শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবের মক্কা নগরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের হজে ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা।

আজ আরবি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাসের ৮ তারিখ। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করছেন। আর বাংলাদেশ থেকে হজ পালন করছেন ৮৫ হাজার ২৫৭ জন।

আজ শুক্রবার (১৪ জুন) মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মিনায় অবস্থান করা সুন্নত। তাই হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার (১৮ জুন) শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম।

হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজযাত্রীকে বৃহস্পতিবার রাতেই মিনায় নেওয়া শুরু করেন মুয়াল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা হন হাজিরা। মিনায় গিয়ে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।

প্রথমবারের মতো ৫০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

এরপর ৯ জিলহজ সকাল থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করবেন হাজিরা। এদিন দুপুর থেকে সুর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। মূলত এদিনকেই হজের দিন বলা হয়। দিনটি ইয়াওমুল আরাফা হিসাবেও পরিচিত। এরপর হাজিরা আরাফার ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন এবং পাথর সংগ্রহ করবেন।

হাজিরা ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে যাবেন। সেখানে তারা বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন করবেন এবং ইহরামের কাপর খুলবেন। এরপর তারা কাবা তাওয়াফ করতে মক্কায় যাবেন। এরপর হাজিরা আবার মিনায় ফিরে ১১ এবং ১২ জিলহজ অবস্থান করবেন। এ সময় প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা।

এবার আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। একইসঙ্গে তিনি মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন। এবারই প্রথম হজের খুতবা বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করা হবে। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

সাকিব-তামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও হারতে হয়েছে। তবে টিকে আছে সুপার এইটের সম্ভাবনা। এজন্য হারাতে হবে নেদারল্যান্ডসকে। তাহলেই পরের পর্বে ওঠার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এমন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ডাচ অধিনায়ক। আগে ব্যাট করতে নেমে শান্ত-লিটনের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সাকিবের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও তানজিদ হাসান তামিম। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার। ডাচদের বিপক্ষে প্রথম ওভারে মাত্র ৩ রান তোলে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে নিজের রানের খাতা খোলেন নাজমুল হোসেন শান্ত।

এরপরের ওভারে আর দুই বল খেললেন, রান যোগ করতে পারেননি একটিও। উল্টো বাজে ভাবে রিভার্স সুইপ করে ফার্স্ট স্লিপে বিক্রমজিৎ সিংকে ক্যাচ দেন শান্ত। প্যাভিলিয়নে যাবার আগে ৩ বল খেলে ১ রান করেন তিনি। আগের দুই ম্যাচের মতো আজও ব্যাট হাতে ব্যার্থ টাইগার অধিনায়ক।

শান্তর বিদায়ে উইকেটে আসেন লিটন কুমার দাস। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তামিম। ইনিংসের তৃতীয় ওভারে দুই চার ও এক ছয়ে আঠেরো রান নেন তানজিদ। চতুর্থ ওভারে শুরুর বলেই আরিয়ান দত্তকে সুইপ শট করেন লিটন। স্কয়ার লেগ অঞ্চলে উড়তে যাওয়া বলে অসাধারণ ক্যাচ নেন সাইব্রান্ড এংগেলব্রেচট। তাতে ২ বলে ১ রান করে প্যাভিলয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর ক্রিজে আসা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ তামিম। ডাচ বোলারদের ওপর চড়াও হন সাকিব। তাতে পাওয়ার প্লেতে উড়ন্ত শুরু পায় টাইগাররা। এই দুই ব্যাটারে ৩২ বলে ৪৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ৭১ রানে তামিম আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে যাবার আগে ২৬ বলে ৩৫ রান করেন তিনি। এরপর বাইশগজে ব্যাট হাতে আসেন তাওহীদ হৃদয়।

তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাকিব। তবে দলীয় ৮৯ রানে হৃদয় আউট হলে ভাঙে এই জুটি। যাবার আগে ৯ রান করেন তিনি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সাকিব। একই সঙ্গে নিজের অর্ধশতকও তুলে নেন টাইগার অলরাউন্ডার। এই দুই ব্যাটারে ৪১ রানের জুটি গড়েন। কিন্তু উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যার্থ হন রিয়াদ। দলীয় ১৩০ রানে ২১ বলে ২৫ করে আউট হন রিয়াদ।

শেষ দিকে জাকের আলীর অপরাজিত ১৪ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৬৪ রানে অপরাজিত থাকেন সাকিব। নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন আরিয়ান দত্ত ও পল ফন মিকিরেন।

মস্কো একচেঞ্জে ডলার–ইউরোর লেনদেন বন্ধ

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার এবার তাৎক্ষণিক জবাব দিয়েছে রাশিয়া। শেয়ার, মুদ্রা ও পণ্য কেনাবেচার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মস্কো এক্সচেঞ্জে ডলার ও ইউরোতে লেনদেন নিষিদ্ধ করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এখবর দিয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের সরবরাহ বিচ্ছিন্ন করার পদক্ষেপ হিসেবে গতকাল বুধবার নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ছুটির দিন হলেও ঘন্টাখানেকের মধ্যে পাল্টা পদক্ষেপ নেয় রাশিয়া। মস্কো এক্সচেঞ্জ ও কেন্দ্রীয় ব্যাংক এবিষয়ে বিবৃতি দেয়।

বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ থেকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসহ মস্কো এক্সচেঞ্জ গ্রুপের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি দেশটির সমন্বিত লেনদেনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এর মধ্যে পুঁজিবাজার, ফরেক্স এক্সচেঞ্জ ও কমোডিটি এক্সচেঞ্জ অন্তর্ভুক্ত। সে কারণে মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার ও ইউরোভিত্তিক সম্পদের লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে।

সোভিয়েত আমলে মুদ্রা লেনদেনে কালোবাজারের ব্যাপক প্রভাব ছিল। রাষ্ট্রের আনুষ্ঠানিক বিনিময় হারের সঙ্গে ওই বাজারের দামে আকাশ–পাতাল পার্থক্য থাকত।

সোভিয়েত ইউনিয়নের পতনের পরের তিন দশকে রুশ মুদ্রা রুবলের বহু অবমূল্যায়ন হয়েছে। রুশরা পশ্চিমা মুদ্রায় তাঁদের অর্থ সঞ্চয় করেন। তাই রাশিয়ায় বৈদেশিক মুদ্রার লেনদেনকে টার্গেট করে কোনো পদক্ষেপ নেওয়া হলে পুরো রুশ সমাজে ভীতি ছড়ায়।

সেকারণে নতুন করে নিষেধাজ্ঞার পরপরই পরিস্থিতি শান্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো কোম্পানি বা ব্যক্তি রাশিয়ার ব্যাংকের মাধ্যমে মার্কিন ডলার ও ইউরো কিনতে বা বিক্রি করতে পারবেন। নিজ হিসাবে কারও ডলার থাকলে তা নিরাপদ থাকবে।’

মস্কো এক্সচেঞ্জের আওতার বাইরের যেকোনো উপায়ে ডলার ও ইউরো কেনাবেচা করতে পারবেন। তবে এতে করে দামের বেশি হেরফের হতে পারে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বেশির ভাগ রুশ কোম্পানি ও ব্যাংক ইতিমধ্যেই পশ্চিমা মুদ্রার ওপর নির্ভরশীলতা কমিয়েছে। মস্কো এক্সচেঞ্জে এখন যত বিদেশি মুদ্রার লেনদেন হয়, তার বেশির ভাগই চীনা মুদ্রা ইউয়ান।

এবার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সোশ্যাল মিডিয়া ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ফুড ভ্লগিংয়ের মাধ্যমে আলোচনায় উঠে আসা ব্যক্তি ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’-এর বিরেুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে নানা ধরনের আলোচনা ও চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাতকরণের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রাফসানের বিরুদ্ধে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় এর আগে এক আবেদন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন। তিনি আবেদনে বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না, এটি ওষুধ নাকি পানীয়। আর তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস (BLU) তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চলতি বছরের ১৪ মে বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। একইসঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের ৫, ৬ ও ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ এবং টারবো, এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে ব্যাখ্যা দেয়।

এর আগে ওই দিন সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, এগুলোর একটিরও অনুমোদন নেই।

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে সিদ্ধান্ত ঈদের পর : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয় শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত পবিত্র ঈদুল আজহার পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যে বন্ধ পূর্বে ছিল, সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা ক্যালেন্ডারের (শিক্ষাবর্ষের) হিসাব নিয়েছি।

তিনি বলেন, বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত হয়েছে, প্রায় চারশর মতো। সেখানে কিন্তু সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো শনিবার খোলা রাখতে হতে পারে। আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেগুলোতেও বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য জায়গায় পূর্বের মতো বহাল হাল রাখতে পারি, তার ওয়ার্ক-আউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব। তবে এ মুহূর্তে যেটা মনে হচ্ছে, বন্ধ রাখাটা (শনিবার) সম্ভব হবে।

কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য বিশেষ সেল গঠন করার পরামর্শ দিয়ে মহিবুল হাসান বলেন, কওমি মাদ্রাসার সন্তানেরাও আমাদের সন্তান, তারাও এ দেশের নাগরিক। রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয়। আমি বলব তাদের (শিক্ষার্থীদের) কাউন্সেলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে বলতে চাই— আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, তারাও যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানে যে চার মূলনীতি, সেগুলোর বিষয়ে তাদের কাউন্সেলিং করান।

সংসদের বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জাতীয় সংসদের অফিস কক্ষে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধীদলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে তার কাছেও ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২।

সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

জানা গেছে, ওয়াহিদা রহমানকে বিদেশ ভ্রমণে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চারটি মোবাইল কোম্পানিকে ১৫২ কোটি টাকা সুদ ছাড়ের অভিযোগ রয়েছে।

শুনানিতে অংশ নেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এর আগে গত ১১ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (মূসক) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে চারটি মোবাইল ফোন কোম্পানির ১৫২ কোটি টাকার ভ্যাটসংক্রান্ত সুদ মওকুফের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

শাহরুখের চেয়েও পারিশ্রমিক বেশি পেয়েছিলেন ফারহা খান!

বলিউডের ‘কিং’ খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। ১৯৯২ সালে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়। মুখ্য নায়কের চরিত্রে ছিলেন ঋষি কাপুর। কিন্তু প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন শাহরুখ।
যদিও তখন কেউ আন্দাজ করেননি, সেই অভিনেতাই আজ টিনসেল টাউনের শিখরে থাকবেন। বিশ্বজুড়ে শাহরুখের ভক্ত অনুরাগীর ছড়িয়ে রয়েছে।

‘দিওয়ানা’ ছবিটি প্রথমে মুক্তি পেলেও তার আগেই অন্য একটি ছবির কাজ হাতে নিয়েছিলেন শাহরুখ। সেই ছবির নাম ‘কভি হাঁ কভি না’। এই ছবির চুক্তিতেই প্রথম সই করেছিলেন বলি তারকা। পরিচালক ছিলেন কুন্দন শাহ।

‘কভি হাঁ কভি না’ ছবির গানগুলির কোরিয়োগ্রাফি করেছিলেন ফারহা খান। শাহরুখ নাকি ফারহার থেকে বেশ অনেকটাই কম পারিশ্রমিক পেয়েছিলেন সেই ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক তথা কোরিয়োগ্রাফার ফারহা। সেখানেই গর্বের সঙ্গে তিনি বলেন যে, শাহরুখের থেকেও অনেক বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

সেই সাক্ষাৎকারে ফারহা বলেছিলেন, ‘‘ওই ছবির বাজেট খুব কম ছিল। মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শাহরুখ। কিন্তু ওই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলাম আমি। প্রতিটি গানের জন্য আমি পাঁচ হাজার টাকা করে পেয়েছিলাম। ছ’টি গানের কোরিয়োগ্রাফি করেছিলাম আমি। মোট ৩০ হাজার টাকা পেয়েছিলাম। আমাদের একজন সহকারী রাখারও ক্ষমতা ছিল না। ’’

এই ছবির সময় থেকে শাহরুখ ও ফারহার বন্ধুত্ব। এরপরে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন দু’জনে। ফারহার প্রথম পরিচালিত ছবি ‘ম্যায় হুঁ না’। সেই ছবিতেও নায়কের চরিত্রে ছিলেন শাহরুখই। এর পরে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-ফারহা।

সরকারি চাকরিজীবীরা ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (১৩ জুন)। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।

শুক্রবার (১৪) থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি। ছুটি কাটিয়ে বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি।

দেশে কোরবানির ঈদ ১৭ জুন (সোমবার) উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন (১০, ১১ ও ১২ জিলহজ)।

ঈদের ছুটিকে কেন্দ্র করে এরইমধ্যে বাস, ট্রেন এবং লঞ্চে করে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাটও। বাড়ি ফেরা, পশুর হাট এবং শেষ কর্ম দিবস ঘিরে সড়কে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে।

আগামী ১৫ জুন পর্দা উঠবে ইউরো কাপ

ক্রিকেট উন্মাদনার মাঝেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ সময়। ফের মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৫ জুন পর্দা উঠবে উয়েফা ইউরো কাপ ২০২৪-এর। এবারের আসরের আয়োজক জার্মানি। ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এবারই বড় কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দেশটি।

আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে শেষ ষোলোতে। এরপর গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট বিবেচনায় আরও চারটি সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডে খেলার।

শক্তিমত্তা বিবেচনায় এবারের আসরে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষকরা। দুর্দান্ত ছন্দে থাকা সাউথগেটের দলটি সবশেষ আসরে ফাইনাল খেলেছিল। সেবার পেনাল্টি শুটআউটে হারলেও, এবার জুড বেলিংহাম, হ্যারি কেনদের ফেভারিট হিসেবেই দেখছেন অনেকেই।

এ ছাড়া তালিকায় আছে স্বাগতিক জার্মানির নাম। সবশেষ ইউরো ও বিশ্বকাপে দলটি ভক্তদের হতাশ করলেও ঘরের মাঠে দলটি বেশ কঠিন প্রতিপক্ষ হবে। যেখানে দলটিতে ফিরেছেন টনি ক্রুসের মত অভিজ্ঞ ফুটবলার।

তবে এই তালিকায় সবথেকে হট ফেভারিট দল, সবশেষ বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। তারুণ্য নির্ভর দলটিতে এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে ও কামাভিঙ্গার মতো ফুটবলার থাকায়, দলটিতে আলাদা নজর থাকবে সবার। এ ছাড়া চোখ থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ক্রোয়েশিয়ার দিকেও।

আসরে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি স্টেডিয়ামে। যেখানে মিউনিখে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে জার্মানি ও স্কটল্যান্ড। ১৫ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে।