বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা-মোদি

প্রায় দুই বছর পর দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রতিবেশী দুই দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার (২২ জুন) স্থানীয় সময় বেলা ১২টার (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) দিকে দিল্লির হায়দ্রারাবাদ হাউসে এ বৈঠক শুরু হয়।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনো জানা যায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই সরকারপ্রধানের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো যেমন সীমান্ত হত্যা, পানিবণ্টন সমস্যা বা বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা এসব বিষয় আলোচনায় থাকতে পারে। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানিসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলের নানা বিষয়ের মধ্যে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকটের মতো বিষয়ও থাকছে। এছাড়া বিশেষভাবে গুরুত্ব পাবে চীন ইস্যু।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই তিস্তা প্রকল্প নিয়ে উৎসাহ দেখিয়েছে চীন। যা ভালো চোখে দেখছে না দিল্লি। জুলাই মাসেই বেইজিং সফরে যাওয়ার কথা শেখ হাসিনার। এর আগে তার ভারত সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

এর আগে ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় সাতটি সমঝোতা স্মারক। কথা হয়, বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ-জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। শনিবারের বৈঠকে নির্ধারণ হতে পারে ২০২২ সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী পাঁচ বছরের রূপরেখা।

বিএনপি ভুয়া, বিএনপির আন্দোলন ভুয়া : ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপি ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। একটু ধাক্কা লাগলে সরে যাবে আওয়ামী লীগ, এমন নয়। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, একটু টোকা লাগলেই পড়ে যাবে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই ভুয়া। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ মাথা নত করার দল নয়, ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে বিচার করার সে যেই হউক। আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কি না এটা ভেবে দেখতে হবে।

এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

এ ছাড়া যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং ঢাকা মহানগর ও জেলার সভাপতি-সম্পাদকরা নেতাকর্মীদের নিয়ে অংশ নেন।

সৌদিপ্রবাসীদের অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও আইন মাফিক কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদেরকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

একই সঙ্গে প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম, অফশোর ব্যাংকিং ও প্রবাসে ব্যবসায় মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সৌদি আরবে পবিত্র হজ পালন ও মহানবী (সা:)-এর রওজা শরীফ জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এই অভিনন্দন ও নির্দেশনা দেন।

আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও প্রবাসী বাংলাদেশিরা সভায় যোগ দেন।

সভায় ড. হাছান মাহমুদ তাঁর দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা ও বিদেশে থাকাকালে দেশের জন্য মনের আকুতি তুলে ধরে বর্তমান প্রবাসীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি আছেন। বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। ত্রিশ লাখ প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে দেশের জন্য তা বড় অবদান। এই বিষয়ে যতœবান হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, একজন প্রবাসী যত সহজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারেন, দেশের জেলা আওয়ামী লীগের নেতার পক্ষেও তা সম্ভব হয় না।

প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করেছেন, যার সুবিধা ৫৫ বছর বয়সের মানুষও নিতে পারেন। প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সুবিধা রয়েছে, যেখানে সহজে ডলার একাউন্টও খোলা যায়।

প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে ব্যবসায়ের মালিকানা অর্জনে উৎসাহ দেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, প্রত্যেক প্রবাসীই বিদেশে তার দেশের প্রতিনিধি। সে যদি অপরাধ করে তবে তার দেশের বদনাম হয়। সে কারণে বসবাসরত দেশের আইনকানুন মেনে চলা উচিত।

কমিউনিটি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদিনা প্রবাসী আনিসুর রহমান পলাশ, রাজু আহমেদ, এ কে এম আসগর আলি, মুসা আব্দুল জলিল, মোহাম্মদ লিটন, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ মিলন, মোশাররফ শিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাদা প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শুক্রবার সৌদি আরব থেকে সরাসরি ভারতের নয়াদিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন।

শেখ হাসিনা সরকারের আমলে দেশের উন্নয়ন হয়েছে : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে দেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসন আমলে দেশের উন্নয়ন না হলেও তাদের দল ও নেতাকর্মীর উন্নয়ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট স্মৃতিসৌধ ও জাদুঘর মাঠ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ বিজয়ের স্মৃতি সৌধ ও জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রদত্ত সম্মানি ভাতা ৩ শত টাকা থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। বীর নিবাস নির্মানসহ তাদের বিভিন্ন সুবিদাধি প্রদান করা হচ্ছে। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হলেও তিনি মনে প্রাণে ছিলেন পাকিস্তানের অনুসারী। মুজিব হত্যা, পরবর্তীতে তার শাসন আমলে বিভিন্ন কু’র মধ্য দিয়ে অনেক মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের হত্যা করেন। সেইসাথে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করায় তার অবদান দেশ ও জাতি আজও ঘৃণার চোখে দেখে। আগামীতে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার কবর একই ভাবে করা হবে। যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে এখানে চিরনিদ্রায় শায়িত আছে ৭১’এর বীর মুক্তিযোদ্ধা।

বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি এমপি, জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান ফজলু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী ও বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু প্রমুখ। এর আগে মন্ত্রী পলাশ ডাঙ্গায় পৌছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

ন্যাটোর পরবর্তী প্রধান মার্ক রুটে

ন্যাটোর পরবর্তী প্রধান অর্থাৎ সেক্রেটারি জেনারেল হচ্ছেন নেদারল্যাান্ডসের বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রুটে।

ডয়েচে ভেলে জানিয়েছে, ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গের পদের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। তারপর রুটে এই দায়িত্বভার নেবেন। ন্যাটো শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে।

২০২৩ সালের জুলাইতে ১৩ বছর ধরে প্রধানমন্ত্রী থাকার পর রুটে ঘোষণা করেন, তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। নেদারল্যান্ডসের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

২০২৩ সালে ৫৭ বছর বয়সী রুটে তার অবসর ঘোষণার কথা ভুলে ন্যাটোর শীর্ষ পদে বসার ইঙ্গিত দিতে থাকেন। রুটে ন্যাটো দেশগুলির প্রধানদের সঙ্গে দেখা করতে শুরু করেন।

তিনি এত দিন ধরে প্রধানমন্ত্রী থাকার সূত্রে তাদের আগে থেকেই চিনতেন ও জানেন। রুটে হলেন ইউক্রেনের একনিষ্ঠ সমর্থক। তাই যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে তার অসুবিধা হয়নি। পরে ন্যাটোর অন্য সদস্য দেশও তাকে সমর্থন জানায়।

তবে হাঙ্গেরির দক্ষিণপন্থি জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সমর্থন পেতে তার কিছুটা দেরি হয়। অরবানের সঙ্গে রুটের সম্পর্ক আগে খুব একটা মধুর ছিল না। সেজন্য রুটেকে প্রতিশ্রুতি দিতে হয়, তিনি যতদিন ন্যাটোর নেতৃত্ব দেবেন, ততদিন হাঙ্গেরি ন্যাটোর সীমার বাইরে ইউক্রেনকে সাহায্য করবে না।

তবে রুটে এমনিতে এমন একজন মানুষ, যার রসিকতাবোধ আছে। যিনি সাধারণ বাড়িতে থাকেন। সাইকেলে করে অফিসে আসেন। মাঝেমধ্যে তিনি হেগ সেন্ট্রাল স্টেশনে পিয়ানো বাজান।
খবর ডয়েচ ভেলে

তুরস্কে দাবানলে নিহত ৫

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে লিখেছেন, ‘দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকার মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ৫ জনের মৃত্যু হয়েছে।’

আগুনে আরও ৪৪ জন আহত হয়েছেন বলেও লিখেছেন তিনি। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

গাজায় অভিযানে ৩১৪ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধে কোনো পক্ষই রাজি হচ্ছে না। ফলে দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা।

বৃহস্পতিবার (২০ জুন) হামাসের হামলায় নতুন করে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যা এরই মধ্যে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অবরুদ্ধ গাজায় অভিযান শুরুর পর এখন পর্যন্ত মোট ৩১৪ ইসরায়েলি সেনা প্রাণ হারালো। বর্তমানের গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী।

এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৬৫৩ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

অন্যদিকে ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতে তিনি ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেছেন।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি ও ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিঙ্কেন এই মন্তব্য করেছেন।
খবর আল-জাজিরা

নেতানিয়াহুর মন্তব্যগুলো অত্যন্ত হতাশাব্যঞ্জক : যুক্তরাষ্ট্র

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে নেতানিয়াহুর বিবৃতির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওই মন্তব্যগুলো ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং আমরা যে পরিমাণ সমর্থন তাদের দিয়েছি এবং দেব তার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত বিরক্তিকর বিবৃতি।’

কিরবি বলেন, যুক্তরাষ্ট্র তার অসন্তুষ্টির কথা সরাসরি ইসরায়েলকে জানিয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় ওই ভিডিওতে দেওয়া বিবৃতি এবং বিবৃতির শুদ্ধতা সম্পর্কে আমরা আমাদের হতাশার কথা নানান মাধ্যমে ইসরায়েলকে যথেষ্ট পরিস্কার করে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই ধারণা যে আত্মরক্ষা ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করা আমরা কোনোভাবে বন্ধ করে দিয়েছি, তা কোনো মতেই ঠিক নয়।’

হোয়াইট হাউসের এ মন্তব্যগুলো এমন এক সময়ে এলো যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গাজায় চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দুজন শীর্ষ সহযোগীর সঙ্গে বৈঠক চলছে।

এর আগে মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি যদিও কৃতজ্ঞ। তবে এটা ধারণার বাইরে যে গত কয়েক মাস (যুক্তরাষ্ট্রের) প্রশাসন ইসরায়েলেকে অস্ত্রশস্ত্র এবং সাজসরঞ্জাম দিচ্ছে না।

যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে, ৯০০ কিলোগ্রাম ও ২০০ কিলোগ্রাম ওজনের বোমা সম্বলিত একটি মাত্র চালান এমন উদ্বেগের কারণে বিরতি দেওয়া হয়েছে যে এগুলো গাজার জন-অধ্যূষিত এলাকায় কিভাবে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরাইল আরও কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইতোমধ্যেই বৃহস্পতিবার জাতিসঙ্ঘের ৩০ জন বিশেষজ্ঞ-সংবলিত একটি দল সতর্ক করে দিয়েছে যে অস্ত্রশস্ত্রের যে সব নির্মাতা ইসরায়েলকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখবে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনলঙ্ঘনে যুক্ত বলে মনে করা হতে পারে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালাল। ইসরায়েলের হিসাব অনুযায়ী, হামাসের ওই হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয় এবং আরও ২৫০ জনকে বন্দি করা হয়।

ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজার বেশিভাগ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই আক্রমণে ৩৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ৮৫ হাজার ৬০০ জন আহত হয়।
খবর ডেইলি সাবাহ

দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে উদ্দেশে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২১ জুন) বিকেলে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।

এর আগে দুপুর ২টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষ্যে ২১ থেকে ২২ জুন ভারতে অবস্থান করবেন তিনি। গত বুধবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোরকোর্টস্থ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই সংবর্ধনা পর্বে।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষ্যে হায়দরাবাদ হাউসে যাবেন শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক ছবি তোলার আয়োজনও থাকছে এই পর্বে।’

সফরের প্রথম দিন ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। ২২ জুন বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন।

উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এসময় ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সাঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

দুই দিনের সফর শেষে ২২ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন শেখ হাসিনা।

ঈদে দেশের বাজারে যেমন চলছে ছবির লড়াই

ঈদ বলে কথা। ঢাকঢোল পিটিয়ে যেন মুক্তির আলোয় এলো নতুন পাঁচটি ছবি। প্রথম দিকে প্রায় এক ডজন ছবির আওয়াজ শোনা গিয়েছিল। তবে কিছু ছবি সরে গেছে সচেতনে।

আবার শেষ মুহূর্তে এসেও ঈদ বাজারে যোগ দিয়েছে একাধিক ছবি। বিভিন্ন প্রেক্ষাগৃহে কথা বলে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর অবস্থা জানার চেষ্টা করেছেন কামরুল ইসলাম।

হলে হলে যেমন চলছে ঈদের ছবি
হল সংখ্যায় রায়হান রাফীর ‘তুফান’-এর কাছে বাকি চারটি ছবি প্রায় অস্তিত্ব সংকটে! ফলে ব্যাবসায়িক দিক দিয়েও একচ্ছত্র দাপটে রয়েছে শাকিব খান অভিনীত ছবিটি। অন্যদিকে মো. ইকবালের ‘রিভেঞ্জ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও সুমন ধরের ‘আগন্তুক’ এখন পর্যন্ত আশানুরূপ সাড়া জাগাতে পারেনি।

মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, যেন ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘তুফান’! সর্বাধিক ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ৩২টি শো দেওয়া হয় এটিকে। কিন্তু দর্শকের চাপে দ্বিতীয় দিনই শো বেড়ে ৪৭-এ পৌঁছায়! থামেনি এখানেও।

গতকাল নির্মাতা রায়হান রাফী বলেন, “বৃহস্পতিবার (আজ) থেকে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’-এর হাফ সেঞ্চুরি। প্রতিদিন ৫১টি শো! আগেই বলেছিলাম, এমন কিছু হবে, যা কেউ ভাবেনি আগে।”

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এর আগে বাংলা ছবি হিসেবে দৈনিক সর্বোচ্চ ৩২টি শো প্রদর্শিত হয়েছিল ‘পরাণ’-এর। সেটিকে ছাপিয়ে নয়া নজির গড়েছে শাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী অভিনীত ছবিটি। অন্য ছবিগুলোর শো প্রায় ফাঁকাই যাচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের টিকিট প্ল্যাটফরম ঘেঁটে বিষয়টির সত্যতা জানা গেছে।

রাজধানীর আরেকটি মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস। সেখানেও ঈদের সব ছবি চলছে। তবে হলটির মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, “যেহেতু পাঁচটি ছবি মুক্তি পেয়েছে, আমরা সবাইকে সুযোগ দিয়েছি। দর্শকের আগ্রহের কারণে ‘তুফান’ ছবির শো বেশি রেখেছি। তবু হাউসফুল যাচ্ছে। আগামীকাল (আজ) নাগাদ হয়তো আরো দুটি শো বাড়াতে পারি। অন্য ছবিগুলোতে খুব একটা দর্শক হচ্ছে না।”

খুলনার সংগীতা সিনেমা হলে চলছে মো. ইকবালের ‘রিভেঞ্জ’। জিয়াউল রোশান ও বুবলী অভিনীত ছবিটির অবস্থা জানতে চাইলে হলটির ব্যবস্থাপক আতাহার আলী বলেন, ‘একদম বাজে অবস্থা। হলের খরচটুকুও উঠছে না। চার দিনও চালাতে পারব না মনে হচ্ছে। এই অবস্থায় হয়তো পুরনো ছবি চালাতে হবে।’

আধুনিক ব্যবস্থা থাকলেও ঢাকার শ্যামলী সিনেমাস একটি সিঙ্গেল স্ক্রিন। সেখানে প্রদর্শিত হচ্ছে ‘তুফান’। হলটির ব্যবস্থাপক আহসান উল্লাহ বলেন, “ঈদের দিন থেকেই বেশ ভালো যাচ্ছে। আজ (গতকাল) সকালের শোতে অর্ধেক দর্শক ছিল, তবে বিকেলের শো হাউসফুল। আপনারা তো জানেন, হলগুলোর কী অবস্থা। এর মধ্যে ‘তুফান’-এর মতো ছবি আসায় আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি।”

কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে চলছে তিনটি ছবি। এর মধ্যে ‘তুফান’-এর জন্য রয়েছে সর্বোচ্চ ১০টি শো, তবু দর্শকের সমাগম রয়েছে। অন্যদিকে ‘রিভেঞ্জ’ ও ‘আগন্তুক’ দুটি করে শো পেলেও দর্শকের কোনো চাপ দেখা যাচ্ছে না।

চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলছে ‘তুফান’ ও ‘আগন্তুক’। সেখানেও ইতিবাচক সাড়া পাচ্ছে শাকিব অভিনীত ছবিটি। প্রতিদিন চারটি শো প্রদর্শিত হচ্ছে, তবু প্রায় হাউসফুল একাধিক শো। শুধু একটি শো পেয়েও দর্শক টানতে পারছে না পূজা চেরী অভিনীত থ্রিলার গল্পটি।