শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

তীব্র তাপপ্রবাহ : চলতি বছর ৫৫০ হজযাত্রীর মৃত্যু

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যেই শুরু হয় হজ। ফলে এ বছর হজের সময় অন্তত সাড়ে ৫০০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে। দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৩২৩ জনই মিশরীয়।

একজন কূটনীতিক জানান, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। মিশরীয়দের বলতে গেলে সবাই তীব্র গরমের কারণে মারা গেছে বলে জানান তিনি। অপরদিকে জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। কূটনীতিকরা বলছেন, আম্মান কর্তৃক মঙ্গলবারের আগে দেওয়া এ সংখ্যা ছিল ৪১।

এএফপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একাধিক দেশ থেকে পাওয়া তথ্য অনুসারে হজযাত্রী মৃতের সংখ্যা ৫৭৭। আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।

এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অসুস্থ হয়ে ২ হাজার জনের বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে।

গত বছর হজ মৌসুমে বিভিন্ন দেশের ২৪০ জন মারা যান। তাদের মধ্যে অধিকাংশই ছিল ইন্দোনেশিয়ার নাগরিক।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার (১৭ জুন) মক্কার গ্রান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি হয়ে যায়।

সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছর ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছে। যার মধ্যে ১৬ লাখই বিদেশি নাগরিক।

বিশ্বকাপ ভরাডুবির পর কঠিন সিদ্ধান্ত নিলেন উইলিয়ামসন

এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল ভাবা হচ্ছিল নিউজিল্যান্ডকে। তবে, তারকা ক্রিকেটারদের নিয়েও মাঠের পারফরম্যান্সে ঝলক দেখাতে পারেনি কিউইরা। গ্রুপপর্ব থেকে পড়েছে বাদ। তাদের এমন ভরাডুবির পর কঠিন সিদ্ধান্ত নিলেন দলটির তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।

আজ বুধবার (১৯ জুন) নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি) এক বিবৃতিতে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। এই হারের ব্যর্থতার দায় নিয়ে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উইলিয়ামসন।

এছাড়াও ২০২৪-২৫ মৌসুমের নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। যদিও তার জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। শুধু একটি নির্দিষ্ট সময়েই তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন উইলিয়ামসন। ওই সময় তিনি খেলতে চান বাইরের লিগগুলোতে।

বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে সবসময় খেলা আমার জন্য সম্মানের। দলকে কিছু দেওয়ার ইচ্ছা এখনও আগের মতোই আছে। তবে ক্রিকেটের বাইরে আমার জীবন বদলে গেছে। তো তাদের সঙ্গে আরও সময় কাটানো এবং দেশ ও দেশের বাইরে বিভিন্ন অভিজ্ঞতা নেওয়া এখন আমার কাছে আরও গুরুত্বপূর্ণ।’

শুধু উইলিয়ামসন নয় এর আগে বিশ্বকাপের ইতি টানলেন পেসার ট্রেন্ট বোল্ট। গুঞ্জন রয়েছে আরেক সতীর্থ লকি ফার্গুসনও কেন্দ্রীয় চুক্তিতে আগ্রহী নন। সবমিলিয়ে সময়টা বেশ কঠিন কাটছে নিউজিল্যান্ড ক্রিকেটে।

নাটকীয় জয় দিয়ে ইউরো অভিযান শুরু পর্তুগালের

ইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপে প্রথম ম্যাচেই লাইপজিগে দারুণ এক কীর্তি গড়েছেন পেপে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১১৩ দিন। ভেঙেছেন হাঙ্গেরির গ্যাবর কিরাইয়ের ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলার রেকর্ডটি। তার এমন রেকর্ডের দিনে নাটকীয় জয় পেল পর্তুগাল।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে লাইপজিগে রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল পর্তুগাল। নাটকীয় গোলে পর্তুগালের জয়ের নায়ক কনসেইকাও।

ম্যাচের শুরুতে কিছুটা গুছিয়ে নিয়ে আক্রমণে যায় পর্তুগাল। ম্যাচের অষ্টম মিনিটে দারুন একটি সুযোগও পায় তারা। রাফায়েল লেয়াওয়ের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এরপর ম্যাচের ২৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অনেক দূর থেকে নেওয়া শট একজনের পায়ে লেগে ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে ৩২তম মিনিটে ফার্নান্দেজ বক্সে দুর্দান্ত এক থ্রু পাস বাড়ান, গোলরক্ষককে একা পেয়ে যান রোনালদো। তবে, রোনালদোর শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক স্তানেক। এযাত্রায় হতাশ হতে হয় পর্তুগালকে। বাকি সময়ে তেমন আক্রমণ না হওয়ায় গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুদল।

প্রথমার্ধের ধারাবাহিকতা ধরে রাখে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬২তম মিনিটে লুকাস প্রোভডের দারুণ এক শটে পর্তুগালকে স্তব্ধ করে দেয় দলটি। এগিয়ে যায় ১-০ গোলে। অবশ্য তাদের এই উছ্বাস খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৬৯তম মিনিটে নুনো মেন্ডেসের হেড ঝাপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক স্তানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রনে নিতে পারেননি তিনি। সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে ডুকে যায় নিজেদের জালে। তাদের এই ভুলেই সমতায় ফেরে রোনালদোরা।

এরপর দুদলের একের পর এক মিস দেখে মনে হচ্ছিল ম্যাচ হয়তো ড্র হবে। কিন্তু, কে জানত নাটকীয়তার যে তখনও বাকি। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেই গোল।

তবে, হতাশ না হয়ে আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল। যার ফলও পেয়ে যায় দ্রুত। ৯০তম মিনিটে ভিতিনিয়াকে তুলে কনসেইকাওকে নামান কোচ রবার্তো মার্টিনেজ । আর মাঠে নামার মাত্র ১১০ সেকেন্ডের মধ্যে গোল করেন বসেন এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

দুই চ্যাম্পিয়নের বিদায়, এক নজরে সুপার এইটের দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ৪০ ম্যাচে, শেষ হয়েছে ৩২টি। প্রথম রাউন্ড থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে, আগের আসরের রার্নাসআপ পাকিস্তানসহ টেস্ট প্লেইং দেশ নিউজিল্যান্ড, শ্রীলংকা, আয়ারল্যান্ডের। সহযোগী সদস্য ৮টি দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই পাকিস্তানকে হারিয়ে বিস্ময় উপহার দিয়ে, সুপার এইটে উঠে বড় সাফল্য দেখিয়েছে।

প্রথম রাউন্ডে চার গ্রুপে লড়ছে ২০টি দল। এর মধ্যে সুপার এইটে ৮ দলের মধ্যে ৭টি দলের খেলা চূড়ান্ত। গ্রুপ ‘এ’, ‘সি’ এবং ডি থেকে কোন দুটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে তা পরিস্কার হয়েছে। গ্রুপ এ’তে ভারত ও যুক্তরাষ্ট্র, ‘সি’ গ্রুপে আফগানিস্তান ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ‘ডি’ তে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সুপার এইট পর্বে খেলা নিশ্চিত হয়েছে।

শুধু ‘বি’ গ্রুপে টানা তিন জয়ে অস্ট্রেলিয়ার সুপার এইট নিশ্চিত হলেও; গ্রুপে দ্বিতীয় দল কে হবে, তা নিয়ে লড়ছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে স্কটল্যান্ডকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

৩ ম্যাচ শেষে স্কটল্যান্ডের ৫ এবং ইংল্যান্ডের ৩ পয়েন্ট। এখন স্কটিশরা যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়; তাহলে নামিবিয়াকে হারালেই শ্রেয়তর রানরেটে সুপার এইটে খেলবে ইংল্যান্ড।

গ্রুপ ডি’ তে বাংলাদেশ, ক্লোজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলেও, শ্রীলংকা এবং নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইট অনেকটাই নিশ্চিত করেছে। শেষ রাউন্ডে নেপালে বিপক্ষে বড় অঘটনের শিকার না হলে, রান রেটে অনেক এগিয়ে থাকা বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলা উজ্জ্বল।

২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। আর ২০১৪ সালের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। অন্যদিকে ২০২১ বিশ্বকাপে রানার্সআপ দল নিউজিল্যান্ড বিদায় নিয়েছে আসর থেকে।

বিরল রোগে আক্রান্ত অলকা, হারাচ্ছেন শ্রবণশক্তি

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাকশিল্পী অলকা ইয়াগনিক। এর কারণ হিসেবে তিনি জানান, বিরল এক স্নায়বিক রোগে আক্রান্ত তিনি। এর ফলে ধীরে ধীরে হারাচ্ছেন শ্রবণশক্তি।

ইনস্টাগ্রামে এক পোস্টে অলকা আরও জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে।

এরপরই ভক্ত ও সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার অনুরোধ করেছেন তিনি। আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন।

অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা। সোনু নিগম লিখেছেন, ‘আমার মনেই হয়েছিল, সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’

মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা ইয়াগনিক। এরপর মাত্র ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে।

১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন অলকা। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তো একে একে তিন দশকের বেশি সময় অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারে বেশি ছবিতে গান গেয়েছেন অলকা ইয়াগনিক। ২৫টি আলাদা আলাদা ভাষায় তার মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলকা।

কাল থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

আগামীকাল ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। সরকার ঘোষিত নতুন অফিস ঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন করা হয়েছে। এছাড়া এখন দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও কাল থেকে ১৯৬ বার আসা-যাওয়া করবে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।

তিনি বলেন, গত ৬ জুন সরকার জানিয়েছে অফিসের সময়সূচি ৯ থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে। সকালে চলাচলে সময়ের পরিবর্তন না এলেও বিকাল থেকে চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও জানান, নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলবে। আর রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলবে মেট্রোরেল। সর্বশেষ রাত ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত ১২ মিনিট পরপর চলবে ট্রেন।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট ৮ মিনিট পরপর চলবে ট্রেন। আর রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে। সরকারি ছুটির দিনগুলোতেও সময়ের পরিবর্তন এসেছে। শনিবার ছাড়া অনান্য ছুটির দিনে সকালে মেট্রো ট্রেন ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট পরপর ছাড়বে। দুপরের পর আগের সময়েই চলবে।

ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি

ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন রোগীর প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার রাশতের হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে রাশত শহরের ঘায়েম হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে তদন্তকারী কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছে আইআরআইবি।

রাশতের গিলান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আশোবি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই অগ্নি দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন, অগ্নিকাণ্ডে মারা যাওয়া রোগীদের বেশিরভাগই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশতের ওই হাসপাতালে রোগীদের জন্য ২৫০ শয্যা রয়েছে। অগ্নিকাণ্ডের সময় সেখানে ১৪২ জন রোগী ছিলেন।

এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সেই ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন।

এছাড়া ২০২০ সালের জুনে দেশটির রাজধানী তেহরানের উত্তরাঞ্চলীয় একটি ক্লিনিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটে।

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিসসহ একাধিক রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলা একাডেমির ডেপুটি ইনচার্জ তপন বাগচি। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি লেখেন, কবি অসীম সাহা আর নেই।

পরিবার সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসীম সাহা। তখন চিকিৎসকরা তার শরীরে একাধিক রোগ সংক্রমণের কথা জানিয়েছিলেন।

সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান অসীম সাহা। পরে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এ পুরষ্কার পান তিনি।

অসীম সাহা ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মাদারীপুর। তার পিতা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক। অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১২

ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আল-মাদৌন পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্য একটি বাড়ির কমপক্ষে সত সদস্য নিহত হয়েছেন। সেখানেও অনেকে আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এক সপ্তাহ আগেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২০ দিনের যে ছুটি চলছে, তা কমিয়ে আনা হতে পারে। ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল-কলেজ ও মাদরাসা।

শিক্ষা প্রশাসন সূত্র বলছে, ঈদের ছুটি শেষে অফিস খুলবে বুধবার (১৯ জুন)। প্রথম কর্মদিবস বা দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, নতুন কারিকুলামে চলতি বছরের বেশ গ্যাপ রয়েছে। শীত ও অতিগরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হতে পারে। পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া ঈদের পর শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। এখন কী করবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।

তার বক্তব্য, বাংলাদেশে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির সময় জুন-জুলাই মাসে অতি গরম থাকে। এই সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা। আমার প্রস্তাব হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা।

২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। সে বছরে ছুটি বাতিলের যুক্তি ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এর আগে নির্বাচনী ডামাডোল শুরু হবে। সেই কারণে ছুটি বাতিল করা হয়।

গত বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।