শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

৩১ বছর পর জার্মান কাপ চ্যাম্পিয়ন লেভারকুসেন

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন দ্বিতীয় বিভাগের ক্লাব কাইজারস্লাটার্নকে হারিয়ে ৩১ বছর পর জার্মান কাপ জিতলো। এর আগে ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিল দলটি। গত বুধবার ইউরোপা লিগ ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরে ট্রেবল জেতা হয়নি লেভারকুসেনের। মৌসুমে টানা ৫১ ম্যাচ অজেয় থাকার পর সেটাই ছিল প্রথম হার।

শনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি লেভারকুসেন ১-০ গোলে। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে গ্রানিত জাকা জয়সূচক গোলটি করেন।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ফাইনাল শুরু হতে না হতেই দেখেন প্রথম হলুদ কার্ড। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি। দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ডের খড়্গ নেমে আসে। বায়ার লেভারকুসেনের আইভরিয়ান ডিফেন্ডার ওদিলন কোসসুনু দলকে বেশ বিপদেই ফেলে রেখে মাঠ ছাড়েন। এরপর দ্বিতীয়ার্ধের পুরোটাই ১০ জন নিয়ে খেলতে হয়েছে লেভারকুসেনকে। বিরতির পর তাই জাবি আলোনসোর দলকে আক্রমণের চেয়ে রক্ষণেই মনোযোগ দিতে হয়েছে বেশি। তার আগেই অবশ্য কাজের কাজটি করে ফেলেন গ্রানিত জাকা। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের বুলেট গতির শটটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। কাইজারস্লাটার্নকে ওই ১–০ গোলে হারিয়ে ৩১ বছর পর জার্মান কাপ জিতে নিয়েছে লেভারকুসেন।

জার্মান বুন্দেসলিগার পর জার্মান কাপ—এক মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা জিতল আলোনসোর লেভারকুসেন। জার্মান ফুটবলে এমন কীর্তি আছে আরও চারটি ক্লাবের—বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, ভেরডার ব্রেমেন ও এফসি কোলনের।

শীর্ষ স্তরের ফুটবলে এটি লেভারকুসেনের চতুর্থ শিরোপা, যার দুটিই এল এ মৌসুমে আলোনসোর হাত ধরে। সব মিলিয়ে ২০২৩–২৪ মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ৫২টিতেই অপরাজিত থাকল লেভারকুসেন।

লেভারকুসেনের সঙ্গে আজ পেরে না উঠলেও কাইজারস্লাটার্ন দারুণ খেলে। জার্মান ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরের (বুন্দেসলিগা ২) দলটি নিজেদের লিগে খুব একটা ভালো করতে পারেনি। লিগ মৌসুম শেষ করেছে পয়েন্ট তালিকার ১৩তম অবস্থানে থেকে।

সেই দলই এবারের জার্মান কাপে চমক হয়ে এসেছে। এ প্রতিযোগিতায় এত দিন লেভারকুসেনের চেয়েও সফল ছিল কাইজারস্লাটার্ন। ১৯৯০ ও ১৯৯৬ সালে হয়েছিল চ্যাম্পিয়ন।

আজ কাইজারস্লার্টান জিতলে আগামী মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপে আবার লেভারকুসেনের মুখোমুখি হতো। কিন্তু ১০ জনের লেভারকুসেনের সঙ্গেও পেরে না ওঠায় নিয়ম অনুযায়ী জার্মান সুপার কাপে বুন্দেসলিগার রানারআপ স্টুটগার্টের বিপক্ষে খেলবে লেভারকুসেন।

শাহীনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাইবে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

রোববার (২৬ মে) সকালে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। সাংসদ আজীমের হত্যা তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
দলে রয়েছেন- ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে, তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশ দলেরও ঢাকা ছাড়ার কথা।

পিএসজি অধ্যায়ের শেষটা শিরোপা জয়ে রাঙালেন এমবাপে

মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষনা দিয়ে রেখেছিলেন কিলিয়ান এমবাপে। শনিবার রাতে অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালই ছিল তাই ২০২৩–২৪ মৌসুমে পিএসজির শেষ ম্যাচ। সে হিসেবে প্যারিসের ক্লাবের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি, বিদায় রাঙালেন শিরোপার উচ্ছ্বাসে। বিদায়ী ম্যাচে অলিম্পিক লিওঁকে ২–১ গোলে হারাল পিএসজি। ফরাসি কাপে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগে থেকে পিএসজির। ১৫তম ট্রফি জিতে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা।

ফাইনালে পিএসজির দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২২ মিনিটে উসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা, ৩৪ মিনিটে ব্যবধান ২–০ করেন ফাবিয়ান রুইজ। বিরতির পরপরই ঘুরে দাঁড়ানোর আভাস দেয় লিওঁ। ৫৫ মিনিটে ব্যবধান ২–১ করেন লিঁওর আইরিশ সেন্টার–ব্যাক জেইক ও’ব্রায়েন। এই গোলে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আরও কয়েক দফা পিএসজির রক্ষণে ভীতি ছড়ায় লিওঁ। নিকোলাস তালিয়াফিকো ও আলেক্সান্দার লাকাজেত সমতাসূচক গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার বীরত্বে তা হয়নি।

বিদায়ী ম্যাচে গোল না পেলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এমবাপ্পেই ছিলেন। সব মিলিয়ে ৭ বছরে পিএসজির হয়ে ১৫টি ট্রফি জিতলেন এমবাপ্পে। কিন্তু ক্লাবটির হয়ে তার জেতা হয়নি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। স্বাভাবিকবাবেই একটা আক্ষেপ নিয়েই ফরাসি ক্লাবটি ছাড়ছেন এমবাপে।

সাত বছরে পিএসজির জার্সিতে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন এমবাপে। আগামী মৌসুমে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে পারে রেয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে এর আগে ফরাসি সুপার কাপ ও লিগ আঁ শিরোপা ঘরে তুলেছে পিএসজি।

ফাইনাল শুরুর আগে পিএসজি ও লিওঁ সমর্থকদের মধ্যকার সংঘর্ষে লিলের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, পিএসজির কমপক্ষে ২০০ এবং লিওঁর ১০০ জন সমর্থক সংঘর্ষে জড়িয়েছিলেন। এ ঘটনায় দুই দলের ২০ জন সমর্থক সামান্য আহত হয়েছে। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়।

গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ২৭

ভারতের গুজরাট রাজ্যের রাজকোট শহরের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেলের মতে, নিহতদের দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের পরিচয় নির্ণয় করা সম্ভব হচ্ছে না। গেমিং জোনের মালিকদেরকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।

পশ্চিম রাজকোটের আইনসভা সদস্য দর্শিতা শাহ বলেন, রাজকোটের ইতিহাসে এই প্রথম গেমিং জোনে আগুন লেগে এতগুলো মানুষ মারা গেলো। যতোজনকে পারা যায় উদ্ধার করাই হচ্ছে প্রধান লক্ষ্য। যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি খুবই মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সবধরণের সহায়তা করবে।

অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন গুজরাটের মূখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রোববার (২৬ মে) তার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

কানের স্বর্ণপাম জিতল আমেরিকার ‘আনোরা’

অবশেষে ফুরালো ১৪দিনের অপেক্ষার প্রহর। জানা গেলো প্রাচীন ও ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরের বিজয়ীদের নাম। এবারের উৎসবের সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছে আমেরিকান ছবি ‘আনোরা’। ছবিটি পরিচালনা করেছেন শন বেকার।

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

একে একে ঘোষণা করেন বিজয়ীদের নাম। সেরা ছবি ‘আনোরা’ ছাড়াও সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন মিগুয়েল গোমেস। ‘গ্র্যান্ড ট্যুর’ এর জন্য পুরস্কারটি জিতে নেন তিনি।

স্বর্ণপামের পরেই গ্রাঁ পিঁ পুরস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া হয়। এবারের আসরে পুরস্কারটি জিতে নিয়েছে ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন এজ লাইট’, ছবিটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া। এই পুরস্কারের মাধ্যমে কানের মঞ্চে ইতিহাস সৃষ্টি করলো কোনো ভারতীয় সিনেমা।

পায়েল কাপাডিয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এটি। এরআগে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১৯ সালে ১৫ তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেন পায়েল। সেবছর ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ‘এন্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং’ এর জন্য শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রর পুরস্কার পান তিনি।

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’। উৎসবে ‘এমিলিয়া পেরেজ’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন যথাক্রমে জো সালদানা, আদ্রিয়ানা পাজ, সেলেনা গোমেজ এবং কার্লা সোফিয়া। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জেসে প্লেমনস। উৎসবে ‘এমিলিয়া পেরেজ’ এর জন্য জুরি প্রাইজ পেয়েছেন জ্যাক অডিয়াঁর।

এছাড়া উৎসবের ৭৭তম আসরে চিত্রনাট্যের জন্য বিশেষ পুরস্কার দেয়া হলো ইরানী নির্মাতা মোহাম্মদ রসৌলফের ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’-কে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও এবার কানে ফিলিস্তিন-ইজরায়েল যুদ্ধের প্রভাব ছিল উৎসবের শুরু থেকে পুরোটা জুড়েই। এবছরের কানের মূল প্রতিযোগিতা বিভাগে ছিলো ২২টি ছবি।

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু রোববার

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু হচ্ছে রোববার (২৬ মে) থেকে। সদ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার ভালো কলেজে ভর্তি যুদ্ধে নামছেন। অন্যান্য বছরের মতো এবারও পুরো ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে।

তিন ধাপে আবেদন ভর্তি কার্যক্রম চলবে আগামী ১১ জুন পর্যন্ত। একাদশে ক্লাস শুরু হবে ১৫ জুলাই। চলতি বছর ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা।

গত ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা প্রকাশ করা হয়। এবারও নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না।

অনলাইনে আবেদন
অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা যাবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে এর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিত করা পর সে আরও দুই ধাপে মাইগ্রেশন করতে পারবে। তার পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে তার মাইগ্রেশন হবে।

যারা ম্যানুয়ালি আবেদন করবে
পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান অথবা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী অথবা খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করে দেবে।

বিভাগ পরিবর্তন
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

কারিগরিতে বৃত্তি পাবেন ৮০ হাজার শিক্ষার্থী
মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

আবেদনের যোগ্য যারা
২০২২ ও ২০২৪ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি অথবা সমমান পরীক্ষা পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে পাস করা শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি ফি
এবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবে। আর ঢাকা মেট্রোর বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ৬ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে।

জেলা পর্যায়ের বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো ৪ হাজার টাকা ফি নিতে পারবেন। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন ননএমপিও কলেজ ২৫০০ টাকা ও ইংরেজি ভার্সন ননএমপিও কলেজ ৩ হাজার টাকা ফি নিতে পারবে।

অপর দিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজগুলো ও ইংরেজি ভার্সনের এমপিওভুক্ত সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে।

জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ ২ হাজার টাকা ফি নিতে পারবেন। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ ১৫০০ টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ ১৫০০ টাকা ফি নিতে পারবে।

বরখাস্ত হয়ে যা বললেন জাভি

সবকিছু পাল্টে গেল হঠাৎ। বার্সেলোনার কোচ হিসেবে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু হুট করেই বার্সেলোনা ছাঁটাই করে দিল তাকে! এমন বিদায়ের প্রাক্কালেও দলের প্রতি ভালোবাসা জানিয়েছেন জাভি। বরখাস্ত হয়েও দিয়েছেন আবেগঘন বার্তা।

বার্সেলোনায় আর থাকছেন না জেনে ইনস্টাগ্রাম আবেগঘন একটি পোস্টে জাভি লিখেন, ‘প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে আমার পথচলার ইতি ঘটবে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়, কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি… আমি খুবই গর্বিত।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন, ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতোই একই রকম ভালোবাসা দিয়েছেন।’

জাভি আরও বলেন, ‘রোববার থেকে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব এবং সেটা অলিম্পিক স্টেডিয়ামে হোক ক্যাম্প ন্যুতে হোক। খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং জীবনে আমি এই ক্লাবটির কেবল সবচেয়ে ভালোটাই চাই।’

জাভির সঙ্গে চুক্তি নবায়ন করার পরও হঠাৎ তাকে ছাঁটাই করার পেছনে ক্লাবকে নিয়ে বিরূপ মন্তব্যই দায়ী বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ মে সাংবাদিকদের কাছে ক্লাবের ‘নাজুক আর্থিক অবস্থা’ নিয়ে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের খবর, এতেই নাকি কোচের ওপর চটে যান হুয়ান লাপোর্তা।

তবে কারও ওপরে ক্ষোভ নেই জাভির। সবাইকে ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সমর্থক, খেলোয়াড়, স্টাফ, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, গণমাধ্যম এবং সবাই, যাদের সঙ্গে আমি আড়াই মৌসুম ধরে এই পথচলা ভাগাভাগি করেছি। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা।’

টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা ক‌মি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।

শ‌নিবার (২৫ মে) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ মে) থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৯ হাজার ২৫৭ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

সম্মান রক্ষার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের সম্মান রক্ষার ম্যাচ।

শনিবার (২৫ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। গত ম্যাচে ব্যর্থ হওয়া জাকেরকে বাদ দিয়ে লিটনকে একাদশে ফিরিয়েছে টাইগাররা। এ ছাড়াও শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে হাসান মাহমুদ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের একাদশে এসেছে পরিবর্তন। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং আগের ম্যাচের নায়ক আলি খানসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের একাদশ: অ্যারন জোন্স , অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, শায়ান জাহাঙ্গীর।

বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে প্রায় দুই বছর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারির সমাপ্তি ঘটলেও তার জের এখনো শেষ হয়নি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলা এই মহামারির জেরে বিশ্বজুড়ে গড় আয়ু অন্তত ১৮ মাস হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার নিজেদের বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেখানে বলা হয়েছে, ১৮ মাস হ্রাস পাওয়ার কারণে বিশ্বে বর্তমানে মানুষর গড় আয়ু ৭১ বছর ৪ মাস। গড় আয়ু কমার পাশাপাশি এক বছর ৫ মাস হ্রাস পেয়েছে শারিরীকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়সসীমাও। ডব্লিউএইচওর তথ্য অনুসারে, বর্তমানে বিশ্বজুড়ে শারীরিকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়স নেমেছে ৬১ বছর ৯ মাসে।

এই হ্রাসের মধ্যে দিয়ে বিশ্ব আবার ফিরে গেছে ২০১২ সালে। ওই বছর বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস এবং গড় সুস্থ-সক্ষম থাকার বয়সসীমা ৬১ বছর ৯ মাস ছিল।

গত জানুয়ারিতে এ সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিশ্ববিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে। সেখানে বলা হয়েছিল, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে ১ বছর ৬ মাস।

বিশেষজ্ঞদের মতে, মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারি, তা বিগত ৫০ বছরে অন্য কোনো রোগের বেলায় ঘটেনি।

শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘গড় আয়ু হ্রাস পাওয়া এই তথ্য আমাদের বার্তা দিচ্ছে যে শিগগিরই আমাদের সদস্যরাষ্ট্রগুলোর একটি মহামারি নিরাপত্তা চুক্তিতে আসা উচিত। এমন একটি চুক্তি যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে, স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমতা নিশ্চিত করবে।’
খবর এএফপি