বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ইউক্রেন একদিন রাশিয়ার অংশও হতে পারে : ট্রাম্প

ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের দ্রুত অবসান ঘটবে বলেও জানিয়েছেন ট্রাম্প। গত সোমবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি তিন বছর ধরে চলমান এ সংঘাত নিয়ে আলোচনা করেন।
এদিকে, কিয়েভ বলেছে, তারা এমন একটি চুক্তির জন্য উন্মুক্ত যেখানে ওয়াশিংটন অব্যাহত সামরিক ও আর্থিক সহায়তার জন্য ক্ষতিপূরণ দেবে।

মার্কিন সম্প্রচারক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা চুক্তি করতে পারে, আবার নাও করতে পারে। তারা একদিন রাশিয়ান হতে পারে আবার নাও হতে পারে।’

ট্রাম্প আবারও কিয়েভের জন্য দেওয়া মার্কিন সহায়তা থেকে প্রতিদান পাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দুর্লভ খনিজ, তেল-গ্যাস ও অন্যান্য সম্পদের দিক থেকে ইউক্রেনের ভূমি অত্যন্ত মূল্যবান। আমি চাই আমাদের অর্থ সুরক্ষিত থাকুক।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি তাদের বলেছি যে আমি প্রায় ৫০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ দুর্লভ খনিজ চাই এবং তারা মূলত এটি করতে সম্মত হয়েছে, যাতে অন্তত আমরা বোকা না বোধ করি। নইলে তো আমরা বোকা।
আমি তাদের বলেছি, আমাদের কিছু পেতে হবে। আমরা এই অর্থ দেওয়া চালিয়ে যেতে পারবো না।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে বলেছেন, ‘ইউক্রেন এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

চলতি সপ্তাহের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
শিগগিরই নিজের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কেইথ কেলগকে কিয়েভে পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প।

কিয়েভ আশঙ্কা করছে, ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের মতো কঠোর সামরিক প্রতিশ্রুতি ছাড়া যেকোনো সমঝোতা ক্রেমলনকে পুনরায় সংগঠিত হতে এবং নতুন আক্রমণের জন্য সশস্ত্র হওয়ার জন্য সময় দেবে। ট্রাম্প এর আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছিলেন। তবে, মস্কো যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্র: আলজাজিরা।

আফগান শিবিরেও চোটের হানা, ছিটকে গেলেন গাজানফার

ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানের পর চোট হানা দিয়েছে আপগানিস্তান শিবিরেও। পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার এই খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘আফগানিস্তানের তরুণ স্পিন সেনসেশন এম গাজানফার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন।
তার এল ৪ ভার্টেব্রাতে চিড় আছে।’

সম্প্রতি হওয়া জিম্বাবুয়ে সফরে চোট পান গাজানফার। চোটের কারণে আরো কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। তার বদলে বাঁহাতি স্পিনার খারুতিকে দলে যুক্ত করেছে এসিসি।
খারোতি এর আগে ৭টি ওয়ানডে খেলেছেন।

এর আগে দলটি অভিজ্ঞ অফ স্পিনার মুজিব উর রহমানকেও হারায়। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে পাওয়া যাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে।

আফগানিস্তান স্কোয়াড

হাসমতুল্লাহ শহিদি, ইব্রাহিম জাদরান, রাহামনুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, ইকরাম আকিলি, গুলবদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারুতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাবীদ জাদরান।

রিজার্ভ- দারবিশ রাসুলি, বিলাল সামি।

২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে আফগানিস্তান।

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে।
সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দিদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ফের রিমান্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী কাইয়ুম।
এ ঘটনায় তার মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

নজরুল দশ ও জ্যোতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে পৃথক দুই হত্যা মামলায় ১০ দিন ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, তাদের কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তার পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কামিন্স-হ্যাজলউডের পর চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টার্কও

চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার।

স্টার্ক নিজেকে সরিয়ে নেওয়ায় অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি দলে মূল পেসারদের আর কেউই থাকছেন না। এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
এ ছাড়া দলে নেই মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। ৫ জনের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন— শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

স্টার্কের না খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি ও সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মিচের অঙ্গীকার ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করাকে ও যেভাবে গুরুত্ব দেয় সেটাকে সম্মানের চোখেই দেখা হয়।
ওকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা কিন্তু টুর্নামেন্টে নিজেকে চেনানোর জন্য এটি অন্য কারও সুযোগও।’

চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে।

অস্কার না পেলেও আক্ষেপ নেই সেলেনার!

দেশি ভাষার চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক অস্কার মনোনয়ন পাওয়ার পরও, ‘এমিলিয়া পেরেজ’ দ্রুতই বিতর্কের ঘূর্ণাবর্তে পড়েছে। এর কারণ, ছবির তারকা কার্লা সোফিয়া গাসকোনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সেরা অভিনেত্রীর জন্য অস্কারে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মনোনীত গাসকন, ইসলাম, মার্কিন বর্ণবাদবিরোধী বিক্ষোভ, এমনকি অস্কার নিয়ে তার নিজের পোস্টের কারণে সমালোচিত হয়েছেন। এমনকী সিনেমাটির অস্কার জয়ের সম্ভাবনাও ম্লান হয়ে আসছে।

কান উৎসব ও গোল্ডেন গ্লোব পুরস্কারে বাজিমাত করা ‘এমিলিয়া পেরেজ’-এর অস্কার সম্ভাবনা ছিল প্রবল। পেয়েছে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন। কিন্তু ছবির অভিনেত্রী কারলা সোফিয়ার পুরনো টুইটের সূত্র ধরে তা ম্লান হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে হলিউড পাড়ায় চলছে বিতর্ক, আলোচনা-সমালোচনা।
তবে এই নেতিবাচক প্রসঙ্গের কারণে ‘এমিলিয়া পেরেজ’ নিয়ে মোটেও আক্ষেপ করছেন না ছবির আরেক অভিনেত্রী সেলেনা গোমেজ।

সম্প্রতি সান্তা বারবারা চলচ্চিত্র উৎসবে আমেরিকান সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু জাদু উধাও হয়ে গেছে। তবে ছবিটি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমি কোনো আক্ষেপ নিয়ে জীবনধারণ করি না।
যদি সুযোগ পাই, এই ছবি একবার নয়, বারবার করব।’

বিভিন্ন সময়ে মুসলিম, জর্জ ফ্লয়েড এমনকি অস্কার নিয়েও নেতিবাচক টুইট করেছিলেন কারলা সোফিয়া। সেসব মন্তব্যই সামনে এসেছে পুনরায়। একবার তো সেলেনাকেও কটাক্ষ করে ‘ধনী ইঁদুর’ বলেছিলেন এ অভিনেত্রী। তবে সেসব নিয়ে মনে কষ্ট রাখতে চান না সেলেনা।
ছবিটির শুটিং সেটে সুন্দর সময় কেটেছিল বলেই জানান তিনি।

নির্মাতা জ্যাক অদিয়াকে ধন্যবাদ জানিয়ে সেলেনা বলেন, ‘নির্মাতা আমার ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আমি যে অভিনয়ে আরো অনেক কিছু করতে পারি, সেটা দেখানোর একটা সুযোগ পেলাম। আশা করছি, অভিনয়ে নিজেকে মেলে ধরার সূচনা এটা।

রিয়ালের নাটকীয় প্রত্যাবর্তনে স্তব্ধ সিটি

আর্লিং হালান্ডের জোড়া গোলে ৮৫ মিনিট পর্যন্ত ২–১ ব্যবধানে এগিয়ে ছিল সিটি। কিন্তু সেই লিড ধরে রাখতে পারল না গার্দিওলার দল। ছয় মিনিটের মধ্যে দুইবার ম্যানচেস্টার সিটির জালে বল পাঠিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
সিটির হয়ে হালান্ডের জোড়া গোলের পর রিয়ালের হয়ে তিনটি করেছেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম।

ম্যাচের শুরুতে সিটি দাপট দেখালেও পুরো ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল রিয়ালই। গোলের জন্য সিটির ১১ শটের ৪টি লক্ষ্যে রাখার বিপরীতে রিয়াল ২০টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে।

১৯তম মিনিটে হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি।
জ্যাক গ্রিলিশকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন হালান্ড। সতীর্থদের সঙ্গে কয়েকবার বল দেওয়া-নেওয়ার পর হাওয়ায় ভাসানো দারুণ এক পাস বাড়ান জ্যাক গ্রিলিশ। এরপর বক্সে বল পেয়ে গাভারদিওল বুক দিয়ে বাড়িয়ে দেন পাশেই থাকা হলান্ডের দিকে। বাকি কাজ সারতে ভুল করেননি নরওয়ের তারকা স্ট্রাইকার।
প্রায় চার মিনিট ধরে ভিএআরে পরীক্ষার পর গোলের বাঁশি বাজান রেফারি। উল্লাসে ফেটে পড়ে ইতিহাদ।

৩০ মিনিটে সিটির জন্য বড় ধাক্কা হয়ে আসে গ্রিলিশের চোট। দারুণ খেলতে থাকা এই উইঙ্গারকে তুলে নিতে বাধ্য হন গার্দিওলা। তার জায়গায় নামেন ফিল ফোডেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ পান এমবাপ্পে, কিন্তু বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে রিয়ালকে সমর্থকদের হতাশ করেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটেও সহজ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ৬০তম মিনিটে তার গোলেই সমতায় ফেরে রিয়াল। ফেদে ভালভার্দের নেওয়া ফ্রি কিক সিটির এক খেলোয়াড় আটকে দিলে বল পেয়ে যান দানি সেবায়োস। সেবায়োসের ক্রসে ঠিকমতো ভলি করতে পারেননি এমবাপ্পে, তবে বল ঠিকই খুঁজে পায় জাল।

৮০ মিনিটে সিটি আবার এগিয়ে যায়। রিয়াল নিজেদের বক্সে ফোডেনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হালান্ডের সফল স্পট-কিকে আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

৮৪ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে নামান ব্রাহিম দিয়াজকে। দুই মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ভিনিসিয়ুসের শট এডারসন ঠেকানোর পর জালে পাঠান দিয়াজ। এর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে জয়ের উল্লাসে ভাসান বেলিংহাম। সিটির একটি ভুল পাস ধরে বল নিয়ে ছুটে যান ভিনিসিয়ুস। রিকো লুইসকে পেছনে ফেলার পর রুবেন দিয়াজকেও ফাঁকি দেন। তা দেখে এগিয়ে আসেন এডারসন। তাই দেখে ডান প্রান্তে এগিয়ে আসা বেলিংহামকে পাস দেন ভিনি। ফাঁকা পোস্টে বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এই ইংলিশ মিডফিল্ডারের।

১৯ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের ফিরতি লেগের ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে।

হামাসকে যে হুমকি দিলেন নেতানিয়াহু

হামাসকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুমকি দিয়েছেন। সোমবার হামাস জানিয়েছিল প্রতিশ্রুতি মতো আগামী শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না। ইসরায়েল সংঘর্ষবিরতির চুক্তি ভঙ্গ করার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল হামাসের পক্ষ থেকে।

এবার তার কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার তিনি জানিয়েছেন, হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে। নেতানিয়াহুর দাবি, শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে।

আগে কথা ছিল শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। নেতানিয়াহু এবার সকল বন্দির মুক্তির কথা বলছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নেতানিয়াহুর কথায়, ‘শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের ওপর চরম হামলা চালাবে। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।’

নেতানিয়াহুর এই বার্তা পাওয়ার পর ইসরায়েলের সেনা জানিয়েছে, দেশের দক্ষিণে গাজা সীমান্তে তারা ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। রিজার্ভ ফোর্সকেও সেখানে পাঠানো হয়েছে।
নির্দেশ এলেই অভিযান শুরু হবে।

গাজা পরিস্থিতি

এদিকে গাজার অবস্থা কার্যত ধ্বংসস্তূপ। মঙ্গলবার জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, গাজাকে নতুন করে তৈরি করতে হলে সব মিলিয়ে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। প্রথম তিন বছরে খরচ হবে ২০ বিলিয়ন ডলার। গাজায় ৬০ শতাংশ বাড়ি ধ্বংস হয়েছে বলে তারা জানিয়েছে।
শুধুমাত্র নতুন করে বাড়ি বানাতেই খরচ হবে ১৫ বিলিয়ন ডলার।

ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠানগুলিকে নতুন করে তৈরি করতে খরচ হবে আরো প্রায় সাত বিলিয়ন ডলার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়ে তুলতে খরচ হবে আড়াই বিলিয়ন। ফসলের জমিগুলোকে আবার চাষযোগ্য করার জন্য খরচ হবে চার বিলিয়ন ডলার।

ট্রাম্প-আবদুল্লা বৈঠক

গাজার অধিবাসীদের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লা। হোয়াইট হাউসে এই বৈঠক হয়েছে।

ট্রাম্পের অভিমত, গাজা স্ট্রিপকে খালি করে দেওয়া হোক। আমেরিকা ওই এলাকার দায়িত্ব নেবে এবং জায়গাটিকে একটি পর্যটকস্থল হিসেবে ব্যবহার করা হবে। অন্যদিকে গাজার অধিবাসীদের জর্দানের অথবা মিসরে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু প্রথম থেকেই জর্দান ও মিসর এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।

মঙ্গলবারের বৈঠকেও জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লা স্পষ্ট করে দিয়েছেন যে, কোনোভাবেই গাজার অধিবাসীদের জর্দানের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে না। বরং তার বক্তব্য, গাজার মানুষ যাতে আবার শান্তিতে সেখানেই বসবাস করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। সেখান থেকে কোনোভাবেই তাদের উৎখাত করা যাবে না।

দুই-রাষ্ট্রের তত্ত্বের ভিত্তিতে গাজা সমস্যার সমাধান প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়ে এসেছেন, কোনোভাবেই জর্দানে গাজার ফিলিস্তিনি অধিবাসীদের জন্য আলাদা থাকার জায়গা দেওয়া সম্ভব নয়।

জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধের হুমকি নেতানিয়াহুর

জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে ফের যুদ্ধ শুরুর হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে এ কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

এর আগে গত সোমবার একই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছিলেন, শনিবারের মধ্যে হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি না দিলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন।

হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধবিরতি নিয়ে কী হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান। ট্রাম্প বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয় তা হলে আমি বলব এটি (যুদ্ধবিরতি) বাতিল করুন।

ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি দল শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং তীব্র লড়াই আবার শুরু হবে।

নেতানিয়াহু জানান, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরো জিম্মিদের মুক্তি স্থগিত রাখা নিয়ে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং আশেপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি, তিনি বাকি ৭৬ জন জিম্মির মুক্তি দাবি করছেন, নাকি এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তাদের মুক্তি দাবি করেন। তবে একজন মন্ত্রী বলেছেন, তিনি সকলের কথা বলছেন।