শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৫০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে চালানো পৃথক হামলায় তারা নিহত হন। এদিকে ইসরায়েলি হামলার জেরে এখন পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন ৮ লক্ষাধিক ফিলিস্তিনি।

আজ শুক্রবার (২৪ মে) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে আকাশ ও স্থলপথে চালানো হামলায় কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাসের সশস্ত্র শাখা।

ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাংকগুলো রাফার আরও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলীয় জেলা ইবনার দিকে অগ্রসর হয়েছে এবং তিনটি পূর্ব শহরতলিতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বাসিন্দারা বৃহস্পতিবার জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘দখলদার (ইসরায়েলি বাহিনী) আরও পশ্চিমে যাওয়ার চেষ্টা করছে। তারা ইবনার প্রান্তে রয়েছে, যা ঘনবসতিপূর্ণ। তারা এখনও এটি আক্রমণ করেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি, এবং আমরা দেখছি যে সেনারা আক্রমণ করেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠছে। এটি আরেকটি খুব কঠিন রাত ছিল।’

এই মাসে গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে একযোগে ইসরায়েলি হামলার ফলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং ইসরায়েলি বাহিনী সাহায্য প্রবেশের প্রধান প্রবেশ পথও বন্ধ করে দিয়েছে, যা দুর্ভিক্ষের ঝুঁকিও বাড়িয়েছে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়াই রাফাতে স্থল হামলা শুরু করার বিরুদ্ধে সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্রসহ অন্যরা গাজার দক্ষিণের এই শহরটিতে হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে সমালোচনাও করেছে। তবে ইসরায়েল বলেছে, সেখানে হামাস যোদ্ধাদের বেশ কয়েকটি ব্যাটালিয়নের বিরুদ্ধে তাদের অবশ্যই অগ্রসর হতে হবে।

অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা বেড়ে ২৮৬ জনে পৌঁছেছে।

অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে ৩৫ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার মানুষ।

বাংলাদেশে রোববার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কাল শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’। রোববার (২৬ মে) সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

ভারতের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করেছে। আগামীকাল শনিবার (২৫ মে) এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়াবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূল দিয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই ও এনসিইপি জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইএমডি, এনসিইউএম ও আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে।

আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে আগামী রোববার (২৬ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।

‘রেমাল’ একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ বালু। এবারের নামটি দিয়েছে ওমান।

আত্মহত্যার মামলায় না জড়ানোর অনুরোধ সালমানের

বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে সম্প্রতি গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত অনুজ থাপান পুলিশি হেফাজতে আত্মহত্যা করেছেন। গত ১ মে অভিযুক্ত ওই যুবক কারাগারে আত্মহত্যা করেছে বলে জানিয়েছিল মুম্বাই পুলিশ। এদিকে এ ঘটনায় ওই যুবকের মা পাল্টা আদালতে পিটিশন দাখিল করেছিলেন সিবিআই তদন্ত চেয়ে। এর ভিত্তিতে এবার সালমান মুম্বাই হাই কোর্টের কাছে আবেদন জানিয়েছেন—ওই পিটিশন থেকে যেন তার নাম সরিয়ে নেওয়া হয়।

বুধবার (২২ মে) উচ্চ আদালতের কাছে অনুজ থাপনের মায়ের দাখিল করা পিটিশন থেকে নিজের নাম তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন বলিউড সুপারস্টার।

ওই পিটিশনে, মৃতের মা জেলের ভেতর ছেলের রহস্যজনক মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে সালমানের পক্ষে সিনিয়র কাউন্সেল আবাদ পোন্ডা আদালতের কাছে জানিয়েছেন, অভিনেতা নিজেই এখানে হামলার শিকার। কেউ সালমানের বাড়িতে হামলা চালিয়েছিল। সালমান নিজেও জানেন না, এই ঘটনার নেপথ্যে ঠিক কারা রয়েছে? আর কাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই ওই পিটিশনের সঙ্গে সালমান খানের নাম জুড়লে ভুল বার্তা দেওয়া হবে। তার মানহানিও হবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভোরে সালমান খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই ব্যক্তি। বিষ্ণোই গ্যাং সেই হামলার দায় স্বীকার করেছে। তারপর পাঞ্জাব থেকে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয় অনুজ থাপন ও সুভাষ নামে দুই ব্যক্তি। তারা শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল বলে অভিযোগ। জানা গেছে, দু’জনেরই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল।

বাজেটের আগে আইএমএফের তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ

বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ। আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের ক্যালেন্ডার বলছে, চলতি মে মাসে গেভিন, সোমালিয়া, ল্যাকশনাবাগ দেশগুলোতে বর্ধিত ঋণ সহায়তার ঋণ অনুমোদনের জন্য ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে। যেখানে নেই বাংলাদেশের নাম।

শিডিউল অনুযায়ী, শুক্রবার (২৪ মে) গেভিন- ২০২৩ আর্টিকেল-৪ কনসালটেশন, বুধবার (২৯ মে) সোমালিয়ার ১ম রিভিউ আন্ডার দ্য ইসিএফ এগ্রিমেন্ট, ৩১ মে (শুক্রবার) ল্যাকশনাবাগ ২০২৪ আর্টিকেল-৪ কনসালটেশনের বিষয়গুলো বৈঠকে উঠবে।

জাতীয় সংসদে আগামী ৬ জুন আসছে অর্থবছরের বাজেট ঘোষণা করার কর্মসূচি রয়েছে। এর আগে মে মাসের বাকি দিনগুলোয় আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি।

প্রসঙ্গত, সম্প্রতি আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে তা পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বাড়ানো হয় ডলারের দামও। যদিও কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিয়েতনামে আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি জনবহুল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও সনাক্ত করা সম্ভব হয়নি।

২০ বছরে চারগুণ বেড়ে সাড়ে ৫২ লাখ জনবসতির শহর হ্যানয়ের বহু ভবন অগ্নিনিরাপত্তার সুবিধা ছাড়াই নির্মিত হচ্ছে। ফলে শহরটিতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা

এই সিরিজের আগে আইসিসির পূর্ণ সদস্য দেশসমূহের মধ্যে শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সবচেয়ে বড় আপসেট ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।

৪৮ ঘন্টা আগে ৫ উইকেটে জিতে উজ্জীবিত অভিবাসীদের দল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার দিয়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উপরে থাকা বাংলাদেশ দলকে চরম লজ্জা।

দ্বিতীয় ম্যাচে ৬ রানে জিতে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিয়েছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র! ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব করা যুক্তরাষ্ট্রের কাছে এখন হোয়াইট ওয়াশের লজ্জা পাওয়ার শঙ্কাও দেখছে বাংলাদেশ সমর্থকরা।

ধারাবাহিক অফ ফর্মের কারনে লিটনকে ড্রপ দিয়ে, শেখ মেহেদীকে কম্বিনেশনের কারনে বিশ্রাম দিয়েও লাভ হয়নি। টি-টোয়েন্টির ব্যাটিং রসায়নটাই যেনো ভুলে গেছে বাংলাদেশ দল। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে এসে ব্যাটিং পাওয়ার প্লে-তে (৪৩/২) সৌম্য (১ বলে ০), তানজিদ হাসান তামিম (১৫ বলে ১৯)-কে হারানোর পরও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

তৃতীয় উইকেট জুটিতে শান্ত-হৃদয়ের ৩৭ বলে ৪৮ রানের পার্টনারশিপে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে বাংলাদেশের ইনিংস। মাত্র ৪৬ রানে শেষ ৭ উইকেট হারিয়ে আটলান্টিকে ডুবেছে বাংলাদেশের তরী!

অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফেরা শান্ত হারমিত সিং-কে এক ওভারে ২ট ছক্কা মেরে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। তবে বোলার অ্যান্ডারসনের থ্রো-তে রান আউটে শান্ত কাঁটা পড়ায় (৩৪ বলে ২ চার, ১ ছক্কায় ৩৬) খেয়েছে ধাক্কা। অ্যান্ডারসনের পরের ওভারে ইনফর্ম হৃদয় মিড উইকেটে ক্যাচ (২১ বলে ১ ছক্কায় ২৫) দিলে পরিস্থিতি কঠিন করে তোলে বাংলাদেশ।

স্টিভানো টেলরকে সাকিব এক ওভারে লং অনের উপর দিয়ে ছক্কা এবং স্ট্রেইট বাউন্ডারি মারলে শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে ৩৮ রানের সহজ টার্গেটের সামনে দাঁড়িয়েও হতোদ্যম হয়েছে বাংলাদেশ। শ্যাডলি ভ্যানের শেষ স্পেল (২-০-১০-২) দেখে উজ্জীবিত পেসার আলী খানের শেষ স্পেল(১.৩-০-৯-৩) বাংলাদেশের কফিনে ঠুঁকেছে পেরেক।

ভ্যান শ্যাডলি কে শাফল করে সুইপ করতে যেয়ে জাকের আলী অনিক (৫ বলে ৪) ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে শুরু করেছেন শবযাত্রা। আলী খানের ৯ বলের শেষ স্পেলের প্রথম বলে এক্সট্রা কভারে খেলতে যেয়ে বোল্ড হয়েছেন সাকিব (২৩ বলে ৪ চার, ১ ছক্কায় ৩০)। তৃতীয় বলে টেল এন্ডার তানজিম হাসান সাকিবও বোল্ড (২ বলে ০)। ইনিংসের ৪ বলে ৭ রানের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, তখন আলী খানেও ওই ওভারের তৃতীয় বলে অফ স্ট্যাম্পের অনেক বাইরের ডেলিভারি শাফল করে স্কুপ করতে যেয়ে উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ রিশাদ (৫ বলে ৯)।

প্রথম ম্যাচে ২ পেসার নিয়ে খেলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ব্যাটারদের সমীহ আদায় করতে পারেনি বাংলাদেশ দল। সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে বোলিং কম্বিনেশনে পরিবর্তন এনেছে বাংলাদেশ। ৩ পেসার, ২ স্পিনার ফর্মূলায় এদিন পার্ট টাইম কোনো বোলার ব্যবহার করেননি অধিনায়ক শান্ত। ৫ বোলারের সবাইকে বোলিং কোটা ৪ ওভার করে করিয়েছেন শান্ত। তাতেই বোলিং ইউনিট ছন্দে ফিরেছে। যুক্তরাষ্ট্রকে ১৪৪/৬-এ আটকে ফেলতে পেরেছে বাংলাদেশ।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিযে ব্যাটিং পাওয়ার প্লে-তে যুক্তরাষ্ট্রকে ঝাঁকুনি দিতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লে-এর প্রথম ৬ ওভারে যুক্তরাষ্ট্র উইকেটহীন ৪২ রানে চোখ রাঙিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ দলের দুই সেরা বোলার সাকিব-মোস্তাফিজকে এদিন ব্যাটিং পাওয়ার প্লে-তে আমলে আনেননি স্টিভেন টেলর।

মোস্তাফিজের প্রথম ওভারে মেরেছেন ছক্কা। সাকিবের প্রথম ওভারে মেরেছেন এক ছক্কা, এক চার! প্রথম ওভারে সাকিবের খরচা ১৫! তবে ব্যাটিং পাওয়ার প্লে-এর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলাদেশ। পর পর দুই বলে লেগ স্পিনার রিশাদ স্টিভেন টেলর (২৮ বলে ৩ চার, ২ ছক্কায় ৩১) এবং আন্দ্রেস গাউসকে (১ বলে ০) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন।

তবে রিশাদের দেয়া এমন চাপ কাটিয়ে উঠে তৃতীয় উইকেট জুটিতে যুক্তরাষ্ট্র যোগ করেছে ৫৬ বলে ৬০ রান। তবে ১৬তম ওভারে মোস্তাফিজের বলে অ্যারন জোন্স মিড অনে (৩৪ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৫) ক্যাচ দেয়ার মধ্য দিয়ে বিপর্যয়ের শুরু যুক্তরাষ্ট্রের। শেষ পাওয়ার প্লে-তে মোস্তাফিজ-শরিফুলের বোলিংয়ে ৪৩ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র ৪ উইকেট। কোরে অ্যান্ডারসনকে এদিন ভয়ংকর হয়ে উঠতে দেননি শরিফুল। ওভারপিচ ডেলিভারিতে করেছেন বোল্ড (১০ বলে ১১)। যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাক প্যাটেলকে হাফ সেঞ্চুরি করতে দেননি এই বাঁ হাতি পেসার। ওই ওভারে স্কুপ করতে যেয়ে প্যাটেল হয়েছেন বোল্ড (৩৮ বলে ৪ চার, ১ ছক্কায় ৪২)।

রিশাদের দারুণ একটি দিনে (২/২১) শরিফুল (২/২৯) এবং মোস্তাফিজ (২/৩১) পেয়েছেন ২টি করে উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে সাকিব কাটিয়েছেন উইকেটহীন (৪-০-৩৫-০)।

জিম্বাবুয়ের কাছে হোমে সিরিজের শেষ ম্যাচে হার দিয়ে শুরু, যুক্তরাষ্ট্রের কাছে টানা ২ হার-এ হারের হ্যাটট্রিকও হয়ে গেল। বিশ্বকাপের ভেন্যুতে স্বাগতিক দলের বিপক্ষে স্বাচ্ছন্দে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অবতীর্ন হওয়ার পরিবর্তে এখন উল্টো আত্মবিশ্বাস এবং মনোবল দুটোই যে হারিয়েছে বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্র : ১৪৪/৬ (২০.০ ওভারে)
বাংলাদেশ : ১৩৮/১০ (১৯.৩ ওভারে)
ফল : বাংলাদেশ ৬ রানে পরাজিত।
প্লেয়ার অব দ্য ম্যাচ : আলী খান (যুক্তরাষ্ট্র)।

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি!

ফিলিস্তিনের গাজায় যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ বেশ কয়েকজন ইসরাইলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

জার্মানি জানিয়েছে, আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে তা মেনে চলবে দেশটি। এমনকি আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেফতার করবে তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এই বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মান সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা।

জার্মানি আইসিসির পরোয়ানা কার্যকর করবে কি না- সংবাদ সম্মেলনে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট বলেন, অবশ্যই, আমরা আইন মেনে চলি। ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে।

জার্মানির এই সিদ্ধান্তে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনার চেষ্টাও চালাচ্ছে ইসরাইলি দূতাবাস। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মিত্র দেশগুলোকে অনুরোধ করেছে নেতানিয়াহু সরকার।

শুধু জার্মানিই নয়, ফ্রান্স ও নরওয়েও আইসিসির নির্দেশনা মেনে চলবে বলে জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

এর আগে ইসরাইলের ১২ টিভি চ্যানেল এই বিষয়ে একটি প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকে এই দুজন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না।

হিব্রু ভাষার এই সংবাদমাধ্যমের মতে, এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আর জার্মানি, হল্যান্ড, গ্রিস, ফ্রান্স, জাপান ও স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেয়া হবে না।

গত সোমবার (২০ মে) আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান জানান, গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন নেতা হানিয়া, সিনওয়ার ও দেইফের বিরুদ্ধে আইসিসির কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি।

তবে এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আইসিসির সদস্য রাষ্ট্র নয়। তবে ফিলিস্তিন সদস্য হওয়ায় আইসিসি জানিয়েছে, গাজা, পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীর সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত যেকোনো দেশের বিরুদ্ধে আদালতের বিচারিক এখতিয়ার আছে।

অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে প্রটেকশন দেয় না। অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি। অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।

আজ শুক্রবার (২৪ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাবাহিনী প্রধানের নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কি না? প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কি না। শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে। কেউ পার পাবে না। বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যে-ই থাকুক না কেন সরকারের কাউকে প্রটেকশন দেওয়ার বিষয়ে নেই।

আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রটেকশন দিতে যায়নি। ব্যক্তি অপরাধ করতে পারে। কথা হচ্ছে সরকার প্রটেকশন দিচ্ছে কি না। শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও নির্মল চ্যার্টাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আনার হত্যার পরিকল্পনা হয় ঢাকায়, বাস্তবায়ন কলকাতায় : ডিবি প্রধান

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা করা হয় বাংলাদেশেই। ঢাকার দুইটি বাসায় দুই-তিন মাস আগে থেকেই এই পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে কলকাতায়।

এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে। ঢাকায় পুলিশের নজরদারির কারণে হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে। রাজধানীর দুইটি বাসায় এই হত্যার পরিকল্পনা করা হয়।

হারুন অর রশীদ বলেন, বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই অপরাধীরা কলকাতা বেছে নেয়।

বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি। তবে তারা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা তিনজকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে।

ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আনোয়ারুল আজীম আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন। বাস্তবায়ন করে আমান উল্লাহ, তবে তার আসল নাম শিমুল।

এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি জানান, শুধু ঘোষণা বাকি।

দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেওয়া হবে। মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করা যাবে, সে পর্যন্ত অফিসিয়ালি সাংবাদিকদের কিছু বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থা মিলে দুই দেশ থেকেই আমরা কাজ করছি, যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে।

তিনি বলেন, আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন, তাদের মুখ থেকে আমরা এসব শুনেছি। তবে মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, তদন্ত মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাব। আমরা এখনো নতুন কোনো আপডেট এ মুহূর্তে দিতে পারছি না। আর কোনো সংবাদ আমরা পাইনি।

তিনি বলেন, এটুকু বলতে পারি, প্রায় আমরা প্রায় চিহ্নিত করেছি। কারা হত্যা করেছেন, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণাটা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণাটা দেব। আমরা মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন, আমরা সেগুলোই শুনেছি। মরদেহ উদ্ধার না করা পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে।

মন্ত্রী বলেন, আনোয়ারুল আজিম, যিনি আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ওই বর্ডার (সীমান্ত) এলাকা সন্ত্রাসকবলিত। সে এলাকারই তিনি সংসদ সদস্য। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, সে বিষয়ে নিশ্চিত না হয়ে আমাদের কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে নিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

তিনি বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি, খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারব।

তথ্যে উঠে এসেছে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকায় এ হত্যাকাণ্ড হয়েছে। এ বিষয়ে আপনি কী মনে করেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তো বলেছি, আমাদের কাছে যখন সুনির্দিষ্ট তথ্য আসবে, তখনই আপনাদের সবকিছু বলতে পারব। আপনারা যেমন শুনেছেন, আমরাও তেমন শুনছি৷ এ সব কথা বলার জন্য আগে আমাদের তথ্য পেতে হবে। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। সম্পূর্ণ তথ্য না এলে এ বিষয়ে কথা বলতে চাই না। তদন্তের আগে এ সব বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। যতটুকু তথ্যে তদন্ত বাধাগ্রস্ত হবে না, ততটুকুই আপনাদের বলেছি।