।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিল-আর্জেন্টিনায় ভুট্টার ভালো উৎপাদনের সঙ্গে সমুদ্রপথে স্বাভাবিক গতিতে পণ্য পরিবহনে ইউক্রেনের আশ্বাসে ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে পণ্যটির দাম। আর গমের দাম কমতির কারণ হিসেবে বলা হয়েছে, চাহিদা কমের বিপরীতে রাশিয়ার বাড়তি রপ্তানি।

প্রধানমন্ত্রী দেশকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, আমাদের প্রিয়নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এতে আপনারাও শামিল থাকুন। শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজে আপনারাও যোগদান করুন।

গতকাল ৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজে নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। লেখাপড়া আরো ভালো হোক। আপনাদের ছেলেমেয়েরা আরো ভালো করুক। ভালোর তো শেষ নেই। আপনারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন। আপনাদের এ কলেজে সংযোজন হচ্ছে নতুন একাডেমিক ভবন। আপনাদের চলার পথ সুগম হোক, চলার পথ সাফল্যে ভরে উঠুক।

এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ১১ হাজার বেসামরিক নিহত

২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে ১০ হাজার ৭০৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে ৫৯৪ জন শিশু।

শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল। সেই বৈঠকে এই মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী প্রধান মোহাম্মদ খালেদ খায়ের এই তথ্য জানিয়ে বলেন, ‘আমরা বেসামরিক লোকজন-অবকাঠামোর ওপর যে কোনো হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের হামলা নিষিদ্ধ। ইউক্রেন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বেসামরিকদের ওপর যেসব হামলা হচ্ছে, সেগুলো একদমই অগ্রহণযাগ্য এবং অবশ্যই বন্ধ হওয়া উচিত।’

জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের শীর্ষ কর্মকর্তা লিসা ডোটেন ও উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে। তিনি জানান, ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, সেসব অঞ্চলে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না।

তিনি বলেন, ‘রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং ঝাপোরিজ্জিয়ার অন্তত ১৫ লাখ মানুষের ত্রাণ ও মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু সেখানকার রুশ প্রশাসনের বাধার কারণে জাতিসংঘের ত্রাণ এসব অঞ্চলে পৌঁছাতে পারছে না।

২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবির— প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

২০২৪ সালে দ্বিতীয় বছরে পা রেখেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই সময়সীমার মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়া— চারটি প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ।

এই দুই বছরে বেশ কয়েক বার এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যদি ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক এবং ঝাপোরিজ্জিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত থাকে, সেক্ষেত্রে রুশ বাহিনীও অভিযান বন্ধ করবে।

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর এক ডিক্রি জারির মাধ্যমে ঘোষণা করেছন, রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতাসীন থাকবেন, ততদিন পর্যন্ত রুশ প্রশাসনের কোনো কর্মকর্তার সঙ্গে শান্তি আলোচনায় যাবে না কিয়েভ।
খবর আনাদোলু এজেন্সি