শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ছয়টা থেকে বুধবার (১৩ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪৬১ পিস ইয়াবা, ২৬৮.৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৪৫০ গ্রাম ২৬০ পুরিয়া গাঁজা, ১৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

রমজানে অসহায় প্রাণীদের কথা ভাবতে বললেন জয়া

স্বাভাবিকভাবেই রমজান মাসে দিনের বেলাতে শহরের দোকান-রেস্তোরাঁগুলো বন্ধ থাকে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে অসহায় অবলা প্রাণী কুকুর। এই বিষয়টিকে সকলের দৃষ্টিতে আনার জন্য অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, আমরা যেনো অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি।

কারণ আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরের পেট ভরে।

কিন্তু রমজান মাসে ওদের কপালে সেটুকুও জোটে না। কারণ ওরা তো আর আমাদের মতো রোজা রাখে না। খাবারের জন্য এদিক-সেদিক ছুটে বেড়ায়। আমরা যেনো ওদের কথা চিন্তা করে বাইরে কিছু খাবার রেখে দেই।

এক ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে জয়া এসব কথা লেখেন।

উল্লেখ্য, পোষ্যপ্রাণী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে জয়া আহসান। নিজ বাসাতেও তিনি একাধিক পোষ্য পালন করেন। করোনা মহামারিতে তিনি নিজে রান্না করে ঢাকার রাস্তায় থাকা অসহায় কুকুরদের খাইয়েছেন।

কিছুদিন আগে তিনি হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ এবং বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেছিলেন। এরপর সেটি আমলে নেয় আদালত। ওই রিটে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়ার সঙ্গে প্রাণী অধিকার নিয়ে কাজ করে।

টাইব্রেকার নাটকীয়তায় পোর্তোকে হারিয়ে কোয়ার্টারে আর্সেনাল

ম্যাচের ৯০ মিনিট শেষে ১-০ তে এগিয়ে আর্সেনাল। কিন্তু দুই লেগ মিলিয়ে ১-১ সমতা। পোর্তোর বিপক্ষে তাদের মাঠে প্রথম লেগটা আর্সেনাল হেরেছিলো ১-০ গোলে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ তাই গড়িয়েছে টাইব্রেকারে। সেই রোমাঞ্চের ফলাফল আসলো ৪-২ গোলে। পোর্তোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল।

টাইব্রেকারে আর্সেনালে জয়ের নায়ক তাদের গোলকিপার ডেভিড রায়া। ২৮ বছর বয়সী এই গোলকিপার ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছে আর্সেনালকে।

পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে পিছিয়ে আসা আর্সেনাল এমিরেটসে ব্যবধান ঘুচিয়ে ফেলে ম্যাচের ৪১ মিনিটেই। প্রথম গোলটি আসে লিয়ান্দ্রো ত্রোসার থেকে। কিন্তু ওটাই শেষ। ম্যাচে এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও কোনো গোল হয়নি। খেলা খুব একটা জমজমাট না হলেও টাইব্রেকার রোমাঞ্চ পুষিয়ে দিয়েছে সব।

স্পট কিকে আর্সেনালের হয়ে শট নেওয়া চারজনই বল পাঠিয়েছেন পোর্তোর জালে। এদিকে পোর্তোর ভেনডেল এবং গ্যালেনার শট ঠেকিয়েছেন আর্সেনাল গোলকিপার রায়া।

বাংলাদেশি জাহাজ উদ্ধারে যেতে পারে ভারতের নৌবাহিনী : মার্কিন বিশ্লেষক

২৩ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজটি গত রোববার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। সোমবার জলদস্যুদের কবলে পড়ে এটি। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার (মার্চ ১২) দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠীটির কর্তৃপক্ষ। এসআর শিপিংয়ের সিইও মোহাম্মদ মেহেরুল করিম জানান, গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে তাদের বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, ‘জলদস্যুরা জাহাজ দখল করে নিয়েছে। আমাদের নাবিকেরা আটকা পড়েছেন। এই অবস্থায় বাংলাদেশি এই কার্গো ক্যারিয়ারটি উদ্ধারে যেতে পারে ভারতীয় নৌবাহিনী। এমনটাই পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মার্টিন কেলি।

ভারতীয় মহাসাগরের যে অঞ্চলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটিকে জিম্মি করা হয়েছে সেখানকার আশপাশে ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি আছে। আর এ কারণে, দেশটির নৌবাহিনী এমভি আবদুল্লাহ উদ্ধারে হস্তক্ষেপ করতে পারে বলে পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইওএস রিস্ক গ্রুপের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক মার্টিন কেলি। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

কেলি বলেছেন, তার জানা মতে, গত ৩ মার্চ সোমালিয়া উপকূল থেকে একটি জলদস্যু বিরোধী গোষ্ঠী গভীর সমুদ্রের উদ্দেশ্য রওনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারত মহাসাগরের যে অঞ্চলে এই হামলা সংঘটিত হয়েছে সেই এলাকায় ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি আছে।

ব্রিটিশ এই বিশ্লেষক আরও বলেন, ‘এই অবস্থায় আবদুল্লাহ জাহাজটি উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর কোনো একটি জাহাজের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব। এই ঘটনার পর কোনো একটি জাহাজ উদ্ধার করা আসলে কতটা কঠিন তার একটি উদাহরণ হয়ে থাকবে এটি।’

এর আগে, ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ ‘জাহান মণি’। নিকেলভর্তি ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়েছিল।

দীর্ঘ চেষ্টার পর ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। পরে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। মুক্তিপণ বাবদ জলদস্যুদের অনেক টাকা দিতে হয়েছিলে বলে জানায় কেএসআরএম কর্তৃপক্ষ।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বার্সা

প্রথম লেগে দুদলই বেশ লড়াই করেছিল। অনুমিত ছিল, এই লেগটাও হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে সফরকারীদের তেমন কোনো সুযোগই দিল না বার্সেলোনা। প্রথমার্ধে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলের দেখা পায় কাতালানরা।

প্রথমার্ধে নাপোলি একটি গোল করলেও সেটা ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।

ঘরের মাঠে মঙ্গলবার (১২ মার্চ) রাতে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ ছিল এটি। প্রথম লেগটা ১-১ গোলে ড্র করেছিল দুই দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতল বার্সা। এই জয়ে ইউরোপ সেরা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

প্রথমার্ধে ৩ মিনিটের মধ্যে দুই গোল করে নাপোলিকে চমকে দেয় বার্সা। গোল দুটি আসে ফেরমিন লোপেজ এবং হোয়াও ক্যান্সেলোর পা থেকে। বিরতির আগেই নাপোলির হয়ে একটি গোল শোধ করেন আমির রহমানী। দ্বিতীয়ার্ধে বার্সার লিড আরও মজবুত করেন রবার্ট লেভান্ডোভস্কি। এই জয়ে তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা।

ম্যাচের চতুর্থ মিনিটে ভালো সুযোগ পায় নাপোলি। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চাপে গোলরক্ষক বরাবর শট করেন ভিক্টর ওসিমেন। ১৩ মিনিটে সুযোগ আসে বার্সেলোনার কাছেও। কিন্তু ফেরমিন লোপেজের শট যায় ক্রসবারের ওপর দিয়ে।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। পঞ্চদশ মিনিটে কাতালানদের এগিয়ে দেন লোপেজই। বক্সের ভেতর বাঁ দিক থেকে রাফিনিয়ার কাটব্যাকে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

২ মিনিটের মধ্যে লিড দ্বিগুণ করেন ক্যান্সেলো। সতীর্থের পাস ধরে বক্সের ভেতর একজনকে কাটিয়ে রাফিনিয়ার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি পর্তুগিজ ডিফেন্ডার। ৩০তম মিনিটে ব্যবধান কমায় নাপোলি। বাঁ দিক থেকে মাত্তেও পলিতানোর কাটব্যাকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোলটি করেন রাহমানি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। তবে নাপোলি গোলরক্ষকের দেয়াল ভেদ করতে পারছিলেন না কেউই। গেরো কাটালেন লেভান্ডোভস্কি। ৮৩ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন পোলিশ স্ট্রাইকার। সের্হি রবের্তো বক্সের বাইরে গিনদোয়ানকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ফিরতি বল পেয়ে তিনি পাস দেন ফাঁকায় থাকা লেভান্ডোভস্কিকে। ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি এই তারকা।

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। অতীতে ব্যক্তিগত নানান বিষয় নিয়ে আলোচনায় ছিলেন এই নায়িকা। জেলে পর্যন্ত যেতে হয়েছে তাকে। আর জেলে কাটানো অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরীমনি জানান, কেন জেলে গিয়েছিলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় তার কাছে। তবুও জেলজীবনের অভিজ্ঞতা কেমন ছিল, সেটা নিয়ে বই লিখবেন। যেখানে তিনি কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন।

পরীমনি বলেন, আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না। ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখেছি।

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে আর কী পছন্দ করে না। মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা প্রসঙ্গে পরীমনি বলেন, আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে। আমি যখন জেল থেকে বের হই তখন মানুষজন আমাকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে মেন্টালি। তাদের সঙ্গে আমার কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই। তারা আমার কাজের জন্যই আমার পাশে দাঁড়িয়েছিল। ’

প্রেম করতে চান? এমন প্রশ্নে এই নায়িকা জানান, না। লিখে দিচ্ছি, পরী আর প্রেম করবে না। নিজেকে ভালবাসতে শুরু করেছি। ছেলেকে নিয়ে শান্তিতে ঘুমোই।

বিশ্ব রেকর্ড গড়ল সৌদি ক্লাব আল হিলাল

করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্লাব ফুটবলের ইতিহাসে টানা ম্যাচ জয়ের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১২ মার্চ) রাতে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি দলটির টানা ২৮তম জয়।

ক্লাব ফুটবলের ইতিহাসে বিশ্বের অন্য কোনো ক্লাব টানা এতগুলো ম্যাচ জিততে পারেনি।

ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টস ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ জয়ের রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডই ভেঙেছে আল হিলাল। রেকর্ডটি গড়ার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে দলটি।

মঙ্গলবারের ম্যাচে আল ইত্তিহাদকে পাত্তাই দেয়নি হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল আল হিলাল।

জলদস্যুদের কাছে জিম্মি ২৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।

তারা হলেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্ম শ্মসুদ্দিন, মো . আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ।

এদিকে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার (১২ মার্চ) বিকেল থেকে নাবিকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে এর আগে নাবিকদের কয়েকজন তাদের পরিবারের কাছে একাধিক খুদে বার্তা পাঠান। সেখানে তারা বলেন, সোমালিয়ার জলদস্যুরা আমাদের জাহাজে অ্যাটাক করেছে। অলরেডি আমরা অ্যারেস্টেড। আমাদের এক জায়গায় বন্দি করে রাখছে।

দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এটি।

মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) কেএম ১৭ জালান পেকান-কুয়ান্তান বাইপাসে এ ঘটনা ঘটে। নিহতরা একটি গহনার দোকানে ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন ছিলেন এবং তারা ‘সেন্ট্রো গ্যাং’ এর সদস্য বলে মনে করে পুলিশ। ওই ঘটনায় ৪ মিলিয়ন রিঙ্গিতেরও বেশি ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১২ মার্চ) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার বরাত দিয়ে এই তথ্য জানায় মালয় মেইল।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ঘটা এই বন্দুকযুদ্ধে নিহত তিনজনের মধ্যে এক বাংলাদেশি এবং দুইজন ভিয়েতনামের নাগরিক বলে জানা যায়। তাদেরকে একটি প্রোটন ওয়াজা গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বাংলাদেশি নাগরিকের বয়স ৩৮ এবং ভিয়েতনামের দুই নাগরিকের মধ্যে একজনের ৩৬ এবং অপরজনের ৪৪ বলে জানায় পুলিশ। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি।

মঙ্গলবার (১২ মার্চ) পাহাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সে (আইপিকে) এক সংবাদ সম্মেলনে পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পেকানের পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় গাড়িটির গতিবিধি দেখে সন্দেহজনক মনে হয় সেলাঙ্গর এবং পাহাং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দলের।

পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলেও সেটি জালান পেকান-কুয়ান্তান বাইপাসের দিকে দ্রুত গতিতে চলে যায় বলে জানান তিনি।

পাহাং পুলিশ প্রধান জানান, ‘সন্দেহভাজনরা দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে তাদের ধাওয়া করা হয় এবং তাদের ওয়াজা গাড়ি পুলিশের টহল গাড়ির পিছনে ধাক্কা দেওয়ার পর থেমে যায়। পুলিশ সদস্যরা গাড়িটি দেখতে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। গাড়িতে থাকা তিনজনকে হত্যা করা হয় এবং গাড়িতে তল্লাশি করে সাতটি গুলি ও তিনটি গুলির খাপসহ একটি গ্লক ১৭ পিস্তল পাওয়া যায়। ’

তিনি বলেন, গাড়িতে পুলিশ ড্রিল, গ্রাইন্ডার, ম্যাচেটস এবং লোহার হাতুড়িসহ বেশকিছু জিনিস খুঁজে পায়, যেগুলো সন্দেহভাজন বাংলাদেশির।

সন্দেহভাজন দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল এবং তারা ভিজিটর হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। তবে পুলিশ এখনও সন্দেহভাজন বাংলাদেশি সম্পর্কে খোঁজ-খবর করছে বলে জানান দাতুক সেরি ইয়াহায়া ওথমান। তিনি বলেন, হত্যাচেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

রমজান উপলক্ষ্যে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ।

এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত আরও যে আটটি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।

মিসরের অনলাইন সংবাদমাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে।

‘৭ অক্টোবর গাজায় যুদ্ধ বাঁধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট ৪ হাজার টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি। সর্বশেষ গত ডিসেম্বরে ত্রান পাঠানো হয়েছি।’

‘তবে এ পর্যন্ত সেখানে যত ত্রাণের বহর প্রবেশ করেছে, সেসবের মধ্যে এই বহরটি সবচেয়ে বড়। মোট ৮০টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ৯টি দেশ—ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি,’ আরহাম অনলাইনকে বলেন আবদেল-আলীম কাশতা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।