শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বিল কালেকশন অ্যাওয়ার্ডে প্রথম ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২২-২৩ অর্থ বছরে ব্যাংকিং খাতে ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ ব্যবহারের মাধ্যমে ঢাকা ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহে প্রথম পুরস্কার অর্জন করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডিএন্ডসি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ১০ মার্চ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ’ প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে এতে এলজিআরডিএন্ডসি মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইবরাহিম, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা।

এ সময় এলজিআরডিএন্ডসি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবার নির্বাচিত হলে ক্যাপিটলে দাঙ্গাকারীদের মুক্ত করবেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের দাঙ্গায় অংশ নেওয়ার কারণে যারা কারাবন্দী রয়েছেন আবার নির্বাচিত হলে তিনি প্রথমেই তাদের মুক্ত করার অঙ্গীকার করেছেন।

সোমবার তিনি তার ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধেরও অঙ্গীকার করেন।

তিনি বলেছেন, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম কাজ হবে মেক্সিকোর সঙ্গে সীমান্ত বন্ধ করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলের জিম্মিদের মুক্ত করা যাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি দাঙ্গাকারীদের ‘জিম্মি’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প জানুয়ারিতে আইওয়ায় একটি নির্বাচনী সমাবেশ থেকে এসব জিম্মিকে মুক্তি দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেন।
প্রাইমারিতে ট্রাম্পের অপ্রতিরোধ্য জয়ের পর তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর কার্যত সাবেক এই প্রেসিডেন্টই এখন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর ঠেকাতে ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায় যা ছিল মার্কিন ইতিহাসে নজিরবিহীন।

তখন থেকে গত ৩৮ মাসে প্রায় ১ হাজার ৩৫৮ বিবাদীকে অভিযুক্ত এবং প্রায় ৫০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। বিচার বিভাগের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা গেছে।

এদিকে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে থাকা অনেক আইনি চ্যালেঞ্জ ক্ষতিতো করেইনি, বরং রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।

বিএনপির নেতা-কর্মীরা ভুল রাজনীতির ফ্রেমে বন্দি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছে, ভুল রাজনীতির ফ্রেমে বন্দি হয়ে আছে। তারা খুনি-দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী তারেক রহমানের নেতৃত্বের দাসত্বে বন্দি হয়ে আছে। তাদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দিদশা থেকে মুক্তি পাবে না। বন্দি অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তারা তাদের বন্দিত্বের দায়ভার সরকারের ওপরে চাপানোর অপচেষ্টা করছে।

আজ মঙ্গলবার বিকালে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাসেও বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলছে। রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে। অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না।

তিনি আরও বলেন, আমরা আগেই বলেছি, রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করে আসছে। কিন্তু তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি। বরং তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। ফলে বিএনপি তথাকথিত আন্দোলনের মাধ্যমে গণসম্পৃক্ততার কোনো স্বরূপ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। বিএনপি সর্বদাই গণবিরোধী অবস্থানে থেকে রাজনীতি করে আসছে। তাই বিএনপির পক্ষে কখনোই গণআন্দোলন গড়ে তোলা সম্ভব নয়।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতা-কর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছে; তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। অথচ তারা নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান মাসে জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে।

প্রাথমিক খোলা ২১ মার্চ পর্যন্ত, মাধ্যমিক ২৫ মার্চ

হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করায় পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকছে। এরপরই শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে কত দিন খোলা থাকবে তা জানিয়েছে। সরকারি প্রাথমিক স্কুলগুলো আগামী ২১ মার্চ এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল ২৫ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের ১৩ ডিসেম্বর সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, সরকারি প্রাথমিক স্কুলগুলো ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে।

রমজান উপলক্ষে গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জাতিসংঘ প্রধানের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্মানে গাজায় ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

গুতেরেস সাংবাদিকদের বলেছেন, রমজান ‘শান্তি, পুনর্মিলন এবং সংহতি উদযাপন করে। তবে রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা এবং রক্তপাত অব্যাহত রয়েছে।’

তিনি ‘জিম্মিদের মুক্তি এবং দ্রুত ও ব্যাপক পরিসরে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সহায়তা সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।’

জাতিসংঘ বলেছে, মানবিক সহায়তার অভাবের কারণে ক্রমেই গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি করছে। সেখানে ২৪ লাখ মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে একেবারে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।
খবর এএফপি

‘ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের জন্য অর্থায়ন করবেন না। তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে একটি পয়সাও দেবেন না। তখন যুদ্ধ এমনিতেই শেষ হয়ে যাবে।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। যদি আমেরিকানরা ইউরোপীয়দের সঙ্গে অর্থ এবং অস্ত্র না দেয়। ইউরোপীয়রা একা এই যুদ্ধে অর্থায়ন করতে অক্ষম। সেইসাথে যুক্তরাষ্ট্র যদি অর্থ ও অস্ত্রের জোগান বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হয়ে যাবে।

এর আগে ভিক্টর অরবানের সাথে সাক্ষাতের পর ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করে বলেন, ভিক্টর অরবানের চেয়ে স্মার্ট এবং ভালো নেতা আর কেউ নেই। তিনি অসাধারণ।

দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়া

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে সাউথ কোরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যে গুপ্তচরবৃত্তি করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সেই ব্যক্তিকে রাশিয়ার ভ্লাদিভোস্টক শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন সেই ব্যক্তি মস্কোর জেলে রয়েছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সন্দেহে এই প্রথম কোনো সাউথ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় এখনও বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে এই বিষয়ে এখনই মন্তব্য করা কঠিন।

কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস তাদের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃত তুলে ধরে জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে সেই ব্যক্তির বিরুদ্ধে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে রাশিয়ান কর্তৃপক্ষ শুধু গ্রেপ্তার করার কথা জানিয়েছে। তবে তারা কেন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করছে সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭

রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে একটি মাইক্রোবাস। ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি; দুমড়ে যায় সামনের অংশ। সেই সঙ্গে আহত হন গাড়িতে থাকা ৭ জন।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারে ঘটে এ দুর্ঘটনা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতরা হলেন, সৌদিপ্রবাসী মো. কায়েস (৩৮), মো. কাইয়ুম (২৬), মো. কামরুল সর্দার (৬০), লায়লা (১০), মো. শিহাব (৩৬), জবা (১৬) ও মাইক্রোবাসচালক আমিনুল ইসলাম (৪৬)।

মাইক্রোবাসের চালক আহত আমিনুল ইসলাম বলেন, সৌদি ফেরত মো. কায়েসকে নিতে তার পরিবারের লোকজনসহ নড়াইলের লোহাগাড়া থেকে রাতে ঢাকায় আসি। পরে বিমানবন্দর থেকে তাকে নিয়ে নড়াইলের উদ্দেশে রওনা করি। কিন্তু মহাখালী ফ্লাইওভারে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমরা মাইক্রোবাসে থাকা ৭ জনের সবাই আহত হই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে মহাখালী ফ্লাইওভার থেকে শিশুসহ আহত ৭ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন নির্বাচনে তার হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরল টানা তৃতীয়বারের বিজয় নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করছে বিরোধী দলগুলো।

মোদির সরকার ২০১৯ সালে বিতর্কিত আইনটি পাস করে। এই আইন অনুযায়ী, ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে যাওয়া অমুসলিম বাস্তুচ্যুতদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের অনুমতি দেওয়া হয়েছে।

আইনটিতে বলা হয়, যে হিন্দু, পারসি, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরা মুসলিম প্রধান আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে পালিয়ে এসেছে, তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য।

মুসলমান সম্প্রদায়কে আওতার বাইরে রাখার জন্য বেশ কয়েকটি অধিকার সংগঠন আইনটিকে ‘মুসলিমবিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে।

২০১৯ সালের ডিসেম্বরে দেশব্যাপী বিক্ষোভের পর মোদি সরকার আইনটির জন্য বিধিমালা তৈরি করেনি। সেসময় বিক্ষোভের জেরে রাজধানী নয়াদিল্লিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। কয়েকদিনের দাঙ্গায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই মুসলমান এবং শত শত মানুষ আহত হয়।

গতকাল সোমবার (১১ মার্চ) সরকারের একজন মুখপাত্র বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের ঘোষণা দিয়েছে মোদি সরকার।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তিনি বলেন, ‘এটা ছিল বিজেপির ২০১৯ সালের (নির্বাচনি) ইশতেহারের অবিচ্ছেদ্য অংশ। এটি নির্যাতিতদের ভারতে নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে।’

মুসলিম অধিকার সংগঠনগুলো বলছে, প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সম্বলিত আইনটির মাধ্যমে ভারতের ২০ কোটি মুসলমানের সঙ্গে বৈষম্য করা হতে পারে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা ভারতে। তাদের আশঙ্কা, সরকার কিছু সীমান্তবর্তী রাজ্যে কোনোরকমের কাগজপত্র ছাড়াই মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দিতে পারে।

আইনটি ‘মুসলিমবিরোধী’ বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে বিজেপি সরকার। আইনটির সমর্থনে তারা বলেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নিপীড়নের সম্মুখীন সংখ্যালঘুদের সাহায্য করার জন্য এটি প্রয়োজন রয়েছে।

মোদি সরকার আরও বলেছে, আইনটি নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যে করা হয়েছে। এটি কারও কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। আইনটির বিরুদ্ধে বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে তারা।

মানবাধিকার সংগঠনগুলো অবশ্য অভিযোগ করেছে, ২০১৪ সালে দেশটিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মুসলমানদের ওপর নিপীড়ন বেড়েছে।
খবর আল-জাজিরা

নতুন সূচিতে চলছে মেট্রোরেল, ইফতারে বিধিনিষেধ

রমজানের শুরু থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম রমজান থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। তবে ইফতারের সময় পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ ও বহন করা যাবেনা।

এক বিজ্ঞপ্তিতে রোববার (১০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।

আরও জানানো হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার।

এ সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

এদিকে কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে ইফতারের সময়ে খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের নির্দেশনা মতে, ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। তবে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। তবে কোনো অবস্থাতেই কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না।