শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা

বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিচর্চায় বেশি ব্যস্ত অনেক তারকাই। বিশেষ করে সিনেমার নায়িকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো অন্যের ব্যক্তিগত জীবনের নানান বিষয়ে সমালোচনার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। তবে ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না বলেই মনে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বর্ষা। এসময় অভিনেত্রী জানান, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়।

বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় এসব খুব একটা দেখি না। ব্যবসায়িক কাজে ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে— অন্যকিছু দেখার বা ভাবার সময় পাই না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি।

তবুও দু’একটা কথা যে কানে আসে না তেমনটাও নয়। তবে আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত।

অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না। এগুলো কখনোই কাম্য নয়। আমাদের সিনিয়র নায়িকারা নিজেদের কাজ দিয়েই আলোচনায় ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছেন।

সুতরাং যারা এগুলো করছে তাদের বলব— এসব বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে। দিন শেষে কাজটাই দর্শকরা মনে রাখে। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা, বিদ্বেষ ও ঘৃণা তৈরি হয়।

প্রসঙ্গত, সর্বশেষ ‘কিল হিম’ সিনেমায় দেখা গেছে বর্ষাকে। গেল বছর ঈদে মুক্তি পায় সিনেমাটি। এবার প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার সিকুয়্যালের। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে আরও দুটি সিনেমার কাজ। অন্যদিকে ব্যবসায়ী হিসাবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

প্রধান বিচারপতির অবর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির কার্যাভার পালন করবেন।

আগামী ৩১ শে মার্চ ওবায়দুল হাসান দেশে ফিরে আসবেন।

চিকিৎসকরা রাস্তায় নেমে আসুক তা চাই না : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো দ্রুতই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘ডাক্তারদের সম্পর্কে আমি ভালো করে জানি। তোমরা বাধ্য হয়েই আসছো। আমি গ্রাম থেকে উঠে আসছি, আমি জানি। সুতরাং যত দ্রুত তোমাদের সমস্যা সমাধান করা যায়, আমি দেখব। এইটুকু আমি তোমাদের কথা দিলাম।’

আজ শনিবার (২৩ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার কাছে খুব খারাপ লাগল তোমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছ। আমিও চাই না, আমার কোনো ডাক্তার রাস্তায় নেমে এভাবে আসুক। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের মূল তোমরা। তোমরা যদি ভালো করে কাজ না করো। সব সুনাম-দুর্নাম তোমাদের ওপর। তোমরা ছাড়া আমি উন্নতি করতে পারব না। আমি তোমাদের দাবি দেখব।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম আন্দোলনরতদের উদ্দেশে বলেন, ‘আমাদের সময় ভাতা ছিল না। আমরা ভাতা চালু করেছি। স্যার যেহেতু কথা দিয়েছেন, তোমরা এইটুকু আস্থা রাখবে।’

এর আগে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা যৌথভাবে ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো- ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে।

আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র, পাত্তা দেয়নি রাশিয়া

যুক্তরাষ্ট্র বলছে তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়েছে ইসলামিক স্টেট মস্কোতে হামলার ব্যাপারে যে দাবি করেছে তা সঠিক।

গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলেছে, আইএস রাশিয়ায় হামলা চালাতে চায় সে সম্পর্কে নভেম্বর থেকে শুরু করে ধারাবাহিক তথ্য রয়েছে তাদের কাছে।

ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে হিমশীতল সম্পর্ক সত্ত্বেও কিছু অত্যন্ত সুনির্দিষ্ট তথ্য রাশিয়ান সরকারকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে, মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। নীতিগত ভাবে সতর্ক করার দায়িত্ব থেকে এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছিল।

তবে কোন ধরনের হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি। যদিও দুই সপ্তাহ আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মস্কোতে বসবাসরত আমেরিকানদের বড় সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছিল; বিশেষভাবে কনসার্ট সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র রাশিয়াতে অবস্থানরত তাদের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করলেও ক্রেমলিন এই সতর্কবার্তাকে ‘প্রপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

ওই সতর্কবার্তায় বার্তায় বলা হয়েছিল চরমপন্থীরা বড় সমাবেশগুলোকে লক্ষ্য করার আসন্ন হামলার পরিকল্পনা করছে। তবে ওই সময় কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

১৮৮ রানে অলআউট বাংলাদেশ

স্বীকৃত ব্যাটসম্যানদের কেউই রান পাননি। দলের মান বাঁচানোর দায়িত্বটা তাই বোলাররাই নিলেন। নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম যেন দেখালেন টেস্টে কীভাবে টিকে থাকতে হয়। আর শেষে এসে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম দলের মান বাঁচিয়েছেন ব্যাট হাতে নিয়ে। লঙ্কানদের বিপক্ষে সিলেটে একসময় শঙ্কা ছিল দেড়শ পেরুনো নিয়ে। সেখানে স্কোর গিয়ে দাঁড়িয়েছে দুইশর কাছাকাছি।

টপঅর্ডার ও মিডলঅর্ডারের সবটাই যখন ব্যর্থতায় মোড়া, তখন লিডের আশা করাও যেন বোকামি। বাংলাদেশ লিড পায়নি। তবে কাছাকাছিও যাওয়া হয়নি তাদের। টাইগারদের ইনিংস শেষ হয়েছে ১৮৮ রানে। প্রথম ইনিংস শেষে লঙ্কানদের লিড ৯২ রানের।

লঙ্কান পেসারদের তোপের মুখে প্রথম দিনের শেষ দিকে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন লাঞ্চের আগে আরও ৩ উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং লিটন দাস। লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে বাকি চার ব্যাটারও দ্রুত আউট হয়ে যান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনটিতে শাসন করেছিলো পেসাররা। দ্বিতীয় দিনেও পেসারদের দাপট থাকবে হয়তো, শুরুতেই সেই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম দিন শেষ বিকেলে লঙ্কান পেসারদের সয়লাব ঠেকিয়েছেন। তবে দ্বিতীয় দিনের শুরুতে আর ঠেকাতে পারেননি। লাহিরু কুমারার বলে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভা সেই ক্যাচ তালুবন্দী করে জয় ফিরিয়ে দেন সাজঘরে। দলীয় ৫৩ রানেই পড়লো বাংলাদেশের চতুর্থ উইকেট। মাহমুদুল হাসান জয় আউট হলেন ৪৬ বলে ১২ রান করে।

এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা (১০২) এবং কামিন্দু মেন্ডিসের (১০২) জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং অভিষিক্ত নাহিদ রানা।

জবাবে ব্যাট করতে নেমে একঘণ্টা সময় পান বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু এই এক ঘণ্টায় ৩টি উইকেট হারিয়ে বসে তারা। ৯ রানে জাকির হাসান, ৫ রানে নাজমুল হোসেন শান্ত এবং ৫ রানে আউট হয়ে যান মুমিনুল হক। দিন শেষে জয় ৯ রানে এবং তাইজুল অপরাজিত ছিলেন শূন্য রানে। বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৩২।

সন্ত্রাসী হামলায় আহতদের সুস্থতা কামনা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আহত সকলের সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এ কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল এ. মুরাশকোসহ আমরা প্রেসিডেন্টকে রোগীদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবহিত করলে তিনি সকলের সুস্থ্যতা কামনা করে চিকিৎসকদের অভিনন্দন জানান।’

শুক্রবার সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলা চালানো হয়। অজ্ঞাতনামা বন্দুকধারীরা এ হামলা চালায়। তারা হামলার কাজে অ্যাসল্ট রাইফেলস ব্যবহার করে। সেখানে বেপরোয়া গুলিবর্ষণ করা হয়। এ সময় বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে। এ ঘটনায় স্পেশাল সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিন রাজধানীতে সব ধরনের গণসমাবেশ বাতিল ঘোষণা করেছেন।
খবর তাস

স্পেনের বিপক্ষে কলম্বিয়ার ঐতিহাসিক জয়

প্রায় বছরখানেক আগে সবশেষ কোনো ম্যাচে পরাজয় দেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গেল বছরের ২৯ মার্চ স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল স্প্যানিশরা। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে অপরাজিত ছিল লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা। অবশেষে চলতি বছরের প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ নিলো তারা।

শনিবার (২৩ মার্চ) লন্ডন স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে স্প্যানিশরা। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেছেন ড্যানিয়েল মুনোজ।

এদিকে কলম্বিয়ার জন্য এই জয় ঐতিহাসিক। কেননা এবারই প্রথম ২০১০ বিশ্বকাপজয়ী দলটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা।

এদিন দলের সেরা খেলোয়াড়দের শুরুর দিকে বেঞ্চেই রেখেছিলেন স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। আলভারো মোরাতা, রদ্রি, লামিন ইয়ামাল, দানি কার্ভাহাল, নিকো উইলিয়ামসরা বেঞ্চে থাকায় ম্যাচের প্রথমার্ধ বেশ সাদামাটাই ছিল।

এরপরও কলম্বিয়ার ওপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিল স্প্যানিশরা। তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে কলম্বিয়াও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।

অবশেষে ৬১তম মিনিটে দানিয়েল মুনোজের পা থেকে আসে ম্যাচ নির্ধারণী গোল। দিয়াসের অ্যাসিস্টে এই লক্ষ্যভেদ করেন মুনোজ।

ম্যাচে ফিরতে মিনিট তিনেকের মধ্যেই তিন পরিবর্তন করে স্পেন। মাঠে নামেন উইলিয়ামস, মোরাতা ও বায়েনা। এর ১০ মিনিট পর মাঠে নামেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে কোনোভাবেই ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশদের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের পরাজয় নিয়েছে মাঠ ছেড়েছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন।

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩২ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৩২ হাজার ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসশাসিত ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। পাশাপাশি স্থল অভিযানও চালানো হয়।

গাজায় ইসরায়েলের টানা ৪৭ দিনের হামলার পর গত বছরের ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ।

সাত দিনের যুদ্ধবিরতি শেষ হতে না হতেই আবারও গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এর পাশাপাশি স্থল অভিযানও চালানো হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর এমন আচরণে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের বদলে গত রোববার মিশরের সীমান্তবর্তী রাফা শহরে স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যেখানে হামলার মুখে গাজার অন্যান্য এলাকা থেকে প্রায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

বড় জয় নিয়ে মাঠ ছাড়লো মেসিবিহীন আর্জেন্টিনা

কোপা আমেরিকা ও ইউরোর আগে নিজেদের প্রস্তুত করতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। তবে চোটের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে নেই লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রের প্রথম প্রীতি ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। প্রতিপক্ষকে বিধ্বস্ত করেই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠে একচেটিয়া দাপটের ম্যাচে শক্তি সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা এল সালভাদর হেরেছে ৩-০ গোলে।

এদিন আলবিসেলেস্তেদের হয়ে গোল তিনটি করেছেনে ক্রিস্টিয়ান রোমেরো (১৬), এনজো ফার্নান্দেজ (৪২) এবং জিওভানি লো সেলসো (৫২)। তিন গোলে পাওয়া এ জয় অবশ্য ম্যাচে আর্জেন্টিনার দাপুটে ফুটবলকে বোঝাতে মোটেই যথেষ্ট নয়।

ম্যাচটিতে বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি-কোথাও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি এল সালভাদর। প্রায় পুরোটা সময় আর্জেন্টিনার আক্রমণের ঝড়গুলো সামলে সময় পার করেছে তারা। আর্জেন্টিনার ৮০ শতাংশ বল দখলের বিপরীতে এল সালভাদর দখলে বল ছিল মাত্র ২০ শতাংশ সময়। আর আর্জেন্টিনা যেখানে ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর সেখানে শটই নিতে পেরেছে মাত্র ২টি।

আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। কোপা আমেরিকার আগে এ প্রীতি ম্যাচগুলোকে পাখির চোখ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে পণ্যের দাম বাড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির চেয়ে ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে একটি পণ্যবাহী ট্রাক ঢাকা আসা পর্যন্ত কী পরিমাণ চাঁদা দেওয়া লাগে, আর সেই পণ্য কারওয়ান বাজার থেকে অন্য বাজারে নেওয়ার পর কী পরিমাণ দাম বাড়ে সবকিছুই আমরা অনুসন্ধান করেছি।

আজ শনিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঈদে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজি রোধে পুলিশ-র‌্যাব কোঠর অবস্থানে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি করছে। অধিক মুনাফার চিন্তা থেকেই এর প্রভাব বেশি পড়ে।

তিনি বলেন, যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে। সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে।

চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে।

যারা অতি মুনফার লোভে দামবৃদ্ধি করছেন, তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে।

প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে। তিনি বলেন, যারা অধিক মুনফা করছে তাদের সঙ্গে আলোচনা করে পাড়া-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হলে অধিক মুনাফা রোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান এবং সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম।