শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

এবার তাপপ্রবাহে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ

এবার তাপপ্রবাহের মধ্যে বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (ইংলিশ মিডিয়াম) শ্রেণি কার্যক্রম বন্ধেরও নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণিকার্যক্রম ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৮ এপ্রিল থেকে শ্রেণিকার্যক্রম চলবে।

এর আগে শনিবার দুপুরে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা ৭ দিন বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আলাদা বিজ্ঞপ্তি দিয়ে তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।

সারাদেশে হিটস্ট্রোকে ৭ জনের মৃত্যু

দেশে প্রতিদিনই ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দুর্বিষহ গরমে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই সারাদেশে হিটস্ট্রোকে ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত মোট ৭জন মারা গেছেন। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দু’জন, মেহেরপুরে একজন, নরসিংদীর মাধবদীতে একজন, শরীয়তপুরে একজন, ঝালকাঠি ও সিলেটে একজন করে রয়েছেন।

রোববার (২১ এপ্রিল) বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে হিটস্ট্রোকে সারাদেশে মৃত্যুর এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দিনাজপুর

সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে দুজন মারা গেছেন। তারা হলেন- পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং অপরজন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।

হিটস্ট্রোকে দুজনের মৃত্যুর বিষয়টি রোববার (২১ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।

মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে হিটস্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শিল্পী খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, শিল্পী খাতুনের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে। তীব্র গরমে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে এবং নিজেকে সুস্থ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে।

নরসিংদী

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সাফকাত জামিল ইবান (৩২) সদর উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে এবং শেখেরচর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার (আরএমও) ডা. মাহমুদুল কবির বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রোদের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যান ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে বলে মনে হচ্ছে।

শরীয়তপুর

শরীয়তপুরে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হারুন চৌকিদার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি এলাকার আলী হোসেন চৌকিদারের ছেলে।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, স্বজনদের কাছ থেকে জানতে পারি অতিরিক্ত গরমে কাজ করার ফলে হঠাৎ অসুস্থ হয়ে যান হারুন নামের ওই ব্যক্তি। রোগীর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে সামনে নিয়ে আসলে, আমি অ্যাম্বুলেন্সে গিয়ে তাকে দেখি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিটস্ট্রোকে মারা গেছেন।

রোববার (২১ এপ্রিল) আফজালের মৃত্যুর বিষয়টি হিটস্ট্রোকে হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার।

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে এক অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে সারাদেশে হিটস্ট্রোকে মৃত্যুর বিষয় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, ঝড়, বন্যার মতো হিট অ্যালার্টকে আমরা এখনো তেমনভাবে দুর্যোগ হিসেবে চিহ্নিত করতে পারিনি। হিট অ্যালার্ট যে স্বাস্থ্যের জন্য বড় দুর্যোগ, তা আমাদের উপলব্ধি করার সময় এসেছে।

ডা. লিয়াকত আলী আরও বলেন, শুধু হিট অ্যালার্ট ঘোষণা করেই দায়িত্ব শেষ করলে হবে না, তীব্র গরমকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে শ্রমজীবী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

এমন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কৌশল অবলম্বনের আহ্বানও জানান এ চিকিৎসাবিজ্ঞানী।

দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ

জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হামরিয়া বন্দরে।

বাংলাদেশ সময় রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টায় জাহাজটি আল হামরিয়া বন্দরে বহির্নোঙর করা হয়।

জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রফিক এ তথ্য নিশ্চিত করেছে।

মেরিন ট্রফিক সূত্র বলছে, শনিবার রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় জাহাজটি দুবাই আল হামরিয়া বন্দরে পৌঁছায়।

এ বিষয়ে এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ বলেন, জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুজন ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ দিকে জাহাজের মালিকপক্ষের একটি সূত্র বলছে, হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। ২৩ নাবিকের ২১ জন সেই জাহাজেই ফিরবেন। ১৭-১৮ দিন পর তারা দেশে এসে পৌঁছাতে পারেন। অপর দুই নাবিক দুবাই থেকে ফ্লাইটে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোমালীয় দস্যুরা গত ১২ মার্চ বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। দেশটির উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি জিম্মি করা হয়। এর ৩২ দিন পর গত ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় জলদস্যুরা। এরপরই সেটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজটি ৫৫ হাজার টন কয়লা পরিবহন করছে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাত ১২টার পর

আজ রোববার প্রকাশিত হয় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল। তবে এ ফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি ধরা পড়ে। ফলে আজ রাত ১২টার পর আবার প্রকাশ করা হবে সংশোধিত ফল।

আজ রোববার সন্ধ্যায় গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ৩য় গ্রুপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) এর ফল আজ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র বুয়েটের কারিগরি টিম ইতোমধ্যে পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে। আজ রাত ১২টার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন কাতারের আমির

সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, একটি বিশেষ বিমানে সোমবার বিকাল পাঁচটায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির এই সফরে আসছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোন দেশ হতে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। কাতারের আমির তাঁর সফর সঙ্গীদের নিয়ে ‘ল্যা ম্যারিডিয়ান’ হোটেলে অবস্থান করবেন।

আগামী ২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

তাঁর সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এগুলো হলো: দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত, সাগরপথে পরিবহণ সংক্রান্ত, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত, দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এছাড়া শ্রমশক্তি বিষয়ক সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওই দিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

এল ক্লাসিকো দ্বৈরথে বার্সাকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

আরেকটি এল ক্লাসিকো। আরেকটি বিতর্ক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকায় ক্ষোভ ঝেড়েছে বার্সেলোনা। কারণ ১-১ এ সমতায় থাকা ম্যাচটিতে ২৮ মিনিটে কর্নার থেকে লামিনে ইয়ামালের প্রচেষ্টা রুখে দেন মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন।

কিন্তু বলটি গোললাইনের ভেতরে চলে গিয়েছে বলে দাবি জানাতে থাকে বার্সেলোনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির রায় মেনে গোল দেননি মাঠের রেফারি। ধারাভাষ্যকারেরাও সে সময় গোললাইন প্রযুক্তির অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে সে যা ই হোক, শেষ হাসিটা হেসেছে কিন্তু রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তারা হারিয়েছে ৩-২ ব্যবধানে।

এর আগে নিজেদের ঘরের মাঠ বার্নাব্যুতে কার্লো আনচেলোত্তির দল ম্যাচের ৬ মিনিটে ক্রিশ্চিনসেনের গোলে ১-০ তে পিছিয়ে পড়ে। নিজেদের মাঠের ছাদ বন্ধ করে এইদিন রীতিমতো রুদ্ধদ্বার করে বার্সাকে হোম ক্রাউডের সামনে চাপে রাখতে চাওয়া মাদ্রিদ অবশ্য ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে। কিন্তু সমতায় আসতে দেরি করেনি রিয়াল মাদ্রিদ।

বার্সার সেই গোলের মাত্র ১২ মিনিট পর বক্সে লুকাস ভাসকেজকে সমন্বিত প্রচেষ্টায় ফাউল করেন পাও কুবারাসি ও হোয়াও কানসেলো। পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। স্পটকিক থেকে বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। যদিও এরপর প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং।

প্রথমার্ধের শেষ মিনিটে ক্রিশ্চিনসেনের বদলি হয়ে নামা ফারমিন লোপেজ বার্সাকে গোল এনে দেন ৬৯ মিনিটে। লুনিন বল ধরতে ব্যর্থ হওয়ার সুযোগ নিয়ে ফিরতি শটে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন লোপেজ। এর মিনিট পাঁচেক আগে রবার্ট লেভানডফস্কিকে তুলে ফেরান তোরেসকে মাঠে নামায় বার্সা। অফসাইডের প্যাঁচে পরে তোরেসও পরে গোলের সুযোগ নষ্ট করেন।

যদিও পিছিয়ে পড়া রিয়াল চার মিনিট পরেই সমতায় ফেরে। ভলিতে ম্যাচের ৭৩ মিনিটে গোল করে ভাসকেজ। অন্যদিকে গোটা ম্যাচে অনেকটা নিষ্প্রভ থাকা জুড বেলিংহাম আবারও দেখিয়ে দিলেন প্রয়োজনের সময় তিনি কতটা দরকারি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ১ মিনিটে ইংলিশ এই তারকার পা দিয়েই আসে মাদ্রিদের জয়সূচক গোলটি। আর তাতেই বার্সা শিবিরে হতাশার ছাপ রেখে আরেকটি এল ক্লাসিকো জয় করে লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলো রিয়াল মাদ্রিদ। এই নিয়ে লা লিগায় ২৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে রিয়াল।

আর এই মৌসুমে বার্সার বিপক্ষে টানা তৃতীয় জয় পেলো রিয়াল। এই জয়ে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রইলো রিয়াল। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাভির শিষ্যরা। ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিরোনা। হাতে ৬ ম্যাচ বাকি রেখেই বার্সার সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। নিজেদের বাকি থাকা ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে নিলেই ৩৬তম লিগ জয় নিশ্চিত হবে রিয়ালের। অন্যদিকে বার্সেলোনা ট্রফিবিহীন মৌসুম শেষের অপেক্ষায়।

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা।

তাপদাহের ভেতরেই তাদের বের হতে হচ্ছে। নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রৌদ্রের প্রখর তাপে বিভন্ন জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের পাশাপাশি হিটস্ট্রোকে বিভিন্ন পশুপাখি মারা যাচ্ছে। বেড়েছে ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

গরম সহ্য করেত না পেরে অনেকেই আক্রান্ত হচ্ছেন হিট স্ট্রোকে। রোববার (২১ এপ্রিল) ছয় জেলায় হিট স্ট্রোকে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানীর মগবাজারে রাস্তার পাশে শরবত পান করছিলেন রিক্সাচালক কালাম মিয়া। তিনি আরটিভি নিউজকে বলেন, অনেক কষ্ট হচ্ছে। কি আর করার। আমরা গরীব মানুষ। পেটের দায়ে বের হচ্ছি। ঘরে খাবার থাকলে, এই গরমে বাইরে বের হতাম না।

মালিবাগ মোড়ে ভ্যানে হরেক রকম পণ্য বিক্রি করছিলেন বরিশালের খালেক আকন। পরিবার নিয়ে থাকেন মালিবাগ চৌধুরীপাড়ায়।

তিনি বলেন, এত গরম এর আগে কখনোও অনুভব করিনি। দেখতেইতো পারছেন ঘেমে জামা আর শরীর একাকার। কপাল থেকে ঘাম ঝরছে। ঈদের পর বিক্রি কম। মানুষ এখনও গ্রামে আছে। সব মানুষ ঢাকায় ঢুকলে মনে হয় গরম আরও বেশি লাগতো।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের দুই জেলার ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট জেলা সমূহের ওপর দিয়ে সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।

এ ছাড়া একই সময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড

ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই একযোগে ৫৪টি ওয়ার্ডে জনসচেতনতা কার্যক্রম চালাতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জনসাধারণকে সম্পৃক্ত করে ডেঙ্গু মোকাবিলায় ৫৪ জন সাধারণ এবং ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মাসব্যাপী এই প্রচারাভিযান পরিচালনা করবেন। আগামী ২২ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হবে।

বুধবার (১৭ এপ্রিল) অনলাইন প্লাটফর্ম জুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী প্রচারাভিযান পরিচালনা বিষয়ক এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মেয়র জানান, সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন তাদের সেবা করার জন্য। মশার যন্ত্রণায় যদি তারা অতিষ্ঠ থাকে তার কি জবাব দেব আমরা। তাই সব কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে কাজ করে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই তা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে।

এ কাজে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই যদি সচেতন থাকি এডিস মশা কখনই বংশ বিস্তার করতে পারবে না। নিজের নিরাপত্তার জন্যই অন্যকে এ বিষয়ে সচেতন করতে হবে। কাউন্সিলররা নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তি, মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সম্পৃক্ত করে প্রতি মাসে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও র‍্যালির আয়োজন করবে।

মেয়র বলেন, আগামী ২২ এপ্রিল থেকে ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রবাদি জনগণের নিকট হতে নগদ মূল্যে ক্রয় করা হবে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ উল্লিখিত দ্রব্যাদি জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবে।

সভায় প্রত্যেক কাউন্সিলরকে নির্ধারিত দামে ময়লা কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১১

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে টোলপ্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। এ সময় রক্তাক্ত অনেকগুলো দেহ উদ্ধার করা হয়।

ক্ষতবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে ১১ জনকে মৃত ঘোষণা করা হয়। এসময় আহত আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে টোলপ্লাজার কয়েকজন কর্মীও রয়েছেন।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান সেতু টোলপ্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশাকে নিয়ে খাদে পড়ে। এ ঘটনায় টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকে হতাহত হন। এখন পর্যন্ত শিশুসহ ১১ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

গুজব উড়িয়ে হাথুরু ফিরছেন

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আর ফিরছেন না বলে গুঞ্জন রটেছিল। কয়েকটি গণমাধ্যম নিউজও করেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ বুধবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের জানান, হাথুরুসিংহে ছুটিতে আছেন। হাথুরে সিংহে বাংলাদেশে ফিরবেন ২১ তারিখ রাতে।

জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।

তিনি জানান, হাথুরেসিংহের বাংলাদেশে আর না ফেরার কথাটা গুজব ছিল। এলেই প্রমাণ পাবেন।

তিনি আরও জানান, মুশতাক আহমেদ বিশ্ব সেরা লেগ স্পিনার। তিনি এখানে থাকা অবস্থায় ট্যালেন্ট হান্ট করা হবে। দেশের মধ্যে যারা ভাল লেগ স্পিন করেন তাদের খুঁজে বের করে কোচিং করা হবে। যাতে দল ভাল লেগ স্পিনার ভবিষ্যতের জন্য পায়।