বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলে ৭ জন গ্রেফতার

ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ৭ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ। অভিযোগ রয়েছে, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলো। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, ইসরায়েলের মুখ্য গোয়েন্দা সংস্থা শিন বেট ও পুলিশ এই তথ্য জানিয়েছে। তারা ভাষ্য অনুযায়ী, মোট সাত ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে।

এই সাতজন উত্তর ইসরায়েলের বাসিন্দা। তাদের মধ্যে, কেউ কেউ থাকতেন হাইফা শহরে। তদন্তে জানা যায়, এ সাতজন ইসরায়েলি সামরিক ঘাঁটি, জ্বালানি ও বন্দর অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইরানের কাছে সরবরাহ করছিলেন।

ইসরায়েলি তদন্তে দেখা গেছে, এই গোষ্ঠীটি দুই বছর ধরে ‘আলখান ও ওরখান’ নামে পরিচিত দুই ইরানি এজেন্টের নির্দেশে বিভিন্ন মিশন পরিচালনা করেছে।

নারী টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে এবার ভারত সফরে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের আহমেদাবাদে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল। ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য সোফি ডিভাইনের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা।

নারী টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে এবার ভারত সফরে নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে শুরু থেকেই নিজেদের দাপট দেখিয়েছিলো কিউইরা। প্রথম ম্যাচে এই নিউজিল্যান্ডের কাছেই পরাজিত হয়েছিল ভারত।

এবার, আরও একবার ঘরের মাঠে তাদের মুখোমুখি হওয়ার পালা। আগামী ২৪ অক্টোবর থেকে সিরিজ শুরু হয়ে শেষ হবে ২৯ অক্টোবর। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, আমদাবাদে যে ৩টি ওয়ানডে খেলা হবে; তা নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। নিউজিল্যান্ড বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে। শীর্ষ ৫টি দল এবং আয়োজক ভারত পরের বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে।

বঙ্গভবনের সামনে থমথমে পরিস্থিতি, সতর্ক সেনাবাহিনী-বিজিবি

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতরাতে আন্দোলনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সামনে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে ছাত্র-জনতার উপস্থিতি দেখা না গেলেও কড়াকড়ি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।

সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। বঙ্গভবনের সামনের বেষ্টনী ভেঙে যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, তাই নতুন করে বসানো হযেছে তার কাটার বেড়া। সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত আন্দোলনকারীদের তেমন কোন জমায়েত দেখা যায়নি।

এর আগে, রাত সাড়ে ১১টার দিকে বঙ্গভবন এলাকা ছেড়ে যায় আন্দোলনকারীরা। এ সময় বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিতের আশ্বাস দেন হাসনাত-সারজিসসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী। এদিন বিকেল থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে বাধা দেয়।

একপর্যায়ে গুলিস্তান আউটার স্টেডিয়ামের পাশ দিয়ে পুলিশের একটি বড় দল বঙ্গভবনের সামনে আসার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের পথ আটকায়। তাদের তোপের মুখে পুলিশ পিছু হটলে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

এসময় হামলার মুখে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলে চলে যান। পরে আন্দোলনকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন।

প্রসঙ্গত, সম্প্রতি মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তার কাছে নেই। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্য দেশের রাজনীতিতে বেশ উত্তাপ-আলোচনার সৃষ্টি করে। এমন মন্তব্যের জেরে শিক্ষার্থীসহ অনেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন। একপর্যায়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলসহ বিভিন্ন ব্যানারে একাধিক প্লাটফর্ম আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের আল্টিমেটামও ঘোষণা করেন।

এদিকে, সোমবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত। এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

শেখ হাসিনার পদত্যাগ ও বিতর্ক: বঙ্গভবনের অজানা অধ্যায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এখনও চলছে বিতর্ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দিলেও সরকারি বা দালিলিক প্রমাণের অভাবে তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে অনুসন্ধান করেছেন দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। জনতার চোখ পত্রিকায় তিনি তুলে ধরেছেন তার বিস্তারিত।

মতিউর রহমান চৌধুরী জানান, গত তিন সপ্তাহ ধরে তিনি পদত্যাগপত্রের খোঁজ করেছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অনুসন্ধান চালিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র থাকার কথা। কিন্তু সেখানে কোনো প্রমাণ পাননি। শেষ পর্যন্ত তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে বঙ্গভবনও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, ৫ আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন জানিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীকেও খোঁজ নিতে বলা হয়েছিল, কিন্তু তার কাছেও কোনো তথ্য ছিল না।

তিনি চৌধুরী লিখেছেন, বঙ্গভবন থেকে প্রাপ্ত তথ্যমতে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে শোনা গেছে কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে মন্ত্রিপরিষদ সচিব পদত্যাগপত্রের কপি নিতে বঙ্গভবনে যান। সেখানে তিনিও কোনো প্রমাণ খুঁজে পাননি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে বলেন, সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ না করলেও দেশের শাসন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যবস্থা নেয়া যাবে।

মতিউর রহমানের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে রেডিও-টেলিভিশনে সংক্ষিপ্ত ভাষণ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় পরিস্থিতি অস্থির থাকায় এবং সেনাপ্রধানের অনাগ্রহের কারণে তাকে ভাষণ দিতে দেয়া হয়নি। শেখ হাসিনা তখন বলতে চেয়েছিলেন, তাকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হচ্ছে এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চাইছে সেটিও তিনি দেশের জনগণকে জানাতে চেয়েছিলেন।

শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় ভারত সরকার তাকে ট্র্যাভেল ডকুমেন্ট দিয়েছে। তবে তার রাজনৈতিক আশ্রয় নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। মতিউর রহমান লিখেছেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং বেলারুশের মতো দেশগুলো নিরাপত্তাজনিত কারণে তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, গণআন্দোলনের সময় শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে দিল্লির সাথে ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে। ঢাকা থেকে তাকে আকাশপথে সরিয়ে নিতে ভারতীয় বিমান পাঠানোর অনুরোধ করা হলেও ভারত সে প্রস্তাবে সাড়া দেয়নি। পরবর্তীতে বাংলাদেশের উদ্যোগে বিমান বাহিনীর সি-১৩০ বিমান তাকে দিল্লি পাঠায়।

শেখ হাসিনার অনুপস্থিতিতে, দেশ শাসনের সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব সুপ্রিম কোর্ট থেকে এসেছে। আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাতে পারবেন। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

তড়িঘড়ি করে ড. ইউনূসের মামলা প্রত্যাহার, বৈধতা নিয়ে আপিলের অনুমতি

প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইন সঙ্গত ছিলো, এ নিয়ে বৃহত্তর শুনানির জন্য আপিলের অনুমতি দিলেন আপিল বিভাগ।

সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ড. ইউনূসকে এই অনুমতি দেন। একইসাথে উভয় পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেন সর্বোচ্চ আদালত।

দুদকের একটি মামলা বাতিলের আদেশ প্রকাশের আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলা কেন বাতিল হলো তা নিয়ে আপিল বিভাগে যান তার আইনজীবী।প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যদের আপিল বিভাগ আজ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই মামলা হয়। ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা গত ৮ জুলাই আবেদন করেন।

শুনানি শেষে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে সম্প্রতি লিভ টু আপিল করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা।

ভাইরাল সুদীপ্তার পোস্ট, কী বলেছেন অভিনেত্রী

আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনে প্রথম থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও তার দিদি। সম্প্রতি প্রতীকী অনশনেও যোগ দেন তার দিদি বিদপ্তা চক্রবর্তী ও তার স্বামী বিরসা দাশগুপ্ত। আর এসবের মাঝেই এদিন আচমকা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর করা দুই বছর পুরোনো একটি পোস্ট এবং তার কমেন্টের একটি স্ক্রিনশট। সেই পোস্টে কী বলেছিলেন অভিনেত্রী।

এর আগে ২০২২ সালে কালার্স বাংলার একটি কুকারি শো সঞ্চালনা করতেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সেই শোর প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার পর অভিনেত্রী একটি পোস্ট করেন, সেখানেই তাকে কটাক্ষ করে বসেন এক ব্যক্তি। তিনি তার মন্তব্যে লিখেছিলেন— ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালি সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতেখড়ি।

এর জবাবে সেই সময়ই সুদীপ্তা লিখেছিলেন— একটু ভুল হয়ে গেল যে! বাড়িওয়ালি সিনেমায় রান্নার কাজ করিনি। অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয়ের জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সব ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, আর আমার অভিনয়ের হাতেখড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না। আর এই শোয়ে আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র। এবার বলি— রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ, আর ভালো রান্না করা আরও কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোনো অশিক্ষিত লোকই পারবে না। আপনিও না। আপনি রান্না করতে পারেন কিনা জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যারা রান্না করে দেন বলে দুমুঠো খেতে পান, তাদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।

এদিন সুদীপ্তা চক্রবর্তীর এই মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় আরজি কর আন্দোলনের মাঝে। অভিনেত্রীর সমর্থনে অনেকেই পোস্ট করেন সেই স্ক্রিনশট। বলাই বাহুল্য, তার এভাবে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়া, প্রতিবাদী সত্তাকে তার অনুরাগীরা বরাবর শ্রদ্ধা করে এসেছেন।

তাই এদিন এক ব্যক্তি এই স্ক্রিনশটগুলো পোস্ট করে লিখেছেন—চড় মারতে সবসময় যে গায়ের জোর লাগে তা নয়, কিছু ক্ষেত্রে চড় মারার জন্য শিক্ষাই যথেষ্ট। আবার অন্য এক ব্যক্তি মন্তব্য করেন— সবার হাতে স্মার্টফোন আর সস্তার নেট এসে কে কাকে কি বলছে কোনো বোধ নেই৷ নিজেদের আয়নাতেও দেখে না৷ নিজের কি যোগ্যতা, পড়াশোনা, অবদান তার নেই ঠিক৷ শিল্পী দেখলেই তাকে যা ইচ্ছে বলে দিয়ে খুব বড় হনু হয়ে গেলাম আর কি! করুণা হয় এদের দেখে।

মুল্ডারে দিশেহারা বাংলাদেশ, ৬ ওভারে নেই ৩ উইকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন বান্ধব উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশি ব্যাটারদের কাবু করছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন এই পেসার। এখন পর্যন্ত নিজের প্রতিটি ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার।

এই বোলারের তোপের মুখে পড়ে একে একে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্ত। এই তিন ব্যাটারকেই ক্যাচ আউটের শিকার বানিয়েছেন মুল্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৩ উইকেট খরচায় ২১ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়েছে জাকের আলীর। দেশের হয়ে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।

হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা ইসরায়েলের

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার (২০ অক্টোবর) এই অভিযানের মূল টার্গেট ছিল গোষ্ঠীটির অর্থনৈতিক স্থাপনা।

রাজধানী বৈরুতের দক্ষিনাঞ্চলে অন্তত ১২ দফায় ড্রোন ও মিসাইল ছুঁড়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ- আইডিএফ’র দাবি, ব্যাংকসহ হিজবুল্লাহর অন্যান্য অর্থনৈতিক অবকাঠামোয় চালানো হয়েছে অভিযান। গোষ্ঠীটির আর্থিক শাখা, আল-কার্দ-আল হাসান অ্যাসোসিয়েশন ধ্বংস করাই মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে তেলআবিব।

সবচেয়ে বেশি হামলা হয়েছে দাহিয়ে এলাকায়। লেবাননে হিজবুল্লাহর অন্তত ৩০টি অর্থনৈতিক কার্যালয় রয়েছে। যার মাঝে ১৫টিই বৈরুতে অবস্থিত। জনবহুল এলাকায় লাগাতার হামলায় আতঙ্কিত বাসিন্দারা। নতুন করে বৈরুত, বেকা ভ্যালিসহ দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ

ভেঙে দেয়া হলো বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক অফিস আদেশে বলা হয়, প্রশাসক আগামী ৬ মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সরকার পরিবর্তনের পর তৈরি পোশাক মালিকদের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব নিয়ে জটিলতা তৈরি হয়। সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত এই পর্ষদের বিরুদ্ধে অবস্থান নেয় অপরপক্ষ। গেল নির্বাচনে কারচুপি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোট নেয়ার অভিযোগ তোলা হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে ক্ষুব্ধরা।

রাজনৈতিক পট-পরিবর্তনের আগে বিজিএমইএর সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি। ৫ আগষ্টের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

লেবানন থেকে আজ বাংলাদেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি

লেবানন থেকে আজ বাংলাদেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি। দূতাবাসের উদ্যোগে গতকাল স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে রওনা হয়েছেন তারা।

লেবাননের রফিক হারিরি বিমান বন্দর থেকে উড্ডয়ন করে তাদের বহনকারী বিমান। জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরবেন তারা। দূতাবাসের তথ্যানুযায়ী, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা পৌঁছাবেন বাংলাদেশে।

ইসরায়েলের পুরোদস্তুর অভিযানে রণক্ষেত্র লেবানন। আহত হয়েছেন বহু বাংলাদেশি। ৭ অক্টোবর গাজায় তাণ্ডব শুরুর পর থেকেই আতঙ্কে দিন কাটছিলো প্রবাসীদের। অবশেষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের।

পর্যায়ক্রমে দৈনিক দু’টি ফ্লাইটের মাধ্যমে গড়ে ৩০ থেকে ৪০ জন প্রবাসী দেশে আসতে পারবেন। অনিবন্ধিত প্রবাসীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস। নিরাপদে দেশে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা।