শনিবার, অক্টোবর ১০, ২০২৬

সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শিকল : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শিকল। এটি ভেঙে ফেলতে হবে। হিন্দুদের জমি দখল এবং মন্দির ভাঙচুরের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা সবার অভিন্ন শত্রু, দুর্বৃত্ত।

আজ শনিবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ওবায়দুল কাদের বলেন, আপনারা মন মানসিকতায় যদি ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভোগেন, মাইনোরিটি ভাবনাটাই একটা দাসত্বের শিকল। এই দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে। মুসলমানের ভোট, আপনার ভোট, কি মূল্য কম? কোন পার্থক্য কি আছে? তাহলে কেন নিজেকে মাইনরিটি ভাববেন? এই দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার অবদান রয়েছে, কারো অবদান কম নয়।

তিনি বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের সম্পদ, ধর্মীয় মন্দির এই সব স্পর্শকাতর বিষয়ে তাদের মনে কষ্ট দেন, মন ভেঙে ফেলেন, এসব লোক রাজনৈতিক পরিচয়ে যদিও থাকেন তাদের আসল পরিচয় দুর্বৃত্ত। এরাই হিন্দুদের বাড়ি দখল করে। মন্দির ভাঙচুর করে। এরা আমাদের সবার অভিন্ন শত্রু। এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সেতুমন্ত্রী বলেন, যখন কথা বলি তখন বিশ্বাস থেকেই কথা বলি। এই বাংলাদেশে ৭৫ থেকে একুশ বছর কারা শাসন করেছিল, সেই একুশ বছর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বৈরিতা সৃষ্টি করেছিল।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জে এল ভোমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, পাবত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

গুলশান লেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। আগামী সাত দিনের মধ্যে লেকটি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনা দিয়েছেন মেয়র।

আজ শনিবার সকালে শুরু হয় লেক পরিচ্ছন্নতা কার্যক্রম।

গারা বছরই লেকে স্বচ্ছ পানি দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

গুলশান সোসাইটি লেক পার্কটি দেখে বোঝারই উপায় নেই এটি অভিজাত এলাকার চিত্র। লেকটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন থাকলেও তাদের কোনো নজরই নেই। বাধ্য হয়ে এটি পরিষ্কারের দায়িত্ব নিয়েছে উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি।

মেয়র আতিকুল ইসলাম জানান, লেকটি পরিষ্কার রাখতে পারলে মশার উপদ্রবও কমে আসবে।

স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীও ছিলেন পরিচ্ছনন্নতা কর্মসূচির শুরুর দিনে। এলাকার মানুষের দাবিতে লেকগুলো বছরব্যাপী পরিষ্কার রাখা হবে বলে জানান তিনি।

শুধু সরকারই নয়, নগরবাসী যখন উদ্যোগ নেয় তখন যেকোনো কাজেই সফলতা আসে বলে জানান সালমান এফ রহমান।

পরিচ্ছন্নতা অভিযানে গুলশান সোসাইটির পাঁচটি স্কুলের শিক্ষার্থী এবং কয়েকটি সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

আজ শনিবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিকী সম্মেলনের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার জীবনের অনেক স্মৃতি এখানে। আমি বিয়ে থেকে শুরু জীবনের সব ঘটনা এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে। সেই ১৯৮০ সাল থেকে এর সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমি সব সময় একটা কথায় বিশ্বাস করি, জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর। এই মন্ত্র মাথায় নিয়ে আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভোমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

সুইডেনের ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

বাংলাদেশ সফরের আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মেহেদী হাসান।

গত বৃহস্পতিবার সুইডেনের রয়েল প্যালেসে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশ সফরের দিকে তাকিয়ে আছেন। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিভূত। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন প্রক্রিয়া, ডিজিটালাইজেশন, প্রযুক্তির ব্যবহার, কমিউনিটি ক্লিনিক, সাসটেইনেবিলিটি (স্থায়িত্ব) ও পাট ও পাটজাত পণ্য।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। আগামী ১৮-২১ মার্চ তিনি বাংলাদেশ সফর করবেন।

বঙ্গবন্ধুর উত্তরাধিকার সারাজীবন বেঁচে থাকবে: ওবায়দুল কাদের

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে উত্তরাধিকার রেখে গেছেন তা আজীবন বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার ১০৪তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথই আমাদের পথ। স্বাধীনতা দিয়ে যাওয়ার মাধ্যমে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তার কোনো মৃত্যু নেই।
তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের বহুদিনের আকাঙ্খা স্বাধীনতা এনে দিতে টুঙ্গীপাড়ার এক বীর প্রসূতি মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম ব্যক্তি যিনি বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আমাদের সব সংকটে তিনি আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখের সময়ে একমাত্র বাতিঘর।

জিম্মি জাহাজ উপকূল থেকে ফের সরিয়ে নিয়েছে দস্যুরা

সোমালিয়ার উপকূলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে কাছাকাছি আরেক এলাকায় জলদস্যুরা সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাহাজের মালিকপক্ষের কাছে এক ই-মেইল বার্তায় এ কথা জানান তিনি।

তথ্যসূত্র বলছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে প্রথমে সোমালিয়ার গ্যারাকাদ উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে জিম্মি জাহাজটি নোঙর করেছিল দস্যুরা। এরপর সন্ধ্যার দিকে উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখে। শুক্রবার জাহাজটি আবারও নোঙর তুলে কাছাকাছি আরেক এলাকায় নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, দস্যুরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জাহাজের অবস্থান পরিবর্তন করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরেুল করিম।

তিনি বলেন, চিফ অফিসারের মেইল পেয়েছি। জাহাজের সব নাবিক সুস্থ আছেন বলে চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান জানিয়েছেন। দস্যুরা তাদের সঙ্গে খারাপ আচরণ করছে না এবং এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক দাবি-দাওয়া নিয়েও কথা বলেনি। জাহাজ নিয়ে তাদের পছন্দমতো কোনো নিরাপদ অবস্থানে পৌঁছানোর পরই হয়তো জলদস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে।

এদিকে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, দস্যুরা এখনও যোগাযোগ করেনি। তবে আমরা বসে নেই। আলোচনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে।

এর আগে মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার দুপুর দেড়টায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জিম্মি করার তৃতীয় দিনের মাথায় বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে আসে দস্যুরা।

ওমরাহ করতে সৌদি আরবে ফেরদৌস

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি জানান।

এদিন ফেসবুকে মক্কা শরিফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন ফেরদৌস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ঢাকা-১০ আসনের এই সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হন ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপনায়ও ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।আজ শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়া ক্ষেত্রে একজন এবং সমাজসেবায় তিনজন রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাচ্ছেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান এবং ক্রীড়া ক্ষেত্রে ফিরোজা খাতুন এ পুরস্কার পাচ্ছেন। সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এবং এস এম আব্রাহাম লিংকন।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো টাইগাররা

বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

বাংলাদেশের জন্য শুরুটা মোটেও ভালো হয়নি। গত ম্যাচের মতোই রানের খাতা খুলতেই পারেনি লিটন দাশ।

৩ বল খেলে ০ রান করে লিটনকে সাজঘরে ফেরান দিলশান মাধুশাঙ্কা। এরপর শান্তর সাথে তৌহিদ হৃদয় জুটি করেন। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শান্ত ৩৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। দলীয় স্কোর ১৩০ রানে পৌঁছালে সৌম্য সরকার আউট হন। তিনি ৬৬ বলে ৬৮ রানের একটি ইনিংস খেলেন।

এরপর ২ বলে ০ রান করে মাহমুদুল্লাহ আউট হন। তখনও দলীয় স্কোর ১৩০। এরপর তৌহিদ হৃদয়ের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। একটুর জন্য সেঞ্চুরি মিস করা হৃদয় করেন ১০২ বলে ৯৬ রান।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। দুইটি উইকেট শিকার করেন দিলশান মাধুশাঙ্কা। একটি উইকেট নেন প্রমোদ মাদুশান।

এই ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।

লোহিত সাগরে জাহাজ বাধার মুখে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে : আইইএ

যুক্তরাষ্ট্রের উজ্জ্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং লোহিত সাগর থেকে দূরে সরে যাওয়া জাহাজের জ্বালানি চাহিদার কারণে বৈশ্বিক তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।

একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ এড়াতে বাণিজ্যিক জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্তে দীর্ঘ এবং ব্যয়বহুল পথে যাত্রা করছে।

বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে আইইএ বৃহস্পতিবার বলেছে, এই বছর প্রতিদিনের চাহিদা ১৩ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে, যা আগের মাসিক মার্কেট রিপোর্টের তুলনায় দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেলের চেয়ে বেশি।

আইইএ বলেছে, ‘লোহিত সাগরে অশান্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে প্রতিবন্ধকতা শিপিং দূরত্বকে দীর্ঘায়িত করছে এবং দ্রুত জাহাজের গতির দিকে পরিচালিত করছে। জ্বালানি বাঙ্কারের চাহিদা বৃদ্ধি করছে।’

আইইএ বলেছে, যুক্তরাষ্ট্রের ‘তুলনামূলকভাবে উচ্ছ্বসিত অর্থনীতি’ বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা বাড়িয়েছে। তেলের ব্যবহার ক্রমবর্ধমান পেট্রোকেমিক্যাল ক্রিয়াকলাপগুলোর উপর গতি পাচ্ছে।

২০২৪ সালে মোট দৈনিক চাহিদা ১০৩.২ মিলিয়ন ব্যারেলে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যা গত বছরে ছিল ১০১.৮ মিলিয়ন ব্যারেল।