শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের শত শত মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বাংলাদেশে সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ শনিবার জানান, রাষ্ট্রপতি তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় আদায় করবেন।

রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা তাঁকে অভ্যর্থনা জানাবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে মহিলাদেরও ও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

নামাজ শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু

সিঙ্গাপুরে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়ে টার্ফ ছেড়েছে। অর্পিতার জোড়া গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আজ শনিবার ম্যাচ শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা-ফাতেমা-কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। ৫৬ মিনিটে জয়সূচক পঞ্চম গোল করে প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে উৎসব করে বাংলাদেশ।

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে তিন মাস পর এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলতে পারবে।

আফ্রিকায় জোট সরকার, আবারও প্রেসিডেন্ট রামাফোসা

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এর মধ্য দিয়ে দেশটিতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের ভোটাভুটিতে রাষ্ট্রপ্রধান হন তিনি। তবে এবার তাকে জোট সরকার গঠন করতে হয়েছে।

দিনভর নানা নাটকীয়তা, সন্ধ্যায় বিলম্বে পার্লামেন্ট অধিবেশন বসার পর রামাফোসাকে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধানের জন্য নির্বাচিত করেন দেশটির আইনপ্রণেতারা।

এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক দল এএনসি।

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রামাফোসা বলেন, ‘আমাদের দেশের সবার ভালোর জন্য নতুন জোট সরকারের নেতারা একসঙ্গে কাজ করবেন—এমনটাই চাওয়া ভোটারদের।’

এখন রামাফোসার পরবর্তী চ্যালেঞ্জ জোট সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করা। এতে দীর্ঘদিনের বিরোধীপক্ষ ডিএর সদস্যদেরও রাখতে হবে।

দেশটির ঐতিহ্যবাহী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), মধ্যডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং আরও কয়েকটি ছোট দল রামাফোসার ‘জাতীয় ঐক্যের’ সরকারে জোট গড়েছে।

নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায় ক্ষমতাসীন এএনসি। ডিএ পায় ২২ শতাংশ ভোট। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গড়ার বিকল্প ছিল না রামাফোসার।

রাজনৈতিক অচলাবস্থার মুখে বিরোধীদের সঙ্গে নিয়েই জাতীয় ঐক্যের সরকার গড়ার ডাক দেন তিনি। আইনসভায় আসনসংখ্যায় এএনসির পর দ্বিতীয় বড় দল ডিএ।

পার্লামেন্টে ভোটাভুটির প্রাক্কালে গত বৃহস্পতিবার রাতে এএনসি ঘোষণা করে, জোট সরকার গঠন করা নিয়ে ডিএ ও কয়েকটি ছোট দলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। জোট গড়ার পরে ক্ষমতাসীন দলের মহাসচিব ফিকিল এমবালুলা বলেন, এটা চমকপ্রদ একটি পদক্ষেপ।

২০১৭ সালে এএনসির প্রেসিডেন্ট হন রামাফোসা। পরের বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
খবর বিবিসি

পাচার ঠেকাতে জ্বালানি স্টেশনে বলিভিয়ার সেনা মোতায়েন

জ্বালানি তেলের পাচার ঠেকাতে ফুয়েল স্টেশনে সেনা মোতায়েন করেছে লাতিন দেশ বলিভিয়া। দেশটির এল আলতো শহরের সব ফুয়েল স্টেশনেই সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর ব্লুমবার্গের।

সম্প্রতি, দেশটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশটির সরকারকে। এমন পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ নিশ্চিতে রাশিয়ার সাথে চুক্তিও করেছে তারা। পাশাপাশি চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্স কাতাকোরা’র (লুচো আর্স) অভিযোগ, ফুয়েল স্টেশন থেকে পেট্রোল সরিয়ে কালোবাজারির মাধ্যমে বিক্রি করার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তাইতো জ্বালানির পাচার ঠেকাতে শেষ পর্যন্ত ফুয়েল স্টেশনে সামরিক বাহিনী মোতায়েন করলো সরকার।

বাইডেন বুড়ো ও দুর্বল : ট্রাম্প

আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দিনদিনই উভয় প্রার্থীর বয়স একটি বিষয় হয়ে উঠছে। হোয়াইট হাউসে ফিরতে আকুল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনকে বুড়ো ও দুর্বল বলে আক্রমণ করেছেন।

ট্রাম্পের নিজের স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও বাইডেনের (৮১) বেশি বয়সকে নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু করেছেন তিনি। অথচ বাইডেনের চেয়ে মাত্র তিন বছরের ছোট ট্রাম্প।

ট্রাম্প শুক্রবার তাঁর ৭৮তম জন্মদিন উদযাপন করছেন। ফ্লোরিডায় ট্রাম্প তাঁর জন্মদিনের জমকালো আয়োজনে অতিথিদের মার্কিন পতাকার আদলে পোশাক পরে আসতে বলেন। তাঁর পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন।’

বর্তমানে বাইডেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প এবারের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটিতে শপথ নিতে যাওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

তবুও ট্রাম্পের প্রচারশিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। তাদের দাবি, বাইডেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ। কিন্তু ট্রাম্প শিবিরের এসব ভিডিওর বেশির ভাগ সম্পাদনা করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল থাকে না।

ট্রাম্পের বয়স নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন শিবির থেকেও তাঁর বয়স নিয়ে কথা উঠছে।

এদিকে জো বাইডেনের চলাফেরার ক্ষেত্রে কিছু সমস্যা প্রসঙ্গে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক প্রভাষক ম্যাথু ফস্টার বলেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। তিনি যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগনির্ভর কথাবার্তা বলেন।

এ ছাড়া ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর। তিনি নিজেকে তরুণ দেখাতে অতিমাত্রায় কসমেটিকস এবং হেয়ারস্প্রে ব্যবহার করছেন। এরফলে দূর থেকে তাকে অধিকতর তরুণ দেখায় বলে অনেকে মনে করছেন।

এদিকে ট্রাম্পকে ৭৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এক্সে পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেছেন, ‘শুভ ৭৮তম জন্মদিন, ডোনাল্ড। এক বুড়োর কাছ থেকে আরেক বুড়ো জন্মদিনের এ শুভেচ্ছা নিন। বয়স শুধু একটি সংখ্যা।’

৮ দিন পর খাদ্যপণ্য পৌঁছাল সেন্টমার্টিনে

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত, দেশটির সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোটে লক্ষ্য করে গুলি করার জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল বন্ধ ছিল। বন্ধের ৮দিন পরে কক্সবাজার থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিন জেটিঘাটে রাত সাড়ে ১১টায় পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, গত ৫, ৮ ও ১১ জুন মিয়ানমার-বাংলাদেশ নাফনদীর অংশের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি টেকনাফ ও সেন্টমার্টিনগামী ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়।

এ কারণে সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দ্বীপটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অবশেষে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার থেকে চাল, ডাল, পেঁয়াজসহ নানা ধরণের ভোজ্য ও খাদ্যপণ্য নিয়ে জাহাজটি দ্বীপে এসছে। একই সঙ্গে কক্সবাজারে আটকাপড়া বাসিন্দারাও ফিরছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এ জাহাজটিতে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। এ ছাড়া কক্সবাজারে আটকাপড়া সেন্টমার্টিনের তিন শতাধিক বাসিন্দাও এই জাহাজে করে দ্বীপে ফিরছেন।

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়েছে। সড়কের কালিহাতী উপজেলার চরবালা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

আজ শনিবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

জানা যায়, শুক্রবার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এর আগে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০২টি যানবাহন বেশি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৫৮ লাখ ৬৬ হাজার ১০০ টাকা বেশি।

আন্দোলনের নামে বৃক্ষনিধন করেছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি-জামায়াত আন্দোলনের নামেও বৃক্ষনিধন করেছে।

শনিবার (১৫ জুন) সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা শুনে হাসি পায়৷ নির্বাচনের নামে প্রহসন করে গেছেন জিয়াউর রহমান৷ জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এ দেশের ভোটের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছিল। তার সেই হ্যাঁ-না ভোট দিয়ে যাত্রা শুরু; অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষনিধন করেছে বিএনপি-জামায়াত৷

বিএনপির ক্ষমতাকালের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক বনায়ন কর্মসূচির টাকা মেরে খেতো বিএনপি।

শেখ হাসিনা বলেন, একাধারে সেনাপ্রধান, তারপর আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। ক্ষমতার মসনদে বসেই দল গঠন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে, তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এ দেশের শুরু করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে এরশাদ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। এ দেশের কৃষক-শ্রমিকরা সব সময় অবহেলিতই থেকে যায়। এরপর আসলো খালেদা জিয়া। সেও ক্ষমতায় আসার পর দেখা গেল, শুধু জনগণের ভোট চুরি করাই না, দেশের কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলে; সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে। আন্দোলন করার অপরাধে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল।

শেখ হাসিনা সে সময় কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে বলেন, খালি কৃষক কেন! রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনো প্রায় ১৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালেদা জিয়া। বিদ্যুতের দাবি করেছিল কানসাটে; কৃষকরাই সেচের জন্য পানি পাচ্ছিল না। সেখানেও নয়জন মানুষকে হত্যা করা হয়। তাদের এই অপকর্মের ফলে যখন জনগণ তাদের ওপর বিতশ্রদ্ধ, সেই সময় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়, খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র ২২ শতাংশ ভোট পড়েছিল সেখানে। সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে খুব সচেতন।

আওয়ামী লীগ সরকার গঠন করার পরবর্তী সময়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, এয়ারপোর্ট থেকে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে কৃষ্ণচূড়া গাছ। যখন ফুল ফুটতো, অপরূপ রূপ আমাদের এই শহরটা জেগে উঠতো। জিয়াউর রহমান একে একে সব গাছগুলো কেটে ফেলে দেয়।

তিনি বলেন, ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান দিয়ে গাড়ি নিয়ে বা হেঁটে গেলে খুব সুন্দর খুশবু আসতো। চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলো জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে বিরাট বাগান বিলাশের ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল। আমরা ছোটবেলায় রুটি নিয়ে ওখানে যেতাম, ওদের খাবার দিতাম। সেটাও কেটে ফেলে। এভাবে সারা বাংলাদেশে বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র এবং তার আরেকটা নমুনা আপনারা পেয়েছেন ২০১৩ সালে।

আওয়ামী লীগ ৮৪ সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উল্লেখ করে তিনি বলেন, তখন রাজনীতি নিষিদ্ধ ছিল। পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন—এসব কিন্তু তখনো বিশ্বে আসে নাই কিন্তু আওয়ামী লীগ; আমরা উদ্যোগ নেই, সব সময় গাছ লাগানো আমাদের নীতি ছিল। তখন থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং কৃষক লীগের ওপর দায়িত্ব দেই।

তিনি আরও বলেন, এটা আমরা শিখেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে। তিনি এ দেশের ঘোড়দৌড় বন্ধ করে দিয়েছিলেন। রেসকোর্স ময়দানে প্রথম বৃক্ষরোপণ করেন। সেখানে অনেক পুরাতন নারকেল গাছগুলো তার সময়ে লাগনো। তিনি নিজে বৃক্ষরোপণ করেন। গণভবনের পুরোনো সব গাছগুলো বঙ্গবন্ধুর নির্দেশে লাগানো ছিল এবং খুব চমৎকারভাবে গাছগুলো সাজিয়ে লাগানো।

তিনি বলেন, আওয়ামী লীগই বোধ হয়, আমি জানি না—এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো দলের কর্মসূচিতে দেখবেন যে, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে।

কৃষিজমি রক্ষায় গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। আমাদের যেন কারও কাছে হাত পেতে চলতে না হয়। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে।

শেখ হাসিনা বলেন, কৃষি নিয়ে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলো তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

সেচ ব্যবস্থায় সোলার প্যানেলের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর ৮১ লাখ লিটার ডিজেল সেচ কাজে খরচ হয়। এই ডিজেল যাতে সেচে ব্যবহার করতে না হয় সে জন্য সোলার প্যানেল স্থাপন করতে হবে। সেচটাকে পুরোপুরি সোলারে নিয়ে যেতে চাচ্ছি।

সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ভূ-উপরিস্থ পানি পরিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করায় বিশেষ গুরুত্ব দিয়েছি। সেচকাজেও সেভাবে পদক্ষেপ নিয়েছি। সারা বাংলাদেশে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় এবং বিশেষ করে ছোট ছোট জলাধার সংস্কারের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের পদক্ষেপ আমাদের নিতে হবে, তাহলে আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে যাবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২০ জন গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১৫ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৮১০টি ইয়াবা ট্যাবলেট, ৫৫৯ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

স্কটল্যান্ডকে উড়িয়ে জার্মানির বিধ্বংসী জয়

গত তিনটি মেজর টুর্নামেন্টে ব্যর্থতার গ্লানি নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানি। আছে স্বাগতিক হওয়ারও চাপ। ওসব অতীত আর মাঠের বাইরের ইস্যুকে মাথায় নেয়নি তিনবারের চ্যাম্পিয়নরা। বাছাইয়ে দারুণ পারফরম্যান্স করে আশার আলো জ্বালিয়ে ইউরোপ সেরার মঞ্চে যোগ দেওয়া স্কটল্যান্ডকে পাত্তাই দিলো না তারা। ১০ জনের দলের বিপক্ষে ৫-১ গোলের বিধ্বংসী জয় পেয়েছে জার্মানি।

ঘড়ির কাঁটা তখনও এক মিনিট ছুঁতে ৬ সেকেন্ড বাকি। বুক ফুলিয়ে মিউনিখ ফুটবল অ্যারেনায় নামা স্কটল্যান্ডকে হুঁশিয়ারি বার্তা পৌঁছে দেয় জার্মানি। মাঝমাঠ থেকে অ্যান্তনিও রুদিগারের লম্বা ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ফ্লোরিয়ান উইর্টজ। তারপর বাঁ পায়ের শট নেন লক্ষ্যে, স্কটিশ গোলকিপার আনগুস গুনের মুখে লেগে বল দিকভ্রষ্ট হয়। অবশ্য ততক্ষণে অফসাইডের বাঁশি বেজে গেছে।

গোল না খেলেও স্কটল্যান্ডের মনোবলে বড় ধাক্কা লেগেছিল। রক্ষণভাগের খেলোয়াড়রা একটু বেশিই জায়গা রাখছিলেন। তারই সুযোগ নিয়ে ১০ মিনিটে এগিয়ে যায় জার্মানি। ইলকে গুন্দোয়ানের লম্বা ক্রসে বক্সের ডান প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন জোশুয়া কিমিখ। ডিবক্স থেকে শক্তিশালী শট নেন উইর্টজ। গুন ডানহাত বাড়িয়ে বল ঠেকিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। বল বাঁ পাশের পোস্টে লেগে জালে জড়ায়। বুন্দেসলিগার মৌসুম সেরা ফুটবলারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

১৯৭২ সালে গার্ড মুলার ও ১৯৮০ সালে কার্ল-হেইঞ্জ রুমেনিগের পর তৃতীয় জার্মান খেলোয়াড় হিসেবে ইউরোর প্রথম গোল করলেন বেয়ার লেভারকুসেনের জার্সিতে বুন্দেসলিগা জয়ী উইর্টজ। এছাড়া ২১ বছর ও ৪২ দিন বয়সী মিডফিল্ডার এই টুর্নামেন্টে জার্মানির সর্বকনিষ্ঠ গোলদাতাও হলেন।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি জার্মানদের। ১৯ মিনিটে গুন্দোয়ানের পাস ধরে বক্সে ঢুকেছিলেন কাই হ্যাভার্জ। ছোট বক্সের সামনে থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধার মুখে ব্যাকপাস দেন তিনি। জামাল মুসিয়ালা বল পায়ে রেখে ঠাণ্ডা মাথায় উঁচু শটে জাল কাঁপান।

২৪ মিনিটে মুসিয়ালা বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন। রেফারি ক্লেমন্ত তুর্পিন পেনাল্টির বাঁশি বাজান। তবে স্কটিশ খেলোয়াড়দের দাবির মুখে পেনাল্টি চেক করেন, আগের সিদ্ধান্ত পাল্টে ফ্রি কিক দেন তিনি। ১৮ মিটার দূরে থেকে নেওয়া হ্যাভার্জের ফ্রি কিক সহজে রুখে দেন স্কটল্যান্ড কিপার।

হ্যাভার্জ ৩৩ মিনিটে লক্ষ্যভেদ করলেও বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় হাতে লাগলে হতাশ হতে হয় তাকে। আর্সেনাল ফরোয়ার্ড বিরতিতে যাওয়ার আগে ঠিকই ব্যবধান ৩-০ করেন। গুন্দোয়ানের হেড গুন ফিরিয়ে দিয়েছিলেন। ফিরতি শট নিতে গিয়ে রায়ান পোর্টিয়াসের বিপজ্জনক ট্যাকলের শিকার হন গুন্দোয়ান। রেফারি পেনাল্টি চেক করে জার্মানির পক্ষে রায় দেন। স্পট কিক থেকে হ্যাভার্জ করেন দলের তৃতীয় গোল।

৪০ বছর পর ইউরোর গ্রুপ পর্বে প্রথম দল হিসেবে হাফটাইমের আগে তিন গোল করার কীর্তি গড়লো জার্মানি। এর আগে ১৯৮৪ সালে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্স সমান সংখ্যক গোল করেছিল।

বিরতির পরও স্কটিশরা কোনও প্রতিরোধ গড়তে পারেনি। ৬৩ মিনিটে হ্যাভার্জের বদলি হয়ে মাঠে নামার পাঁচ মিনিট যেতেই রকেট গতির শটে জাল কাঁপান নিকলাস ফুলক্রুগ। সতীর্থের ব্যাকপাস থেকে বল পেয়েই ডানপায়ের উঁচু কোনাকুনি শট নেন, গুন ঠেকানোর কোনও সুযোগ পাননি।

৭৬ মিনিটে ফুলক্রুগ আরেকবার জালে বল জড়ান। থমাস মুলারের বাঁকানো ক্রস ধরে তার শট গোলকিপারের গায়ে লেগে লক্ষ্যভেদ হয়েছিল। কিন্তু তাকে হতাশ হতে হয়। মুলার বল ভাসানোর মুহূর্তে অফসাইডে ছিলেন ফুলক্রুগ।

স্কটল্যান্ড মূল সময় শেষ হওয়ার তিন মিনিট আগে এগিয়ে যায়। রুদিগার করেন আত্মঘাতী গোল। ফ্রি কিক থেকে স্কট ম্যাককেন্নার হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল জড়ান তিনি।

জয়ের ব্যবধান চারেই নিয়েছে জার্মানি। এমেরি কান তিন মিনিটের ইনজুরি টাইমের শেষ মুূহূর্তে করেন দলের পঞ্চম গোল। ছোট ডি বক্সের সামনে থেকে উঁচু শটে গোলপোস্টের ডান দিক দিয়ে জালে বল জড়ায়।