শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

হালান্ডের সমালোচনা করায় কিনকে এক হাত নিলেন গার্দিওলা

চলতি মৌসুমে নিজের সেরাটা দিতে পারছেন না আর্লিং হালান্ড। গত ম্যাচে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। এরপরই হালান্ডকে নিম্নমানের খেলোয়াড় বলে সমালোচনা করেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। এর জবাকে কিনকে এক হাত নিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।

মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সমালোচকদের উদ্দেশ্যে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, আমি তার (রয় কিন) সঙ্গে একমত নই। কোনোভাবেই নয়। হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার।

তিনি বলেন, হালান্ড গত মৌসুমে আমাদের সাফল্যে বড় অবদান রেখেছে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জেতে ম্যানচেস্টার সিটি।

২০২২-২৩ মৌসুমে বিধ্বংসী ফর্মে ছিলেন ম্যান সিটির আর্লিং ব্রট হালান্দ। গোটা মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সঙ্গে ভাঙেন একাধিক রেকর্ড। চলতি মৌসুমে সিটির হয়ে সবমিলিয়ে ৩৫ ম্যাচে ২৯ গোল করা এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৬টি।

আর্সেনাল-সিটি ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রয় কিন বলেছিলেন, তার (হালান্ড) মাঠের খেলা খুবই নিম্নমানের। এটা শুধু আজকের কথা নয়, আমি সাধারণভাবেই এমনটা মনে করি।

গোল মেশিন হালান্ডের প্রশংসা করলেও ফুটবলার হিসেবে নরওয়েজিয়ান স্ট্রাইকারের উন্নতি দরকার বলে মনে করেন রয় কিন। তিনি বলেন, গোলমুখে সে বিশ্বসেরা। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তার সাধারণ খেলা খুবই নিম্নমানের।

বয় কিন আরও বলেন, তাকে খেলার উন্নতি করতে হবে। সে অনেকটা দ্বিতীয় স্তরে খেলা ফুটবলারের মতো। তাকে আমি এভাবেই দেখি। মাঠের সাধারণ খেলায় তাকে উন্নতি করতে হবে এবং এটা কয়েক বছরের মধ্যে হবে। সে অসাধারণ একজন স্ট্রাইকার। কিন্তু তাকে তার সামগ্রিক খেলায় আরও উন্নতি করতে হবে।

ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান প্রথম দ্বিপক্ষীয় সফর কোথায় করতে চান জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা এখনো আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে গণমাধ্যমের সংবাদের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও সেটি দেখেছি।

আগামী মে মাসজুড়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দেশটির ৪ জুন সরকার গঠন করার কথা রয়েছে।

গত বছরের (২০২৩) সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠক করেন তিনি। বাংলাদেশে দ্বাদশ নির্বাচনের আগে ওই সফর ছিল সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর শেষ সফর।

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর করেন জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। তবে সেটি দ্বিপাক্ষিক সফর ছিল না, বহুপাক্ষিক প্রোগ্রামে অংশগ্রহণের বিষয় ছিল। দিল্লি সফরের আগে এমন আরও বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সমস্যা সমাধানে নিউজিল্যান্ডকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা রাখতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বুধবার (৩ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর পরই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহের মধ্যে নিউজিল্যান্ড অন্যতম।

তিনি বলেন, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দুদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এগারো লাখেরও বেশি রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে দেশের জন্য এটি একটি বড় সমস্যা এবং যতই দিন অতিবাহিত হচ্ছে দেশের সরকার ও জনগণের ওপর চাপ বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে নিউজিল্যান্ড আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি আরও বলেন, নিউজিল্যান্ড উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবে।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় ভবিষ্যতে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়ার কথাও বলেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সড়ক, রেল ও নৌ-মন্ত্রণালয়ের নির্ধারিত ভাড়ার বেশি টাকা নিলে ও লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ‘পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় করার জন্য সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অতীতে লাইসেন্স ছাড়া হেলপারদের দিয়ে গাড়ি চালিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কাউন্টার ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রি হলে বিক্রয়কারীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেড় কোটি লোক প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়বেন। সেটি যেন সুন্দর করতে পারি, সেজন্য আমাদের এই সভার আয়োজন করা হয়েছে। ঈদে নৌ-রেল-সড়ক সব কিছুতেই আমাদের নজর থাকবে, তবে সড়ক পথের প্রতি আমাদের বেশি গুরুত্ব দেওয়ার মতো বিষয়টি সভায় উপস্থিত বক্তাদের আলোচনায় উঠে এসেছে।

তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় খুব দরকার। এ জন্য আমি অনুরোধ করব, আমাদের ট্রাফিকের এবং ক্রাইমের ডিসিরা জেলার সীমান্তের যে ইউনিট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে যে ম্যানেজমেন্টগুলো আছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা প্রবেশ ও বহির্গমনের জন্য ১১টি পথ রয়েছে। পথগুলোতে যেন আলাদাভাবে সবাই সুন্দর ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, মিটিং করেন ও সিদ্ধান্ত নিয়ে সমন্বয় করেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। নিজেদের প্রোগ্রাম শেয়ার করেন।

তিনি বলেন, রাস্তাঘাটের যে উন্নয়ন হয়েছে, তাতে ঢাকা থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে খুব কম সময় লাগবে। তবে ঢাকা থেকে বেরোনোর কিছু জায়গায় সমস্যা আছে। কয়েকটি পয়েন্টে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে এই সমস্যাগুলো নিরসনে কর্মকর্তাদের আমি অনুরোধ জানাচ্ছি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমাদের আলোচনায় উঠে এসেছে ফিটনেসবিহীন গাড়ির বিষয়। এখানে মালিক ও শ্রমিক সমিতির নেতারা আছেন। সবাই একমত হয়েছেন কোনো অবস্থাতেই ফিটনেটবিহীন গাড়ি রাস্তায় আসবে না। এরপরেও পুলিশকে নির্দেশ দেওয়া আছে যে, কোনোভাবেই যেন এসব গাড়ি রাস্তায় চলতে না দেয়। লাইসেন্সবিহীন কেউ যেন ড্রাইভ না করতে পারে, সেটি নিয়ে মালিক সমিতির কর্মকর্তারা কথা বলেছেন। আমি অনুরোধ করব, দুর্ঘটনাবিহীন ঈদ করতে এ বিষয়ে আমাদের কর্মকর্তারা যারা যেখানে আছেন, তারা ব্যবস্থা নেবেন।

হাবিবুর রহমান বলেন, অতীতে তাকালে দেখি অধিক গতি, ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন, ড্রাইভিং লাইসেন্স এবং মূল ড্রাইভার না থাকার পর হেলপার ও অপ্রাপ্তবয়স্ক দিয়ে গাড়ি চালানো হয়। এসব রোধে জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সে লক্ষ্য অর্জনে যাকাত বিশেষ ভূমিকা রাখতে পারবে।

আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে যাকাত বোর্ড আয়োজিত দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকাবিষয়ক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, যাকাত ইসলামের পাঁচটি স্তম্বের অন্যতম একটি স্তম্ভ। সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য যাকাত আদায় করা ফরজ। এটি আর্থিক ইবাদত। ইসলামে নামাজকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে যাকাতকে।

তিনি বলেন, যাকাত ইসলামি অর্থ ব্যবস্থার মূলভিত্তি। যাকাত আদায় করা হলে মানুষের ধন-সম্পদ থেকে গরিবের হক আদায় হয়। ফলে তা হালাল ও পবিত্র হয়। আবার যাকাতের মাধ্যমে শ্রেণিবৈষম্য দূর হয়, সমাজে দারিদ্র্যের হার কমে ও স্বচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি পায়।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, পবিত্র কুরআনে যাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে। যারা যাকাত আদায় করবে না, তাদেরকে বেদনাদায়ক আজাবের সম্মুখীন হতে হবে।

ফরিদুল হক খান বলেন, দারিদ্র্য দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যাকাত ব্যবস্থা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিধান। ইসলামে যাকাতের প্রচলন হয়েছে মূলত একটি সমতাভিত্তিক সমাজ গঠন করার জন্য। সমাজে শুধু ধনীদের হাতে সম্পদ যাতে কুক্ষিগত না থাকে এবং একটি অর্থনৈতিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়, সেলক্ষ্যেই মহান আল্লাহপাক যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। এটি ধনীদের কোন দয়া বা অনুগ্রহ নয়, বরং ধনীদের থেকে গরিবদের প্রাপ্য অধিকার।

ইসলমিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালীয়ূর রহমান খান। দিনব্যাপী এ সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ওলামায়ে-কেরাম অংশগ্রহণ করে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (এপ্রিল ০৩) গণভবনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দু’দলের ক্যাপটেনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের ক্যাপ্টেন প্রধানমন্ত্রীর হাতে দলের জার্সি তুলে দেন।

পরে দুই দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। লোকোমোটিভ আমদানির ব্যবস্থা নিয়েছি। আমরা ২০০ বগি আমদানির জন্য অনুমোদন পেয়েছি। আশা করি এক বছরের মধ্যে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করে ট্রেনে যাত্রী পরিবহনের ক্ষমতা এবং মাল পরিবহনের সক্ষমতা বাড়াতে পারব।

আজ বুধবার (৩ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, কোন সংস্থাই চায় না সেই সংস্থার মধ্যে দুর্নীতি থাকুক। আমরাও চাই না রেলের মধ্যে দুর্নীতি থাকুক। কেনাকাটায় সব জায়গাতেই কিছু না কিছু দুর্নীতি থাকে। অনেক বড় বড় জায়গায়ও হয়ে থাকে। সেক্ষেত্রে রেল অনেক ছোট জায়গা। অনেক নামিদামি জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে। তারপরও আমরা চেষ্টা করছি যেন আমাদের রেলে কোনো ধরনের এ রকম কিছু না থাকে। আমরা চেষ্টা করব সব রকম দুর্নীতি বন্ধ করতে।

তিনি বলেন, আপনারা দেখেছেন এবার যাত্রীরা যেন ঈদে নিরাপদে বাড়িতে গিয়ে ঈদ করতে পারে সেজন্য আমাদের রেলপথ মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি নিয়েছে। এখানে আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করেছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। যারা আসন পাবেন না তারা যেন অন্তত দাঁড়িয়ে যেতে পারেন, সেজন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ঈদে যত লোক বাড়িতে যাবে, তাদের সবাইকে তো আমাদের পক্ষে পাঠানো সম্ভব নয়।

মন্ত্রী বলেন, এবার ঈদে কালোবাজারি যেন টিকিট নিতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এসব ব্যবস্থা কিন্তু যাত্রীদের কল্যাণের জন্য। নিরাপত্তা রক্ষার জন্য আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, র‌্যাব, পুলিশসহ সরকারি আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখি নাই। সাধ্যমত আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি।

দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ফস্পচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাকিদের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে ইতোমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। আমি চাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীন সহায়তা করুক।’

নজরুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা চীনা রাষ্ট্রদূতকে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চল এতদিন অবহেলিত ছিল। কারণ, আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকারই এ এলাকার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

ইয়াও ওয়েন শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সর্বশেষ যে অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির নেতা নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আজ বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ বলেছে, ‘সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থবহনকারী নতুন একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে।’

ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর কিম বলেন, ‘উত্তর কোরিয়া এখন ‘কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করেছে যা সলিড-ফুয়েল চালিত এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম।’

সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়ে। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে ‘কেসিএনএ’র খবরে বলা হয়েছিল।

কিম মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য সলিড-ফুয়েল চালিত একটি ইঞ্জিনের পরীক্ষা তদারকি করার দুই সপ্তাহের কম সময় পর পিয়ংইয়ং সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
খবর এএফপি

‘ড্রোন দিয়ে মনিটরিং হবে সিরাজগঞ্জের মহাসড়ক’

এবারের ঈদ যাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ড্রোন দিয়ে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান।

তিনি বলেন, মহাসড়কে কোনো প্রকার থ্রি হুইলার (তিন চাকার যান) ও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। এগুলো নিয়ে আমরা খুব শক্ত অবস্থানে আছি। কেউ চালানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও সংযোগ সড়কগুলো সিল (বন্ধ) করে দেওয়ায় থ্রি হুইলার ঢুকতেই পারবে না।

আজ বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়ক পরিদর্শনে এসে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এবার মহাসড়কও যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। আমি মনে করছি এবারের ঈদ যাত্রা অন্যান্য যেকোন বছরের চেয়ে স্বস্তির ও সুন্দর হবে। আমি ইতোমধ্যেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কটি কয়েকবার ঘুরে দেখেছি ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে, ৭০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে যার তদারকিতে থাকবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও মোবাইল টিম, ক্রস পেট্রোলিং, যাত্রাপথে কোনও গাড়ি নষ্ট হলে তা দ্রুত সরিয়ে নিতে ৬টি রেকারসহ প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কে বালুবাহী ট্রাক বা এই জাতীয় কোনো পরিবহন চলতে দেওয়া হবে না।

এক প্রশ্নের উত্তরে ডিআইজি আনিসুর বলেন, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টি, মলম পার্টির প্রাদুর্ভাব ঘটে। এটা নিয়ে আমরা গত ৫-৭ বছরের তালিকা নিয়ে কাজ শুরু করেছি। শুধু সিরাজগঞ্জ নয় রাজশাহী বিভাগের সকল জেলাতেই একযোগে ঈদ পরবর্তী পর্যন্ত এটা নিয়ে বিশেষ অভিযান চলছে। যার ফলে যতপ্রকার প্রতারক পার্টি আছে তারা কেউই এবার ঈদে সুবিধা করতে পারবে বলে মনে করি না।

আরেক প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, আমাদের পরামর্শ থাকবে চালক যেন খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালান। কেউ যেন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ির স্টিয়ারিংয়ে হাত না দেন এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর চেষ্টা না করেন। নাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাত্রা নিরাপদ, সুন্দর ও যানজটমুক্ত রাখতে সব ধরনের পদক্ষেপ নেব।

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সকল সার্কেলের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, সকল থানার ওসি, ট্রাফিক বিভাগের পরিদর্শক, হাইওয়ে থানা পুলিশের পরিদর্শকগণ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।