বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

কত বছর থাকবে এ সরকার, যা মতামত জানালো সংবাদপত্রের সম্পাদকরা

সংবাদপত্রের ২০ জন সম্পাদকের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক হয় দেড় ঘণ্টা। সেখানে ড. ইউনূস একটি তথ্য জানান। বলেন, আরব আমিরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করায় যে ৫৭ বাংলাদেশির সাজা হয়েছিল, তাদের ক্ষমা করে দেয়া হয়েছে।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সাথে সম্পাদকদের বৈঠকে উঠে আসে সরকারের মেয়াদ ইস্যু। ড. ইউনূসই জানতে চান, যৌক্তিক সময় কতটুকু হওয়া উচিত। কেউ কেউ সরকারের মেয়াদ কমপক্ষে ২ বছরের পক্ষে বলেছেন। তবে বেশিরভাগই বলেছেন, সরকারের কাজের ওপর নির্ভর করবে মেয়াদ।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তবর্তী সরকার যে সুযোগ পেয়েছে, তা কাজে লাগাতে হবে। গণমাধ্যমের ওপর কালা-কানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। মিডিয়া কমিশন গঠনের কথাও বলেছেন অনেকে। সংবিধান এবং নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবও এসেছে বৈঠকে।

‘নতুন কেউ না আসা পর্যন্ত শিরীন শারমিনকেই দায়িত্ব পালন করতে হবে’

দত্যাগ করলেও নতুন কেউ দায়িত্ব না নেয়া পর্যন্ত স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। আইনজীবী আহসানুল করিম বলেন, ফৌজদারি অপরাধে শিরিন শারমীনকে গ্রেফতারে আইনি কোনো ধরনের বাধা নেই। এ ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যায়।

এর আগে, পদত্যাগ করেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে সোমবার স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকার পদ হতে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি কর্তৃক ১৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ/২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে গৃহীত হয়েছে এবং উক্ত তারিখে কার্যকর হয়েছে।

শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

বিক্ষোভের ঘটনায় সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গত জুলাই মাসে বিক্ষোভ করার ঘটনায় কারাদণ্ড হওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাঁদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এ আদেশের আওতায় পড়বে।

প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয়, সেটি নিশ্চিত করা হয়েছে।

এদিকে কূটনৈতিক প্রতিবেদক জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান।

এর আগে মুহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে গত জুলাইতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাঁদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাওয়ালপিন্ডিতেও বাংলাদেশের ইতিহাস

এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিলো লাল সবুজের দেশে। আর ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সেই পতাকা উড়লো ইতিহাস লিখে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ। মিরাজ-লিটন-হাসান-নাহিদ রানাদের হাত ধরে নতুন কীর্তি গড়লো বাংলাদেশ। দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের স্বাদ পেলো নাজমুল হোসেন শান্তর দল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে এক বা একাধিক ম্যাচের সিরিজ মিলিয়ে এ নিয়ে নবম সিরিজ জিতলো বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট পচথচলায় ১৪৫ ম্যাচে এটা তাদের ২১তম জয়, বিদেশের মাটিতে ৬৮ ম্যাচে অষ্টম জয়। এর আগে ঘরের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি করে টেস্ট জেতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে হারায় একবার করে। এবার পাকিস্তানকে টানা দুটি ম্যাচে হারালো সিরিজুড়ে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ।

জয়টা অবশ্য মিলতে পারতো রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই। যদি না শেষ বিকালে জয়ের পথে থাকা বাংলাদেশের পথ আগলে দাঁড়াত বৃষ্টি। জয় থেকে তখন ১৪৩ রান দূরে ছিল বাংলাদেশ, হাতে ১০ উইকেট। পঞ্চম দিনে বৃষ্টির প্রার্থনায় তাই পাকিস্তানকেই বসতে হয়েছিল। এরপরও নিশ্চিত হার যেনেও বোলারদের নিয়ে বড় গলা করে কথা বলেছিলেন দলটির কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছিলেন, প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলে ছিলেন পঞ্চম দিনে তার বোলাররা আরও নির্মম হবে।

তবে বাংলাদেশি ব্যাটাররাও যে জবাবটা দিতে শিখে গেছে সেটা হয়তো ভুলে গিয়েছিলেন গিলেস্পি। প্রথম ইনিংসে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ যে এই টেস্টে অন্তত হারছে না, সেটা বোধয় তখনও বুঝতে পারেননি এই অজি কিংবদন্তি। শেষ পর্যন্ত তাই হারই সঙ্গী হয়েছে তার। আঘাতটা বোধয় আর সবার চেয়ে একটু বেশিই পাবেন তিনি। কেননা, নিজের প্রথম অ্যাসানমেন্টেই যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হতে হয়েছে তার দলের। এ কথা কি করে ভুলবেন তিনি।

প্রকৃতি নাকি সাহসীদের পক্ষে থাকে। এখানেও তাই। পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে খেলা। ৪২ রানে পঞ্চম দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ ৫৮ রানে প্রথম উইকেট হারায়। হামজার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন জাকির। এরপর ৭০ রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। খুররম শেহজাদের বলে মিড অফে শান মাসুদের হাতে সহজ ক্যাচ তুলে দেয়া সাদমান ৫১ বলে ২টি চারে ২৪ রান করেন।

দুই ওপেনারকে হারালেও চাপে পড়তে হয়নি বাংলাদেশকে। এখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন তারা। শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। শর্ট লেগে ধরা পড়ার আগে ৮২ বলে ৫টি চারে ৩৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। কিছুক্ষণ পর সাদমানের মতো হতাশা বাড়ান দারুণ করা মুমিনুল। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বল আকাশে তোলেন তিনি, যা তালুবন্দি করতে বেগ পেতে হয়নি সাইম আইয়ুবকে। ৭১ বলে ৪টি চারে ৩৪ রান করেন জাতীয় দলের সাবেক এই টেস্ট অধিনায়ক।

এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়ে বাকি পথ পাড়ি দেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হামজা, খুররাম, আবরার ও সালমান একটি করে উইকেট নেন।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরে টসে জিতে বোলিং করতে নেমে পাকিস্তানকে ২৭২ রানে থামিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৬ রানে হারায় ৬ উইকেট। লিটন দাস ও মিরাজ এসে হাল ধরে দলকে টেনে তুলেন। বাংলাদেশের ইনিংস থামে ২৬২ রানে। লিটন-মিরাজের জুটিতেই জয়ের রসদ পেয়ে যায় বাংলাদেশ। যেই রসদ কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে গুড়িয়ে দিয়ে ১৮৫ রান তাড়া করে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান (প্রথম ইনিংস)- ২৭৪/৮ (৮৫.১ ওভার) (শান ৫৭, সাইম ৫৮, বাবর ৩১, রিজওয়ান ২৯, সালমান ৫৪; মিরাজ ৫/৬১, তাসকিন ৩/৫৭)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২৬২/১০ (৭৮.৪ ওভার) (লিটন ১৩৮, মিরাজ ৭৮, হাসান ১৩*; শেহজাদ ৬/৯০)

পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ১৭২ (৪৬.৪ ওভার) (রিজওয়ান ৪৩, সালমান ৪৭*; হাসান ৫/৪৩, নাহিদ ৪/৪৪)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৮৫/৪ (৪৬.৪ ওভার) (লক্ষ্য ১৮৫) (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*)

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় টানা ৬ দিনে প্রানহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯

পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। টানা ৬ দিনের হামলায় প্রানহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেনিন, নাবলুস সহ আশেপাশের এলাকায় চলছে জোরালো অভিযান। লাগাতার হামলার কারণে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকে। অস্ত্র-শস্ত্র নিয়ে অলিগলিতে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। টার্গেট করা হচ্ছে শরণার্থী শিবিরগুলো।

এদিকে, বিমান হামলার পাশাপাশি চলছে এলোপাতাড়ি গুলিবর্ষণ। নিহতের পাশাপাশি হামলায় আহতও হয়েছে অনেকে। জেনিনে এখনও বিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সংযোগ। কিছু কিছু জায়গায় আক্রমনের মুখে প্রতিরোধও গড়ে তুলেছেন নির্যাতিতরা।

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েল অভিযান জোরদার করায় ৫শ’ জনের-ও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত ১১ মাসে গাজায় ফিলিস্তিনি নিহত হয়েছে ৪০ হাজার।

টেস্টে ইতিহাসে এবারই প্রথম এক ইনিংসে ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা

ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য পরিচিত বাংলাদেশ দলের পেসাররা এবার গড়লেন অনন্য কীর্তি। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সবক’টি উইকেট নিলেন তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আগুনঝরা বোলিং করেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই দুই তরুণের তাণ্ডবের সঙ্গে যুক্ত ছিলেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রান গুটিয়ে দেয়ার পথে ১০ উইকেটের সবগুলোই মিলেমিশে নেন তারা।

১০.৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নেন হাসান। সুইং আদায়ের পাশাপাশি তিনি ছিলেন লাইন ও লেংথে নিখুঁত। গতি আর বাউন্স দিয়ে পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাজেহাল করেন নাহিদ। ১১ ওভারে তার শিকার ৪৪ রানে ৪ উইকেট। তাসকিন ১ উইকেট নিতে ১০ ওভারে খরচ করেন ৪০ রান।

এদিকে, বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে তিনিই প্রথম। হাসানের চেয়ে কম রানে ৫ উইকেট নেয়া বাংলাদেশি পেসার শুধু শাহাদাত হোসেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

শুক্রবারও চলবে মেট্রোরেল, নতুন সূচি সম্পর্কে যা জানালো ডিএমটিসিএল

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। সপ্তাহের অন্য ছয়দিনের মতো এদিনও মেট্রোরেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বলেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। এ জন্য আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে।

তবে, কবে থেকে নতুন সূচি চালু হবে সেটি জানতে চাইলে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানানো হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে পুনরায় চালু হয় মেট্রোরেল।

দেশে মেট্রোরেল চালুর পর থেকে এতদিন শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন চলাচল করেছে। শুক্রবার চালু হলে সপ্তাহের সাতদিনই চলাচল করবে মেট্রোরেল। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।

বন্যায় প্রাণহানি বেড়ে ৬৭,পানিবন্দি ৬ লাখেরও বেশি

চলমান বন্যায় সারাদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এছাড়া বর্তমানে পানিবন্দি রয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। ক্ষতিগ্রস্থ লোকের সংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন।

রোববার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে পুরুষ রয়েছে ৪২ জন। এছাড়া ৭ জন মহিলা এবং ১৮ জন শিশু রয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ২৬ জন মারা গেছে ফেনীতে। কুমিল্লায় ১৭, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। মৌলভীবাজার জেলায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজার জেলার পরিস্থিতি উন্নতি হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি উন্নতি হচ্ছে।

বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন মানুষ, ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

রাজনৈতিক দল হিসেবে ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল। তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন।

ইসি সচিব শফিউল আজিমের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫১।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। আজ সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় ৭৬০ জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।