শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গিগোষ্ঠী কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বান্দরবানের রুমায় ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুটের পর এবার থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় যা যা করণীয়, সবই করছে সরকার।

তিনি বলেন, ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি চিং নামে একটি জঙ্গি সংগঠন জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছে। তারা সার্বিক দিক খতিয়ে দেখছে।

আসাদুজ্জামান খান বলেন, ব্যাংক লুট করে চলে যাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সেখানে অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেবেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে সেখানে অস্ত্র ব্যবহার না করার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার জন্য যাতায়াতকারী দুদেশের নাগরিকই এ ঘটনার শিকার হয়ে থাকেন।

সীমান্ত হত্যা বা গোলাগুলি বন্ধে সরকার তারপর রয়েছে বলেও জানান মন্ত্রী।

বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোনো সময় মানুষের পাশে দাঁড়ায় না, তারা এই রোজার মাসে মানুষকে কোনো সাহায্য করে নাই। আরও আওয়ামী লীগ বিপদে সব সময় মানুষের পাশে থাকে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য।

বুধবার (৩ এপ্রিল) সকালে ধানমন্ডি ৩২ এ ঢাকা-১০ আসনের জনগণের মাঝে ইফতারসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন যারা এসব প্রশ্ন করেন, তারা একজন গরীব মানুষকেও এই রোজার মাসে সাহায্য করেনি। তারা ইফতার পার্টি খেয়েছে বড় বড় হোটেলে। দান খয়রাতের আশায় ঈদের সময় মানুষ ঢাকা শহরে আসে। কিন্তু কেউ না খেয়ে পড়ে আছে এমন ঘটনা নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব নেতা একে একে জেল থেকে বের হয়েছে। তার পরও বলে তাদের ৮০ শতাংশ নেতাকর্মী নাকি নির্যাতনের শিকার। দলটির মহাসচিব মির্জা ফখরুলকে বলেছি— নির্যাতিত ৮০ শতাংশ নেতাকর্মীর তালিকাটা প্রকাশ করেন। কেউ অপরাধ করলে, আগুন সন্ত্রাসের মামলা, মানুষ খুনের মামলার আসামি যারা জেলে রয়েছে, তাদের জন্য বিএনপির এত মায়াকান্না কেন?

দ্রব্যমূল্য নিয়ে সেতুমন্ত্রী বলেন, বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম সমন্বয় করা হয়েছে। জিনিসপত্রের দামও কমে যাচ্ছে। আজকে বিএনপি নেতারা বড় বড় কথা বলে, গরিবের জন্য মায়াকান্না করে। তাদের আমলে জিয়াউর রহমানের সময়ে অভাবের তাড়নায় রংপুর কোর্টে গিয়ে পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল অনেক নারী। সে ইতিহাস কি ভুলে যান!

ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশে যারা ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন এমন প্রশ্ন করেন তাদের লজ্জা করে না তারা একজন গরিব মানুষকেও এই কষ্টের দিনে রোজার মাসে কোনো প্রকার সাহায্য করেনি। ইফতারসামগ্রী বিতরণ করেনি। বড়লোকদের নিয়ে বড় বড় হোটেলে ইফতার পার্টি করেছে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ইফতারসামগ্রী বিতরণ করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদের সময় ঢাকাসহ বড় বড় শহরে দান-খয়রাতের আশায় কিছু গরিব মানুষ আসে। কিন্তু এ পর্যন্ত না খেয়ে মানুষ রাস্তায় পড়ে মরে আছে এমন কেউ নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্ভট কথায় আওয়ামী লীগ কান দেবে না। বিপদে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের রাজনীতি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। পরে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

লঙ্কানদের বিপক্ষে বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের

লাহিরু কুমারার প্রায় ইয়র্কার লেন্থের বলটা ঠেকাতে পারলেন না খালেদ আহমেদ, হয়ে গেলেন বোল্ড। ইতি ঘটলো লম্বা এক সিরিজের।

সময়ের হিসাবে তো বটেই, অস্বস্তির দিক থেকেও। খালেদকে এসে পরে অভিবাদন জানালেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

মেহেদী হাসান মিরাজ এসে খালেদের কাছে জানতে চাইলেন কিছু একটা। দুই টেস্টের সিরিজের প্রায় কখনওই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে না পারার বেদনা তাদের। সেভাবে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দৃশ্যপটও সামনে চলে এসেছে বারবার।

ক্রিকেটারদের নিবেদন, মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিসিবি থেকেই। ইতিবাচকতা? খুঁজে পাওয়া মুশকিল, তবুও হয়তো বোলিংয়ে খুঁজে পাওয়া যাবে দুয়েকটা। তবে ব্যাটিং ও বাকি সবকিছু মিলিয়েই লম্বা একটা সতর্কবার্তা বাংলাদেশের জন্য- সামনে খেলতে হবে আরও অনেকগুলো টেস্ট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে বাংলাদেশের বিপক্ষে ১৯২ রানে জিতেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫৩১ রান করে তারা। পরে বাংলাদেশ অলআউট হয় স্রেফ ১৭৮ রানে। ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১৮ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

ম্যাচের ভাগ্য মূলত নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই। শেষদিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। কত দ্রুত শ্রীলঙ্কা তুলে নিতে পারে বাংলাদেশের বাকি তিন উইকেট, অথবা ব্যবধান কতটুকু কমাতে পারেন মেহেদী হাসান মিরাজরা- সেটিই ছিল দেখার।

সবমিলিয়ে শেষদিনে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট খেলতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে ব্যক্তিগত অর্জনে হাফ সেঞ্চুরি যোগ হয়েছে মেহেদী হাসান মিরাজের নামের পাশে। তাইজুল ইসলাম, হাসান মাহমুদদের নিয়ে বেশ ভালো লড়াইও করেছেন তিনি।

সকালে বাংলাদেশকে প্রথম আঘাত করেন কামিন্দু মেন্ডিস। তাইজুল ইসলামকে ফিরিয়ে টেস্টে প্রথমবার বল হাতে নেওয়া ইনিংসে তিন উইকেট পেলেন তিনি। ২৮ বলে ১৪ রান করা তাইজুলের ক্যাচ গলিতে নেন নিশান মাদুশকা।

এরপর মিরাজের সঙ্গী হন হাসান মাহমুদ। তিনি সঙ্গে থাকতেই হাফ সেঞ্চুরি ছুয়েও ছুটছিলেন মিরাজ। কিন্তু হাসানের ২৫ বলের ইনিংসের ইতি ঘটে লাহিরু কুমারার বলে। শরীর বরাবর আসা বাউন্সারে পাশেই হেলমেট পরে দাঁড়িয়ে থাকা মাদুশকার হাতে ক্যাচ দেন তিনি।

এরপর অপেক্ষা ছিল কতক্ষণ মেহেদী হাসান মিরাজ থাকতে পারেন বা করতে পারেন কত রান। তিনি ছুটছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ৮ বলে ২ রান করে খালেদ আউট হয়ে গেলে অপরাজিতই থাকতে হয় মিরাজকে। ১১০ বলে ৮১ রান করেছেন তিনি।

বাবা হারালেন গায়ক পার্থ বড়ুয়া

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া বাবাকে হারিয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন।

তার বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে। পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে।

বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে গত ১ মে রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ বড়ুয়া। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক।

ঈদযাত্রা : নৌপথে বাড়ি ফিরবে রাজধানীর ১৫% মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ বছর রাজধানীর সবচেয়ে কমসংখ্যক মানুষ নৌপথে বাড়ি ফিরবে। এই সংখ্যা আনুমানিক ২২ লাখ ৫০ হাজার, যা মোট ঈদযাত্রীর ১৫ শতাংশ। পদ্মা সেতু চালুর আগে এই সংখ্যা ছিল আনুমানিক ৩৭ লাখ। শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) ঈদ-পূর্ব খাতভিত্তিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই সব যাত্রী সদরঘাট টার্মিনাল হয়ে লঞ্চে উঠবে। এই সাড়ে ২২ লাখ মানুষের বেশির ভাগ বৃহত্তর বরিশালের যাত্রী। অন্যরা যাবে চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালীর হাতিয়াসহ অন্যান্য এলাকায়।

বিড়ম্বনামুক্ত নিরাপদ ঈদ যাত্রার স্বার্থে সরকারি উদ্যোগে বিকল্প ব্যবস্থায় নৌযানের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, প্রতি ঈদুল ফিতরে প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা ছেড়ে যায়। দুই বছর আগে ঢাকার ঈদযাত্রীদের ২৫ শতাংশ (৩৭ লাখ ৫০ হাজার) নৌপথ ব্যবহার করত। আর সড়ক ও রেলপথে যাতায়াত করত যথাক্রমে ৫৫ ও ২০ শতাংশ মানুষ।

২০২২ সালের জুনে পদ্মা সেতু চালুর পর চাঁদপুর, মুন্সীগঞ্জ ও হাতিয়া ছাড়া অন্য জেলাগুলোর নৌযাত্রীর হার ৪০ শতাংশ কমেছে, যা মোট ঈদযাত্রীর ১০ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ১০ এপ্রিল থেকে সরকারি ছুটি শুরু হবে। তবে ঘরমুখী জনস্রোত কার্যত শুরু হবে ৪ এপ্রিল থেকে। ওই দিন থেকে ঈদ স্পেশাল লঞ্চ সার্ভিস চলাচল করবে। ৪ থেকে ১০ এপ্রিল (ঈদের আগের দিন) পর্যন্ত সাত দিনে সাড়ে ২২ লাখ মানুষ নৌপথে ঢাকা ছাড়বে।

এই হিসাবে প্রতিদিন তিন লাখের বেশি যাত্রী সদরঘাট টার্মিনাল হয়ে গন্তব্যে যাবে। নৌযান স্বল্পতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, কাগজে-কলমে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের নৌপথ ৪১টি। তবে তীব্র নাব্যতা সংকট ও যাত্রীস্বল্পতার কারণে বড় আয়তনের ও বিলাসবহুল লঞ্চ চলাচল না করায় অন্তত ১০টি নৌপথ এরই মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। বাকি ৩১টি নৌপথে ঈদ উপলক্ষে আসা-যাওয়া মিলিয়ে ছোট-বড় ১৭৫টি লঞ্চ চলাচল করবে।

রোনালদোর হ্যাটট্রিকে ৮ গোল আল নাসরের

বয়সটা প্রায় ৪০ ছুঁইছুঁই। এ সময়ে যখন অন্যরা বুটজোড়া তুলে রাখে সেখানে ব্যতিক্রম পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো ছুটে চলছেন অদম্য গতিতে। একসময় ইউরোপীয় লিগে দাপট দেখিয়েছেন এবার দাপট দেখাচ্ছেন সৌদি প্রো লিগে। বয়স বাড়লেও কমেনি পায়ের ধার। আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিকের পরের ম্যাচে গত রাতে আভার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন রোনালদো। এতে করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আল নাসর।

মঙ্গলবার (২ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের অর্ধেক সময়েই আভার জালে পাঁচ গোল দেয় আল নাসর। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক। বাকি গোল গুলো করেন আব্দুল আজিজ আল আলিওয়া করেন জোড়া গোল, একটি করে করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুলরহমান গারিব।

৬৫তম হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরও পেছনে ফেললেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল উভয়ক্ষেত্রেই হ্যাটট্রিকের দিক দিয়ে পিছিয়ে মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাটট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল করেছেন ৫৫ বার।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আভার বিপক্ষে প্রথমার্ধের পাঁচটি গোলেই অবদান রাখেন রোনালদো। নিজের হ্যাটট্রিক তুলে নেয়া ছাড়াও বাকি দুই গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেন পর্তুগিজ মহাতারকা।

দেশে ডেঙ্গুতে আরও ১০ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬ জন ডেঙ্গু রোগী। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে একজন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২৯ জনে।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৪২ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৪।

তুরস্কে ভবনে আগুন, ২৯ জনের মৃত্যু

তুরস্কের ইস্তাম্বুলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (২ এপ্রিল) ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
আর ২৯ জনের মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গায়েরতেপ এলাকায় আগুনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, ইস্তাম্বুলের কেন্দ্রীয় জেলা বেসিকতাসের অংশ গায়রতেপে একটি ১৬তলা ভবনের বেসমেন্টে নির্মাণকাজের সময় আগুন লাগে।

তবে ঘটনাস্থলে যাওয়ার পর ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরাম ইমামোগ্লু জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টে একটি নাইটক্লাব ছিল।

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা করি হতাহত আর বাড়বে না। ’ মৃত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র।

অনেক ঝুঁকি নিয়ে পেঁয়াজ আমদানি করতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

দেশের পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ কিনছে সরকার, যার মধ্যে প্রথম লটে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার ৪০ টাকা কেজিতে এই পেঁয়াজের বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর আগে সকালে পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এসময় তিনি বলেন, অনেক ঝুঁকি নিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করতে হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজ আনা-নেওয়ার বিষয়ে আমাদের ঝুঁকি নিতে হয়েছে। পেঁয়াজ আনা, দরদাম ঠিক করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা নিজেরা বসে করেছি। পেঁয়াজের দাম যদি হঠাৎ করে কমে যেত? সেটার কিন্তু একটা সম্ভাবনা ছিল। তারপরও আমরা ঝুঁকিটা নিয়েছি। এই ঝুঁকি সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, এই একই পেঁয়াজ ভারত সরকার আবুধাবিতে ১২০০ ডলারে বিক্রি করছে। আমরা সেখানে ৮০০ ডলারে নিয়ে এসেছি। আমরা অনেক নেগোশিয়েট করেছি। কারণ তারা যে দাম ধরিয়ে দিয়েছিল সেই দামে আমরা ভর্তুকি দিয়ে বাজারে পেঁয়াজ ছাড়তে পারব না। আমাদের সিনিয়র বাণিজ্য সচিব অনেক পরিশ্রম করেছেন। সঙ্গে ছিলেন টিসিবির টিম।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমি পেঁয়াজের মান নিয়ে সন্তুষ্ট। অন্তত এই পেঁয়াজ ১৫ দিন সংরক্ষণ করে বাজারে বিক্রি করা যায়। আমরা এই পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করেছি। এখন আমাদের একটা অভিজ্ঞতা হলো। বাকি পেঁয়াজগুলো আনতে আমাদের কোনো সমস্যা হবে না। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি কত সময়ে আমরা পেঁয়াজগুলো ভারত থেকে আনতে পারব।

তিনি বলেন, এখন ১৬৫০ টন পেঁয়াজ এসেছে। বাকি পেঁয়াজগুলো ধীরে ধীরে চলে আসবে। আমরা চাই না আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক। ভারতের বাইরে আমাদের পেঁয়াজের জায়গা হচ্ছে মিশর ও তুর্কি। সেখান থেকে জাহাজে পেঁয়াজে আনতে হয় এবং এটা আনতে অনেক সময় লাগে। ভারতে নির্বাচন চলছে। তাদের ওখানে কৃষক আন্দোলন চলছে। এরপরও কিন্তু তারা তাদের কমিটমেন্ট রেখেছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তারা তাদের কথা রেখেছে। তাদের ট্রেন আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত এসে পেঁয়াজ দিয়ে গেছে।

এসময় আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান প্রমুখ।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৯০৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৪৫ গ্রাম গাঁজা ও ৪৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।