শনিবার, অক্টোবর ১০, ২০২৬

গবেষণা ছাড়া উৎকর্ষ লাভ করা যায় না : প্রধানমন্ত্রী

গবেষণা ছাড়া কোনো কিছুতেই উৎকর্ষ লাভ করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা কৃষির ওপর গবেষণার পদক্ষেপ নিয়েছিলাম বলেই মাত্র ৩ বছরে (১৯৯৬ থেকে ১৯৯৯) বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন। ৭৫ এর পর স্বেরশাসকরা গবেষণায় গুরুত্ব দেয়নি।

সোমবার (১১ মার্চ) শাপলা হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, গবেষণা ছাড়া কোনো কিছুতেই উৎকর্ষ লাভ করা যায় না। বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন। শিক্ষা-গবেষণাসহ একটি স্বাধীন সার্বভৌম দেশে যা যা প্রয়োজন, সবই করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫ সালের পর স্বৈরশাসকরা গবেষণায় গুরুত্ব দেয়নি।

পাবনাতে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র করা হবে জানিয়ে এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া খুব শিগগিরই স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করার কথাও জানান তিনি।

তিনি বলেন, একেকটা দলের নীতি ও দেশপ্রেমের বিষয় থাকে। আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে- নিজেরা করবো, কারও কাছে হাত পাতবো না। সরকারের মূল লক্ষ্য মানবসম্পদ, স্বাস্থ্য বিষয়ক গবেষণায় বেশি গুরুত্ব দেয়া। অনুদান ও ফেলোশিপের টাকা জনগণের। তাই গবেষণা যেন জনকল্যাণে কাজে লাগে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের সকল বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করছি। প্রথমে ঢাকায় করেছি। নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া সরকারে এসেই দুইটা মামলা দিয়েছিল।

শেখ হাসিনা বলেন, তখন আমি বলেছি, ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে হবে। আমরা একনেকে যারা বসতাম সবাইকে একসঙ্গে মামলার আসামি করে। প্রায় এক ডজন মামলা দিয়েছিল। ২০০৭ সালে দিয়েছিল আরও ছয়টা। আমি বলেছি, সবগুলো তদন্ত করে রিপোর্ট দিতে হবে।

সরকারপ্রধান বলেন, কারিগরি শিক্ষা আমাদের অত্যন্ত দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গবেষণা। গবেষণায় কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হতো না। ৯৬ সালে সরকার গঠনের পর আমি তাৎক্ষণিকভাবে ১২ কোটি টাকা গবেষণায় বরাদ্দ দিই। বিশেষ করে কৃষি গবেষণায় গুরুত্ব দিই। কারণ তখন আমাদের ত্রিশ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি ছিল। তারপর থেকে প্রতি বাজেটে আমরা প্রযুক্তি শিক্ষা ও গবেষণার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া শুরু করি। এভাবেই আমরা কাজ করে যাই।

স্বাধীনতা পরবর্তী সময়ের কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, একটা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, যুদ্ধকালীন সময়ে কোনো ক্ষেতে ফসল হয়নি, যা কিছু ছিল পাকিস্তান হানাদার বাহিনী সারা দেশ জ্বালিয়ে-পুড়িয়ে ছাড়কার করে দেয়। সাড়ে সাত কোটি মানুষের মধ্যে তিন কোটি ছিল গৃহহারা, আর এক কোটি মানুষ ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল। সেই ধরনের অবস্থায় শূন্য হাতে দাঁড়িয়ে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় স্কুল, কলেজের সবগুলোর অবকাঠামো তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে বিনা পয়সায় বই দেওয়া, ছেলে-মেয়ে, শিক্ষকরা যাতে পোশাক পরতে পারেন সে ব্যবস্থাও তিনি করেছেন।

সরকারপ্রধান বলেন, ‘এখন আমাদের লক্ষ্য স্মার্ট দেশ গড়ে তোলা। এক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভর করি বিজ্ঞানীদের ওপর। বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মধ্যদিয়েই দেশ এগিয়ে যাবে।’ এ সময় নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব ১৬ দলকে ডেকে প্রাইজমানি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে ৫৪ গবেষকের হাতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদানের চেক দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ১৯ জনকে বিশেষ গবেষণা অনুদান এবং ২৫ জনকে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩১ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬৪৪ পিস ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন, ৬৩ কেজি ৭৫০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা, ৭ বোতল ফেন্সিডিল ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ‘সন্ত্রাসী’ ১৩ হাজার : নেতানিয়াহু

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার এই আগ্রাসনে ৩১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ‘সন্ত্রাসীর’ সংখ্যা ১৩ হাজার। সোমবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ১৩ হাজার ‘সন্ত্রাসী’ রয়েছে বলে রোববার দাবি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে গাজার দক্ষিণাঞ্চলে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আর এটি এমন একটি পদক্ষেপ যাকে ‘রেড লাইন’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করেনি। তবে তারা বলেছে, নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।

এই পরিস্থিতিতে রোববার নেতানিয়াহু জার্মান মিডিয়া কোম্পানি অ্যাক্সেল স্প্রিংগারের সঙ্গে কথা বলেন। এই সংস্থাটি পলিটিকো, জার্মানির বিল্ড সংবাদপত্র এবং সম্প্রচারকারী ওয়েল্ট টিভির মালিক। অ্যাক্সেল স্প্রিংগারকে নেতানিয়াহু বলেন, দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করাই হচ্ছে হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি।

নেতানিয়াহুকে উদ্ধৃত করে বিল্ড সংবাদপত্র বলেছে, ‘আমরা বিজয়ের খুব কাছাকাছি … একবার আমরা রাফাহতে অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলে, এটি কেবল কয়েক সপ্তাহের ব্যাপার।’

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহযোগীরা নেতানিয়াহুকে জোরালো ভাষায় রাফাহতে বড় ধরনের আক্রমণ না করার জন্য অনুরোধ করেছেন। গাজার ২৩ লাখ মানুষের অর্ধেকের বেশি বর্তমানে রাফাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।

এর আগে গাজায় যুদ্ধ ঘিরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ‌‌‘ইসরায়েলকে সহায়তা করার চেয়ে ক্ষতিই বেশি’ করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেন তিনি।

বাইডেন বলেন, ‘ইসরায়েলকে রক্ষার এবং হামাসের লাগাম টানারও অধিকার আছে নেতানিয়াহুর। কিন্তু সেখানে নেওয়া পদক্ষেপের পরিণতিতে নিষ্পাপ মানুষের প্রাণহানির ঘটনার দিকে তাকে অবশ্যই মনোযোগ দিতে হবে।’

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, তিনি (নেতানিয়াহু) ইসরায়েলকে সহায়তা করার চেয়ে ক্ষতিই বেশি করছেন।’

রাফাহ আগ্রাসনের বিষয়ে ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন বলেন, ‘এটা একেবারে চূড়ান্ত সীমা। আমি কখনোই ইসরায়েলকে ছেড়ে যাব না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সংকটাপন্ন। এখানে কোনও চূড়ান্ত সীমা নেই; যেখানে আমি সব অস্ত্রের সরবরাহ বন্ধ করতে চাই। কারণ তাদের সুরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নেই।’

তবে নিজের এমন মন্তব্যের পাল্টাও কথা বলেছেন জো বাইডেন। তিনি বলেন, আসলে এখানে রেড লাইন আছে… কারণ আপনি আরও ৩০ হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলতে পারেন না।

মূলত হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মতপার্থক্য ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। গত মাসেও তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুদ্ধের নীতি নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন।

গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় বাইডেন ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলে সামরিক অভিযান চালানোর হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি।

এছাড়া পলিটিকো রোববার নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলেছে, ইসরায়েলি বাহিনী রাফাহতে এগিয়ে যাবে। তিনি বলেছেন: ‘আপনি জানেন, আমার সামনে একটি রেড লাইন আছে। আপনি জানেন, সেই রেড লাইন কী। আর তা হচ্ছে- ৭ অক্টোবর আবারও ঘটবে না। আর কখনও তেমন কিছু হবে না।’

হামাস ব্যাটালিয়নের তিন-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে এবং এখন আক্রমণ বন্ধ করা হলে তারা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাবে বলেও নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলেছে বিল্ড।

রাজনীতি থেকে সরে গেলেও আক্ষেপ নেই মিমির

আসন্ন লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল থেকে মনোনয়ন পাননি গত লোকসভা রেকর্ড ভোটে বিজয়ী অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্বাচনের আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন রাজনীতি থেকে বিরতি নেওয়ার কথা। বলেছিলেন, লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চান না তিনি।

তার পরিবর্তে তৃণমূলের প্রার্থী হয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী সায়নী ঘোষ। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। সে প্রমাণ মিলল ইনস্টাগ্রামের স্টোরিতেই।

তৃণমূলের প্রার্থী তালিকা যখন প্রকাশ পেল, তখন মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল, বন্ধুদের সঙ্গে আড্ডায় মগ্ন তিনি। তারই বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে মিমি লিখেছেন, ‘হ্যাপি সানডে।’

এর আগে এমপি তহবিলের হিসাব নিয়ে বিরোধী দল সমালোচনা শুরু করতেই কাজের রেকর্ড দেখিয়ে নিন্দুকদের পাল্টা‌ চ্যালেঞ্জ দেন এই অভিনেত্রী। তবে রাজনীতি থেকে অবসর ঘোষণা করার পর মিমি যে খুব আনন্দেই রয়েছেন, তা তার সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যায়।

গাজায় নিহত আরও ৮৫, প্রাণহানি ছাড়াল ৩১ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার। ইসরায়েলের এই হামলায় নিহতদের ৭২ শতাংশই নারী ও শিশু।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি। রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন বলে রোববার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর আটটি গণহত্যা চালিয়েছে। এতে করে গত ২৪ ঘণ্টায় ৮৫ জন শহীদ এবং আরও ১৩০ জন আহত হয়েছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

গাজায় অপুষ্টি এবং ডিহাইড্রেশনে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে: ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিহতদের ৭২ শতাংশই শিশু এবং নারী।’

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের (আইসিজে) অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত এসব মানুষের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় আরও ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক অন্তর্বর্তী রায়ে এই আদালত তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

অক্ষয়ের নাচের ভঙ্গি নিয়ে ব্যঙ্গ টুইঙ্কেলের!

অক্ষয় কুমারের অভিনয়ের প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না স্ত্রী টুইঙ্কেল খান্না। আবার কখনও ট্রল করতেও পিছিয়ে থাকেন না। কিছু দিন আগেই পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করায় টুইঙ্কেলকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেই বিতর্ককে অবশ্য পাত্তা দেননি টুইঙ্কেল। তবে এ বার সমাজমাধ্যমে অক্ষয়ের নাচের ভঙ্গি নিয়ে ট্রল করলেন টুইঙ্কেল।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বলিউড তারকারা নেচেছেন। শাহরুখ-সালমান-আমিরের নাচ দেখেছে গোটা দেশ। একই মঞ্চে নেচেছেন অক্ষয়ও। রাত তিনটের সময় পাঞ্জাবি গানে মঞ্চ মাতিয়েছেন অক্ষয়। তবে সেই গানের সঙ্গে অক্ষয়ের নাচের ‘স্টেপ’ নিয়েই ব্যঙ্গ করেছেন টুইঙ্কেল।

সোশ্যাল সাইটে স্বামীর নাচের ভঙ্গি নিয়ে টুইঙ্কেলের মন্তব্য, খুব ভালো মাটি খনন হচ্ছে।

টুইঙ্কেলের এই মন্তব্যের পর থেকে ব্যঙ্গ-বিদ্রূপের ঢল নেমেছে। অনেকেই বিষয়টি নিয়ে রঙ্গ-রসিকতা করছেন। কারও মনে হয়েছে স্বামীকে নিয়ে এমন মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। আবার কেউ বলেছেন, পুরোটাই তো মজা করে হয়েছে। এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না জড়ানোই শ্রেয়।

শয়তান মুক্তি পেতেই অজয়ের বন্দুককাণ্ড ভাইরাল

অজয় দেবগন অভিনীত ‘শয়তান’ বক্স অফিসে সদ্য মুক্তি পেয়েছে। এরইমধ্যে দর্শকদের মন জয় করেছে এই ছবিটি। ছবিটির উত্তাপ যখন ছড়িয়ে পড়েছে অজয়ভক্তদের মাঝে ঠিক তখনই ভাইরাল হলো অজয়ের এক পুরোনো এক কাণ্ড।

ঘটনাটি ঘটেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে। বন্দুক হাতে নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন অজয়। ঘটনাটা বেশ পুরোনো হলেও, সোশাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এই খবর।

বেশ কয়েক বছর আগে এক হোলি উৎসবের দিনে গাড়িতে করে বন্ধুবান্ধবের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় ঘুরতে বেরিয়ে ছিলেন অজয়। সঙ্গে ছিলেন বিন্দু দারা সিং। গাড়ি থামিয়ে অজয় নাকি মদের দোকারে যান। আর সেখানেই অজয়ের কাছ থেকে উদ্ধার হয় বন্দুক।

শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। অজয়ের কাছে এসব দেখে পুলিশ দ্রুত আটক করে অজয়কে। পরে জানা যায়, জব্দ হওয়া সেসব অস্ত্রের সবই ছিল সিনেমার ‘প্রপস’। আর বন্দুকটিও ছিল নকল। তাই বাধ্য হয়ে অজয়কে ছেড়ে দেন পুলিশ।

বর্তমানে অজয়ের ভীষণ কাজের চাপ। টানা কয়েকটি ছবি মুক্তি পাবে তার। মুক্তির তালিকায় রয়েছে ‘ময়দান’, ‘সিংহম অ্যাগেইন’র মতো সিনেমা। সঙ্গত কারণেই ভাইরাল এসব পুরোনো ইস্যুতে নজর দেওয়ার সময় নেই তার। তবে এ বছর বক্স অফিসে হিট করতে পারবেন কী না তিনি তা সময়ই বলে দেবে।

পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা সোমবার

পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১১ মার্চ)।

হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার সন্ধ্যা সাড় ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউণ্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

২৪ ঘণ্টায় ৩২ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৯১৪ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯২ জনে অবস্থান করছে।

আজ রোববার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৯১৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৮৭ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৯ মার্চ) থেকে রোববার (১০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ২৯৬ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১৫ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে।