শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘শয়তান’

লিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত হরর ঘরানার ছবি ‘শয়তান’ মুক্তি পায় শুক্রবার (৮ মার্চ)। প্রথম দিনেই বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে ছবিটি। সপ্তাহ শেষেও সেই দাপট অব্যাহত রেখে এবার ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই ছবি।

প্রথম ৭ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১০৪ কোটি রুপি।

যার ভেতর শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপি! মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে ‘শয়তান’ ১৪.৭৫ কোটি রুপি আয় করে।

ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরামা স্টুডিওস।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ ছবিটি। এটি গুজরাটি ছবি ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।

বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব

বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীন এই খেজুর উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, রমজানে বিশেষভাবে বিতরণ করা এই খেজুরের মাধ্যমে ২০ হাজার পরিবার উপকৃত হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্ম বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল-আনজারি বাংলাদেশের ধর্মমন্ত্রী মুহাম্মদ ফরিদুল হক খানের কাছে খেজুর হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম, বিশ্ববিদ্যালয় ও দাতব্য সংস্থার কর্মকর্তারা।

এদিকে আরব নিউজের খবরে আরও ৯৩টি দেশে সৌদি আরবের পক্ষ থেকে খেজুর পাঠানোর তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় রমজান উপলক্ষে ২০ টন খেজুর এবং পবিত্র কোরআন শরিফ পাঠিয়েছে সৌদি আরব। এতে প্রায় ৪০ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে।

রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে ছয় টন খেজুর; জাম্বিয়া এবং মোজাম্বিক পেয়েছে পাঁচ টন করে; মরিশাস, জিম্বাবুয়ে, মালাউই, অ্যাঙ্গোলা, বতসোয়ানা এবং নামিবিয়া তিন টন করে এবং এসওয়াতিনি পেয়েছে দুই টন খেজুর। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ আশুর জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ৯০ হাজার মুসলিম উপকৃত হবেন।

এ ছাড়া বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনায় ৩০ হাজারেরও বেশি মানুষের মধ্যে ১০ টন খেজুর বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি রাষ্ট্রদূত ওসামা আল-আহমাদি, বসনিয়ান গ্র্যান্ড মুফতি হুসেইন কাভাজোভিচ এবং অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিশ্বজুড়ে ইসলামের সেবায় কাজ করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি তুলে ধরেন রাষ্ট্রদূত আল-আহমাদি।

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও শত শত পরিবার, ইসলামিক কেন্দ্র, এতিমখানা এবং মসজিদে ১৫ টন খেজুর বিতরণের তত্ত্বাবধান করছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
খবর এসপিএ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ মার্চ) থেকে শনিবার (১৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৫৫৪ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ৩৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা করা হয়েছে।

প্রধানমন্ত্রী সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেন : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সারাদেশে ১ কোটি ৩০ লাখ পরিবারকে টিসিবির স্মার্ড কার্ড প্রদান করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ন্যায্য মূল্যে সরবরাহ করে যাচ্ছেন। আমৃত্যু আমরা অসহায় মানুষের জন্য কাজ করে যাব।

আজ শনিবার সকাল ১০টায় সিংড়া উপজেলা সরকারি খাদ্য গোডাউন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ হতে প্রাপ্ত উপহারসামগ্রী বিতরণকালে এ তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করে যাব আমরা। মহান আল্লাহ আমাদের সহায়।

তিনি বলেন, বিগত বছরগুলোতে করোনা মহামারির বিস্তার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনি মুসলিমদের ওপর অমানুষিক নির্যাতন ও হত্যার কারণে সারা বিশ্বে আর্থিক সংকট তৈরি হয়েছে। বৈশ্বিক এ সংকটের জন্যে আমরা দায়ী নই, কিন্তু আমরা ভুক্তভোগী। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা এ সংকট অতিক্রম করে যেতে চাই। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি ইফতার মাহফিলের মতো ব্যয়বহুল আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ রমজানে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সক্রিয় রয়েছি। ব্যক্তিগত সামর্থ্য এবং সাংগঠনিকভাবে আমরা অসহায় মানুষের অভাব মেটাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি।

উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে বিতরণকৃত উপহারসামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, সাত কেজি মসুরের ডাল, তিন লিটার সয়াবিন তেল, তিন কেজি চিনি ও দুই কেজি লবণ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী এবং সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

ত্রাণ নিয়ে গাজা উপকূলে পৌঁছেছে জাহাজ

ত্রাণ সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা উপকূলে পৌঁছেছে ওপেন আর্মস নামের একটি জাহাজ। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এটিই গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ।

সাইপ্রাস থেকে যাত্রা শুরুর তিন দিন পর জাহাজটি গাজা উপকূলে পৌঁছে। জাহাজটিতে ২০০ টন খাদ্য রয়েছে।

জাহাজটি উপকূলে দেখার পর ত্রাণ পাওয়ার আশায় কিছু মানুষ তীরে জড় হয়েছেন।

স্প্যানিশ দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’ এই ত্রাণবাহী জাহাজটি পরিচালনা করছে। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন একটি অস্থায়ী জেটি থেকে জাহাজের ত্রাণ বিতরণ করবে।

গাজায় সমুদ্রপথে ত্রাণ সহায়তা পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী বন্দর নির্মাণের সরঞ্জাম নিয়ে গাজার উদ্দেশে রওনা দিয়েছে কয়েকটি জাহাজ।

এদিকে উত্তর গাজার একটি হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক মোহাম্মদ ঘুরাব এএফপিকে বলেন, একটি খাবারের ট্রাকের জন্য গোলচত্বরে অপেক্ষামাণ লোকজনের ওপর ‘দখলদার বাহিনীর সরাসরি গুলি’ চালিয়েছে।

ঘটনাস্থলে এএফপির একজন সাংবাদিক বেশ কয়েকটি মৃতদেহ এবং গুলিবিদ্ধ লোকজন দেখতে পান।

ইসরায়েলি সামরিক বাহিনী সাহায্যের অপেক্ষায় থাকা গাজাবাসীদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

এটি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েলি বাহিনী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কয়েক ডজন গাজাবাসীকে আক্রমণ করেছে বলে রিপোর্টগুলো ভুল।’

এদিকে জাতিসংঘের সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে।

রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রোববার (১৭ মার্চ) টুঙ্গিপাড়া যাবেন তারা। এদিকে এই সফর ঘিরে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

মুক্তির মহানয়কের জন্মবার্ষিকী। তাই তার জন্মভিটায় উৎসব আমেজ। সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ। থাকবে নাচ-গান ও কবিতা আবৃত্তি। যার অংশ হতে পেরে খুশি ক্ষুদে শিল্পীরা। ক্ষুদে শিল্পীরা জানায়, তারা জাতির পিতাকে খুব ভালোবাসে। জাতীয় শিশু দিবস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে পারফর্ম করতে পারবে বলে আনন্দিতবোধ করছে তারা।

এরই মধ্যে শেষ হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভা বর্ধনের কাজ। জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। উৎসাহের কমতি নেই নেতাকর্মীদের মাঝেও। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে নিরাপত্তাময় ও উৎসবমুখর করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

জানা গেছে, শ্রদ্ধা জানিয়ে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে গোপালগঞ্জে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

হামাসের নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে যুদ্ধবিরতির জন্য হামাসের সর্বশেষ প্রস্তাবকে “অবাস্তব” বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল শুক্রবার গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করে হামাস। তবে নতুন এই প্রস্তাবে রাজি হননি নেতানিয়াহু। খবর আল জাজিরা।

হামাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হওয়া উচিত, যেখানে প্রতিটি ধাপ ৪২ দিন স্থায়ী হবে।

প্রথম ধাপে, হামাস ইসরায়েলকে গাজা উপত্যকার মাঝে অবস্থিত সালাহ আল-দিন সড়কের ওপার থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। যাতে করে ফিলিস্তিনিরা তাদের অঞ্চলে ফিরে যেতে পারে। এছাড়া প্রথম ধাপে গাজায় বন্দী থাকা নারী জিম্মিদের মুক্তি দেওয়া হবে প্রতি ৫০ জন ফিলিস্তিনি বন্দীর জন্য।

দ্বিতীয় পর্যায়ে, হামাস গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। বিনিময়ে তারা জিম্মি বন্দী সৈন্যদের মুক্তি দেওয়া শুরু করবে।

এবং তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজায় ইসরায়েলের আগ্রাসনের অবসান এবং পুনর্গঠন প্রচেষ্টা শুরুর দাবি জানানো হয়েছে।

এদিকে হামাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। বৈঠক শেষে তিনি বলেন, হামাসের এই নতুন প্রস্তাব “অবাস্তব দাবি”।

এছাড়া নেতানিয়াহু দখলদার ইসরায়েলি সেনাদের রাফাহতে হামলা চালানোর পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

যদিও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশগুলো রাফাহতে যে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানোর বিরোধীতা করেছে। তারা বলেছে, যদি সেনাবাহিনী রাফাহতে হামলা চালায় তাহলে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। দখলদার ইসরায়েলিদের বর্বর হামলা থেকে বাঁচতে রাফাহতে বর্তমানে ১৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।

জিম্মি জাহাজে উঠল আরও সশস্ত্র জলদস্যু

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে জাহাজটিতে আরও কয়েকজন সশস্ত্র জলদস্যু উঠেছে। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

শনিবার (১৬ মার্চ) বিকেলে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিডেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহাজাটি সোমলিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করলেও শুক্রবার বিকেলে অবস্থান বদল করে। বর্তমানে এটি ৪ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজটিতে নতুন করে আরও ১৩ জন সশস্ত্র জলদস্যু উঠেছে। বর্তমানে জাহাজটিতে ২২ জন জলদস্যু অবস্থান করছে।

মেহেরুল করিম বলেন, নতুন করে জাহাজে আরও জলদস্যু ওঠায় বর্তমানে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তবে জলস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি।

এর আগে, গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দস্যুদের কাছে জিম্মি হয় ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু।

বৃহস্পতিবার দুপুরে সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ মাইল দূরে জাহাজটি নোঙর করে। পরে সেটি আরও এগিয়ে উপকূলের ৭ মাইলের মধ্যে অবস্থান নেয়। কিন্তু শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ জাহাজটি আরারও চলতে শুরু করে।

সর্বশেষ ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার গারাকাড থেকে গোদবজিরান উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। আগের অবস্থান থেকে এটি প্রায় ৫০ নটিক্যাল মাইল উত্তরে। বর্তমানে জাহাজটি উপকূল থেকে মাত্র ৪ নটিক্যাল মাইল দূরে রয়েছে।

রেলের জমি দখল মুক্ত করার কাজ শুরু করেছি : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের জমি দখল মুক্ত করার কাজ শুরু করেছি। ভুয়া কাগজ তৈরি করে রেলের সম্পত্তি ভোগ করছে অনেকে। সারাদেশে এ রকম ২৩ হাজার একর রেলের জমি বেদখল হয়ে আছে।

আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে পাংশা উপজেলা পরিষদের হল রুমে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় একেকটি জমির মূল্য ১০০ কোটি টাকার ওপরে। বঙ্গবাজারের মতো জায়গাসহ ১১টি জায়গা রেলের। একটি স্বায়ত্তশাসিত সংস্থা ওখানে মার্কেট নির্মাণ করছিল। আমি দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ওই সব মার্কেটের কাজ বন্ধ করা হয়েছে। রেলের জমি ভোগ করলে প্রথমে রেলের জমিদারি দখলত্ব মানতে হবে।

রেলমন্ত্রী বলেন, জেলা প্রশাসনসহ রেলের লোকজনকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের সঠিক কাগজপত্র আছে সেগুলো যাচাই-বাছাই করে অবৈধ দখলমুক্ত করা হবে।

মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ, রেলওয়ে পশ্চিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ব্যুরো প্রমুখ উপস্থিত ছিলেন।

হামাস ও হুতির বিরল বৈঠক

ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সিনিয়র সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাজের সমন্বয় নিয়ে আলোচনার লক্ষ্যে এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন। ফিলিস্তিনের উপদলের সূত্রগুলো শুক্রবার এ কথা জানিয়েছে।

হামাস ও ইসলামিক জিহাদের সুত্রগুলো জানিয়েছে, দুটি ফিলিস্তিনি ইসলামি সংগঠনের নেতৃবন্দ এবং সে সাথে মার্ক্সপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।

এসব গ্রুপ গাজায় যুদ্ধ পরবর্তী ধাপে সমন্বিত প্রতিরোধের কলাকৌশল নিয়ে আলোচনা করেছে। তবে বৈঠকটি কোথায় হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানায়নি।

এ ছাড়া বৈঠকে ফিলিস্তিনী গ্রুপগুলো হুতিদের সঙ্গে গাজার রাফায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানিয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, তিনি রাফায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছেন।

যদিও জনাকীর্ণ রাফায় ইসরায়েলের অভিযান চালানোর বিষয় নিয়ে জাতিসংঘ সতর্ক করে আসছে।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছে। হামাস ও ইসলামিক জিহাদের সূত্রগুলো এ কথা জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালিয়ে আসছে।

হুতি নেতা আবদুল মালিক আল হুতি বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ অতিক্রমকারী জাহাজগুলোকে লক্ষ্য করার মধ্যদিয়ে তাদের হামলা আরও সম্প্রসারণ করা হবে।