বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৭

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও অনেকে। দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে প্রাচীন শহর কানো থেকে উত্তরে ইয়োব প্রদেশের দিকে যাচ্ছিলো ট্যাংকারটি। রাজধানী আবুজা থেকে ৫৩০ কিলোমিটার উত্তরে দুর্ঘটনার শিকার হয় সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সড়কে। ছড়িয়ে পড়ে পেট্রোল। আশপাশের অনেকে জ্বালানি সংগ্রহ করতে যায় সেখানে।

হঠাৎ বিস্ফোরিত হয় ট্যাংকারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় একশ’ জনের। হাসপাতালে নেয়ার পর বা পথে প্রাণ হারায় বাকিরা। চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে।

নাইজেরিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন নিকটস্থ হাসপাতালের চিকিৎসকদের জরুরি বিভাগে দ্রুত পৌঁছে আহতদের সহায়তা করতে আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ার আইন প্রণেতারা সংসদে এক মিনিট নীরবতা পালন করেছেন।

নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেটিমা বুধবার এক বিবৃতিতে নিরাপত্তা পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন্দোবস্ত করছে।

পুলিশের মুখপাত্র জানান, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সাম্প্রতিক অন্যতম বড় দুর্ঘটনা এটি।

সাবেক মেয়র আতিককে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে আতিকুলকে আনা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন বিচারক আলী হায়দার।

এদিকে একই আদালতে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ

আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জুলাই-আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম। সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনাল বসার কথা। যে ট্রাইব্যুনালে ৭১’র মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে; সেখানেই ২৪’র গণঅভ্যুত্থান দমনে চালানো নিপীড়ন, হত্যাযজ্ঞের বিচারের দায়িত্ব পড়েছে। যার মূল আসামি- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীরা।

মূল ভবনের সংস্কার কাজ প্রায় শেষের দিকে হলেও; আপাতত টিনশেডের এজলাসেই বসবে ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনে ৫৬টি অভিযোগ জমা পড়েছে। যেগুলোর চলছে চার্জ ফ্রেমিংয়ের কাজ। অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের জন্য বিদেশ থেকে আইনজীবী নিয়োগেরও সুযোগ রাখা হয়েছে।

দ্রুততম সময়ে বিতর্কমুক্ত একটি বিচারকাজ সম্পন্ন করতে আশাবাদী ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউশন টিম। কিন্তু, সাক্ষীদের নিরাপত্তা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইন এবং রাজনৈতিক দলকে সাজা দেয়ার এখতিয়ারের যে সংশোধনীর কথা বলা হচ্ছে; আন্তর্জাতিক মান নিশ্চিতে তার কতোটা হয়- সেটি বোঝা যাবে অধ্যাদেশ জারির পর।

আইনজ্ঞদের অভিমত, আন্তর্জাতিক অপরাধ আইন- ১৯৭৩-এর ২৬টি ধারার ৩ নম্বর জুরিসডিকশনে অপরাধের যে বর্ণনা দেয়া হয়েছে, যেগুলোর সাথে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নির্যাতনের মিল রয়েছে।

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস, শিগগিরই পরিপত্র জারি

৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাতিল হতে যাওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

গ্যাস সংকটে প্রায় ৮ মাস ধরে বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে চালু হয় এশিয়া উপ-মহাদেশের বৃহত্তম, দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। উন্নত গুণগত মানের কারণে ধীরে ধীরে কৃষকের চাহিদার শীর্ষে পৌছায় এখানকার উৎপাদিত সার।

তবে কখনও যান্ত্রিক ত্রুটি, কখনওবা গ্যাস সংকটে সার কারখানায় উৎপাদন ব্যাহত হয়। এ বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে উৎপাদনেই যেতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। আবাদ মৌসুমের আগে উৎপাদন না হলে, কৃত্রিম সার সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

একজন কৃষক বলেছেন, একদিকে বেকার, অন্যদিকে সার-ও বেশ চড়া মূল্যে কিনতে হয়। আবার সার-এর সংকট-ও রয়েছে। আবাদ মৌসুমের সার পাওয়া যাবে কি না, তা নিয়ে মনে হতাশা কাজ করছে।

প্রায় নয় মাস উৎপাদন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে কারখানার দিনমজুর ও ট্রাক চালকরা। একজন দিনমুজুর বলেন, বাহিরের থেকে সার আসে। যার কারণে, আমাদের কোন ইনকাম নাই। তাই, দিনে এক থেকে দেড়শ’ টাকা কামাই হয়। এভাবে, আমাদের সংসার চলে না।

একজন প্রবীণ যমুনা টেলিভিশনকে জানান, যমুনা সার কারখানা বন্ধ থাকার কারণে শ্রমিক কর্মচারী থেকে শুরু করে এলাকার হাজার হাজার মানুষ বেকার। তারা সবাই মানবেতর জীবনযাপন করছে।

কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ৩ কোটি টাকা লোকসান গুনছে। এছাড়া সার আমদানিতে সরকারকেও দিতে হচ্ছে মোটা অঙ্কের ভর্তুকি।

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফোনে যমুনা টেলিভিশনকে বলেন, কারখানার মেশিনগুলো অত্যাধুনিক। যদি কারখানা বন্ধ থাকে, তাহলে বাতাসের সাথে যেসব ধূলিকণা থাকে, সেসব ধূলিকণাগুলো-ও মেশিনগুলোর জন্য ক্ষতিকর। এছাড়াও, মেশিনগুলো ক্ষয় হতে থাকে। বিশেষকরে, একটা মেশিন বেশ কয়েকদিন বন্ধ থাকার পর চালু করার সময় অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়।

আগে ১২০০ থেকে ১৩৫০ মেট্রিকটন সার উৎপাদনে খরচ হতো প্রায় ৪৩ হাজার ঘনফুট গ্যাস। বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ঘনফুট।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের সবার বয়স ১৮ বছরের ওপর বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

টানা ৪ দিন ছুটির পর আজ খুলল অফিস-আদালত

ইমারত হোসেন

পূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিন বন্ধ ছিল সরকারি অফিস-আদালত। ছুটি শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত সময়ে খুলতে শুরু করেছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

সরকারি ছুটির ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

এদিকে দুর্গাপূজা, ফাতেহা ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হয়েছে ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় বুধবার (৯ অক্টোবর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী রোববার (২০ অক্টোবর)। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ১৬ অক্টোবর।

ইসরাইলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা গেলেও, বেশকিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরাইলের নেভাটিম সামরিক বিমান ঘাঁটিতে। এতে তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ইরানভিত্তিক সংবাদমাধ্যমগুলো।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলকে একের পর এক সামরিক সহায়তা এবং অর্থ যোগান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার ইসরাইলকে রক্ষায় ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে পেন্টাগন।

পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরাইলে পাঠানো হচ্ছে।

ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা অনেক পর্যায়ের রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা এটি বিশেষ অস্ত্র। তবে টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বলে ভাবা হয়। আর সেটিই ইসরাইলকে সরবরাহকে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এমনিতেই ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ‘আয়রন ডোম সিস্টেম’ গোটা বিশ্বের মধ্যে আধুনিক ব্যবস্থা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন সরবরাহ করা এই প্রযুক্তি তেল আবিবকে আরো বেশি সুরক্ষা দিবে।

ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ?
গত ১ বছর ধরে লেবানন থেকে ইসরাইলের অভ্যন্তরে প্রচুর রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কারণে বেশিরভাগ রকেট ভূপাতিত করা হয়। এমন ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রও ঠেকানো যায়। আধুনিক সমরাস্ত্রের লড়াইয়ের ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যায় বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর সব দেশের কাছেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করে তা ধ্বংস করতে পারে এসব ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে থাডকে খুব সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। ২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলার ক্ষমতাসম্পন্ন এ ব্যবস্থা। এর সফলতার হারও প্রায় শতভাগ। উৎপাদন শুরুর পর থেকে ১৬ বার এ নিয়ে পরীক্ষায় এই ফল পাওয়া গেছে।

৬৪ জেলা থেকে ৪২০০ কনস্টেবল নেবে সরকার, থাকতে হবে যেসব যোগ্যতা

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আবেদন চলছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। ৬৪ জেলা থেকে ৪ হাজার ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যমতে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩৫১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ২২২ জনকে নেওয়া হবে।

এছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৯৯ জন, মানিকগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ৪২, নারায়ণগঞ্জে ৮৬, নরসিংদীতে ৬৫, ফরিদপুরে ৫৬, গোপালগঞ্জে ৩৪, মাদারীপুরে ৩৪, রাজবাড়ীতে ৩১, শরীয়তপুরে ৩৪, কিশোরগঞ্জে ৮৫, টাঙ্গাইলে ১০৫, ময়মনসিংহে ১৪৯, জামালপুরে ৬৭, নেত্রকোনায় ৬৫, শেরপুরে ৩৯, বান্দরবানে ১১, কক্সবাজারে ৬৭ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৮৩ জন, চাঁদপুরে ৭১, কুমিল্লায় ১৫৭, খাগড়াছড়িতে ১৮, ফেনীতে ৪২, লক্ষ্মীপুরে ৫০, নোয়াখালীতে ৯১, রাঙামাটিতে ১৭, রাজশাহীতে ৭৬, জয়পুরহাটে ২৬, পাবনায় ৭৩, সিরাজগঞ্জে ৯০, নওগাঁয় ৭৬, নাটোরে ৫০, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, বগুড়ায় ৯৯, রংপুরে ৮৪, দিনাজপুরে ৮৭, গাইবান্ধায় ৬৯, কুড়িগ্রামে ৬০, লালমনিরহাটে ৩৬, নীলফামারীতে ৫৩, পঞ্চগড়ে ২৯, ঠাকুরগাঁওয়ে ৪১, খুলনায় ৬৮, যশোরে ৮১, ঝিনাইদহে ৫২, মাগুরায় ২৭, নড়াইলে ২১, বাগেরহাটে ৪৩, সাতক্ষীরায় ৫৮, চুয়াডাঙ্গায় ৩৩, কুষ্টিয়ায় ৫৭, মেহেরপুরে ১৯, বরিশালে ৬৮, ভোলায় ৫২, ঝালকাঠিতে ২০, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৬, পটুয়াখালীতে ৪৫, সিলেটে ১০০, মৌলভীবাজারে ৫৬, সুনামগঞ্জে ৭২ ও হবিগঞ্জে ৬১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা—

আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা—

মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন ফি—

আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর পর্যন্ত।