বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মেডিকেলে ভর্তির আবেদন শুরু, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন আগ্রহী শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ডিজিএমইর অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসির সিলেবাসের ভিত্তিতে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে এক নম্বর থাকবে, মোট ১০০ নম্বর।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হবে- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থ বিজ্ঞান ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০।

ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক করে নম্বর দেওয়া হবে। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ: সারজিস আলম

পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। এমন কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে সারজিস বলেন, পুলিশকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার। তবে দল-মত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনও জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে। টাকার বিনিময়ে মামলা হচ্ছে এবং টাকার বিনিময়ে মামলা তোলা হচ্ছে। এজন্য পুলিশকে সাবধান হবার আহবান জানান তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বলেন, এখন আগের মতো ভারতের সঙ্গে আর অসমতার সম্পর্ক নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটা সফল হতে দেবো না। সবাই মিলে রুখে দেবো। আমরা কাউকে আবার ফ্যাসিবাদ কায়েম করতে সুযোগ দেবো না। ভারতের কেউ বা বাংলাদেশবিরোধী কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেনাবাহিনীকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান সারজিস।

প্রসঙ্গত, ‘মায়ের ডাক’ সংগঠনের আয়োজনে এই সমাবেশে ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। পাশাপাশি, অংশ নেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।

দুদকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন।

নতুন দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

এখন দুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল মোমেনের বেতন–ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে আপিল বিভাগের বিচারকের সমান। আর দুই কমিশনারের বেতন–ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমান।

মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাঁকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

ইমারত হোসেন

৪৭তম বিসিএসের অনলাইনের আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।

স্থগিতের বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি, ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: বিক্রম মিশ্রি

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার দেশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই ভারতের দায়িত্বশীল কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় পৌঁছে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেন বিক্রম মিশ্রি। পরে উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।

বিক্রম মিশ্রি বলেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সবসময়, অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে এই সম্পর্কটিকে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখতে থাকবো। যেই সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ।

তিনি আরও বলেন, পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা উভয় দেশের জনগণের স্বার্থে কেন অব্যাহত থাকবে না, এটা ভাবার কারণ নেই। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিত ও সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি।

ভারতীয় পররাষ্ট্র সচিব জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সাথে সম্পর্কিত তাদের উদ্বেগগুলো জানিয়েছেন। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছেন।

দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পরেছে: আইন উপদেষ্টা

ইমারত হোসেন

স্বৈরাচারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দুদক ছিল, উচ্চ আদালতও ছিল কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়ার।

অনুষ্ঠানে দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে।

তিনি বলেন, সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিসহ দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পরেছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সৎ প্রজন্ম তৈরি করতে পারলে দুর্নীতিবিরোধী সমাজ গঠন করা সহজ হবে। দুর্নীতির বিরুদ্ধে কেবল প্রতিকারমূলক কার্যক্রম গ্রহণ করা নয় সবার মনে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, যা নিয়ন্ত্রণে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জেঁকে বসেছে শীত, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

উত্তরের হিমালয়ের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। হিমেল বাতাসে অনুভব হচ্ছে বরফের শীত। তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জর্জরিত হয়ে পড়েছে এ জেলার মানুষ। গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড হয়। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রার রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস ।

কৃষক মাজহার মিয়া জানান, ভাই খুবই ঠান্ডা। রাত-ভোর পর্যন্ত বরফের মতো লাগে। এতো ঠান্ডা, কাজ কাম করা খুবই কঠিন হয়ে উঠে। ভোরে পালং শাক, লাফা শাক ও লাউ শাক তুলতে এসেছি। ধরা যাচ্ছে না, বরফের মতো মনে হচ্ছে। হাত অবশ হয়ে আসে। কিন্তু কি করবো, টাটকা সবজি বাজারে নিতেই কাজ করতে হচ্ছে।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, রোববারের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। তাপমাত্রা কমে গত ১০ ডিগ্রির ঘরে এসেছে। সোমবার সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। শনিবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠালেন এবি ব্যাংকের এমডি

বেসরকারি খাতের এবি ব্যাংকের এমডি তারিক আফজাল কানাডা থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যাংকটির আজকের পরিচালনা পর্ষদের বৈঠকে তার পদত্যাগপত্রের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘ ছুটি শেষে ৮ ডিসেম্বর আফজালের যোগদান করার কথা ছিল। যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারিরীক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।

তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন।

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা ডিএমপি কমিশনারের

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের কার্যকরী ভূমিকা না রাখার ব্যর্থতাকে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার এস এম সাজ্জাত আলী।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ডিএমপি অপেশাদার আচরণ করেছে।

এসময় ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। নাজুক ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। পদক্ষেপ নেয়া হবে ছিনতাই বন্ধেও।

রাজধানীবাসীর সহযোগীতা ছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার। চাঁদাবাজিকে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কাউকে চাঁদা না দিতে আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করে দেবেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট জানান, ওভাল অফিসের প্রথম দিনের কাজ ঠিক করে রেখেছেন তিনি। আর তা হলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের সন্তানরা পাবে না মার্কিন নাগরিকত্ব।

সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে বলেও জানান। ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট হিসেবে আগের মেয়াদেই বেআইনী অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চেয়েছিলেন। তবে করোনাকালীন সময় ও পরিস্থিতি বিবেচনা করে সেটি করা সম্ভব হয়নি।

এনবিসিকে ট্রাম্প আরও বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শিগগিরই এ সমস্যার সমাধান জরুরি। মার্কিন ভূখণ্ডে কোন অবৈধ অভিবাসী থাকবে না। যারা বেআইনি প্রক্রিয়ায় এসেছেন তাদের সন্তানরাও অবৈধ। আমি কোনো পরিবার ভাঙতে চাই না। তাই সবাইকে এক সাথে যে দেশ থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেবো।