শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আবারও এক হচ্ছেন আলিয়া-নওয়াজ

গত বছরের শুরু থেকেই অশান্তি নেমে আসে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রীয়ের আলিয়া সিদ্দিকির দাম্পত্য জীবনে। দাম্পত্য কলহের জেরে একাধিক বার আদালতে যেতে হয়েছে দু’জনকেই। এমনকি এক পর্যায়ে নিজেরাই জানিয়ে দেন যে, তাঁরা বিবাহবিচ্ছিন্ন। কিন্তু, নতুন বছরেই আলিয়া সিদ্দিকির সঙ্গেই আবার বিবাহবার্ষিকী উদযাপন করছেন অভিনেতা।

স্বামী দায়িত্বজ্ঞানহীন, অন্য নারীতে আসক্ত এমন নানা অভিযোগ আনেন স্ত্রী আলিয়া। অভিনেতার উপর তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগও তোলেন তিনি। কলহের জেরে এক পর্যায়ে দুই সন্তানকে নিয়ে দুবাই চলে যান অভিনেতার স্ত্রী আলিয়া।

কিন্ত সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা ও সন্তানদের সঙ্গে একটি ভিডিও দিয়ে আালিয়া লেখেন, ‘‘১৪তম বিবাহবার্ষিকী উদযাপন করছি।’’ যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই বিয়েরই আবার বার্ষিকী পালন করছেন তাঁরা।

নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীনই অন্য এক পুরুষের প্রেমে পড়েছিলেন আলিয়া। এক সময় বিস্তর কাদা ছোড়াছুড়ি চলেছে নওয়াজ ও আলিয়ার মধ্যে। কিন্তু এত কিছুর পর আবার বিবাহবার্ষিকী পালন! তবে কি ফের এক হচ্ছেন আলিয়া-নওয়াজ? তাঁদের এই সপরিবার ছবি দেখে কৌতুহলী হয়ে উঠেছে দর্শকরা। কিন্তু এখনই এ বিষয়ে কোনো কিছু স্পষ্ট করেননি তাঁরা।

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের সৈকত

বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে চলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব ছাড়াও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে ছিলেন তিনি।

সে সব ম্যাচে দারুণ পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন তিনি। যার কারণে সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে আম্পায়ারিং করার। সেখানেও সুনাম কুরিয়েছেন তিনি। যার সুবাধে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসি এক বার্তায় জানিয়েছে এই খবর।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলে জায়গা পাওয়া আমার জন্য খুবই স্পেশাল এবং নায্যতার প্রতিশ্রুতি রক্ষা করে সামনে এগিয়ে যেতে চাই। গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমি এখন চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত।’

আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সৈকত আরো বলেন, ‘আমাকে দিকনির্দেশনা ও সাহায্য করার জন্য আইসিসি, বিসিবি ও সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সমর্থনের জন্য আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ জানায়।’

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেয়ায় শরফুদ্দৌলাকে অভিনন্দন। সেই সঙ্গে এই প্যানেলে নির্বাচিত হওয়া বাংলাদেশ থেকে প্রথম আম্পায়ারও তিনিই। এটা তার আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টে বহু বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার।’

সৈকতের আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন ২০০৬ সাল থেকে। এরপর এখন পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। সর্বশেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি।

এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) এবং জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) এবং জাভাগাল শ্রীনাথ (ভারত)।

বাগদান সেরেছেন অদিতি-সিদ্ধার্থ

অনেক জল্পনা-কল্পনা শেষে বাগদান সেরেছেন ভারতের জনপ্রিয় তারকা অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও অভিনেতা সিদ্ধার্থ। আজ (২৮ মার্চ) নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন দুই তারকা। দুজনের হাতেই বিয়ের আংটি দেখা গেছে।

এই দুই তারকার সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে। তবে প্রকাশ্যে কেউ কখনো মুখ খোলেননি। যদিও প্রায়ই একসঙ্গে তাদের দেখা যেত। এমনকী একসঙ্গে ঘুরতে গিয়ে ছবিও পোস্ট করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সেই থেকেই জল্পনা-কল্পনা আরও তুঙ্গে ওঠে।

প্রায়ই তাদের একসঙ্গে মজার রিলে ভালোবাসা জানাতেন ভক্ত-অনুরাগীরা। তবে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রেখেছিলেন তারা। এবার একেবারে আংটি বদল সেরেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা। সম্পর্কের আলোচনা থেকে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরুর জল্পনা-কল্পনার মাঝেই অদিতি ও সিদ্ধার্থ বাগদানের ঘোষণা দিলেন।

বুধবার (২৭ মার্চ) অদিতি ও সিদ্ধার্থ যে বিয়ে সেরেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে আজ তাদের পোস্ট দেখে স্পষ্ট যে বিয়ে নয়, বাগদান সেরেছেন তারা, যদিও একেবারেই চুপিসারে।

আজ সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় দুই তারকার হাতে উজ্জ্বল আংটি। ছবির ক্যাপশনে, ‘শি সেড ইয়েস। এনগেজড।’ অর্থাৎ, প্রস্তাব গৃহীত হয়েছে। বাগদান সম্পন্ন হয়েছে। একই ছবি পোস্ট করে অদিতি লেখেন, ‘হি সেড ইয়েস। এনগেজড।’

এ পোস্টের সঙ্গ সঙ্গেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারা। ইন্ডাস্ট্রির অসংখ্য সহকর্মী থেকে শুরু করে ভক্তরা- সবাই ভালোবাসায় তাদের সিক্ত করেছেন।

২০২১ সালের তামিল-তেলেগু দোভাষী ‘মহাসমুদ্রম’ সিনেমার সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম পরিচয়। এরপর তাদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, সব দেখে তাদের মধ্যে সম্পর্কের বুঝতে পারেন সবাই। তাদের একসঙ্গে দেখতে ভক্তরা বেশ পছন্দ করেন।

স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়। দেশের প্রতিটি মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে। অগণতান্ত্রিক ও উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির প্রতিভূ বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি; দেবেও না। তাই বিএনপি সর্বদা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে রাজনীতি করা বিএনপির একান্ত কাম্যই হলো যেকোনো উপায়ে ক্ষমতা দখল, জনকল্যাণ নয়। তারা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল। বাংলার জনগণ তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছিল। সুতরাং বাংলার জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পথ পরিক্রমায় বাঙালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারবাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হতে থাকে।

তিনি বলেন, জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে জাতিকে সংবিধান উপহার দেন। ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধূলিসাৎ করে। জিয়াউর রহমান নিজের অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে ধর্মের কার্ড ব্যবহার করে; ধর্মভিত্তিক রাজনীতি প্রচলন করে। জিয়া রাষ্ট্র ও সমাজের সকল জ্বরে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের বীজ বপন এবং উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে। তখন থেকে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়। বিরোধীদল বিশেষ করে আওয়ামী লীগকে নির্মূল করার লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘর-বাড়ি, ব্যবসা-বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে মর্মে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন। তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না দিয়ে ঢালাওভাবে বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। বরং আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছে। কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না। অথচ ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে ঘর-বাড়ি ছাড়তে হয়েছিল, নৌকায় ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছিল।

কাদের বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডারবাহিনী দ্বারা হাজার হাজার নারী ধর্ষিত হয়েছিল। সারাদেশে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতা উচিত : সাকিব

সিলেট টেস্টে শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৩২৮ রানের বড় ব্যবধানে হারে নাজমুল হাসান শান্তর দল। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে জেতা উচিত বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর আগে একটি আবাসন কোম্পানির দূত হতে যান তিনি। সেখানে গণমাধ্যমকে সাকিব বলেন, ‘আশা তো সব সময় করি জিতব। টেস্ট ক্রিকেটে সব সময় আমরা সংগ্রাম করেছি। আমাদের জন্য কঠিন। তবে আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামবেন সাকিব। প্রত্যাবর্তনের এই ম্যাচে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ৪৮৫ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম সংবাদ সম্মেলনে জানান, নতুন মেয়াদে সরকার গঠনের পর একনেকের দ্বিতীয় সভা এটি।

তিনি জানান, সভায় ১১ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। যার মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে আসবে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২৬ সালে এলডিসি উত্তোরণ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অল্প ব্যয় করলে যে প্রকল্পগুলো শেষ করা যাবে সেগুলো দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখাতে ও সোলার ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছেন।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

সোমালিয়ার জলদস্যুদের হাতে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে করা ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদেরকে রিলিজ করার করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, নাবিকদের আনহার্ট (কোনো ক্ষতি যেন না হয়) অবস্থায় উদ্ধার করা এবং একইসঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।

জাহাজে খাবার সংকট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে তখনও হয়নি। তিন বছর ছিল তখনও হয়নি, ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না।

গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ জিম্মি করার ৯ দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

প্রায় ১৩ বছর আগে একই কোম্পানির জাহাজ এমভি জাহান মণি ছিনতাই করেছিল দস্যুরা। সেবার জলদস্যুদের সঙ্গে সমঝোতা করে জাহাজসহ নাবিকদের ফিরিয়ে আনতে ১০০ দিন লেগেছিল।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিব খানের জন্মদিন পালন ভক্তের

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। জন্মদিন উপলক্ষে শাকিবের মুক্তি প্রতীক্ষিত সিনেমার ঝলক সামনে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘তুফান’ এর পোস্টারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত রাজকুমার সিনেমার প্রথম গান।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন পালন করেছেন একদল ভক্ত। টাইমস স্কয়ারে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়ে কেটেছেন কেক।

ফারাজানা নামে সে ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন গ্লোবাল স্টার শাকিব খান। একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খান কে উপস্থাপন করব।’

উল্লেখ্য, ১৯৭৯ সালে গোপালগঞ্জে তাঁর জন্ম। শৈশব কৈশোর কাটিয়েছেন নারায়ণগঞ্জে। তাঁর মুক্তি পাওয়া প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯)। পঁচিশ বছরের অভিনয়জীবনে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এ অভিনেতা কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন।

৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চল রেলের ১৫ হাজার টিকিট বিক্রি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর পঞ্চম দিনে ৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার রেলের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন, পাওয়া যাচ্ছে ৭ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল ৮টায় অনলাইনে পশ্চিমাঞ্চলের টিকিট উন্মুক্ত হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ১৫ হাজার টিকিট বিক্রি হয়।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এবিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ সারোয়ার বলেন, সকাল ৮টা থেকে এখন পর্যন্ত (দুপুর ১২ টা) ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। এই সময় ওয়েবসাইটে হিট হয়েছে ৮২ লাখ বার। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে বলছে, এই ঈদে ৩৩ হাজার ৫০০ আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন অনলাইনে উন্মুক্ত করা হয়। একই সঙ্গে ঈদের সময় আটটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের মধ্যে উত্তরবঙ্গ, বৃহত্তর ময়মনসিংহ এলাকার ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলের ট্রেনের টিকিট নির্ধারিত সময়ের পরও অবিক্রীত থেকে গেছে।

মাসুদ সারোয়ার বলেন, এবার ঈদে পশ্চিমাঞ্চলের জন্য আজকের রেগুলার টিকিট ১৫ হাজার ৯৩৩টি। আর পূর্বাঞ্চলের জন্য নির্ধারিত টিকিট ১৬ হাজার ১০০। তবে ঈদ উপলক্ষে ৭ তারিখ যে স্পেশাল ট্রেন যাবে সেখানে আরও ৫০০ টিকিট যোগ হবে দুই অঞ্চলের জন্য।

ঈদের স্পেশাল ট্রেনগুলো হলো—ঈদ-উল-ফিতরে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন চালানো হবে।

কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল ও ঈদের পরের দিন থেকে ৩ দিন চলাচল করবে।

এ ছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদের আগে ৭-৯ এপ্রিল পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে ৩ দিন চলাচল করবে।

বাংলাদেশি আমেরিকানরা দুই দেশের সম্পর্ক জোরদারে কাজ করছে : ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানদের কথা উল্লেখ করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, তাদের শক্তি এবং অসাধারণ কঠোর পরিশ্রম আমাদের দুটি মহান জাতির মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশি আমেরিকানরা দুই দেশের সম্পর্ক জোরদারে যেভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য আমরা গর্বিত।

মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতাকালে জনাব ডোনাল্ড লু এ কথা বলেন।

দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর ডোনাল্ড লু।

এ প্রসঙ্গে ডোনাল্ড লু বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তাদের কথা উল্লেখ করে বলেন, তারা তাদের অনন্য উদ্ভাবনী শক্তি ও ধারণার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। ‘শুভ জন্মদিন বাংলাদেশ, জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান তার স্বাগত বক্তব্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ত্রিশ লাখ শহীদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত ইমরান বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার বোঝাপড়া ও সহযোগিতা বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সকলের সমৃদ্ধি অর্জনের জন্য একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে, দুই দেশ তাদের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে সক্ষম হবে।

রাষ্ট্রদূত ইমরান বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ ‘সোনার বাংলায়’ রূপান্তরিত করার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে আমরা সকল বন্ধু রাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন ও সহযোগিতা কামনা করি।

পরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত যৌথভাবে অতিথিদের উপস্থিতিতে কেক কাটেন।

এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অ্যাম্বাসেডর রেবেকা গঞ্জালেস, ডিরেক্টর, ফরেন মিশন অফিস, ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন সরকার, ইউএসএআইডি, ইউএসটিআর, এনডিআই, আইআরআই ও অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জনাব মুহাম্মদ জিয়াউদ্দিন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে নির্বাচিত স্টেট সিনেটর বাংলাদেশি আমেরিকান জনাব সাদ্দাম সেলিম এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করে। যার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা।

সকালে দূতাবাস প্রাঙ্গণে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাষ্ট্রদূত জাতির পিতার আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনান মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান, মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি।

পরে বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি এবং ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা উইং) মুহাম্মদ আব্দুল হাই মিলটন দূতাবাসের দিনব্যাপি কর্মসূচির দুই পর্ব পরিচালনা করেন।