শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ জুন।

সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ার সময় বিবেচনা করার পর দেশটির প্রধান ক্ষমতাধর ব্যক্তিরা আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রার্থীদের নিবন্ধন করা হবে; আর প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন।

দেশটির সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

গত শনিবার (১৮ মে) আজারবাইজান সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। রোববার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে রাইসিসহ ওই হেলিকপ্টারের সব যাত্রী নিহত হন। অবশ্য অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোখবার। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলী বাঘেরি কানিকে নিয়োগ দেওয়া হয়।

‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের’ মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ মে) আয়াতুল্লাহ আলী খামেনি এই শোক ঘোষণা করেন।

আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজের

২৩ মে, শুক্রবার দিনগত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ; কিন্তু আইপিএলের কারণে পূর্ণ শক্তির দল গঠন করতে পারেনি ক্যারিবীয়রা। দুর্বল দল নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামবে তারা।

এমনকি নতুন অধিনায়কও ঘোষণা করতে হয়েছে তাদেরকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে ব্রেন্ডন কিংকে।

ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক রোভম্যান পাওয়েল আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। এমন পরিস্থিতিতে এই সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। শুধু পাওয়েল নয়, আরও অনেক খেলোয়াড়ই বর্তমানে ভারতে এবং আইপিএলে ব্যস্ত। পাওয়েলের পাশাপাশি শিমরন হেটমায়ার রাজস্থান রয়্যালসের, আন্দ্রে রাসেল এবং শেরফানে রাদারফোর্ড কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন অ্যালজারি জোসেফ।

এই পাঁচজন খেলোয়াড় ছাড়াও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাই হোপ এবং নিকোলাস পুরানকে বিশ্রাম দিয়েছে, যারা আইপিএলে খেলেছিল। যদিও তাদের দল প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একটি ম্যাচ খেলেছেন শামার জোসেফ। দলে রয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হতে পারে তার।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে আরসিবি এবং কেকেআর ফাইনালে না পৌঁছালে জোসেফ এবং রাদারফোর্ডকে পরবর্তী তারিখে দলে অন্তর্ভুক্ত করা হবে।

সাদা বলের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে দল হিসেবে একসঙ্গে খেলিনি, তবে আমরা সম্প্রতি অ্যান্টিগায় একটি অত্যন্ত নিবিড় প্রশিক্ষণ শিবির শেষ করেছি। এখন আমাদের কাছে কিছু সময় আছে আইপিএল থেকে ফিরে আসা কিছু খেলোয়াড়কে একত্রিত করতে হবে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। দল হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এটি একটি সুযোগ।’ সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৬ মে।

ওয়েস্ট ইন্ডিজ দল

ব্রেন্ডন কিং (অধিনায়ক), রস্টোন চেজ, অ্যালেক ইথানেজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথিউ ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ঘূর্ণিঝড়ের শঙ্কা

বুধবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা করছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

এই আবহাওয়াবিদ জানান, বুধবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হলে সেটি আরও শক্তি সঞ্চয় করতে পারে। এরপর তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনই গতিপথ বলা যাচ্ছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তাপমাত্রা যে পর্যায়ে থাকতে হয়, বর্তমানে বঙ্গোপসাগরের পরিস্থিতি তেমনই রয়েছে।

এদিকে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, খুলনা, ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এছাড়া আজ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে ১২ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার

চলতি অর্থবছর শেষ হতে আর অল্প কিছুদিন বাকি আছে। এর আগেই চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু মাসিক আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলারে। চলতি অর্থবছরের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়ে হবে ৫ দশমিক ৮২ শতাংশ।

সোমবার (২০ মে) জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস বলছে, চলতি অর্থবছর শেষ হতে আর অল্প কিছুদিন বাকি আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়ে ৫ দশমিক ৮২ শতাংশে দাঁড়াবে, যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। ফলে বছরের ব্যবধানে ৩৫ ডলার বেড়েছে। বর্তমানে টাকার হিসেবে মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

বিবিএস জানায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৫৯১ ও ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার।

রাইসির হেলিকপ্টারের যে সমস্যার কথা জানালেন তুর্কি পরিবহনমন্ত্রী

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক এ মৃত্যুতে শোকার্ত পুরো ইরান। ইতোমধ্যে পাঁচদিনের জাতীয় শোক পালিত হচ্ছে দেশটি জুড়ে। এর মধ্যেই ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে রাইসির এ হেলিকপ্টার দুর্ঘটনা ঘিরে। চলছে তদন্তও। এমন পরিস্থিতিতে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু।

সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এক জরুরি গবেষণার বরাত দিয়ে আব্দুলকাদির উরালোগলু বলেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এক জরুরি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সাংবাদিকদের তিনি বলেন, খবর পাওয়ামাত্রই আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেমটি বন্ধ হয়ে গিয়েছিল অথবা হেলিকপ্টারটিতে কোনো সিগন্যাল সিস্টেমই ছিল না। ফলে আমরা তাদের অবস্থান সনাক্ত করতে পারিনি।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা জানি না আসলে হেলিকপ্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তি ছিল না নাকি এটি বন্ধ রাখা হয়েছিল। তবে নিরাপত্তা জনিত কারণে হলেও এটি বন্ধ থাকার কথা নয়। সব ধরনের বিমান, বিশেষ করে যেসব হেলিকপ্টার রাষ্ট্রীয় কর্মকর্তাদের বহন করে সেগুলোতে এই ব্যবস্থা থাকা উচিত।

এর আগে একইদিন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি বেল ২১২ মডেলের বলে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে। ১৯৬০ সালে একটি মার্কিন কোম্পানি দুই ব্লেডের এই মডেলটি তৈরি করেছিল কানাডিয়ান সেনাবাহিনীর জন্য।

রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলি আলে-হাশেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন হেলিকপ্টারটিতে। এ ছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও মারা গেছেন।

একাধারে রাজনীতিবিদ ও বিচারক ইব্রাহিম রাইসি ছিলেন বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে।

তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মনে করা হয়েছিল একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন ইব্রাহিম রাইসি।

ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ থাকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথোরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা। ২০২১ সালে দ্বিতীয় দফার নির্বাচনে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০ আজ

আর কিছুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ মঙ্গলবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

এর আগে ঝড়-বজ্রপাত এবং হারিকেনের কারণে সৃষ্ট বাতাসে গত সপ্তাহে কিছুটা ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামের।

এদিকে আসন্ন এই সিরিজের জন্য টিকিটের দামও প্রকাশ করেছে স্বাগতিকরা। ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৭৫০ টাকা।

বিশ্বকাপে দ. আফ্রিকা-শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত: মাশরাফি

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ইতিমধ্যে পৌঁছে গেছে বিশ্বকাপের দেশে। সময় যত ঘনিয়ে আসছে ততো বাড়ছে আলোচনা, হিসেব-নিকেষ। কতদূর যেতে পারে কী করতে পারে এই নিয়ে বোদ্ধা হতে শুরু করে ভক্তরা পর্যন্ত দিচ্ছেন নিজেদের মতামত।

এবার বাংলাদেশের সম্ভাবনা, সামর্থ্য নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আচ সোমবার (২০ মে, ২০২৪) কাবাডির একটি প্রোগ্রাম শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক।

মাশরাফির মতে গ্রুপপর্বে বাংলাদেশের শক্তিশালী দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিৎ, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গেতো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যেকোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাল্লাহ ভালো করবে।’

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০ দলের বিশ্বকাপে গ্রুপ হয়েছে ৪টি। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের বিশ্বকাপ, একদিন বাদে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই হবে নিউ ইয়র্কে। আর বাকি দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে হবে ১৩ ও ১৭ জুন।

মাশরাফি বলেন, ‘ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে… দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কিনা।’

তবুও কতদূর যেতে পারে বাংলাদেশ? মাশরাফি জানান প্রথম রাউন্ড পার করতে পারলে একটা ধারণা পাওয়া যাবে, ‘কতদূর যেতে পারবে বলতে পারব না। তবে ভালো কিছু করুক এটাই আশা করছি, আমি নিশ্চিত আপনারাও সেটাই আশা করেন।’

‘আমি অবশ্যই চাইব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাস্তবিকভাবে ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন। দল কেমন ছন্দে আছে, খেলোয়াড়রা কেমন ফর্মে আছে। প্রথম রাউন্ড পার করতে পারলে একটা ধারণা হবে’-আরও যোগ করেন মাশরাফি।

অনন্য রেকর্ড, এবার লোৎসে জয় করলেন বাবর আলী

বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাংলাদেশি বাবর আলী।

মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী লোৎসের চূড়ায় দাঁড়ান।

বাবর আলীর লোৎসে জয়ের তথ্যটি নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান।

তিনি বলেন, আজ ভোরে বাবর আলী লোৎসে জয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে বাবর আলীই প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত সামিট করেছেন।

বাবর আলী সুস্থ আছেন জানিয়ে ফরহান জামান আরো বলেন, আজ তিনি রওনা দিয়ে ক্যাম্প-৪ এ এসে পৌঁছাবেন বলে আশা করছি।

লোৎসের উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট (৮ হাজার ৫১৬ মিটার)।

এর আগে গত রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।

জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছেন বাবর। তবে পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (২০ মে) (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল (অব.) আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তার (আজিজ আহমেদ) কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন।

আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড. সাঈদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমি হেলিকপ্টারটির মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ড. সাঈদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে লেখা আজ সোমবার এক চিঠিতে শেখ হাসিনা এই শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতীম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শেখ হাসিনা আরও বলেন, প্রেসিডেন্ট সাঈদ রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন-যিনি তার দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

তিনি বলেন, ‘রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন এবং তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’

প্রধানমন্ত্রী তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য ধরার জন্য প্রার্থনা করেন।