শনিবার, অক্টোবর ১০, ২০২৬

এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আলোচনা

জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবারের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোযোগ দেবে। বৈঠকে একটি সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মূল্যায়ন করবে যাতে সম্ভাব্য পরিবর্তনশীল প্রযুক্তির সুবিধা এবং অসুবিধাগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মান নির্ধারণের আহ্বান জানানো হবে।

কয়েক ডজন দেশসহ-স্পন্সর করা খসড়া প্রস্তাবটিতে ‘নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার প্রচারের জন্য’ নির্দেশিকাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। এতে সামরিক এআইকে এই পরিধি থেকে বাইরে রাখা হয়েছে।

সামগ্রিকভাবে, প্রস্তাবটি প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনার ওপর আরও বেশি গুরুত্ব দেয় এবং বিশেষ যতেœর সাথে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস গুলোর মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার’ আহ্বান জানায়।

খসড়া প্রস্তাবটি এই ইস্যুতে প্রথম যুক্তরাষ্ট্র এনেছিল এবং বৃহস্পতিবার বৈঠকে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।

২০৩০ সালের মধ্যে মানবতার জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এআই-তে ‘ডিজিটাল তথ্য হস্তান্তর এবং ন্যায়সংগত সুবিধা প্রদানে বাধা না দেয়ার দাবি জানানো হয়েছে’।

কয়েক ডজনসহ-স্পন্সর দেশের যৌথ বিবৃতি পড়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘যেহেতু এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটছে, সদস্য রাষ্ট্রগুলোর জন্য এই সংকটময় মুহূর্তটিকে সম্মিলিত পদক্ষেপের সাথে মোকাবিলা করা জরুরি।’

বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে মেটার প্রতিনিধিদল সাক্ষাৎ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে টেক জায়ান্ট মেটার প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। মেটার প্রতিনিধিদলে ছিলেন, মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, কনটেন্ট বিষয় বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ, কনটেন্ট পলিসি বিশেষজ্ঞ জনাথন লুইস ও পলিসি প্রোগ্রাম ম্যানেজার রুসি টিও।

প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রম এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগসহ ফেসবুকের নানাবিধ সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন।

এ সময় বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ইস্যুতে গুজব ও অপপ্রচার বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব প্রতিরোধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক, ইন্সটাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করায় অপপ্রচার ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করতে হবে।

তিনি বলেন, মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা করতে না পারে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব দিতে হবে। সেজন্য কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিতে হবে।

একই সঙ্গে বাংলাদেশের জনসাধারণের জন্য নিরাপদ অনলাইন ব্যবহার-সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণের জন্য ফেসবুক প্রতিনিধিদলকেও অনুরোধ জানান তিনি।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ‘এআই’ আইনের খসড়া : আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা এআই নিয়ে নতুন একটি আইনের খসড়া করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এআই আইন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেভাবে পৃথিবী বদলে দিচ্ছে, সেটার ব্যাপারে একটা আইন যে রকম সারা পৃথিবীতে চিন্তা করা হচ্ছে বাংলাদেশেও চিন্তা করা উচিত। সেই চিন্তা করার জন্যই আমরা আজকে প্রাথমিকভাবে বসেছিলাম। আজকে আইনের একটা আউটলাইন আমরা করলাম। এ বিষয়টা এত ব্যাপক এক দিনের আলোচনায় শেষ হবে না।’

তিনি বলেন, ‘আমরা যদি বলি আমাদের জ্ঞান যথেষ্ট হয়ে গেছে এই ব্যাপারে, আইন করার জন্য আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানেরও প্রয়োজন। এই আইনের খসড়া করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি খসড়া আমরা তৈরি করব। সেই খসড়ায় কী কী থাকবে, সেটা নিয়ে আজকে আমরা আউটলাইনটা আলাপ করেছি। সেই আউটলাইন অনুযায়ী আমরা কাজ করব।’

আনিসুল হক বলেন, ‘এই আইনের মধ্যে যে জিনিসগুলো থাকা উচিত, মনুষ্যত্বের দিক থেকে যে বিষয়গুলো রক্ষা করা উচিত- সেগুলোর বিষয়ে আলোচনা করেছি। সেই আলোচনা শুরু হলো এবং আলোচনা চলবে। ’

আউটলাইনে কী কী থাকছে- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সেটা আমরা বলতে চাই না। কারণ এটাও পরিবর্তনশীল। বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য এবং অভিজ্ঞতা অর্জনের জন্য, অন্যান্য জায়গায় কী আইন হচ্ছে সেটা একটু পরীক্ষা করার জন্য এই সময়টুকু নিয়েছি। আমি বিশ্বাস করি এই সময়ের মধ্যে আমরা এই আইনটা তৈরি করতে পারবো।’

এই আইনের ফলে কী হবে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এটি আমাদের কাছেও জিজ্ঞাস্য। এর কারণ হচ্ছে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করবো। এই জিনিসটুকু আমি বলতে পারি- মানুষের অধিকার সংরক্ষণের জন্য, সর্বক্ষেত্রে সেটা সংরক্ষণের জন্য, মানুষের সুবিধার জন্য এআইকে যাতে ব্যবহার করা যায় সেই চেষ্টাই আমরা করব।’

এরপর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত আইনমন্ত্রী মহোদয় গ্রহণ করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি আমাকে নির্দেশনা দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা কী ভাবছি ও আইন প্রণয়নের ব্যাপারে আমরা কতটা প্রস্তুত। উনার নির্দেশনা পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করি এবং যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করেছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এ সিদ্ধান্তে উপনীত হই যে, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট অর্থনীতি করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাইপাস করে কিছু করতে পারব না।’

তিনি বলেন, ‘এখন বড় একটা চ্যালেঞ্জ ও বড় একটা বিতর্ক হচ্ছে, আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করবো কতটুকু অপপ্রয়োগে নিয়ন্ত্রণ করবো। এ বিষয় নিয়ে আজকে আমরা আইনমন্ত্রী মহোদয়ের কাছে এসেছিলাম। মাননীয় আইনমন্ত্রী মহোদয়ও বললেন একটা আউটলাইন আমরা দাঁড় করিয়েছি।’

ডিপফেক ভিডিও : ১ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি ইতালির প্রধানমন্ত্রী

ডিপফেকের শিকার হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার বেশ কয়েকটি ডিপফেক পর্নো ভিডিও তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অপরাধীদের শাস্তির পাশাপাশি ১ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন মেলোনি।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা জানিয়েছেন, এক পর্নো অভিনেতার সঙ্গে মেলোনির ডিফফেক ভিডিও বানিয়ে যুক্তরাষ্ট্রের একটি পর্নোগ্রাফি সাইটে আপলোড করা হয়েছিল। মাসের পর মাস ধরে সেগুলোতে লাখ লাখ ভিউ হয়েছে। ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী হোন মেলোনি। তারও আগে মেলোনির অশ্লীল ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে। এরপর আদালতের দ্বারস্থ হন মেলোনি।

এ ঘটনায় জড়িত ৪০ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ৭৩ বছর বয়সী বাবার দিকে অভিযোগের আঙুল উঠেছে। দুজনের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওগুলো আপলোড করার জন্য ব্যবহৃত স্মার্টফোন ট্র্যাক করে তারা অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হোন।

আগামী ২ জুলাই সার্ডিনিয়া শহরের সাসারির একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে মেলোনির। এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী ১ লাখ ইউরোর ক্ষতিপূরণ চেয়েছেন।

এ প্রসঙ্গে মেলোনির আইনজীবী মারিয়া গিউলিয়া মারোঙ্গিউ জানিয়েছেন, জর্জিয়া মেলোনি যে ক্ষতিপূরণ দাবি করেছেন সেটি যদি মঞ্জুর করা হয় তাহলে তা দাতব্য কাজে লাগানো হবে। তিনি ক্ষতিপূরণের পুরো অর্থ পুরুষের সহিংসতার শিকার এমন নারীদের সমর্থন করার জন্য একটি তহবিলে দান করবেন। ক্ষতিপূরণের অঙ্কটি ‘প্রতীকী’। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মেলোনি আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন। এ ধরনের ক্ষমতার অপব্যবহারের শিকার নারীরা যাতে ভয় না পান এবং নির্দ্বিধায় নিজেদের অভিযোগ জানাতে পারেন তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতালির আইন অনুসারে, কিছু নির্দিষ্ট মানহানির মামলা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হতে পারে এবং তা প্রমাণিত হলে অপরাধীদের কারাদণ্ডও হতে পারে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৭৮ পিস ইয়াবা, ২৯১ গ্রাম হেরোইন, ২১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ১০৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

ইউক্রেনকে সহায়তা, ৬১ বিলিয়ন ডলারের ঘাটটিতে ইউরোপ

প্রায় ৬১ বিলিয়ন ডলারের সাহায্য ইউক্রেনকে দেওয়া হয়েছে। ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন প্রক্সি যুদ্ধে যোগ দিয়ে ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। এর ফলে ইউরোপের দেশগুলো অর্থনৈতিক সঙ্কট ও বাজেট ঘাটটিতে পড়েছে। একই সঙ্গে সবচেয়ে সস্তা জালানির উৎস হিসেবে রুশ তেল ও গ্যাস না কিনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে ইউরোপ। স্পুটনিক ইন্টারন্যাশনাল

জার্মানির মিউনিখের আইএফও ইনস্টিটিউটের গবেষণা বলছে, ন্যাটোর অনেক বড় সদস্য দেশগুলো ইউক্রেনে সহায়তা দিতে যেয়ে অভ্যন্তরীণ ঋণে ডুবে যাচ্ছে এবং ইউরোজোনে অর্থনৈতিক সংকটের মধ্যে রেকর্ড বাজেট ঘাটতির মুখে পড়েছে।

জার্মানি আশা করছে ২০২৪ সালে তার বাজেট ঘাটতি ১৮.৪৫ বিলিয়ন ডলার হবে। স্পেন ১১.৯৪, ইতালি ১১.৭৩ ও বেলজিয়াম ৪.৯৯ বিলিয়ন ডলার ঘাটতির মুখে পড়েছে। ইতালির ৭.২ শতাংশ ঘাটতির ফলে দেশটির সরকার রাজস্বের ৯ শতাংশের পরিমাণ ঋণ নিতে সুদের খরচ বাড়াবে।

আইএফও’র অর্থনীতিবিদ মার্সেল স্লেপার বলেছেন, ‘উচ্চ ঋণের মাত্রা এবং উচ্চ সুদের খরচ সহ ইউরোপের দেশগুলিতে আরও ঋণ বাড়ানোর খুব বেশি সুযোগ নেই। ঘাটতি মোকাবেলায় অন্যান্য ক্ষেত্রে ব্যয় কমানো সহজ নয়। জার্মানি কৃষি ডিজেলে ভর্তুকি কমানোর চেষ্টা করলে কৃষকরা প্রতিবাদে নামে।

ক্রমবর্ধমান বাজেট ঘাটতি, ঊর্ধ্বমুখী ঋণের চাপে ইউরোপের দেশগুলো এখন বাধ্যতামূলক নতুন আর্থিক নিয়মের জন্য প্রস্তুত হচ্ছে যা তাদের ৩ শতাংশ বার্ষিক ঘাটতির মোকাবেলা ও জিডিপির তুলনায় বিশাল ঋণের ধাক্কা সামলাতে আপাতদৃষ্টিতে অসম্ভব বাজেট কমাতে বাধ্য হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের মধ্যে ১৩টি দেশের ঋণের প্রয়োজনীয়তা জিডিপির তুলনায় ৬০ শতাংশ ছাড়িয়েছে। এদের মধ্যে জার্মানি, ফ্রান্স ও ইতালি রয়েছে। একই সময়ে গত বছর ন্যাটোর ৩০টি সদস্য দেশের মধ্যে মাত্র ১১টি দেশ (যার মধ্যে ৮টি ইইউ সদস্য) জিডিপির তুলনায় প্রতিরক্ষা ব্যয়ের ২ শতাংশ পূরণ করেছিল।

রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করতে যেয়ে নিষেধাজ্ঞা দিতে যেয়ে কাকতালীয়ভাবে ইউক্রেনের সমর্থনে দেওয়া সামরিক সহায়তা দাঁড়িয়েছে ৫৫.৪ বিলিয়ন ডলারে। ইইউকে যদি কিয়েভকে এ অর্থ দিতে না হত তাহলে পরপর তিন বছর ধরে এসব দেশ আরামদায়কভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে পারত।

কট্টর রাশিয়া বিরোধী অবস্থানের কারণে ইউরোপের নেতারা অস্ত্র প্রতিযোগিতায় অংশ নিতে যেয়ে দেশের অভ্যন্তরে সমালোচনার মুখে পড়েছেন, এমনকি সামাজিক ব্যয় হ্রাস করা হয়েছে এবং আঞ্চলিক অর্থনীতি মন্দায় ডুবে গেছে। গত মাসে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সামাজিক কর্মসূচির পরিবর্তে প্রতিরক্ষায় করের অর্থ খরচে অভ্যস্ত হওয়ার কথা বলার পর তার তীব্র সমালোচনা করা হয়।

আইরিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। এ বিষয়ে ডাবলিনে সরকারি ভবনের বাইরে ভারাদকার বলেন, এ কাজের জন্য আমি সেরা মানুষ নই। আগামী মাসে সংসদ অবকাশ থেকে ফিরে আসার পর পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। সে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। খবর সিএনএন।

ফাইন গেইল দলের নেতা নির্বাচিত হওয়ার পর ভারাদকর ২০১৭ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ও আয়ারল্যান্ডের প্রথম সমকামী নেতা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন, আমি ফাইন গেলের সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে আমার উত্তরসূরি নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করব।

ভারাদকর বলেন যে, এটি আমার পদত্যাগ করার সঠিক সময় এবং ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমার কাজ হবে, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেয়ার জন্য একজন নতুন নেতাকে নির্বাচিত করা। তিনি আগামী ৬ এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনের আহ্বানও জানিয়েছেন।

তিনি স্বীকার করে বলেন, যে তার পদত্যাগের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময় ও কারো কারো জন্য হতাশার হবে। তবে সিদ্ধান্তটি দেশের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, ভারাদকারের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

প্রথমবার বাবা হচ্ছেন রণবীর, নিতে পারেন পিতৃত্বকালীন ছুটি

বাবা-মা হতে চলেছেন বলিউড দম্পতি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তারা এমনটাই জানিয়েছেন যে সেপ্টেম্বরে মা হচ্ছেন দীপিকা। এ উপলক্ষে হবু বাবা রণবীর পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুমের এক রিপোর্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জুমকে এক সূত্র জানিয়েছে, ‘দীপিকা ইতিমধ্যে নিজের ডেটগুলি সাজিয়ে নিয়েছেন। অনেক কিছু থেকে নিজেকে বিরত রেখেছেন অভিনেত্রী। দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। রণবীরেরও ফ্লোরে যাওয়ার মতো অন্য কোনও কাজ নেই। অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন ডন ৩, শক্তিমান এবং আদিত্য ধরের অ্য়াকশন ছবি বাদে এ বছর আর কিছু হাতে রাখতে চাইছেন না তিনি। আগামী বছরই এগুলির শ্যুটিং শুরু হবে। দীপিকা এবং সন্তানের সঙ্গে সময় কাটাতে চান রণবীর’।

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুখবর দিলেন বলিউডের নায়িকা। ঘোষণা করেন, তিনি এবং স্বামী রণবীর সিং তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছেন। কেবল অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়, সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের কথাও জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট।

গাজায় নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৩২ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত ফিলিন্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৬ জনে।

আল জাজিরা বলছে, শহরে অবস্থিত শরণার্থী শিবিরে তিনটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৮ জনের জানাজা মধ্য গাজার একটি হাসপাতালের বাইরে অনুষ্ঠিত হয়েছে।

ফুটেজে দেখা গেছে, দেইর আল-বালাহ-তে দাফনের জন্য গাধার গাড়িতে করে নিয়ে যাওয়ার আগে লোকেরা লাশের সামনে জানাজার নামাজ পড়েন।

সম্প্রতি ইসরাইলকে গাজায় হামলা বন্ধের আদেশ দেয় আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। কিন্তু সেই আদেশ না মেনে রামজানেও গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় দেখা দিয়েছে খাদ্য সংকট। শুধু সংকটই নয় চলছে দুর্ভিক্ষ। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে।./

পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।