শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

রাফায় অভিযান : আইসিজের রায় প্রত্যাখ্যান ইসরায়েলের

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়ে যে রায় দিয়েছে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, তা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সেই সঙ্গে মন্ত্রিসভা জানিয়েছে, গাজায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা এবং গোষ্ঠীটির কব্জায় থাকা জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাঁধার প্রায় দু’মাস পর গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার কার্যক্রমের মধ্যেই রাফায় অভিযান স্থগিতের আর্জি জানিয়ে আবেদন করেছিল বাদিপক্ষ। সেই আবেদনের জবাবে শুক্রবার রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন আদালত।

শুক্রবার জাতিসংঘ আদালতের এই রায়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই রায়কে ‘ভুয়া, ভয়ানক এবং ন্যায়বিচার পরিপন্থী’উল্লেখ করে বলা হয়, ‘প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণের ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েল ঠিক তা ই করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাফার বেসামরিক ফিলিস্তিনিদের ব্যাপক শারীরিক ক্ষয়ক্ষতি এড়িয়ে সেখানে অভিযান চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রধান লক্ষ্য সেখানকার শত্রু ঘাঁটিগুলোতে অভিযান চালানো। বেসামরিক ফিলিস্তিনিদের ক্ষতিসাধন নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন-গিভির, যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিশেষ আস্থাভাজন এবং ইসরায়েলে ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির শীর্ষ নেতা জাতিসংঘ আদালতের রায়কে সরকারি প্রত্যাখান করেছেন। শুক্রবার আদালতের রায়ের পর ইসরায়েলের ফার্স্ট প্রাইম মিনিস্টার ডেভিড বেন গুরিয়ন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ‘ইহুদিদের ভবিষ্যত ইহুদিদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে। অ-ইহুদিদের সিদ্ধান্তের ওপর নয়।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (২৫ মে) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮৭৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২৬ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

রাফায় ইসরায়েলি অভিযান বন্ধের নির্দেশ আইসিজের

ফিলিস্তিনের রাফাতে দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

শুক্রবার (২৪ মে) হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এ নির্দেশ দেন।

রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, “রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।”

রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে।

দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা।

আদালতের বিচারকরা বলেছেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ আন্তর্জাতিক বিচার আদালত যে নির্দেশ দিয়েছে— সেটি দেওয়া হয়েছে মূলত যেন গাজার সাধারণ মানুষের অবস্থার আর অবনতি না ঘটে।

এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলকে এমন নির্দেশ দিয়েছে; যেটির মাধ্যমে তাদের সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে।

আগামী এক মাসের মধ্যে নতুন নির্দেশনা কার্যকর সম্পর্কে অবহিত করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দিতেও ইহুদিবাদী ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ বিচারকের মধ্যে ১৩ বিচারক একমত হয়েছেন যে রাফার বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ সঙ্কটজনক অবস্থায় পৌঁছেছে।

শনিবার স্কুল-কলেজ খোলা থাকবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী

ঈদুল আজহার ছুটির পরে শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে, গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যাসোসিয়েশন কর্তৃক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব হবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০২৬ সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে হবে না। নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত মতামত আসেনি।
মতামত আসলে নতুন মূল্যায়ন নিয়ে কারিকুলাম চূড়ান্ত হবে।

বিশ্ব শান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয় : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, নায্যতা, মানবাধিকার ও বিশ্বশান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয়। এরুপ আচরণ প্রকৃতপক্ষে ভালো ফল বয়ে আনে না।

আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিশ্বশান্তি-ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য বলরাম পোদ্দার, আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী মোতালিব হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি এম এ করিম প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের অধিকারের পক্ষে বাংলাদেশ সবসময় সরব ভূমিকা পালন করে যাচ্ছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবীর পক্ষে বাংলাদেশ সবসময় উচ্চকিত। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, নায্যতার পক্ষে।

তিনি বলেন, বাংলাদেশ ইসরায়েলের অবৈধভাবে ফিলিস্তিন দখলের নিন্দা জানায় এবং এটি বন্ধের জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমন্ডলে সোচ্চার ভূমকিা পালন করে আসছে।

ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সময় থেকেই ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধুর। এ কারণে বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করে আসছে এবং এই সমর্থনের অংশ হিসেবে গত ৫৩ বছরে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। সারাবিশ্বে বাংলাদেশেই একমাত্র দেশ, যে দেশ তার পাসপোর্টে ইসরায়েলকে নিষিদ্ধ করে রেখেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমলিন উক্তি ‘বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত-শোষক এবং শোষিত; আমি শোষিতের পক্ষে’ উদ্ধৃত করে ধর্মমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদের অবস্থান মাবনাধিকার ও নায্যতার পক্ষে। আমাদের অবস্থান শান্তি ও সহাবস্থানের পক্ষে। শোষক ও শোষিতের মধ্যে আমাদের অবস্থান সবসময় শোষিতের অনকূলে।

মো. ফরিদুল হক খান বলেন, মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের ২০০ কোটি মুসলিমের আবেগ-অনুভূতির সঙ্গে জেরুজালেমের সম্পর্ক। ঠিক একইভাবে বাংলাদেশের ১৫ কোটির বেশি মুসলমানের আবেগ-অনুভূতির সঙ্গেও জেরুজালেমের সম্পর্ক। মুসলমানদের এই অনুভূতিকে অবশ্যই সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। তিনি ইসরায়েল এবং তার মিত্রদের আগ্রাসী চিন্তা-চেতনা ও কর্মকা- পরিহার করার আহ্বান জানান।

বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ দেউলিয়া হয়ে গেল

দেউলিয়া হয়ে গেছে বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ চেইন রেড লবস্টার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে সংস্থাটি। প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার ব্যর্থতা এবং ঋণের বিশাল বোঝার চাপে শেষ পর্যন্ত ব্যবসাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

মধ্যবিত্ত মার্কিনিদের হাতে সুলভ দামে সাগরের সুস্বাদু গলদা চিংড়ি তুলে দেওয়ার জন্য বিখ্যাত ছিল রেড লবস্টার। ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় সিফুড রেস্তোরাঁ চেইন। কিন্তু হঠাৎ খেই হারায় তারা। নানা কারণে বাড়তে থাকে লোকসান। একে একে বন্ধ হতে থাকে বিভিন্ন শাখা। এর পরও চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পারল না, শেষ পর্যন্ত ব্যবসাই গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

রেড লবস্টারের একটি বার্ষিক সীমিত সময়ের মেন্যু ছিল এন্ডলেস শ্রিম্প। প্রায় ২০ বছর ধরে এ নিয়মে ব্যবসা করেছে তারা। কিন্তু এতে বাগড়া দেয় রেড লবস্টারের সবচেয়ে বড় অংশীদার থাই ইউনিয়ন। ব্যাংককভিত্তিক ক্যানড সিফুড কোম্পানিটি রেড লবস্টারের অত্যন্ত জনপ্রিয় এন্ডলেস শ্রিম্প মেন্যু কাজে লাগিয়ে নিজেদের ধরা বিপুল পরিমাণ চিংড়ি বিক্রির চেষ্টা করে। ২০২০ সালে রেড লবস্টারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে ওঠে থাই ইউনিয়ন। ফলে তাদের কথা ফেলতে পারেনি রেড লবস্টার কর্তৃপক্ষ। গত বছর ২০ ডলারের এন্ডলেস শ্রিম্প নিয়মিত মেন্যুতে পরিণত করে রেড লবস্টার। কিন্তু এ সিদ্ধান্তের কারণে পাক্বা ১ কোটি ১০ লাখ ডলার গচ্চা যায় রেড লবস্টারের। গত ১৯ মে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে সংস্থাটি।

মার্কিন সম্পদ বাজেয়াপ্তের ফরমানে পুতিনের স্বাক্ষর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে একটি ফরমানে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার জবাবে তিনি এমন পদক্ষেপ নিলেন।

ফরমানে বলা হয়, যুক্তরাষ্ট্র বেআইনিভাবে মস্কোর সম্পদ বাজেয়াপ্ত করায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন সংস্থার আদালতে আইনি প্রতিকার চাওয়ার অধিকার থাকবে।

রাশিয়ান সরকারের একটি বিশেষ কমিশন মার্কিন সম্পদ বা সম্পত্তি শনাক্ত করবে। এসবের মধ্যে রাশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের স্থাবর ও অস্থাবর সম্পদ, সিকিউরিটিজ, রাশিয়ান প্রতিষ্ঠানে থাকা শেয়ার এবং সম্পত্তির অধিকার রয়েছে। এসব মার্কিন সম্পদ রাশিয়ার ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা যেতে পারে।

এ ফরমান বাস্তবায়নের সুবিধার্থে রাশিয়ার আইনে সংশোধনী আনার জন্য সরকারকে চার মাস সময় দেওয়া হয়েছে।
খবর সিনহুয়া

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের : পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি গণহত্যার জন্য নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের।

আজ শুক্রবার (২৪ মে) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে ‘বিশ্ব শান্তি-ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের পাশাপাশি যেখানে আমেরিকার মতো দেশও ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেখানে বিএনপি জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ না করে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।

ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানে শান্তি ফিরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েল ও হামাসের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। তারা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, গাজা উপত্যকার হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ার, আল ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দাইফ এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বিভক্ত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আইসিসির এই আবেদনে সমালোচনা করেছে। অন্যদিকে নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ডসহ বেশ কিছু পশ্চিমা দেশ এই উদ্যোগকে সমর্থন দিয়েছে।

অভূতপূর্ব শ্রদ্ধায় ইরানের প্রেসিডেন্টকে দাফন

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির লাশ মাশহাদে ইমাম রেজার (আ.) মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষবিদায় জানাতে মাশহাদ পরিণত হয়েছিল জনসমুদ্রে।

প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে। মৃত্যুর ৪ দিন পর বৃহস্পতিবার মাশহাদেই জানাজা শেষে শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজারে তাকে লাশ দাফন করা হয়। রাইসি হলেন ইরানের প্রথম রাজনীতিবিদ যাকে এ মাজারে দাফন করা হলো। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্টকে অভূতপূর্ব শ্রদ্ধা জানানো হয়েছে।

সাধারণ মানুষের পাশাপাশি রাইসির জানাজায় বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বও অংশ নেন। রাইসিকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী তেহরান থেকে ৭৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত মাশহাদে জড়ো হতে থাকেন লাখো মানুষ। শহরের রাস্তায় রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক টানানো হয়।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে পৌঁছানোর পর শেষ বিদায় জানাতে জনসমুদ্র কান্নায় ভেঙে পড়ে। এ সময় লাখ লাখ জনতার সবার হাতে হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড। শোকার্ত ইরানিরা সবাই বুক এবং মাথা চাপড়ে (আনুষ্ঠানিকভাবে শিয়াদের শোক প্রকাশ) প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দে নেওয়া হয় রাইসির মরদেহ। সেখানেও তাকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

এ ছাড়া ইরানের পররাষ্ট্রন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের লাশ বৃহস্পতিবার তেহরানের অদূরে রেই শহরের ইমামজাদা আব্দুল আজিমের (আ.) মাজার এলাকায় দাফন করা হয়েছে। রেই শহরেও তার শেষবিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন।

সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি। প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটও।

এমপি আনোয়ারুল হত্যায় অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে আজ আদালতে তোলা হবে। আদালতে তুলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন আমানুল্লাহ ওরফের শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

আজ শুক্রবার (২৪ মে) ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমপি আনার হত্যায় জড়িত গ্রেপ্তার তিনজনকে আজ আদালতে তোলা হবে। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। যে পর্যন্ত তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাবে, সে পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন, ১৩ মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি।

চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন।

গত ১৫ মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন। তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রউফের কাছেও।

১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান, তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে ওই দিনই ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি।

২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারে, কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে।

পরে বুধবার (২২ মে) ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্লাটে এমপি আনারকে খুন করা হয়েছে। এনডিটিভি বলে, ১২ মে কলকাতায় আসার পর নিখোঁজ হওয়া এমপি আনারের খোঁজে তল্লাশি শুরুর পর বুধবার সকালে তার খুনের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ।

বুধবার ঢাকার শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এমপি আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। তাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন-অর-রশিদের পরামর্শে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে।