শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের প্রথম আসরেই ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ভারতের কাছে মাত্র ৫ রানে হেরে সে আসরে শিরোপা খুইয়েছে পাকিস্তানিরা। তবে দ্বিতীয় আসরে আর ব্যর্থ হয়নি তৎকালিন ইউনুস খানের দল। শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এরপরই শুরু হয় পাকিস্তানের দুর্দিন। ১৫ বছরে আরও ৬টি আসর খেললেও ২০০৯ সালের সেই প্রথমকে আর দ্বিতীয়তে রূপ দিতে পারেনি পাকিস্তান। সর্বশেষ আসর ২০২২ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে শিরোপাবঞ্চিত হয়েছে বাবর আজমের দল। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কেবল একটি শিরোপা, ২০০৯ সালে।

আজ বৃহস্পতিবার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে পাকিস্তান। প্রতিপক্ষ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।

এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। কারণ বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তারা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার ১৯৪ রান টপকে ৭ উইকেটের জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। আবার দুই দলই জয়ের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে।

অপরদিকে বিশ্বকাপে আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। এখন জয়ে ফেরাই তাদের প্রধান লক্ষ্য। যদিও এবারের বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচও খেলেনি বাবর আজমের দল। এমনকি বৃষ্টির কারণে খেলা মাঠে অনুশীলনও করতে পারেনি তারা। তবে ইনডোরে দুই সেশনের অনুশীলন সম্পন্ন করেছে পাকিস্তান।

আজ রাত সাড়ে ৯টার (বাংলাদেশ সময়) ম্যাচে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে পাবে না পাকিস্তান। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না অবসর ভেঙে দলে ফেরা এই ক্রিকেটার।

পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করবেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কারণ, গেল কয়েকমাসে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে আসলে কোনো ভালো ফলাফল দেখতে পায়নি পাকিস্তান। ওপেনিংয়ে খেলানো হয়েেছিল সাইম আইয়ুব, আজম খান ও শাদাব খানকে। তারা কেউই প্রত্যাশার কোনোকিছুই পূরণ করতে পারেননি। যে কারণে বাবর-রিজওয়ান জুটিতেই আস্থা রাখছে পাকিস্তান।

পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে উগান্ডার ইতিহাস

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছে উগান্ডা। আইসিসির প্রথম সহযোগী সদস্য দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে তারা। নিউগিনিকে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। এর আগে কোনো সহযোগী সদস্য দেশ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে জয়ের রেকর্ড গড়তে পারেনি।

আজ বৃহস্পতিবার সকালে (বাংলাদেশ সময়) যে নতুন ইতিহাস লেখা হবে সেটি আগে থেকেই জানা ছিল। কারণ, এই ম্যাচে অংশ নেওয়া দুই দলই আইসিসির সহযোগী সদস্য। যে দলই জিতুক, তাতেই ইতিহাস হবে। পাপুয়া নিউগিনি জিতলেও একই ধরনের ইতিহাস হতো। তবে শেষ পর্যন্ত সফল হয়েছে উগান্ডা।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানে অলআউট হয় নিউগিনি। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। ১২ রান করে নেন লেগা সিয়াকা ও উইকেটরক্ষক ব্যাটার কাপলিন ডোরিগ। আর কেউ ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। এরপর ৩৫ রানের জুটি করেন রিয়াজাত আলি শাহ ও জুমা মিয়াজি। ৫৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রিয়াজাত। রানআউট হওয়ার আগে মিয়াজি করেন ১৩ রান। বাকিদের আর কেউ ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

উগান্ডার হয়ে দুটি করে উইকেট শিকার করেন আলপেশ রমজানি, কসমাস কায়উটা, জুমা মিয়াজি ও ফ্রাঙ্ক এনসুবুগা। নিউগিনির হয়ে ২টি করে উইকেট নেন অ্যালেই নাও এবং নরমান ভানুয়া।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২২ জন গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ২৭টি ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ১৯ কেজি ২০১ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

চলতি অর্থবছরের বাজেট পেশ করতে সংসদে অর্থমন্ত্রী

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফকেস নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেট কমিয়ে দিয়েছি শুধু শুধু বেশি দিয়ে লাভ নাই। আমরা চেষ্টা করছি যতোটুকু সম্ভব ভালো করার। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চাই।

এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পাস হলে এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

চলতি বছর প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। বড় অঙ্কের এ বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৫ লাখ কোটি টাকা। আর ব্যয়ের যোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেয়া হতে পারে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হাজার কোটি টাকা বেশি।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি, সরকার গঠন করবে তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে শনিবার, ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। শেখ হাসিনা শুক্রবার দিল্লি যাবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপে নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে নরেন্দ্র মোদি ও এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী।

ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক। আপনার বিজয় ভারতের জনগণের, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ, ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে। আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম।

নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেখ হাসিনার ওই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন।

এক্স বার্তায় মোদি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি আসন পেয়েছে। ২০১৪ সালে দলটি পেয়েছিল ২৮২টি আসন এবং ২০১৯ সালে ৩০৩ টি আসন জিতেছিল মোদির দল।

সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২টি আসনে জিততে হয়। এক্ষেত্রে মোদির দল এককভাবে সরকার গঠন করতে পারছে না। এর জন্য জোটের ওপরই নির্ভর করতে হবে মোদিকে।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে আরও ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বুধবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৮শ ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৫ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৯৮৪ জন। এর মধ্যে এক হাজার ৮০৫ জন পুরুষ এবং এক হাজার ১৭৯ জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং জন ১৯ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার কারণ খতিয়ে দেখছে সরকার: প্রধানমন্ত্রী

১৪টি দেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন সমস্যা হয়েছে- তা সরকার খতিয়ে দেখছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ জুন) জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে বিরোধীদলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংসদীয় আসন শূন্য ঘোষণা না হওয়ায় ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিমের শোক প্রস্তাব সংসদে উপস্থাপন হয়নি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বসে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। বৈঠকের শুরুতে তিনজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার শিরীন শারমিন। বহুল আলোচিত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের সংসদীয় আসন শূন্য ঘোষণা না হওয়ায় শোক প্রস্তাবে ছিল না তার নাম।

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদের বুধবারের অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য। সরকারি এবং বিরোধী ও সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিরোধীদলের চিফ হয়ে মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, মালয়েশিয়া যেতে বাংলাদেশের কর্মীদের কেন সমস্যা হয়েছে তা তদন্ত হচ্ছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে সরকার।

দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠকের শুরুতে প্যানেল স্পিকারের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে শেষ হয়েছে। এই ধাপে ২৬ জেলার ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ৬০ উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করব না।

সিইসি জানান, ভোট চলাকালে নানা অনিয়মের দায়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অনিয়মের অভিযোগে ভৈরবের একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। আর সহিংসতায় ৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, উপজেলায় নির্বাচন আয়োজনে এবার চার ধাপে ভোটগ্রহণের জন্য তফসিল দেয় ইসি। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপের ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রীমঙ্গলে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করলেন কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।

প্রসঙ্গত: শ্রীমঙ্গল পৌর এলাকায় ১৫টি স্কিমে জনপ্রতি ১০ হাজার টাকা করে ১৫ জনকে দেড় লাখ টাকা এবং কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে ১০টি স্কিমে ১০ হাজার করে ১ লাখ টাকা তাদের হাতে তুলে দেন।

যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে এইচএসসি পরীক্ষা পরে হবে: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এরই মধ্যে ৮টি বোর্ডের প্রশ্নপত্রের ট্রাংক পৌঁছে গেছে। ৩টিতে বাকি আছে। যথাসময়ে পৌঁছানো হবে। চলতি বছর ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী বেড়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বা ডিভাইস নিতে পারবে না কেন্দ্রে। ওই কর্মকর্তার ফোন হবে ফিচার ফোন। আর পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন এবং এ-সম্পর্কিত সুবিধাসম্পন্ন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ থাকবে।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

রুটিন অনুযায়ী, অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩০ জুন প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে।