শনিবার, অক্টোবর ১০, ২০২৬

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) জ্যেষ্ঠ নেতা ইসাক দার। সোমবার রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবনে শপথ নিয়েছেন তিনিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৯ জন সদস্য।

৭৩ বছর বয়সী ইসাক দার এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন। পিএমএলএনের সাবেক চেয়ারম্যান নওয়াজ শরীফের নিকট আত্মীয় তিনি। মূলত ইসাকের নেতৃত্বেই দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে জরুরি ঋণ পেয়েছিল অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান, যা এখনো কাটেনি।

অর্থসংকট মোকাবিলা করতে গিয়ে ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছেন ইসাক দার। নিজের রাজনৈতিক জীবনে মোট চারবার পাকিস্তানের অর্থমন্ত্রীর পদে থাকা ইসাক দার গত মেয়াদে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলো জনগণের ভোগান্তি লাঘবের পরিবর্তে বাড়িয়ে দিয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থা ভোটে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট মোট ১৭ মাস শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইসাক। তার আমলেই প্রথমবার পাকিস্তানের ব্যাংক সুদের হার ২২ শতংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়। এ ছাড়া এ সময় জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকিও প্রত্যাহার করা হয়েছিল। ফলে সাধারণ জনগণের ওপর সে সময় চাপ বেড়েছিল ব্যাপক হারে।

দার অবশ্য তার সাফাইও দিয়েছেন বিভিন্ন সময়ে। তিনি বলেছেন, আইএমএফের নির্দেশনা অনুযায়ী এসব পদক্ষেপ নিতে হয়েছিল সরকারকে। যদি না নেওয়া হতো, তাহলে ঋণপ্রবাহও বন্ধ হয়ে যেতো। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকারের খামখেয়ালি নীতিকেও দায়ী করেছেন তিনি।
খবর রয়টার্স

যুক্তরাষ্ট্রে হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ আবু হানিফ (৫০) গুরুতর আহত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ মার্চ) তার মৃত্যু হয়।

জানা গেছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে তামাকজাতীয় দ্রব্যের দোকানে কাজ করার সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট-জাতীয় দ্রব্যাদি চুরি করে নেওয়ার সময় হানিফ বাধা দেন। তারা জোরপূর্বক দোকানের বাইরে চলে যায়। তাদের পেছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।

মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটির সবার কাছে সুপরিচিত ছিলেন মোহাম্মদ হানিফ। তার মৃত্যুতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবু হানিফের খুনিকে ধরতে ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে মেরিল্যান্ডের প্রিন্স জর্জ’স কাউন্টি পুলিশ।

নিহত হানিফের জানাজা মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে মরদেহ দাফন করা হবে।

মৃত্যুকালে মোহাম্মদ আবু হানিফ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি নোয়াখালী।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১১ মার্চ) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৯২৪ ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ২০৭ বোতল ফেনসিডিল ও ৫৩ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কোভিড বিশ্বব্যাপী মানুষের আয়ু ১.৬ বছর কমিয়েছে : গবেষণা

কোভিড-১৯ মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১.৬ বছর কমেছে। তবে পূর্বে যে ধারণা করা হয়েছিল তার চেয়ে ব্যাপক কমেছে।

আজ মঙ্গলবার একটি বড় গবেষণায় এ কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর তথ্য অনুসন্ধানকারী গবেষকদের মতে, বিশ্বব্যাপী আয়ুষ্কালের এক দশক-দীর্ঘ বৃদ্ধির পর এটি এখন উল্টো দিকে ঘুরছে।

আইএইচএমই গবেষক এবং দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত গবেষণার প্রধান লেখক অস্টিন শুমাখার বলেছেন, ‘বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের জন্য কোভিড-১৯ মহামারীটি অর্ধ শতাব্দীতে সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগসহ দেখা যে কোনও ঘটনার চেয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।’

তিনি এক বিবৃতিতে বলেছেন, ২০২০-২০২১ সময়কালে ২০৪টি দেশ ও অঞ্চলের বিশ্লেষণে ৮৪ শতাংশে আয়ু হ্রাস পেয়েছে। যা নতুন ভাইরাসগুলোর ‘বিধ্বংসী সম্ভাব্য প্রভাব প্রদর্শন করে।’

এই সময়ে ১৫ বছরের বেশি মানুষের মৃত্যুর হার পুরুষদের জন্য ২২ শতাংশ এবং মহিলাদের জন্য ১৭ শতাংশ বেড়েছে।

গবেষকরা অনুমান করছেন, মেক্সিকো সিটি, পেরু এবং বলিভিয়ায় আয়ু সবচেয়ে বেশি কমেছে।

তবে আইএইচএমইয়ের ল্যান্ডমার্ক গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডির আপডেট করা হিসাবে কিছু ভালো খবর পাওয়া যায়। ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে পাঁচ বছরের কম বয়সী প্রায় অর্ধ মিলিয়ন কম শিশু মারা গেছে, যা শিশু মৃত্যুহারের দীর্ঘমেয়াদি পতন অব্যাহত রেখেছে।

আইএইচএমই গবেষক এই ‘অবিশ্বাস্য অগ্রগতি’কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বিশ্বকে এখন পরবর্তী মহামারি এবং বিভিন্ন দেশে স্বাস্থ্যের বিশাল বৈষম্য মোকাবেলার দিকে মনোনিবেশ করা উচিত।’

গবেষকরা বলেছেন, ১৯৫০ থেকে ২০২১ সালের মধ্যে গড় আয়ু ২৩ বছর বেড়ে ৪৯ থেকে ৭২ বছর হয়েছে।

কোভিড ২০২০-২১ সময়কালে সরাসরি ভাইরাস থেকে বা পরোক্ষভাবে মহামারী-সম্পর্কিত কারণে অতিরিক্ত ১৫.৯ মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে।

এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বে অনুমান করা থেকে এক মিলিয়ন বেশি অতিরিক্ত মৃত্যু।

মহামারি না থাকলে কতজন মারা যেত বলে অনুমিত হিসাবের সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা তুলনা করে অতিরিক্ত মৃত্যুর হিসাব করা হয়।

বার্বাডোজ, নিউজিল্যান্ড এবং অ্যান্টিগুয়া ও বারবুডা মহামারি চলাকালে সবচেয়ে কম মৃত্যুর হারের দেশগুলোর মধ্যে ছিল। যা আংশিকভাবে প্রতিফলিত করে যে কীভাবে বিচ্ছিন্ন দ্বীপগুলো প্রায়শই কোভিডের সম্পূর্ণ আঘাত থেকে রক্ষা পায়।

উত্তরার আগুন নিয়ন্ত্রণে, প্রায় সব দোকান পুড়ে ছাই

রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে বেডিং মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে যেয়ে কাজ শুরু করে। কর্মীদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মার্কেটের প্রায় সব দোকানই পুড়ে গেছে।

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গুয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছিল। হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। এরপরেই পদত্যাগের ঘোষণা দেন হাইতির প্রধানমন্ত্রী।

৭৪ বছর বয়সী হেনরি একজন নিউরো-সার্জন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানে কাজ করেছেন। ২০০০-এর দশকের শুরুর দিকে তিনি হাইতির রাজনীতিতে যুক্ত হন। এই সময় তৎকালীন প্রেসিডেন্ট জাঁ-বারট্রান্ড অ্যারিস্টাইডের বিরোধী এক আন্দোলনের নেতা হয়ে উঠেছিলেন তিনি।

অ্যারিস্টাইডের ক্ষমতাচ্যুতির পর হেনরি যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট এক পরিষদের সদস্য হন। এই পরিষদ অন্তর্বর্তী সরকার নির্বাচনে সাহায্য করেছিল।

২০০৬ সালের জুন মাসে হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে মনোনীত হন তিনি এবং পরে এই সংস্থার চিফ অফ স্টাফ হন।

২০১৫ সালে তাকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক সম্প্রদায়ের মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল এবং হাইতির নিরাপত্তা ও স্বরাষ্ট্রনীতি তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছিলেন।

কয়েক মাস পর, তিনি সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তবে ইনাইট দল ছাড়ার পর তার পদত্যাগের দাবি জোরালো হয়।

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৭

ফিলিস্তিনের গাজা শহরের দক্ষিণে কুয়েত গোলচত্বরে ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাবারের অভাবে যখন ফিলিস্তিনি শিশুরা মারা যাচ্ছে, এমন সময় দখলদার ইসরায়েল আবারও এমন নৃশংস হামলার ঘটনা ঘটালো। খবর আল জাজিরার।

ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের দক্ষিণে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন কিছু ফিলিস্তিনি। এসময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সাতজন নিহত হয়। হামলায় আহত ২০ জনেরও বেশি লোককে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ১২শ’র বেশি মানুষ নিহত হয়। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪২ জনকে। ওই দিন থেকে পাল্টা আক্রমণে তীব্র আক্রোশে গাজার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের মতে, প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে, যেখানে ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিকম্পে নিহত ২৬

টানা ৫ দিন ধরে চলা ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তর বিএনপিবির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

৭ মার্চ বৃহস্পতিবার থেকে বর্ষণ শুরু হয়েছে পশ্চিম সুমাত্রার বিভিন্ন অঞ্চলে। বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে প্রদেশের বিভিন্ন এলাকার সেতু, স্কুল, অন্তত ২৮০ একর জমির ফসল এবং প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

সেই সঙ্গে ক্ষয়ক্ষতি ও ভোগান্তির মধ্যে পড়েছেন অন্তত ৩৯ হাজার মানুষ। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই, বর‌ং সামনের কয়েক দিন বর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে এসেছিলেন বিএনপিবির কেন্দ্রীয় প্রধান নির্বাহী। সেখানে দপ্তরের প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সরবাহ বিষয়ক জরুরি বৈঠক করেছেন তিনি।

দুর্যোগ মোকাবিলা কমিটি পশ্চিম সুমাত্রা শাখার কর্মকর্তা আবদুল মালিক রয়টার্সকে জানিয়েছেন উপদ্রুত বিভিন্ন এলাকায় তাঁবু, কম্বল, পানি বিশুদ্ধকরণ ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতা সামগ্রী পাঠানোর কাজ চলছে এবং ইতোমধ্যে অনেক এলাকায় ত্রাণ পৌঁছেছে।

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন তারা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখতে পেয়েছেন অনেক মুসল্লি। তাদের মাধ্যমে কয়েকটি জেলা থেকে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।

ঢাকা পোস্টের কয়েকটি জেলার প্রতিনিধি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন।

এর আধা ঘণ্টা পরে সন্ধ্যা ৭টার দিকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান চাঁদ দেখা গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১২ মার্চ (মঙ্গলবার) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ৬ এপ্রিল (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

তিনি বলেন, ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ শাবান ১৪৪৫ হিজরি, ২৭ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১১ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় আগামীকাল ২৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১২ মার্চ ২০২৪ খ্রি. মঙ্গলবার থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান ১৪৪৫ হিজরি, ২৩ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৬ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম ভূইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. কাউসার আহাম্মদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোহাম্মদ আবুল কাসেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি। প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাসে রোজা পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

রমজান শুরুর জন্য চাঁদ দেখা আবশ্যক। কারণ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন পূর্ণ করো। (সহিহ মুসলিম, হাদিস : ১০৮১)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে : পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ শীর্ষ পাঁচ দেশের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি)। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তখন হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করছে, কথাটা সঠিক নয়। তাদের সঙ্গে লেবার রাইটসের উন্নয়ন নিয়ে আমাদের সঙ্গে বহুদিন ধরে আলাপ-আলোচনা চলছে এবং সেই আলাপ-আলোচনার অংশ হিসেবে কয়েকটি সংস্থা আমাদের সঙ্গে বসেছে। লেবার রাইটস নিয়ে এটা রেগুলার প্রসেস। এটা আগেও হয়েছে। অর্থাৎ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম পরিবেশ উন্নয়ন। এ নিয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা আছে, চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি ও সরকারপ্রধানের চিঠির ফিরতি জবাবের প্রসঙ্গ টানেন মন্ত্রী। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে দু’দেশের সম্পর্কে দ্বিতীয় পর্যায়ে এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীও ফিরতি চিঠিতে সম্পর্ক উন্নয়নের কথা, আরও দৃঢ় করার কথা, বহুমাত্রিক করার কথা বলেছেন। আমাদের সম্পর্ক ভবিষ্যতের দিনগুলোতে আরও সুন্দর হবে, আরও দৃঢ় হবে, এগিয়ে যাবে।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চীন, ভারত ও রাশিয়া যোগাযোগ করছে। বাংলাদেশ কি কোনো যোগাযোগ করেছে– এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের মধ্যে আছি। মিয়ানমারে যা ঘটছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

চলতি মাসের শুরুর দিকে তুরস্কের আনাতোলিয়ায় সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রেন ড. হাছান মাহমুদ। তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে অস্ত্র বিক্রির প্রসঙ্গ ছিল কি না– জানতে চাইলে তিনি বলেন, তুরস্ক থেকে কিছু ড্রোন ও সামরিক সরঞ্জাম কিনেছি। সেটি আমাদের চলমান প্রক্রিয়া। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলাপ করেছি। কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করিনি।

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে বাংলাদেশিদের সেবা নিয়ে অভিযোগ ইস্যুতে করা প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মধ্যপ্রাচ্যে লাখ লাখ লোক কাজ করে। কনস্যুলার সার্ভিস দেওয়ার জন্য যে পরিমাণ জনবল দরকার সেটি দেওয়া সম্ভব নয় এবং সেই কারণে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত দিতে পারে না। সিদ্ধান্ত সবসময় কনস্যুলার বা অ্যাম্বাসি নিতে পারে না, তাদের বাংলাদেশে পাঠাতে হয়। স্বরাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়, পুলিশের দ্বারস্থ হতে হয়।

তিনি বলেন, এসব জায়গা থেকে রেসপন্স না পেলে অনেক সময় ফাইল ডিসক্লোজ করা সম্ভব হয় না। এ কারণে অনেক প্রবাসী বাংলাদেশির মধ্যে ক্ষোভ তৈরি হয়, এটি সঠিক। কিন্তু বাস্তবতা হচ্ছে অল্প সংখ্যক মানুষের পক্ষে এত কাজ করা সম্ভব নয়। তবে কারও কাজে গাফিলতি পেলে বা ইচ্ছাকৃত কেউ যদি কাউকে হয়রানি করে, সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক আছি। এক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয় এবং হবে।