শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

জামায়াত-বিএনপির ষড়যন্ত্র ভেঙে দেওয়া হবে : জাহাঙ্গীর কবির নানক

বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু তাদের যেকোনো ষড়যন্ত্রের বিষদাত ভেঙে দেওয়া হবে। তাদের এ বিষদাত ভেঙে দিয়ে আমরা বাংলাদশের মানুষ এগিয়ে যাবই বলে মন্তব্য করেছেন বর্তমান বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার বেলা ১২টার দিকে দিনাজপুর ও রংপুরের ব্যবসায়ী এবং দলীয় নেতৃব্দের সাথে মতবিনিময় সভায় যাওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, সৈয়দপুরের মানুষের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাই এখানে আসলে আমার বিশেষ ভালো লাগার সৃষ্টি হয়।

বিএনপির সমালোচনা করে জাহাঙ্গীর কবির আরও বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি। আপনাদের দোয়ায় আগামীতেও আমরা এই অপশক্তির বিরুদ্ধে জয়লাভ করব।
এর আগে বিমানবন্দরে অবতরণের পর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমিনুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলমসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিমানবন্দরে জাহাঙ্গীর কবির নানককে শুভেচ্ছা ও স্বাগত জানাতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলদেওয়াজ খানসহ রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের স্থানীয় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শরীফুল রাজের মুখে পরীমনির প্রশংসা

ঢালিউড অভিনেতা শরীফুল রাজ ও ‘কাজলরেখা’ সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। তবে বিষয়টি রাজ-মন্দিরা দুইজনেই খোলসা করেছেন। মন্দিরা নিছকই বন্ধু মনে করেন রাজকে।

এদিকে নায়িকা পরীমনি- শরীফুল রাজের সম্পর্ক সকলেরই জানা।

পরীমনির সঙ্গে আলাপ, প্রেম। একসময় বিয়ের পিঁড়িতেও বসেন তাঁরা। দুজনের সংসার আলো করে আসে সন্তানও। কিন্তু দাম্পত্য জটিলতায় পড়ে বিচ্ছেদ ঘটে দুজনের। এখন পরীমনি আর রাজ দুই জগতের বাসিন্দা। রাজ আছেন সিনেমার ব্যস্ততায়, অন্যদিকে কাজ আর দুই সন্তানকে নিয়ে সুখের সংসার পরীর।

কিছুদিন আগে পরী গণমাধ্যমে বলেছিলেন রাজের মুখও দেখতে চান না তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে সাবেক স্ত্রী পরীর প্রসঙ্গে নিজের অনুভূতির কথা সম্প্রতি ব্যক্ত করেছেন রাজ।

গণমাধ্যমে অভিনেতা বলেন, ‘অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে, তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। আমার কাছে মনে হয়, ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইব ও যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক। ’

ছেলেকে সময় দেওয়া প্রসঙ্গে রাজ বলেন, ‘যেহেতু আমি নিজেও ব্যস্ত। ওর সঙ্গে দেখা করার, সময় কাটানোর সুযোগ হয় না, ও এখনো অনেক ছোট। তবে সে আমাকে অনুপ্রেরণা জোগায়। আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে আছে। রাজ্য আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সবাই আমার ছেলের জন্যে দোয়া করবেন। ’

শেষ সময়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে পরিবর্তন

শেষ সময়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশের গ্রুপ-সঙ্গী নেদারল্যান্ডস। আইসিসির নিয়ম মেনেই এর আগে ১৫ সদস্যের তালিকা ঘোষণা করেছিল ডাচরা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নিয়ম মেনেই দলে দুটি পরিবর্তন এনেছে তারা।

চোটের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর প্রায় ১০ দিন আগে ছিটকে গেছেন ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর তাদের বদলি হিসেবেই দলে ডাক পেয়েছেন সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইন।

বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরনো চোট ফিরে এসেছে ক্লাসেনের। ফলে বিশ্বমঞ্চ মাতানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। অন্যদিকে হাত ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো ডোরামকে।

বদলি হিসেবে ডাক পাওয়া কাইল ক্লেইন আগে থেকেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। আর নতুন করে বৈশ্বিক এই মহাযজ্ঞের জন্য ডাক পেয়েছেন সাকিব।

ডাচদের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী সাকিব। অন্যদিকে ডাচদের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন। নেপালের বিপক্ষে সেই ম্যাচে তা-ও আবার মাত্র এক ওভারই হাত ঘুরিয়েছেন।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে ডাচরা। বিশ্বমঞ্চে গ্রুপ ‘ডি’-তে তাদের সঙ্গী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

নিত্যপণ্যের দাম বাড়তে পারে উপজেলা নির্বাচনের কারণেও: প্রতিমন্ত্রী

চলমান উপজেলা নির্বাচনের কারণেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বিভিন্ন কারণে দ্রব্যমূল্য উর্ধ্বমুখী হতে পারে। চলমান উপজেলা নির্বাচনের কারণেও জিনিসপত্রের দাম বাড়তে পারে।

তিনি বলেন, সারাদেশে উপজেলা নির্বাচন চলছে। এ নির্বাচনে অনেক মানুষের কাছে প্রচুর টাকার সরবরাহ হয়েছে। সংগত কারণে বাজারে যখন টাকার সরবরাহ বা প্রবাহ বেড়ে যায়, তখন দ্রব্যমূল্য বেড়ে যায়।

আহসানুল ইসলাম টিটু বলেন, নির্বাচনের কারণে মানুষের কাছে অনেক টাকা আছে, এটা নিয়েও অনেকেই ট্রল করবেন। তবে এটা তো‌ সত্যি, নির্বাচনে কিছু লোকের কাছে টাকা আসছে। বাজারে যখন টাকার সরবরাহ বাড়তে থাকে, তখন বাজারে পণ্যের দামে একটু প্রভাব পড়তে থাকে।

শাহরুখের শারীরিক অবস্থার খবর জানালেন জুহি

হিট স্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। বুধবার (২২ মে) তাকে ভারতের আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। আইপিএল দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। এখন কেমন আছেন তিনি? অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার খবর জানালেন জুহি চাওলা।

জুহি সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু আজ দেখছি ওঁ অনেকটাই ভালো আছেন। ঈশ্বর রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রোববার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমদের ফাইনাল। ’

বুধবার অভিনেতা ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকে অসুস্থ হওয়ার পরে জুহি এবং তাঁর স্বামী জয় মেহতা আহমেদাবাদের কেডি হাসপাতালে শাহরুখকে দেখতে যান। শাহরুখের স্ত্রী গৌরী খানও তাঁকে দেখতে গিয়েছিলেন।

আহমেদাবাদ (গ্রামীণ) সুপারিনটেনডেন্টের মতে, অভিনেতা হিট স্ট্রোকে অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে তিনি আহমেদাবাদে এসেছিলেন। শাহরুখের সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি। তাছাড়াও কেকেআর-এর সমর্থনে মঙ্গলবার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জুহি চাওলা, জয় মেহতা, সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নব্যা নন্দা এবং অগস্ত্য নন্দাও।

ম্যাচের পরে শাহরুখ আব্রামকে কোলে নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের সঙ্গে দেখাও করেন, পাশেপাশে ছিলেন মেয়ে সুহানা। এই গরমে সারাদিন মাঠে থাকার কারণেই শাহরুখের শরীর খারাপ হয়ে যায়।

শাহরুখকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। জুলাই মাসে অভিনেতা তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যা হবে মেয়ে সুহানা খানের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম সিনেমা।

সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি টাইগাররা

আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের এমন জয়ের নায়ক, হারমিত সিং ম্যাচ শেষে বলেছিলেন, বাংলাদেশ হয়তো তাদের গুরুত্বই দেয়নি। যদিও টাইগার অধিনায়ক হারের পেছনে দায় চাপালেন পিচের উপর।

নবাগত দলের বিপক্ষে বাংলাদেশের হারের ইতিহাসটা একেবারেই নতুন নয়। এর আগে, ১৯৯৭ সালেও কেনিয়ার বিপক্ষে প্রথম দেখায় প্রেসিডেন্ট কাপে ১৫০ রানের বড় ব্যবধানে হেরেছিল আকরাম খানের দল।

অতীত থেকে শিক্ষা না নেওয়ায় ২৭ বছর পর আবারও একই ব্যর্থতার ইতিহাস রচনা করলো টিম টাইগার্স।

তবে দরজায় কড়া নাড়তে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফেরাটা জরুরি বাংলাদেশের। তাই প্রথম ম্যাচে লজ্জার হারের কথা ভুলে ঘুরে দাঁড়াতে চায় সাকিব-রিয়াদরা। সিরিজে টিতে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর।

সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বৃহস্পতিবার (২৩ মে) ইউএসএ’র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন থাকায় সারাদেশে প্রায় এক মাস ধরে ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহ করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিও (বিএসসিপিএলসি)। তবে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

বিএসসিপিএলসি বলছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার ক্যাবল কাটা পড়ে। সেখানে মেরামতের কাজ শুরুর প্রক্রিয়াটা দীর্ঘ। অনুমোদন মিলেছে, এখন কনসোর্টিয়ামের জাহাজের অপেক্ষা। মেরামত শেষে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে পারে।

জানা গেছে, গত ১৯ এপ্রিল দিনগত রাত ১২টার দিক থেকে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। বিএসসিপিএলসি জানতে পারে সিঙ্গাপুরে জলসীমায় কোথাও ফাইবার ক্যাবল কাটা পড়েছে।

পরে আরও অনুসন্ধানে জানা যায় সিঙ্গাপুর নয়, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ক্যাবল ‘ব্রেক’ করেছে। এতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বৃহস্পতিবার (২৩ মে) সকালে জানান, সিমিউই-৫ (দ্বিতীয় সাবমেরিন ক্যাবল) দিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়। সেটা এখন পুরোপুরি বন্ধ। আমরা ওই ব্যান্ডউইথ এখন সিমিউই-৪ দিয়ে সরবরাহের চেষ্টা করছি। অন্তত ৬০ শতাংশ সরবরাহ সম্ভব হচ্ছে। এটা দিয়ে বিকল্প উপায়ে সারাদেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

কবে নাগাদ মেরামত শেষ হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আশা করছি, চলতি মাসেই কাজ শেষ হবে। জুনের প্রথম দিকে আমরা সিমিউই-৫-এর সংযোগে আবার যুক্ত হবো। এরপর ব্যান্ডউইথ স্বাভাবিক করতে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগতে পারে। বলা যায়, জুনের প্রথম সপ্তাহ থেকে এটা (ইন্টারনেটের ধীরগতি) ঠিক হয়ে যাবে।’

তবে ক্যাবল কাটা পড়ে সিমিউই-৫-এর সংযোগ বিচ্ছিন্নের কারণে যে সমস্যা হয়েছিল, তার পাশাপাশি অন্য একটি সমস্যার কথাও জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে বিটিআরসি রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধ ইন্টারনেট সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে অবৈধ অনেক আইএসপি প্রতিষ্ঠান, অনেকে ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগ চালায়, তাদের যন্ত্রপাতি জব্দ করেছে। ক্যাবল অপারেটরদের ইন্টারনেট সার্ভিস দেওয়ার কথা না। তারা দিচ্ছে, এ জায়গাগুলো নিয়ে কাজ করছে বিটিআরসি। সবমিলিয়ে ইন্টারনেটের গতিতে এবং সংযোগে প্রভাব পড়েছে। সেজন্যই কিছু এলাকায় বেশি সমস্যা।’

সিমিউই-৫ বন্ধের পর ইন্টারনেট সরবরাহ চলছে যেভাবে

বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার পাঁচ হাজার জিবিপিএসের বেশি। এর অর্ধেকেরও বেশি প্রায় দুই হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

বাকি দুই হাজার ৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ সরবরাহ করে বিএসসিপিএলসি। দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (সিমিউই-৪) কনসোর্টিয়ামের সদস্য। ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছিল। এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। এটি প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।

অন্যদিকে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এক হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ৬০ শতাংশের বেশি ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন ক্যাবলে শিফটিং করা হয়েছে, যা দিয়ে বিকল্প উপায়ে দেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিএসসিপিএলসি।

লেভারকুসেনের স্বপ্নভঙ্গ, ৬১ বছর পর শিরোপা আটালান্টার

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে জমজমাট ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয় স্বপ্নবাজ দুই দল বায়ার লেভারকুসেন ও আটালান্টা।

চলতি মৌসুমে ৫১ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার বুন্দেসলিগা জয়ের রেকর্ড নিয়ে ট্রেবল জয়ের মিশনে এদিন খেলতে নামে লেভারকুসেন। ম্যাচের আগে তাই অনেকের কাছেই জার্মান ক্লাবটি ছিল ফেভারিট।

তবে ম্যাচের শুরু থেকেই বদলে যায় সেই চিত্র। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে আটালান্টা কাছে পাত্তা পাচ্ছিল না লেভারকুসেন।

ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় আটালান্টা। জোরালো শটে বল জালে জড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান।

ম্যাচের ২৬তম মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন ২৬ বছর বয়সী নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালিয়ান ক্লাব আটালাল্টা।

বিরতির পরও প্রথমার্ধের মতোই ছন্দ ধরে রাখে গ্যাস্পেরিনির শিষ্যরা। ম্যাচের ৭৫তম মিনিটে আরেকটি দারুণ গোলে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি আটালান্টাকে ইতিহাস গড়ার আনন্দে ভাসান নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান।

জন্মভূমিতে আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হবেন আজ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে তাকে।

এদিন সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমে এসেছেন সর্বস্তরের মানুষ। এর আগে বুধবার তেহরানে ৫০ দেশের ৬৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতাসহ বিশিষ্টজনেরা।

ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

প্রসঙ্গত, রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

পরদিন সোমবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি বেল ২১২ মডেলের বলে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে। ১৯৬০ সালে একটি মার্কিন কোম্পানি দুই ব্লেডের এই মডেলটি তৈরি করেছিল কানাডিয়ান সেনাবাহিনীর জন্য।

রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলি আলে-হাশেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন হেলিকপ্টারটিতে। এ ছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও মারা গেছেন।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৮ জন। বুধবার (২২ মে) অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজায় অবশিষ্ট থাকা দুইটি হাসপাতালও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল দুইটিতে দুই শতাধিক রোগী আটকা পড়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।

কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা। দেশগুলোর মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট ৩৫ হাজার ৭০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৮০ হাজার।