শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

৩ লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি

সৌদি আরব শনিবার বলেছে, নিরাপত্তা বাহিনী পরের সপ্তাহে হজ শুরুর আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি অনিবন্ধিত হজযাত্রীকে সরিয়ে দিয়েছে।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এই বার্ষিক হজ অনুষ্ঠানের সময় ভিড় ব্যবস্থাপনা একটি প্রধান উদ্বেগের বিষয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ পালন করেছেন।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১৫৩,৯৯৮ জন বিদেশিকে সরিয়ে নেয়া হয়েছে, এসব বিদেশি প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।

এ ছাড়া সৌদি কর্তৃপক্ষ আরও ১৭১,৫৮৭ জনকে আটক করেছে যারা সৌদি আরবে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিট নেই।

১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে, সামর্থবান প্রত্যেক মুসলমানের অবশ্যই জীবনে একবার হজ্জ পালনের বিধান রয়েছে।

এটি সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে অন্তত চার দিন ধরে সম্পন্ন করা একটি ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক আচার-অনুষ্ঠান।

অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় কারণ আনুষ্ঠানিক পারমিট এবং ভ্রমণ প্যাকেজগুলো অত্যন্ত ব্যয়বহুল। এ ছাড়া প্রতিটি দেশের হজযাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে।

মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

সারাদেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান ৪৬১৩টি : শিক্ষামন্ত্রী

বর্তমানে সারাদেশে ৪ হাজার ৬১৩টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ রোববার সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সারাদেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে। চলতি অর্থবছরের আর এক মাসেরও কম সময় অবশিষ্ট রয়েছে। এই স্বল্প সময়ে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।’

সরকারি দলের অপর সদস্য সিদ্দিকুর রহমান পটোয়ারীর তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা প্রাপ্তিতে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে। এ খাতে পর্যাপ্ত অর্থসংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে অবসর উত্তরকালে শিক্ষকদের প্রাপ্য অর্থ যেন দ্রুততম সময়ে পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সমস্যার উত্তরণে কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।’

সংসদীয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্রের সর্বোচ্চ প্রতীক : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিমিত্তে সর্বোচ্চ আইন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান লাখো শহীদের রক্তে ভেজা দলিল। সাংবিধানিকভাবে গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার জন্য আদর্শ শাসনব্যবস্থা। সংসদীয় শাসনব্যবস্থা হল গণতন্ত্রের সর্বোচ্চ প্রতীক।

শনিবার রাজধানী ঢাকার সুপ্রীমকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ সুপ্রীমকোর্ট কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুডিশিয়ারি এক্রোস দ্য বর্ডারর্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. এনায়েতুর রহিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নেপালের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বম্ভর পিডি শ্রেষ্ঠ।

ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানবাধিকার চর্চার মাধ্যমে সাংবিধানিক কাঠামো দৃঢ় হয়ে থাকে।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পরপরই স্বাধীন দেশের জন্য একটি সংবিধান রচনায় নিজেকে ব্যাপৃত করেন। মাত্র ৯ মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য প্রণয়ন করেন যেটি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুণঃপ্রতিষ্ঠা সম্ভব হয়।

তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম একটি অঙ্গ হলো বিচারবিভাগ। নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসনব্যবস্থার মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগের জবাবদিহিতার মধ্যকার ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় ম্পিকারকে বিচার বিভাগের পক্ষ থেকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি এসময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং আমন্ত্রিত অতিথিদের সাথে একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে ভুটানের হাইকোর্টের বিচারপতি লোবজাং রিনজিন ইয়ার্গে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার আজমালুল হোসেন এবং এটর্নি জেনারেল আবু মো. আমিন উদ্দিন আলোচনায় অংশগ্রহণ করেন।

এ সময় আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সাবেক প্রধান বিচারপতিগণ, আপিল বিভাগের সাবেক বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক, আইনজীবীবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৮ জুন) ভোর ৬টা থেকে রোববার (৯ জুন) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৮৫ ইয়াবা, ১২৬ গ্রাম হেরোইন, ৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

সৌদি আরব পৌঁছেছেন ৭২৪১৫ জন হজযাত্রী

পবিত্র হজ পালন করতে সৌদি আরব (৯ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত) পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ জন হজযাত্রী। মোট ১৮৫টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৭ হাজার ৮৬৫ জন।

রোববার (৯ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৮৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি, সৌদি এয়ারলাইনসের ৬২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৮৭ দশমিক ৫ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৮৭ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন।
বিজ্ঞাপন

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন।

সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ৮ হাজার জনের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা যাবে। এছাড়াও নেতারা রাষ্ট্রপতি শ্রীমতি আয়োজিত ভোজসভায় যোগ নেবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি ভবন এবং বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিল্লিকে বহু স্তর বিশিষ্ট কড়া নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রায় দেড় ঘণ্টা আকাশে ওড়ার পর শনিবার (৮ জুন) সকাল ১১টা ৫১ মিনিটে (স্থানীয় সময়) পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে।

পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা আগামীকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

শেখ হাসিনা আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেন।

সোমবার বিকাল ৫টায় (নয়া দিল্লির সময়) প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করার এবং ওই দিন রাত ৮টায় (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছার কথা রয়েছে।

এর আগে বুধবার টেলিফোনে আলাপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং শেখ হাসিনা তা গ্রহণ করেন।

ফের ক্যাটরিনার মা হওয়া নিয়ে গুঞ্জন

স্বামী-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়ে সদ্য মুম্বাইতে ফিরলেন ক্যাটরিনা কাইফ। শনিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা তার মা হতে চলা নিয়ে তুলল প্রশ্ন! খবর হিন্দুস্তান টাইমসের।

ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কালো কোটের নিচে কালো শার্ট ও ট্রাউজার পরে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা। তিনি পায়ে স্নিকার্স এবং গাঢ় রঙের সানগ্লাস পরেছিলেন। অভিনেতাকে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসতে দেখা গেল। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন তিনি।

ভিডিওটি দেখে এক ভক্ত মন্তব্য করলেন, ‘খুব সুন্দর, মার্জিত এবং উত্কৃষ্ট দেখাচ্ছে। সে জ্বলজ্বল করছে।’ অপর একজন লিখেছেন, ‘উনি কি আদৌ গর্ভবতী?’ তৃতীয়জনের মন্তব্য, ‘বেবি বাম্প গায়েব হয়ে গেল তো!’ চতুর্থজন লেখেন, ‘ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নয়। কত গুজব আর রিপোর্ট ছড়িয়ে পড়ল!’

কয়েক সপ্তাহ আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর সময় ‘শিলা কি জাওয়ানি’ অভিনেত্রীর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। যা দেখে একাংশ মানুষ দাবি করেছিলেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। পরে তার সংস্থা রেইনড্রপ মিডিয়া একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, ‘সমস্ত মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং জল্পনা বন্ধ করার জন্য অনুরোধ করছি।’

হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরোধী ‘রেড লাইন’ বিক্ষোভ

হোয়াইট হাউসের কাছে শনিবার হাজার হাজার লোক গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ‘রেড লাইন’ বিক্ষোভ করেছে।

তারা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলির বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনীদের নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করছিল।

এদিকে ইসরায়েল গাজা যুদ্ধে দ্বিমুখো নীতির জন্যে সমালোচিত হচ্ছেন বাইডেন।

গত মে মাসে হোয়াইট হাউস বলেছিল, রাফায় ইসরায়েলি হামলা ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেনি।এর দুই মাস আগে বাইডেন রাফায় ‘রেড লাইন’ অতিক্রম না করতে ইসায়েলকে সতর্ক করেছিল।

ভার্জিনিয়ার ২৫ বছর বয়সী বিক্ষোভকারী জায়েদ মাহদাবি বলেছেন, ‘আমি বাইডেনের কোন কথাই আর বিশ্বাস করি না। বাইডেনের রেড লাইনের বিষয়টি তার ভন্ডামি ও কাপুরুষতা।’

নার্সিং সহকারী তালা ম্যাককিনি(২৫) বলেছেন, ‘আমরা সবাই আশা করি এটি শিগগীরই বন্ধ হয়ে যাবে। তবে স্পষ্টত আমাদ্রে প্রেসিডেন্ট দেশের সাথে যেসব কথা বলেছেন তা মনে চলছেন না। এটা আপত্তিজনক।’

বিক্ষোভে অংশ নেয়া সকলেই প্রায় লাল পোশাক পরেছিল। তাদের হাতে ছিল ফিলিস্তিনী পতাকা। তারা বলছিল, ‘বাইডেনের রেড লাইন মিথ্যা’ এবং শিশুদের ওপর বোমা হামলা চালানো আত্মরক্ষা নয়।’

এদিকে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর পাঁচ মাস বাকী। নির্বাচনে বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন। মুসলিম ও তরুণ ভোটারদের কারণে চাপে রয়েছেন বাইডেন।

তাই এবারের মার্কিন নির্বাচনকে গণতন্ত্রের অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ম্যাককিনি বলেন, ‘এটি খুবই হতাশাজনক যে আমাদের এমন একজন প্রেসিডেন্ট যিনি কথা রাখেন না। আমি তৃতীয় পক্ষকে ভোট দেব।’

রাশিয়ার নিয়ন্ত্রিত দুই অঞ্চলে ইউক্রেনের হামলা : নিহত ২৬

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক ও খেরসন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক মানুষ। এর মধ্যে খেরসন অঞ্চলে হামলায় ২২ জন ও লুগানস্ক অঞ্চলে হামলায় ৪ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (৮ জুন) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রুশ-নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খেরসন অঞ্চলে ইউক্রেনের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ।

খেরসনের রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, হামলায় দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। এ সময় সেখানে অনেক দর্শনার্থী এবং কর্মচারী ছিলেন। পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হিমারস ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট ২২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে শুক্রবার লুগানস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানান, লুগানস্কের পূর্ব অঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং আরও ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

মস্কো-সমর্থিত অঞ্চলের সরকার টেলিগ্রামে বলেছে, হামলার পর সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়ে। নিহত চারজনই বেসামরিক ব্যক্তি। তাদের মরদেহ মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে।

প্রতারণায় জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ বছর যেসব এজেন্সি হজযাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে বা ভোগান্তিতে ফেলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (৮ জুন) সকাল ৯টার দিকে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা পরিদর্শনে যাওয়ার আগে রাজধানীর বিমানবন্দরের আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে কয়েকটি ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনার জন্য তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় আমরা কিন্তু কোনো ভোগান্তি পাইনি। যখন ভোগান্তির কথা বলা হচ্ছে, তখন বাংলাদেশের ৮৫ শতাংশ ভিসা সম্পন্ন হয়ে গেছে। এদিকে ভারত, পাকিস্তান ইন্দোনেশিয়া, তাদের ভিসা সম্পন্ন হওয়ার হার ছিল ৪৯ শতাংশ, ৫১ শতাংশ ও ৫৯ শতাংশ। কিন্তু বাংলাদেশের হার ছিল ৬০ শতাংশ। অন্যান্য দেশের ভিসা বন্ধ হলেও বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি।

এবার হজ ব্যবস্থাপনায় যেসব এজেন্সি ও ব্যাংক হজ যাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন মন্ত্রী।

কবে নাগাদ ট্রাভেল এজেন্সি ও ব্যাংকের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে হজযাত্রীরা নির্বিঘ্নে হজ পালনে যেতে পারবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এবার হজ ব্যবস্থাপনায় ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের ভোগান্তিতে পরার যে অভিযোগ উঠেছে, সেটি সঠিক ছিল। গতবছর দুই জায়গাতে সমস্যা হয়েছিল, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা সমাধান করেছিলাম। শেষের দিকে এসে একটি ব্যাংকে প্রবলেম (সমস্যা) হওয়া সত্ত্বেও আমরা এক দিনের মধ্যে তা সমাধান করেছি।

তিনি বলেন, যেসব ব্যাংক হজযাত্রীদের ভোগান্তি সৃষ্টি করেছে সেসব ব্যাংক ও এজেন্সির তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। যার অপরাধ যতটুকু তার শাস্তিও ততটুকু হবে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, এখন পর্যন্ত ৭০ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছে গেছেন। বাকি ১৫ হাজার হজযাত্রী ১২ জুনের মধ্যে পৌঁছে যাবেন। এ সময় সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী।

পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে ও শেষ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।