শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর-কাতারের দ্বারস্থ বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সঙ্গে চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের নেতাদের সহায়তা চেয়েছেন।

কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে মার্কিন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মুুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের ছেড়ে দেয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছে।

কিন্তু, পবিত্র রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এ পরিপ্রেক্ষিতে কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেয়া হয়েছে।

হোয়াইট হাউস থেকে শুক্রবার বলা হয়েছে, কায়রোতে চলতি সপ্তাহের শেষ দিকে আলোচনা হবে। তবে আলোচনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কারমেলের সঙ্গে সিআইয়ের পরিচালক বিল বার্ণস যোগ দেবেন কি না, তা নিশ্চিত নয়।

বাইডেন গতকাল শুক্রবার মিসরের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের কাছে লেখা চিঠিতে একটি চুক্তিতে সম্মত হতে এবং তা মেনে চলার অঙ্গীকার হামাসের কাছ থেকে আদায় করার আহ্বান জানান।

এর আগে বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্যে অবশ্যই সবকিছু করা হবে।

ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় ১ হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

পরিস্থিতি পরিদর্শনে বান্দরবানের পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সম্প্রতি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, থানায় আক্রমণের ঘটনায় উত্তপ্ত বান্দরবান। এমন অবস্থায় সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে বান্দরবানের রুমায় পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার সকাল ১১টার কিছু সময় পর স্বরাষ্ট্রমন্ত্রী রুমা উপজেলা পরিষদে পৌঁছান। সেখানে তিনি বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক মিলিত হবেন।

এদিনই বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান থেকে ঢাকার পথে রওনা হবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়।

বৃহস্পতিবার রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র‍্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।

স্থানীয়রা বলছেন, থানচি থানার পাশে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তা থানচি বাজারের কাছে চলে আসে। এ সময় সশস্ত্র গোষ্ঠী কেএনএফের সদস্যদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। পুলিশ জানিয়েছে, থানায় হামলা প্রতিহত করতে গিয়ে তারা প্রায় ৫০০ রাউন্ড গুলি ছুঁড়েছে।

এর রেশ কাটতে না কাটতেই মধ্যরাতে আলীকদমের ২৬ মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২০ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ৮৩১ পিস ইয়াবা, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১০৪৫ গ্রাম হেরোইন ও ৫০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (০৬ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।

৫ বছরের জন্য নিষিদ্ধ উসমান

জন্ম পাকিস্তানে হলে ২৮ বছর বয়সী উসমান খান সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছিলেন। সেই আমিরাতের ক্রিকেট বোর্ড (ইসিবি) উসমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

শুক্রবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উসমানের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। জানানো হয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উসমান বর্তমানে ইসিবির দেওয়া সুবিধা গ্রহণ করেছেন। কিন্তু আমিরাতের হয়ে খেলা নিয়ে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি ইসিবির হয়ে খেলতে চান না। আর খেলার জন্য যে প্রক্রিয়া মেনে চলতে হবে, সেটি তিনি শেষ করেননি। ’

এ বছর ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছিলেন উসমান। এখন নিষেধাজ্ঞার কারণে দেশটির জাতীয় দলসহ আগামী ৫ বছর কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

সম্প্রতি পাকিস্তানের জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল উসমানকে। ইসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি পাকিস্তানের ডাকে সাড়া দেন। দেশটির ফিটনেস ক্যাম্পেও যোগ দেন। তখন থেকেই ইসিবি তদন্তে নামে। তদন্ত শেষে নিষেধাজ্ঞার ঘোষণা দিল আমিরাতের ক্রিকেট বোর্ড। যদিও উসমান দাবি করেছেন, তিনি চুক্তি লঙ্ঘন করেননি।

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

সারাবিশ্বেই দিন দিন বাড়ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। দ্রুত যোগাযোগের অন্যতম এ মাধ্যমটিতে নতুন নতুন ফিচারের ছড়াছড়ি। প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে এটি। এবার স্ট্যাটাসে বড়সড় আপডেট আসছে হোয়াটসঅ্যাপে।

এতদিন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ছবি, ভিডিও কিংবা টেক্সট আপলোড করা যেত। ক্যাপশনে লেখার অপশনও থাকে। কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত করতে পারবেন স্ট্যাটাসে।

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার আপনি চাইলে আপনার স্ট্যাটাসে কন্টাক্ট লিস্টে থাকা যেকোনো কাউকে ট্যাগ করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি কোনো একজনের জন্যই একটি স্ট্যাটাস দিয়েছেন। কিংবা কয়েকজন বন্ধু অথবা পরিবারের কারও জন্য স্ট্যাটাসটি আপলোড করেছেন। সেক্ষেত্রে তাকে অনায়াসে ট্যাগ করে দেওয়া যাবে। যে নোটিফিকেশন পৌঁছে যাবে সেই ব্যক্তির কাছে।

বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করলে সেখানে বন্ধুদের নাম ট্যাগ করে দেওয়া যায়। এবার মেটার অন্তর্ভুক্ত হোয়াটসঅ্যাপেও এই একই ফিচার যুক্ত হতে চলেছে। তবে মজার বিষয় হলো আপনি যাকে ট্যাগ করবেন, সেই নাম শুধু তিনিই দেখতে পাবেন। অন্য যারা স্ট্যাটাস দেখবেন, তাদের স্ক্রিনে সেই নামটি দেখাবে না। ফলে প্রিয়জনকে ট্যাগ করলেও বাকি দুনিয়ার থেকে সেই নাম লুকিয়ে রাখা যাবে।

কবে থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ইউজাররা? জানা গেছে, আপাতত এটি নিয়ে কাজ চলছে। অ্যান্ড্রয়েড এবং আইওএসের বিটা ভার্সানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফিচারটি। তাই উভয় ইউজাররাই যে শিগগিরই এই ফিচার ব্যবহার করতে পারবেন, তা বলে দেওয়াই যায়।

জয় পেল আল-নাসর

আল-নাসরের শুরুর একাদশে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দ্বিতীয়ার্ধে তাকে নামানো হলেও সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার দল গোলের দেখা পায় এবং জয় দিয়ে ম্যাচের ইতি টানে নাসর বাহিনী। লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে আল-হিলাল।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামে আল-নাসর ও দামাক। ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আইমেরিক ল্যাপোর্টে।

ম্যাচটিতে ৬৬ মিনিটে মাঠে নামানো হয় রোনালদোকে। তবে তিনি নেমেও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা সিআরসেভেন এ দিন যেন নিজের ছায়া হয়েই ছিলেন। তবে যোগ করা সময়ে তার দল গোল পাওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল-নাসর।

লিগের অপর ম্যাচে আল-খালিজের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আল-হিলাল। দলটির হয়ে জোড়া গোল করেন ম্যালকম। একটি করে গোল করেন সালেহ আল-সেহরি ও আব্দুল্লাহ আল হামদান। অপরদিকে খালিজের হয়ে গোল করেন মোহাম্মেদ শেরিফ। অপর দুটি ম্যাচ সমতা দিয়ে শেষ হয়েছে। আল-ইত্তিহাদ ও আল-তাউন ম্যাচে হয়েছে গোল শূন্য ড্র। আল-ওয়েহদা ও আল-আহলি ম্যাচে ১-১ ড্র হয়েছে।

শবেকদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি : রাষ্ট্রপতি

মহিমান্বিত রজনী পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পবিত্র শবেকদর উপলক্ষে শুক্রবার (৫ এপ্রিল) এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।

সাহাবুদ্দিন বলেন, পবিত্র লাইলাতুল কদর মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি। অসীম দয়ালু মহান আল্লাহ এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে ঘোষণা করেছেন। মানুষের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের পুণ্য লাভের সুযোগ এনে দেয় এ রাত।

মহিমান্বিত এই রজনিতে মহান আল্লাহ তায়ালার দরবারে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মার জন্য মাগফেরাত ও কল্যাণ কামনা করে রাষ্ট্রপ্রধান বলেন, মহান আল্লাহর নৈকট্য লাভের অপার সুযোগ নিয়ে বরকতময় পবিত্র শবেকদর আমাদের মাঝে সমাগত।

তিনি বলেন, পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। তাই মুসলিম উম্মার নিকট শবেকদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক। এই মহিমান্বিত রজনি সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক-মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করি।

রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। বিশ্বের বিভিন্ন স্থানে করোনা মহামারি, সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ নানা কারণে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।

সাহাবুদ্দিন বলেন, আসুন শবেকদরের এই পবিত্র রজনিতে আমরা এ সকল সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমি পরম করুণাময় আল্লাহর নিকট অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি ও কল্যাণের জন্য প্রার্থনা জানাই। সমগ্র বিশ্ব মানবজাতির জন্য শান্তি ও সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠুক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন, আমিন।

শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’

আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্ব অধ্যায় শুরুর আগেই শেষ হয়েছে। দায়িত্ব পেয়ে শুধু নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এরপরই তাকে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে বাবর আজমের হাতে। কেবল এখানেই শেষ হতে পারত বিষয়টা, কিন্তু তার নামে ভুয়া বিবৃতিও প্রচার করেছে পিসিবি।

কয়েকদিন আগে শাহিন অভিযোগ করে ছিল তাকে নিয়ে ভুয়া বিবৃতিও প্রচার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই পিসিবিকে সতর্ক করে বোমা ফাটালেন এই পাক পেসার।

শুক্রবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন শাহিন আফ্রিদি। সেখানে লিখেছেন,আমাকে এমন কোন জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা দেখাতে হয়।

‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আপনি হয়তো আমার সবচেয়ে দয়ালু ও কোমল রূপই দেখেছেন। কিন্তু আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলে কী কী করতে পারি কেউ ভাবতেই পারছে না।’

গত ৩১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিসিবি জানিয়েছে, নির্বাচক কমিটির পরামর্শক্রমে সভাপতি মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক করেছে।

পিসিবির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা শেষে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর। এরপর টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদি এবং শান মাসুদকে টেস্ট ফরম্যাটের দায়িত্ব দেয় পিসিবি। দুই অধিনায়কই একটি করে সিরিজে নেতৃত্ব দিয়েছেন।

ব্যর্থ হয়েছেন দুজনই, তবে নিজেদের জায়গা থেকে উন্নতির জন্য আরও অন্তত কিছু সময়ের জন্য সুযোগ পাওয়ার প্রত্যাশা ছিল শাহিন-মাসুদদের। শান মাসুদ বহাল থাকলেও, শাহিনকে সরিয়ে দেওয়া হয় সংক্ষিপ্ত ফরম্যাটটির দায়িত্ব থেকে।

বলিউডের শাহিদ কাপুরের মা চতুর্থবারের মতো বিয়ে করছেন!

৯০ এর দশকে হিন্দি টেলিভিশন মাধ্যমের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নীলিমা আজিম। পরে কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন।

১৯৭৯ সালে তিনি পঙ্কজ কাপুরকে বিয়ে করেছিলেন। তাদের একমাত্র সন্তান হলেন শাহিদ কাপুর।

বিয়ের পর পাঁচ বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। শাহিদের বয়স তখন মাত্র তিন বছর। শাহিদকে একাই মানুষ করছিলেন নীলিমা। তবে এরপর তার জীবনে আসেন রাজেশ খট্টর। এক বছর প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯০ সালে নীলিমা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। সেই বিয়েটাও ভেঙে যায়। ততদিনে নীলিমার দ্বিতীয় সন্তান ঈশান খট্টরের জন্ম হয়েছিল।

প্রথম দুই বিয়ে ভাঙার পরেও কিন্তু বিয়ের প্রতি বিশ্বাস হারাননি নীলিমা। এর পর তিনি বিয়ে করেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ রাজা আলি খানকে। ২০০৪ সালে বিয়ে করেন তাঁরা। সেই বিয়েও ২০০৯ সালে ভেঙে যায়।

এখন নীলিমা বয়স প্রায় ৬৫। অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। একটা দোকান রয়েছে তার। এ বয়সে বিয়ে করতে যাচ্ছেন বলেই খবর জানিয়েছে স্টারডাস্ট।

এতো বয়সে বিয়ে কেন এ প্রশ্ন অনেকেরই জাগতে পারে। নীলিমা স্টারডাস্টকে বলেন, ‘বয়স হচ্ছে। ছেলেরা ব্যস্ত নিজেদের ক্যারিয়ার, সন্তান নিয়ে। বয়সের কারণে শরীরও ভালো থাকে না বেশিরভাগ সময়। তাইএকজন জীবনসঙ্গী চাই। যে আমাকে মানসিকভাবে বুঝবে। বুড়োবয়সে মানুষ আশ্রয়ের জন্যেই বিয়ে করে। অন্য কিছুর জন্যে নয়। ’

তার ছেলে শাহিদ কাপুরও মায়ের বিয়েতে সম্মতি জানিয়েছেন।

নীলিমার বাবা ছিলেন একজন সাংবাদিক। উত্তরাখণ্ড এবং দিল্লিতে স্কুলের পড়াশোনা করেন তিনি। এরপর দিল্লির একটি কলেজে ভর্তি হন। ছোট থেকেই অভিনয়ের প্রতি তার বেশ টান ছিল। সেই সঙ্গে নাচেও তিনি পারদর্শী ছিলেন। তিনি পন্ডিত বিরজু মহারাজের কাছে কথ্থকের প্রশিক্ষণ নিতেন। এছাড়াও মুন্না শুক্লা, শ্রীমতি রেবা বিদ্যার্থী, পন্ডিত দেবীলালজির কাছেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন।

দুই দশকে প্রোস্টেট ক্যানসার হবে দ্বিগুণ : গবেষণা

বিশ্বব্যাপী নতুন প্রোস্টেট ক্যানসারের সংখ্যা আগামী দুই দশকে দ্বিগুণেরও বেশি হবে। কারণ, দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর বার্ধক্যের সাথে তাল মিলিয়ে চলেছে। শুক্রবার প্রকাশিত ল্যানসেটের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।

জনসংখ্যাগত পরিবর্তনের সমীক্ষার ওপর ভিত্তি করে মেডিকেল জার্নালে বলা হয়েছে, ‘আমাদের অনুসন্ধানগুলো বলেছে যে, বার্ষিক নতুন প্রোস্টেট ক্যানসার আক্রান্তের সংখ্যা ২০২০ সালে ১৪ লক্ষ থেকে ২০৪০ সালের মধ্যে ২৯ লক্ষে দাঁড়াবে।’

সমীক্ষার পেছনে গবেষকরা বলেছেন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সারা বিশ্বে বর্ধিত আয়ু এবং বয়সের পিরামিডের পরিবর্তনের সঙ্গে যুক্ত।

গবেষকরা বলেছেন, প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে সবচেয়ে ব্যাপক। আক্রান্ত প্রায় ১৫ শতাংশ। এটি বেশির ভাগই ৫০ বছর বয়সের পর আবির্ভূত হয় এবং পুরুষদের বয়স হিসেবে এর আশঙ্কা আরও বৃদ্ধি পায়। উন্নয়নশীল দেশগুলোয় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসারের সংখ্যাও বৃদ্ধি পায়।

তারা জোর দিয়েছিলেন, জনস্বাস্থ্য নীতিগুলো ফুসফুসের ক্যানসার বা হৃদরোগের ক্ষেত্রে পরিবর্তনকে প্রভাবিত করতে পারে না।

গবেষকরা আরও বলেছেন, কার্যকর চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে উন্নয়নশীল দেশগুলোতে আগে স্ক্রিনিংয়ে উৎসাহিত করতে বলা হয়েছে। কারণ, এই রোগটি প্রায়শই খুব দেরিতে নির্ণয় করা হয়।