শনিবার, অক্টোবর ১০, ২০২৬

চোটের মিছিল : স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মোস্তাফিজ-জাকের

প্রথম দুই ওয়ানডের দলে ছিলেন না। তৃতীয় ওয়ানডেতে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। জোড়া উইকেটও শিকার করেছেন। কিন্তু নিজের দশ ওভারের কোটা পূরণ করতে পারলেন না কাটার মাস্টার। মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করে।

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মোস্তাফিজ। প্রথম বলটা করেছিলেন ওয়াইড। দ্বিতীয় বল করতে গিয়ে রানআপের মধ্যেই আটকে গেলেন মোস্তাফিজ। পরে আবার চেষ্টা করেও আর পারেননি।

জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় থাকে। ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের গরম আবহাওয়ার কারণে ক্র্যাম্পজনিত সমস্যায় পড়েছেন মোস্তাফিজ। এর আগে, নিজের নবম ওভার করতে এসেও শরীরের ভারসাম্য হারিয়েছিলেন কাটার মাস্টার।

এদিকে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন বদলি ফিল্ডার জাকের আলীও। প্রমোদ মাদুশানের ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ হয় এনামুল হক বিজয় ও জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ নিয়েছেন ঠিকই। তবে জাকের বুকে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকারও। তবে তার চোট ততটা গুরুতর মনে হয়নি।

শ্রীমঙ্গলে ‘পলিশেড হাউজ’ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গলে ‘পলিশেড হাউজ’ শুভ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে রবিবার বিকেল ৩টায় কৃষিমন্ত্রী এই পলিশেড হাউজের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, আশীদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক উস্মে ফারজানা প্রমুখ।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিএনপির সময় তাদের অর্থমন্ত্রী বলতেন, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশের সাহায্য পাব না। বিদেশের সাহায্য পাওয়ার জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হব না, এটা কোনো যুক্তির কথা? এসব যারা চিন্তা করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

আজ রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় রাজবাড়ীর অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, জাতিসংঘের উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

রেলমন্ত্রী বলেন, আমরা ভালো আছি। আপনারা রাজবাড়ীর মানুষ কোনো সময় চিন্তা করেছেন ২ ঘণ্টা ২০ মিনিটে পদ্মা সেতুর ওপর দিয়ে রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুরের পৌঁছাতে পারবেন? কোনো সময় আপনারা চিন্তা করেননি। এখন আপনারা বাস্তবে যাচ্ছেন। অনেক স্বপ্নই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের পূরণ হয়েছে। আজকে ঢাকায় মানুষ মেট্রোরেলে চড়তে পছন্দ করে। ১০ মিনিটেই মেট্রোরেলে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসতে উঠলে মনেই হবে না আমরা বাংলাদেশে আছি। এই উন্নয়ন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে।

জিল্লুল হাকিম বলেন, আমাদের মধ্যে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনেক দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা, ঘরের ব্যবস্থা করেছেন। আমরা সবাই মিলে দেশটাকে গড়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। তাহলেই দেশ এগিয়ে যাবে, সোনার বাংলা হবে। বঙ্গবন্ধুর যে চাওয়া, এই দেশটাকে স্বাধীন করার যে মর্ম এর সুফল আমরা ভোগ করতে পারব।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ আহম্মেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মাস্টার প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউটের সহকারী শিক্ষক চায়না রাণী সাহার সঞ্চালনায় এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জন্মদিনে বঙ্গবন্ধুর ম্যুরালে ইউজিসির শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ রোববার (১৭ মার্চ) সকালে ইউজিসি ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. আবু তাহের ও সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিব্বুল আহসান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খানসহ ইউজিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশকে একটি মেধাসম্পন্ন, বিজ্ঞান-মনস্ক, উন্নত জাতি হিসেবে তৈরি করা, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোর সুষ্ঠু তদারকির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে রাষ্ট্রপতির ১০ নম্বর আদেশ দ্বারা ইউজিসি প্রতিষ্ঠা করেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার (১৭ মার্চ) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবা, ১৯১ গ্রাম হেরোইন ও ১১ কেজি ২৯২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

নিউক্যাসলকে হারিয়ে এএফএ কাপের সেমিফাইনালে ম্যানসিটি

এএফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অথচ চলতি মৌসুমে তাদের আগের দুবারের দেখায় বেশ লড়াই হয়েছিল। সিটি জয় পেলেও তাদের বেশ কাঠখড় পোহাতে হয়েছিল নিউক্যাসলের বিপক্ষে। তবে এবার আর তেমনটি হয়নি, শেষ পর্যন্ত পেপ গার্দিওলার শিষ্যরা ২-০ ব্যবধানে জয় পেয়েছে।

একই সঙ্গে ম্যাচটিতে রেকর্ডও গড়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে তারা টানা ছয় আসরে সেমিফাইনালে উঠেছে। ঘরের মাঠ ইতিহাদে গতকাল (শনিবার) রাতে তারা আতিথ্য দেয় নিউক্যাসলকে। যেখানে বল দখল থেকে শট সবকিছুতেই আধিপত্য ছিল স্বাগতিক সিটির। তাদের হয়ে দুটি গোলই করেছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা।

ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুর ১৩ মিনিটেই সিটিকে লিড এনে দেন সিলভা। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর তিনি গোলমুখে শট নেন। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাবকা ঠিকমতোই ঝাঁপিয়েছিলেন, কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টে জালে পৌঁছে যায়। ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সফরকারীরাও। তবে নিউক্যাসল ফুটবলার আলেক্সান্ডার আইজ্যাকের নেওয়া শট ঠেকিয়ে দেন সিটি কিপার স্টেফান ওরতেগা।

প্রায় একইভাবে স্বাগতিকরা পরের গোলটিও পেয়ে যায়। রুবেন দিয়াজের পাস পেয়ে বাঁ পায়ে শট নেন সিলভা। বিরতির আগেই দ্বিগুণ লিড এনে দেওয়া গোলটি যদিও পর্তুগিজ মিডফিল্ডারের পা থেকে হয়েছে, তবে একইভাবে নিউক্যাসল ফুটবলার সেন বটম্যানের গায়ে লেগে সেটি দিক পাল্টে যায়। সেই গোলই হয়ে থাকল ম্যাচের সর্বশেষ। এরপর আর্লিং হলান্ড, ফিল ফোডেনরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

এর মাধ্যমে গার্দিওলার অধীনে আটবারের মধ্যে সাতবারই এফএ কাপের সেমিফাইনালে ওঠে গেল ম্যানসিটি।

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি পুনর্র্নিবাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে। যদিও ঠিক কোনো বিষয়ে ইঙ্গিত করে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, ৫ নভেম্বর তারিখটা মনে রাখবেন। আমার বিশ্বাস, এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

মেক্সিকোয় গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রির বিষয়ে চীনের পরিকল্পনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি পুনর্র্নিবাচিত হলে ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। এখন আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তগঙ্গা বইবে। অন্তত এটুকু হবে, দেশে রক্তগঙ্গা বইবে। কিন্তু ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে।

২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট শিবির বলেছে, তিনি আরেকটি ৬ জানুয়ারি দেখতে চান। কিন্তু মার্কিন জনগণ আগামী নভেম্বরে তাকে আবারও নির্বাচনী পরাজয় দিতে চলেছে। কারণ তারা তার চরমপন্থা, সহিংসতার প্রতি ভালোবাসা এবং প্রতিশোধের নেশা প্রত্যাখ্যান করছে।

পরে বাইডেন নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। ওয়াশিংটনে এক নৈশভোজে তিনি বলেছেন, স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে…২০২০ সালের নির্বাচন সম্পর্কে মিথ্যাচার, এর ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত, ৬ জানুয়ারির দাঙ্গা আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০২০ সালে ওরা ব্যর্থ হয়েছিল, কিন্তু হুমকি রয়ে গেছে।
খবর এএফপি

৮০ শতাংশের বেশি দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ৮০ শতাংশের বেশি দগ্ধ প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা এখন পর্যন্ত কাউকেই আশঙ্কার বাইরে রাখছি না।

আজ রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫ জন রোগী মারা গেছেন। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম ত্রুটি রাখা হচ্ছে না। আমরা শেষ সময় পর্যন্ত আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে দগ্ধ রোগীদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যেতে থাকব।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সকাল ৬টায় প্রথমে ধানমণ্ডি ৩২ নম্বরে এবং সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় স্মৃতিস্তম্ভের সামনে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনা করেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সুয়ারেজের জোড়া গোলে মায়ামির জয়

মেসিবিহীন ম্যাচেও ইন্টার মায়ামিকে হারাতে পারেনি ডি.সি ইউনাইটেড। লিগ সকারে লুইস সুয়ারেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে শীর্ষে উঠল ডেভিড বেকহামের দল।

চোটে পড়ে আগেই ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। লিও দলটিতে নাম লেখানোর পর তাকে ছাড়া প্রথম কোনো ম্যাচ জিতলো ইন্টার মায়ামি।

শুরুতে অবশ্য পিছিয়ে পরে ইন্টার মায়ামি। তবে ২৪ মিনিটে গোলটি শোধ করে দেয় মায়ামি।

বিরতির পর টাটা মার্টিনোর শিষ্যদের কাছে পাত্তা পায়নি ডি.সি ইউনাইটেড। ম্যাচের ৭২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। আর ৮৫ মিনিটে জোড়া পূর্ণ করে দলকে বড় জয় এনে দেন এই উরুগুয়ে তারকা।

লিগ সকারে ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। এবার ১০ বছর পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে অজি মেয়েরা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অজিরা। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আসন্ন এই সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অজি নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ঘরের মাঠে এই সিরিজে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকে উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা বাদ পড়েছেন। এ ছাড়া অলরাউন্ডার লতা মণ্ডল ও ব্যাটার শরিফা খাতুনেরও জায়গা হয়নি। তাদের দুজনকেই স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

এদিকে দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফারজানা হক লিসা। যথারীতি দলের অধিনায়ক নিগার সুলতানা ও সহ-অধিনায়ক থাকছেন নাহিদা আক্তার।

আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় গড়াবে।

২১, ২৪ ও ২৭ মার্চ হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। এরপর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজটি। সকাল সাড়ে ৯টায় ওয়ানডে এবং দুপুর ১২টায় টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে।

এদিকে বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই দলে রয়েছেন।

অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদ খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম, শরিফা খাতুন ও লতা মণ্ডল।