শনিবার, অক্টোবর ১০, ২০২৬

এবারের আইপিএলে থাকছে যেসব নতুন নিয়ম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর আজ (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে।

আইপিএলের উদ্বোধনী দিনে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচের আগে বরাবরের মতোই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারের আইপিএলে মোট চারটি নতুন নিয়ম চালু করা হচ্ছে। যেগুলোর আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে কোনো মিল নেই।

ওভারে দুই বাউন্সার : আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে সাধারণত একটি বাউন্সারই দিতে পারেন বোলাররা। তবে ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্টে সেই নিয়ম বদল করা হয়েছে। এখন থেকে আইপিএলে প্রতি ওভারে দুটি বাউন্সার দেওয়া যাবে। বোলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যই এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর আগে, ভারতের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই নিয়ম চালু হয়েছিল। এবার তা আইপিএলে দেখা যাবে।

রিভিউের নিয়মে বদল : আন্তর্জাতিক নিয়মে ফিল্ডিং দল স্ট্যাম্প আউটের জন্য রিভিউ নিলে তা শুধু তৃতীয় আম্পায়ারই বিবেচনা করবেন। এক্ষেত্রে বল আগে ব্যাটে লেগেছে কি না, তা খতিয়ে দেখা হয় না। এজন্য নিতে হয় আলাদা রিভিউ। তবে এবার থেকে আইপিএলে স্ট্যাম্প আউটের জন্য রিভিউ নেওয়া হলে ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কি না, তা দেখা হবে।

স্টপ ক্লক নিয়ম বন্ধ : আন্তর্জাতিক ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম রয়েছে। ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। সেটির দিকে আম্পায়ারও নজর রাখেন। তবে এবারের আইপিএলে দুটি ওভারের মধ্যে সময়সীমা থাকছে না।

স্মার্ট রিপ্লে সিস্টেম : চলতি আইপিএলে দ্রুত রিভিউ দেখার জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে। তাড়াতাড়ি দেখার জন্য তৃতীয় আম্পায়ারের পাশে দুজন বিশেষজ্ঞ থাকবেন। এজন্য মাঠের চারদিকে আরও বেশি উচ্চমানের ক্যামেরা লাগানো থাকবে। এতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে রিভিউ।

‘রামায়ণ’ ছবিতে রাম হচ্ছেন রণবীর

মহাকাব্য রামায়ণ অবলম্বনেই নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ ছবি। ছবিতে কাদের নেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছেন পরিচালক। অবশেষে জানা যায়, রণবীর কাপুর থেকে সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং- এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য।

ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট- সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের।

মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং।

যদিও দিন কয়েক আগেই শোনা যায় এই ছবিতে নাকি টাকা বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন ছবির অন্যতম প্রযোজক মধু মন্টেনা। এই ছবি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ। এক জন প্রযোজক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে ছবির শুটিং বন্ধ হবে, এমনটা নয়। ছবির একটি চরিত্রেই শুধু অভিনেতা বাছা বাকি ছিল। সেটি হল লক্ষ্মণ। এবার চূড়ান্ত করা হলো লক্ষ্মণকে!

শোনা যাচ্ছে, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক রবি দুবেকেই নাকি চূড়ান্ত করা হয়েছে লক্ষ্মণের জন্য।

জামাই রাজা ‘সিরিয়াল’-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান রবি। তবে এই চরিত্রের জন্য রবি আদৌ সম্মতি দিয়েছেন কি না, সেই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নির্মাতারা।

সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি

বর্তমানে সপরিবারে জাপানে অবস্থান করছেন জনপ্রিয় দক্ষিণী নির্মাতা রাজামৌলি। তবে সেখানে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। জাপানে সপরিবারে ভূমিকম্পের সাক্ষী হলেন এই নির্মাতা। জাপান ভূমিকম্প প্রবণ দেশ। তাই মানসিক ভাবে জাপানিরা বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকলেও রাজামৌলির কাছে বিষয়টি নতুন।

পুরো বিষয়টির ওপরে আলোকপাত করেছেন নির্মাতার ছেলে এসএস কার্তিকেয়। সম্প্রতি এক্স-এ একটি ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে কার্তিকেয় লেখেন, ২৮ তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি দুলতে শুরু করল। ওটা যে ভূমিকম্প সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে। ভয় পাওয়ার আগেই দেখলাম জাপানিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন বৃষ্টি শুরু হয়েছে।

নির্মাতার ছেলের পোস্ট করা ওই ছবিতে দেখা যায়— কার্তিকেয়রের হাতের স্মার্ট ঘড়ির ডায়ালে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে।

কার্তিকেয়রের পোস্টটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়েছে রাজামৌলির ভক্তদের কপালে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেছেন নেটিজেনরা। আবার রাজামৌলি সুরক্ষিত আছেন জেনেও ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকেই।

জানা গেছে, রাজামৌলির সিনেমা ‘আরআরআর’র বিশেষ প্রদর্শনের আয়োজিত হয় জাপানে। সিনেমার প্রদর্শনে নিজের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এই নির্মাতা।

রাজামৌলির পরবর্তী সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। শোনা যাচ্ছে, কোনও অরণ্য অভিযানকে কেন্দ্র করে চিত্রনাট্য লেখা হয়েছে সিনেমাটির। তবে বড় বাজেটের এই সিনেমার ক্ষেত্রে এক টাকাও পারিশ্রমিক নিতে রাজি নন রাজামৌলি।

রোনালদোহীন পর্তুগালে বিধ্বস্ত সুইডেন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখেন পর্তুগালের ম্যানেজার রবার্তো মার্টিনেজ। তার অধীনে এই নিয়ে ১১ ম্যাচের সবকটিতেই জিতলো ইউরোপের দলটি।

ঘরের মাঠে ম্যাচের ২৪ মিনিটেই লিড নেয় পর্তুগাল। জোরালো শটে স্কোরশিটে নাম তোলেন মিলান তারকা রাফায়েল লিয়াও। মিনিট নয়েকের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস নুনেস। বিরতির আগে গোলের দেখা পান ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেস।

বিরতির পর খেলতে নেমে ৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন বদলি ফরোয়ার্ড ব্রুমা। অবশ্য পরের মিনিটেই সুইডেনের হয়ে একটি গোল শোধ দেন ভিক্টর ইয়োকেরেস। ৬০ মিনিটে ব্যবধান ৫-১ করেন পিএসজি তারকা গনসালো রামোস। ম্যাচের শেষ মিনিটে নেইলসন গোল করলেও পরাজয় এড়াতে পারেনি সুইডেন। ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়।

তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১.৪৩ ডলার সেন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

তা ছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৭৯ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৮১ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনে ৩১ অক্টোবরের পর থেকে ব্রেন্টের মূল্য সর্বোচ্চ ৮৭.৩৮ ডলারে স্থির হয়েছিল, যেখানে ডব্লিউটিআই ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ ৮৩.৪৭ ডলারে পৌঁছেছিল।
খবর রয়টার্স

কাল শুরু আইপিএল

ভারতের মাল্টি বিলিয়ন ডলার মূল্যের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলের এবারের ১৭তম আসর শুরু হচ্ছে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আগেরবারের মতো এবারও ১০টি দল অংশ নিচ্ছে আইপিএলে। ২২ মার্চ থেকে ভারতের ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হলেও সূচি প্রকাশ করা হয়েছে আংশিক। মাত্র ১৫দিনের ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। তবে ২৬ মে টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএলে।

ভারতের লোকসভা নির্বাচনের কারণেই মূলত আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচ শেষ হওয়ার পর হয়তো আইপিএল নেয়া হতে পারে ভিন্ন কোনো দেশে।

আইপিএলে অংশগ্রহণকারী ১০টি দল
চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ।

ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ভারতের ভূমি ব্যবহার করে ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা প্রত্যাহারে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় এ সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী প্রত্যাশিত বিদ্যুৎ সহজে আমদানি করতে ভারত পক্ষের সহায়তা চেয়েছেন।”

ব্রিফিংয়ে নজরুল ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে এবং আগামী ২৫ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়ালের ঢাকা সফরের সময় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে এবং ভুটান ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির জন্য এন্টি-ডাম্পিং ব্যবস্থা প্রত্যাহারের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া তিনি হাইকমিশনারকে বলেন, ভারত সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপটি আধুনিকায়ন করতে পারে।

বৈঠকে ভারতের আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিক গণতান্ত্রিক ব্যবস্থাই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব করেছে।

তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের পর এবং ১৯৯৬ সালের আগে নির্বাচনে জয়লাভের সিদ্ধান্ত এবং কোন দল ক্ষমতায় থাকবে বা আসবে তা নির্দিষ্ট মহল দ্বারা নির্ধারিত হত।

সে কারণে আওয়ামী লীগ ১৯৯১ সালে জনসমর্থন পেলেও জয়ী হতে পারেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু, ১৯৯৬ সালে নির্দিষ্ট মহল গণমানুষের ইচ্ছার কাছে মাথা নত করে। ২০০৮ সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো সে দুষ্টচক্র ভাঙে।’

প্রণয় ভার্মা উল্লেখ করেন যে গত বছর ভারতীয় ঋণ ব্যবস্থার (এলওসি) আওতায় বাংলাদেশে মোট চারটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

‘এবং আরও দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য পাইপলাইনে রয়েছে,’ বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার রুপি-টাকা দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন, ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক এবং বঙ্গবন্ধু বায়োপিকের মতো দুই দেশের কিছু যুগান্তকারী উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন যে ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের (সিইপিএ) জন্য আলোচনা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৬ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের পর এই সিইপিএ সহায়ক হবে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, এলওসিকে প্রকল্প ভিত্তিক করার জন্য একটি নতুন কাঠামো তৈরি করতে নতুন চিন্তাভাবনা ও আলোচনা চলছে।

বৈঠকে বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে হাই পাওয়ার গ্রিড লাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে ডিজেল আমদানির জন্য সৈয়দপুর থেকে নাটোর পর্যন্ত ডিজেল পাইপলাইন সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

তিনি বলেন যে কিছু বিশ্ব বিখ্যাত প্রতিরক্ষা শিল্প ভারতে তাদের কারখানা স্থানান্তর করছে।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে এখানে একটি প্রতিরক্ষা কারখানা স্থাপন করতে পারে।

তিনি শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।

প্রণয় ভার্মা ভারতের জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

হাইকমিশনার প্রধানমন্ত্রীকে আরও জানান যে তারা রংপুরে একটি অফিস স্থাপনে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবটি যাচাই-বাছাই করে সরকার বিবেচনা করবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

রেকর্ড দাম, প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৪ হাজার টাকা

কিছুটা কমানোর পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ৭ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। ১৩ দিন রেকর্ড দামে বিক্রির পর ২০ মার্চ সোনার দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করা হলো।

বৃহস্পতিবার (২১ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৮ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৩১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ২৩ হাজার ২৭৭ টাকা গুনতে হবে।

এর আগে ২০ মার্চ থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে এক লাখ ৬ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

এখন সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হচ্ছে

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় এ নিয়ে আইন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ব্যবহারের গুরুত্ব বাড়ছে। ফলে এআইয়ের ইতিবাচক দিকগুলো কাজে লাগানো এবং নেতিবাচক দিকগুলো পরিহার করার মাধ্যমে সার্বিক পরিকল্পনা নিয়ে এ বিষয়ে একটি আইন করা হবে।

তিনি বলেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে খসড়া আইন প্রণয়ন করা সম্ভব হবে।

আনিসুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত জনপ্রিয়তার মধ্যে এর নিয়ন্ত্রণেও বিভিন্ন দেশ উদ্যোগী হয়েছে। পশ্চিমা উন্নত দেশগুলোও এআই নিয়ন্ত্রণে আইন করার উদ্যোগ নিয়েছে।

আইনমন্ত্রী বলেন, গুগলের জেমিনি বা মাইক্রোসফটের চ্যাটজিপিটির মতো এআইগুলো এখন বিশ্বের আলোচিত বিষয়। লেখালিখি থেকে শুরু করে প্রশ্নোত্তরসহ নানা ধরনের সৃষ্টিশীল কাজ এখন এআই দিয়েও করা হচ্ছে।

তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে একটা ড্রাফট (খসড়া) করা হবে। সেখানে কী কী থাকবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, দেশের টেলিযোগাযোগ, মোবাইল ফোন আপারেটর, ব্যাংক, অনলাইন ও কৃষিখাতসহ অনেক খাতেই কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবহার হচ্ছে। দিনে দিনে এর গ্রাহকও বাড়ছে।

বুবলীকে ‘শিক্ষিত বকরি’ বলে কটাক্ষ পরীমণির

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথার লড়াইয়ে মেতেছেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা পরীমণি ও বুবলী। পোস্ট, পাল্টা পোস্টে ফেসবুক গরম করে রেখেছেন তারা।

শুরুটা পরীমণির অভিযোগকে কেন্দ্র করে। ফেসবুকে তিনি প্রথম বুবলীর বিপক্ষে মাতৃত্বের আবেগ অনুকরণ করার অভিযোগ আনেন।
এতেই পাল্টা প্রতিক্রিয়া জানান বুবলী। পরেই তাকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন পরীমণি। যদিও কেউ কোনো পোস্টে কারও নাম উল্লেখ করেনি।

গত বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে ঘটনার সূত্রপাত। বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন বৃহস্পতিবার (২১ মার্চ)। ছেলের জন্মদিন উপলক্ষে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের জন্য একটি দীর্ঘ খোলা ভিডিও বার্তা দেন বুবলী। সেখানে তিনি নিজের মতো করে ছেলের প্রতি মা হিসেবে মমতাবোধ ও ভালোবাসা প্রকাশ করেন। সেই ভিডিও প্রকাশের পর রাত ৩টায় স্ট্যাটাস দেন পরীমণি। তিনি লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

উত্তরে বিশাল একটি ফেসবুক পোস্ট দেন বুবলি। সেখানে তিনি বোঝাতে চান পৃথিবীতে অনেক কিছুই আছে যা প্রেক্ষাপট অনুযায়ী মিলে যায়। মূলত পরীমণির অভিযোগে তিনি যে পরীকে নকল করেছেন, সেটি বুবলী এড়াতে চাইলেন। উদাহরণ হিসাবে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান , বিয়ে, এমনকি সিনেমার গল্পের কথাও বলেন তিনি। একই রকম মনে হলেও সবার জীবনের দৃষ্টিকোণ থেকে ঘটনা কিংবা মূহুর্তগুলো আলাদা। এটিই বোঝান বুবলী।

কিন্তু এরপর পরীমণি পাল্টা পোস্টে বুবলীকে সরাসরি ‘শিক্ষিত বকরি’ বলে সম্বোধন করেন। এমনকি বুবলী নিজের পোস্ট নিজে পড়লেও যুক্তিহীন লেখা খুঁজে পাবে বলে ব্যাঙ্গ করেন পরী।

মূল ঘটনা হলো, ২০২৩ সালের ১০ আগস্ট পরীমণি তার ছেলে রাজ্য’র জন্মদিনে একটি ভিডিওবার্তা দিয়েছিল। সেই ভিডিওর সাথে বুবলির গতরাতের পোস্ট করা ভিডিওর কথা, উপাস্থাপন দক্ষতা, ভাষা ও স্বরগত মিল রয়েছে কিছুটা। সেই থেকে বুবলীকে নকলবাজ হিসেবেই উপস্থাপন করছেন পরী।