শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আওয়ামী লীগ জনগণের দল, বিএনপি ক্ষমতার : কাদের

আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল, জনগণের দল আর বিএনপি ক্ষমতার দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার দল, নিজেদের পকেট উন্নয়নের দল। জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই তো, লুটে পুটে হাওয়া ভবন করার সুযোগ নেই। হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না। কারণ এই দল ক্ষমতাকেন্দ্রিক দল, মানুষের দল না। জনগণের দল আওয়ামী লীগ, ক্ষমতার দল বিএনপি। এটাই দুই দলের পার্থক্য।

তিনি বলেন, চিরাচরিত পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা শুরু করেছে বিএনপি। তারা যখন কোনো রাজনৈতিক ইস্যু না পায়, তখনই এই একটা ইস্যু সামনে নিয়ে আসে। বঙ্গবন্ধুর আমলেও করেছে, এখন শেখ হাসিনার আমলে এবারও তাই করছে।

বয়কট ইস্যুতে বিএনপি নেতাদের ঐক্য নেই দাবি করে সেতুমন্ত্রী বলেন, বয়কট আন্দোলন করছে তারা। কিন্তু তাদের নিজেদের বক্তব্যে মিল নেই। হাফিজ বলে এক কথা, রিজভী বলে আরেক কথা, মহাসচিব সিঙ্গাপুর থেকে বলে ভিন্ন কথা।

তিনি বলেন, বিএনপি ইফতার পার্টি করে। নিজেরা খাওয়ার আয়োজন করে। আর আমরা ইফতারিসামগ্রী বিতরণ করি। মানুষের খাবারের ব্যবস্থা করি।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে।

ঢাকা জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেকে।

অ্যালকোহল ব্র্যান্ডের লোগো ছাড়াই মাঠে মুস্তাফিজ

অনেক দিন ধরেই নিজের চেনা রূপে নেই মুস্তাফিজুর রহমান। চারদিকে তাকে নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছিল, মুস্তাফিজ সম্ভবত ফুরিয়ে গেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে সবশেষ ম্যাচগুলোতেও ব্যর্থ ছিলেন তিনি। বিগত দুটা বছর দেশের ক্রিকেটে একেবারেই সাদামাটা এক নাম ছিলেন মুস্তাফিজ। রানের পর রান দিয়ে গেলেও উইকেটের দেখা পাননি। হতাশ করেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে।

সব হতাশা কাটিয়ে দুর্দান্ত এক স্পেল দিয়েই আবারও আলোচনায় মুস্তাফিজ। আবারও নিজের নাম ক্রিকেট বিশ্বসে উঁচিয়ে ধরলেন, জবাব দিলেন সব সমালোচনার। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে নিজের চার ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরা। তাইতো ক্রিকেট বিশ্বে চলছে মুস্তাফিজকে নিয়ে আলোচনা।

ম্যাচটি মুস্তাফিজের প্রথম শিকার ছিল বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাটারের কারিশমায় ডু প্লেসিকে রাচিন রবীন্দ্রর ক্যাচে পরিণত করেন দ্য ফিজ। ওভারের শেষ বলে ফেরান রজত পাতিদারকে। উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান তাকে। পরের ওভারে বল করতে এসেই ওপেনার বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেছেন বাংলাদেশি এই বোলার। তারপর একই ওভারে ক্যামেরুন গ্রিনকেও ফিরতে হয় ফিজের শিকার হয়ে।

মুস্তাফিজ এদিন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নজরে এসেছে তার জার্সির কারণেও। চেন্নাইয়ের হলুদ জার্সির বাম হাতে দুই স্টিকার থাকলেও, মুস্তাফিজের জার্সিতে ছিল কেবল একটি। আইপিএলের নিজস্ব লোগোর ওপরে SNJ গ্রুপের স্পন্সর স্টিকার না লাগিয়েই মাঠে নেমেছেন মুস্তাফিজ।

ভারতের SNJ গ্রুপের অ্যালকোহলিক পণ্য SNJ 10000 চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে লম্বা সময় ধরে। সবশেষ ২০২২ সালে নতুন করে তিন বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছিল এই কোম্পানি। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের লোগো জায়গা করে নেয় চেন্নাইয়ের জার্সিতে।

কিন্তু মুসলমান ক্রিকেটারদের এমন স্পন্সর গায়ে পরিধান করা নিষেধ বলেই কি না মুস্তাফিজ খেললেন সেই স্টিকার ছাড়াই। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি ক্রিকেটার। এর আগে চেন্নাইয়ের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও মাঠে নেমেছিলেন SNJ গ্রুপের লোগো ছাড়াই।

তবে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রাশিয়ায় সন্ত্রাসী হামলা : নিহত বেড়ে ৬০, আইএসের দায় স্বীকার

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬০ জনে। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪৭ জনকে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

রুশ তদন্ত সংস্থার সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্রোকাস সিটি হল কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার পর সেখান থেকে এ পর্যন্ত ৬০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন মোট ১৪৭ জন। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

শুক্রবার মস্কোর ক্রাসনোগোরস্ক এলাকার ক্রোকাস সিটি হলে রুশ ব্যান্ড দল পিকনিকের কনসার্ট উপভোগ করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে অডিটোরিয়ামে কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। কাছাকাছি সময়ে ওই ভবনে বোমা বিস্ফোরণও হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বন্দুকধারীরা। তাদের কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত ক্রোকাস সিটি হলের মোট আসন সংখ্যা ৬ হাজার ২০০টি। হলটির সিসিটিভি একটি ফুটেজে দেখা গেছে, কনসার্ট শুরুর কিছুক্ষণ আগে লোকজন যখন অডিটোরিয়ামে নিজেদের আসনে বসছেন— সে সময় হঠাৎ গুলির শব্দ হলটি কেঁপে ওঠে এবং তারা ছোটাছুটি শুরু করেন।

আর একটি ফুটেজে দেখা গেছে, চাপ চাপ রক্তের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন কয়েক জন মানুষ।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাৎ পেছন থেকে এক ঝাঁক গুলির শব্দ শুনলাম। তারপরই অডিটোরিয়ামে হুড়োহুড়ি শুরু হলো। সবার লক্ষ্য ছিল দ্রুত হল থেকে বের হয়ে এস্কেলেটরের দিকে যাওয়া।’

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ যে ১৪৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ২০০৪ সালে মস্কোর একটি স্কুলে শিক্ষার্থীসহ ১ হাজার মানুষকে জিম্মি করেছিল ইসলামপন্থী সন্ত্রাসীরা। শুক্রবারের হামলার আগ পর্যন্ত সেটি ছিল রাশিয়ায় ইসলামপন্থী সন্ত্রাসীদের সবচেয়ে বড় ‘অপরারেশন’।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রোকাস সিটি হলে হামলা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সকে বলেছেন রাশিয়ার কেন্দ্রীয় নিরপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সিস্টেমের প্রধান আলেক্সান্দার বোর্তনিকভ।

আইএসের দায়স্বীকার

ক্রোকাস সিটি হলে হামলার কয়েক ঘণ্টার পর তার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গোষ্ঠীটির মুখপাত্র আমাক এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে।’

বিবৃতি এ প্রসঙ্গে আর কিছু বলা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, গোয়েন্দা সূত্রে এই হামলার তথ্য তারা আগেই পেয়েছিলেন এবং রাশিয়ার সরকারকে সতর্কও করেছিলেন। রয়টার্সকে এক কর্মকর্তা বলেন, ‘আমরা সম্ভাব্য হামলার আভাস পেয়েছিলাম। যথাযথভাবে রাশিয়ার সরকারকে সতর্কও করেছিলাম।’

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির কর্মকর্তারাও স্বীকার করেছেন যে দু’সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এই সতর্কবার্তা দিয়েছিল। তবে এই বার্তা আসার কয়েক ঘণ্টা আগে মস্কোর একটি সিনাগগে আইএসের একটি সম্ভাব্য হামলা রুখে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার জলবায়ু পরিবর্তন অভিযোজন ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ১০০ বছর মেয়াদি বদ্বীপ পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পর্যায়ক্রমে এ সকল পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন ও ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভে সক্ষম হবে।

বিশ্ব আবহাওয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে শুক্রবার (২২ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যভুক্ত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় শনিবার (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দিবসটির এবছরের প্রতিপাদ্য,- ‘এ্যাট দ্যা ফ্রন্টলাইন অব ক্লাইমেট এ্যাকশন’ যথোপযুক্ত, সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিগত বছরগুলোতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করেছে। ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সার্বিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য চরম আবহাওয়ার বিভিন্ন মেয়াদী পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগাম পূর্বাভাস প্রদানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ ও প্রভাব থেকে উত্তরণের জন্য পরিবেশের বিপর্যয় রোধ, অর্থনৈতিক উন্নয়ন সহায়ক কৌশল নির্ধারণ, প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, জলবায়ুর পরিবর্তনের অভিঘাত সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আন্তর্জাতিক পর্যায়েও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি নির্ধারণে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

শেখ হাসিনা আরও বলেন, আমাদের সরকার আবহাওয়ার বিদ্যমান পর্যবেক্ষণাগারগুলোর সাথে কৃষি আবহাওয়া পূর্বাভাস সেবার মান উন্নয়নে আরও ৭টি নতুন কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনসহ কৃষি আবহাওয়া বিষয়ক গবেষণা কার্যক্রম জোরদার করেছে। এছাড়াও ৫টি আবহাওয়া ভূপৃষ্ঠ পর্যবেক্ষণাগার, ১৩টি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৩টি স্যাটেলাইট গ্রাউন্ড রিসিভিং স্টেশন স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কালবৈশাখী ও বজ্রঝড়ের সতর্কবার্তা প্রদানসহ নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণে জয়দেবপুরে ১টি আধুনিক ডপলার রাডার স্থাপন করা হয়েছে এবং রংপুরে অপর ১টি ডপলার রাডার স্থাপনের কাজ চলমান আছে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন, সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলি।

তিনি ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২৪’র সার্বিক সফলতা কামনা করেন।

৭ দিনের রিমান্ডে কেজরিওয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২২ মার্চ) শুনানি শেষে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি।

তবে তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেপ্তার হননি।

ইডি দাবি করেছে এই কেলেঙ্কারিতে ৬০০ কোটিরও বেশি রুপি দুর্নীতি হয়েছে। যারমধ্যে ‘সাউথ গ্রুপ’ ১০০ কোটি রুপি দিয়েছে। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে গ্রেপ্তার করা হয়।

কেজরিওয়ালের দলের দাবি , যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে সেটির একটি অর্থও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইডি।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়ার পর রাতটি ইডি অফিসেই কাটান কেজরিওয়াল।

আজ শুক্রবার আদালতে তোলার পর কেজরিওয়াল বলেন, আমার জীবনকে দেশের জন্য উৎস্বর্গ করেছি।

ইডি দাবি করেছে, দুর্নীতির অর্থ নির্বাচনেও কাজে লাগিয়েছে আম আদমি পার্টি। এরমধ্যে তারা গোয়ার নির্বাচনে জয় পেয়েছে। দুর্নীতির অর্থ যে নির্বাচনে কাজে লাগানো হয়েছে এই তথ্য থাকার দাবি করেছেন ইডির অতিরিক্ত সলিসিটর-জেনারেল এসভি রাজু।

জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেভাল ফোর্স (ইইউএনএভিএফওআর) যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাইজ্যাক করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে জলদস্যুরা ফাঁকা গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সেই সঙ্গে জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে তারা। এছাড়াও ইইউ জাহাজের উপস্থিতি নাবিকদের ওপর জলদস্যুদের চাপ বাড়াচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে জিম্মি এক নাবিকের পরিবার এক সদস্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাহাজে সুপেয় পানির সংকট দেখা দেওয়ায় নাবিকদের পানি ব্যবহার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। জাহাজে সার্বক্ষণিক পাহারায় থাকা ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র জলদস্যু নাবিকদের ওপর নজরদারি বাড়িয়েছে। বর্তমানে কেবিনে থাকতে দেওয়া হচ্ছেনা নাবিকদের। খাবারের কষ্টের পাশাপাশি সবাইকে একটি টয়লেট ব্যবহার করতে হচ্ছে।

দ্য ডেইলি সোমালিয়া ও ভারতীয় বিমান বাহিনীর এক্স অ্যাকাউন্ট থেকে জলদস্যুদের বিমান বিধ্বংসী বন্দুকের ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, বিমান বিধ্বংসী অস্ত্রগুলো কাপড় মুড়িয়ে সমুদ্রের দিকে তাক করে রাখা হয়েছে।

ইইউএনএভিএফওআর সোমালিয়া উপকূলে জলদস্যু দমনে ‘অপারেশন আটলান্টা’ নামে কার্যক্রম পরিচালনা করছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজেদের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশি ২৩ নাবিকসহ জিম্মি এমভি আবদুল্লাহকে ঘিরে তাদের কার্যক্রমের তিনটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছে ‘অপারেশন আটলান্টা’। তার মধ্যে একটি ছবিতে ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি থেকে বাংলাদেশের জিম্মি জাহাজটিকে দেখা যাচ্ছে। জাহাজটির দিকে তাকিয়ে আছেন ইইউ নেভাল ফোর্সের দুই সদস্য। যা যুদ্ধজাহাজটি থেকে এমভি আবদুল্লাহ’র খুব কম দূরত্বকেই নির্দেশ করে। অপর দুটি ছবি ও একটি ভিডিওতে যুদ্ধজাহাজ থেকে ইইউ নেভাল ফোর্সের একটি হেলিকপ্টারকে জিম্মি এমভি আবদুল্লাহর ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।

মোগাদিসু থেকে এক হাজার ১১১ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে বাণিজ্যিক কার্গো জাহাজটিকে প্রথমে নেওয়া হয় সোমালিয়ার গারাকাড এলাকায়। উপকূল থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে নোঙর করা হয় সেটিকে। এরপর আবার অবস্থান বদলে আবদুল্লাহকে নেওয়া হয় গদবজিরান উপকূল এলাকায়। সেখান থেকে সরিয়ে নোঙর করা হয় উপকূলের মাত্র সাড়ে ৭ কিলোমিটার দূরে। তারপর আরও এগিয়ে উপকূলের পৌনে তিন কিলোমিটার দূরত্বে নেওয়া হয়েছে। জাহাজটিতে জিম্মি আছেন ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশি জাহাজটি গত তিনদিন ধরে সেখানেই নোঙর করা আছে।

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থিতিশীল করার চেষ্টা : কাদের

বিএনপির ঘোষণা দিয়ে ভারতীয় পণ্য বয়কটের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারতীয় শাল ফেলে দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চান, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেন। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।

তিনি বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। তারা নির্বাচনে না আসার যে ভুল করেছে, সে ভুলের খেসারত দিতে হচ্ছে। তাই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে।

সেতুমন্ত্রীবলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেছি। মুক্তিযুদ্ধে ভারতে আমাদের সাহায্য করেছে। এখন গণতন্ত্র উদ্ধারে আমরা তাদের সাহায্য চাই। ভারতীয় পণ্য বয়কট মানে পাগলামি।

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রায় সব নেতা জেল থেকে বের হয়ে গেছে। তাহলে দমন-পীড়ন কথায় চলছে? বিএনপির বয়কটের ডাক বাংলাদেশের মানুষ শোনে না।

ওবায়দুল কাদের বলেন, যখন বিএনপির আন্দোলনের কোনো ইস্যু থাকে না, তখন ভারত তাদের জন্য ইস্যু। ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায় বাংলাদেশের জনগণ তাদের বয়কট করবে। ভারতের সঙ্গে ততক্ষণ বন্ধুত্ব রাখবো, যতক্ষণ জনগণ ও জাতীয় স্বার্থ নিশ্চয়তা পাবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ (২২ মার্চ) থেকে বাসের আগাম টিকিট শুরু হয়েছে। রাজধানী বিভিন্ন বোর্ডিং পয়েন্ট বা কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন।

আজ শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাস কোম্পানিগুলোর অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘বাসবিডি ডটকম ডট বিডি’ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট আজ (শুক্রবার) থেকে অনলাইনে মাধ্যমে প্রদান করা হবে।

ই-টিকিট কেনা যাত্রীদের জানানো হয়েছে, রাস্তায় সৃষ্ট জ্যামের কারণে ও গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য প্রাকৃতিক কারণে যাত্রার সময় পরিবর্তন হতে পারে। বিষয়টি জেনে টিকিট ক্রয় করতে। আমাদের অব্যাহত প্রচেষ্টা সঠিক সময়ে যাত্রীদের যাত্রা নিশ্চিত করা।

এমভি আবদুল্লাহর কাছাকাছি ইইউ যুদ্ধজাহাজ, চক্কর দিচ্ছে হেলিকপ্টার

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাইজ্যাক করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে ইউরোপীয়ান ইউনিয়ন নেভাল ফোর্সের (ইইউএনএভিএফওআর) একটি যুদ্ধজাহাজ। এ মুহূর্তে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজটির বেশ কাছাকাছি অবস্থান করছে ইইউ নেভাল ফোর্সের জাহাজটি। পাশাপাশি তাদের হেলিকপ্টার ঘন ঘন চক্কর কাটছে জিম্মি জাহাজটি ঘিরে।

প্রসঙ্গত, সোমালিয়া উপকূলে জলদস্যুদের দমনে ‘অপারেশন আটলান্টা’ নামে কার্যক্রম পরিচালনা করছে ইইউএনএভিএফওআর।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজেদের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশি ২৩ নাবিকসহ জিম্মি এমভি আবদুল্লাহকে ঘিরে তাদের কার্যক্রমের তিনটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছে ‘অপারেশন আটলান্টা’। তার মধ্যে একটি ছবিতে ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি থেকে বাংলাদেশের জিম্মি জাহাজটিকে দেখা যাচ্ছে। জাহাজটির দিকে তাকিয়ে আছেন ইইউ নেভাল ফোর্সের দুই সদস্য। যা যুদ্ধজাহাজটি থেকে এমভি আবদুল্লাহর খুব কম দূরত্বকেই নির্দেশ করে।

অপর দুটি ছবি ও একটি ভিডিওতে যুদ্ধজাহাজ থেকে ইইউ নেভাল ফোর্সের একটি হেলিকপ্টারকে জিম্মি এমভি আবদুল্লাহর ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়।

এর আগেই গত ১৪ মার্চ এক বিবৃতিতে ইইউ নেভাল ফোর্স জানায়, ‘অপারেশন আটলান্টা’র আওতায় তাদের একটি যুদ্ধজাহাজ বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করছে। বাংলাদেশি ও সোমালিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা।

এরপর ১৮ মার্চ রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে উদ্ধারে একযোগে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা।

তবে নাবিকদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ এবং সরকার। তাই এর আগে ইইউ নেভাল ফোর্স জিম্মি জাহাজটি উদ্ধারে অভিযানের প্রস্তাব দিলেও বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম তখন বলেছিলেন, ‘আমরা ইইউ নেভাল ফোর্সকে অভিযান পরিচালনার অনুমতি দিইনি। তাদের সঙ্গে নেগোসিয়েশন করছি, কীভাবে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও ক্রুদের কোনো ক্ষতি ছাড়াই জাহাজটি উদ্ধার করা যায়।’

এ ছাড়া ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল জাহাজের মালিক কবির গ্রুপ।

এরই মধ্যে জানা গেছে, ইইউ নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা।

বিষয়টি নিশ্চিত করে দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউএ খান জানান, ইইউ নৌবাহিনীর চাপে নাবিকদের এখন ২৪ ঘণ্টাই জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝেমধ্যে ভিএইচএফ (ওয়াকি-টকি) ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে তারা।

সর্বশেষ বুধবার প্রথমবারের মতো জলদস্যুরা জিম্মি জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি জানান, তৃতীয়পক্ষের মাধ্যমে জিম্মি জাহাজ থেকে যোগাযোগ করেছে জলদস্যুরা। সেইসঙ্গে কথা হয়েছে এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের সঙ্গেও। তবে, কী আলাপ হয়েছে, তা জানাতে রাজি হননি কবির গ্রুপের এ কর্মকর্তা। শুধু বলেছেন, জলদস্যুরা যেহেতু যোগাযোগ শুরু করেছে, সুতরাং সমঝোতার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে অভিযান পরিচালনা করে জিম্মি নাবিকদের উদ্ধার প্রসঙ্গে বাংলাদেশি মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন এম আনাম চৌধুরী বলেন, ‘সোমালিয়া কোস্ট লাইনের ভেতরে এমন অভিযান খুব ঝুঁকিপূর্ণ হবে। সোমালিয়া কোস্টের ভেতর যতগুলো জাহাজ ছিল আজ পর্যন্ত কোনো জাহাজ শান্তিপূর্ণ নেগোসিয়েশন ছাড়া মুক্ত করা সম্ভব হয়নি। মাল্টিজ জাহাজ রুয়েন, যেটি ভারতীয় বাহিনী কয়েকদিন আগে উদ্ধার করেছে, সেটিও যদি তাদের কোস্ট থেকে বের না হতো, তবে উদ্ধার করা সম্ভব হতো না।’

‘অপারেশন আটলান্টা’ তাদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত জলদস্যুতার ঝুঁকি প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি নৌযানে ছিনতাই ও ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দস্যুরা। এর মধ্যে বেশিরভাগই ছোট নৌযান। বাণিজ্যিক জাহাজ রয়েছে তিনটি। তবে সর্বশেষ শুধু বাংলাদেশি জাহাজটিই এখন সোমালিয়ার দস্যুদের কাছে জিম্মি রয়েছে।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।

এবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘে হাজির যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, অভিযান ও হত্যা বন্ধে যতবারই যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছে জাতিসংঘে, ঠিক ততবারই হয় ভেটো দিয়েছে, নয় ভোট পরিহার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অবরুদ্ধ এ উপত্যকায় এবার তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব নিয়ে নিজেরাই এগিয়ে এসেছে ইসরায়েলের চরম মিত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাবটি জমা দিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্লিঙ্কেন বলেছেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আমরা আশা করি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে।

বুধবার সৌদি আরবে স্থানীয় গণমাধ্যম আল হাদাথকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, নিরাপত্তা পরিষদে আমাদের এ যুদ্ধবিরতি প্রস্তাব একটি কঠোর বার্তা। গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানের একটি বলিষ্ঠ ইঙ্গিত।

তবে, ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছেন না জানিয়ে ব্লিঙ্কেন বলেন, আমরা অবশ্যই ইসরাইলের পাশে আছি এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। কিন্তু একইসঙ্গে, যেসব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন, যারা চরম দুর্দশায় আছেন—তাদের ওপরও আমাদের নজর দিতে হবে। এটাও গুরুত্বপূর্ণ। তাদেরকে প্রাধান্য দিতে হবে। বেসামরিক মানুষকে সুরক্ষিত রাখতে হবে এবং তাদের জন্য মানবিক সহায়তা জোগাড় করতে হবে।

ওইদিন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও দেশটির নেতা মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর মিশর ও ইসরাইলেও সফর করবেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক হামলার প্রতিক্রিয়ায় গাজায় আগ্রাসন শুরু করে দখলদার রাষ্ট্রটির সেনারা। এরপর থেকে হামাস উৎখাতের নামে ইসরায়েলি সেনারা সাড়ে ৫ মাসেরও বেশি সময় ধরে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার।

প্রসঙ্গত, গাজায় চলমান এই গণহত্যায় ইসরায়েলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।