শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আফগানিস্তানে নৌকাডুবিতে ২০ জনের প্রাণহানি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে একটি নদী পার হওয়ার সময় নৌকা ডুবিতে শিশুসহ ২০ জন প্রাণ হারিয়েছে। শনিবার প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন বলেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের ‘মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার ওই নদীতে শনিবার সকাল ৭টায় নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে যায়।’

তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন প্রাণে বেঁচে গেছে। নৌকাডুবির কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

নানগারহার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানান, এ ঘটনায় কমপক্ষে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সেখানে নদীটির ওপর কোন সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা তা পার হতে নিয়মিত নৌকা ব্যবহার করে থাকে।
খবর এএফপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে : পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। তিনি বলেন, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে।

শুক্রবার (৩১ মে) খাগড়াছড়ি সদর কমলছড়ি ইউনিয়নে অবস্থিত স্থানীয় এনজিও পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয় পুনরায় চালু উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রফেসর বোধিসত্ব চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রুু চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, পাজেপ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সাবেক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি সুশিল জীবন ত্রিপুরা, নারী নেত্রী শেফালীকা ত্রিপুরা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মধুমঙ্গল চাকমা।

বাজি ধরে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার

বিভিন্ন ধরনের ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি ধরায় ইংল্যান্ড জাতীয় দল ও ডারহাম কাউন্টি ক্লাবের পেসার ব্রাইডন কার্সকে সব ধরনের ক্রিকেট থেকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে ১৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে।

২৮ বছর বয়সী এ পেসার ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন। সবশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে তাকে।

ইসিবির নতুন স্বাধীন সংস্থা ‘ক্রিকেট রেগুলেটর’-এর তদন্তের কার্সের বাজি ধরার বিষয়টি প্রমাণিত হয়েছে। কার্সও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ পর্যযন্ত বিভিন্ন ম্যাচে কার্স বাজি ধরলেও এসব ম্যাচের কোনোটিতেই খেলেননি তিনি। তবে পেশাদার ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফের সদস্যরা বাজি ধরতে পারবেন না, এ কারণেই দোষী সাব্যস্ত হয়েছেন ইংলিশ এই পেসার।

‘ক্রিকেট রেগুলেটর’ তাদের দেয়া বিবৃতিতে জানিয়েছে, ‘তদন্তের কাজে কার্স আমাদের সহযোগিতা করেছেন এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন।’ এদিকে বাজি ধরাইয় নিজের দায় নিয়ে কার্স বলেন, ‘বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি।’

একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে ফেরার প্রতাশার কথাও জানিয়েছেন কার্স। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারও খেলতে নেমে শোধ করব।’

‘অল আইজ অন রাফাহ’ স্লোগানে সরব বলিউড তারকারাও

রাফাহ শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলার প্রতিবাদ করেছেন বলিউড তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কথা বলেছেন।

এই তালিকায় রয়েছেন-কারিনা কাপুর খান, আলিয়া ভাট, প্রিয়াংকা চোপড়া, মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা ও সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ানসহ আরও অনেকে।

ইনস্টাগ্রামে চোখ রাখলেই এ মুহূর্তে দেখা মিলবে বিশেষ একটি বাক্য লেখা ছবির। অল্প সময়ের মধ্যেই ‘অল আইজ অন রাফাহ’ লেখা ছবিটি কার্যত উঠে এসেছে ট্রেন্ডিংয়ে। বাংলায় এর অর্থ দাঁড়ায়- সবার নজর রাফাহর দিকে। বলিউড তারকারাও ছবিটি শেয়ার করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন।

দুই দিন আগে রাফাহর একটি ক্যাম্পে বোমা হামলায় ৭৫-এর অধিক ফিলিস্তিনি জীবন্ত পুড়ে মারা যান এবং অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন কয়েক শতাধিক। এই হামলার নিন্দা জানিয়ে আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, পৃথিবীর সব শিশুরই নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। সবাই শান্তি পাওয়ার অধিকার রাখেন।

এছাড়া ইউনিসেফের শুভাচ্ছাদূত প্রিয়াংকা চোপড়াকে কখনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। এবার তিনিও এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্তর্জাতিক তারকা নিন্দা জানিয়েছেন

এইচএসসি পরীক্ষা ৩০ জুনই, পেছানোর খবর ভুয়া

আসন্ন এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটিকে ভুয়া আখ্যায়িত করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা।

শনিবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

পূর্বঘোষিত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাসারও।

উল্লেখ্য, গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌ সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ শনিবার (১ জুন) সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে জাতীয় (নিপসম) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া রাতকানা রোগ, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতেও সাহায্য করে।

এ সময় অবিভাবকদের স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান মন্ত্রী।

এর আগে বেলুন উড়িয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী। নিজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দেন। ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আজ। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই আয়োজনে যুক্ত আছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসি রাষ্ট্রদূতদের সংহতি অব্যাহত রাখার আহ্বান

নিউইয়র্কে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রচেষ্টায় ওআইসি রাষ্ট্রদূতদের সংহতি অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দফতরের ওআইসি সম্মেলনকক্ষে ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে রোহিঙ্গাদের পরিস্থিতি অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গাদের দুর্দশা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার পূর্ণ নাগরিক অধিকারসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনের প্রচেষ্টায় ওআইসি রাষ্ট্রদূতদের সংহতি অব্যাহত রাখার আহ্বান জানান।

ওআইসিভুক্ত দেশ সৌদি আরব, গাম্বিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, তুর্কি, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, ইন্দোনেশিয়ার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিরা সময়োপযোগী এ ব্রিফিংয়ের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা উদ্বাস্তু রোহিঙ্গাদের আশ্রয়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

চীন-হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ ঘোষণা দেন। খবর রয়টার্সের

হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

আদালতের রায়ে ওই ১৪ জন কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছে ওয়াশিংটন।

শুক্রবার এক বিবৃতিতে ম্যাথু মিলার বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। অথচ হংকংয়ের আইনের আওতায় তাদের এ ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।

এরপর মিলারবলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, হংকংয়ের উচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ওই ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দুজনকে খালাস দেওয়া হয়।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ৩৫৫০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ৪১ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শনিবার (০১ মে) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রুজু হয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

বিশ্বকাপ শুরুর সময়ের হিসাবটা এখন আর দিনে নেই। নেমে এসেছে ঘণ্টায়। ২৪ ঘণ্টা পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

বাংলাদেশ সময় রোববার সকালে টেক্সাসে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে টেক্সাস থেকে ৩ হাজার ২৩৯ মাইল দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। যেখানে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে উইন্ডিজ।

এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে। আর ম্যাচ শুরু হওয়ার আধাঘণ্টা আগ পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।

অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো হবে নাকি সাদামাটা সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে যে পোস্টার দেখা যাচ্ছে তাতে কয়েকজন ডিজের গান গাওয়া ছাড়া আর কিছুই সম্ভবত হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠান কবে:

বাংলাদেশ সময় ২ জুন রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

কোথায়:

দক্ষিণ আমেরিকার ক্যারিয়ান অঞ্চলের গায়ানায়।

কারা পারফর্ম করবেন:

উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও কারা কারা পারফর্ম করবেন সেটা জানা গেছে। উইন্ডিজের ম্যাচের আগে পারফর্ম করবেন একাধিক ডিজে। তাদের মধ্যে ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রা।

উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখা যাবে:

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যাবে।

বিশেষ করে— স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস।

এছাড়া আইসিসি.টিভিতেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।