বুধবার, অক্টোবর ৭, ২০২৬

নিরাপত্তাহীনতায় ভুগছেন ভূমি পেডনেকর

ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন ভূমি পেডনেকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীদের ওপর ঘটে চলা অত্যাচার নিয়েও মুখ খোলেন তিনি। পাশাপাশি কথা বলেন হেমা কমিটির রিপোর্ট নিয়েও।

নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভূমি।
এসময় তিনি বলেন, “ভারতের একজন নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার চাচাতো বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়।
খুব চিন্তা হয়।”

গেল বছরের আগস্টে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মালয়ালম চলচ্চিত্র জগতে নারীদের ওপর হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে।

সেই প্রসঙ্গ টেনে ভূমি বলেন, “ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মতভাবে এই নিয়মগুলো মেনে চলা হয়েছে।
রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে।”

প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে নারীদের ওপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান ভূমি।

সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। ছবিতে রয়েছেন অর্জুন কাপুর ও রাকুল প্রীতও। এ ছাড়াও সামনে ‘দলদল’ নামের এক ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

তিনি বলেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর থেকে ব্যক্তিশ্রেণির আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে।
তবে এর আগে অনলাইনে কর দেওয়ার সব সমস্যা সমাধান করা হবে।

রবিবার রাজস্ব বোর্ড মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ছয় মাসে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে।
জানুয়ারিতে সাত শতাংশ কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী চার বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে রাজস্ব আহরণ গতি পাবে, বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি হবে।
এর ফলে কার্যক্ষমতা বাড়বে এনবিআর কর্মকর্তাদের।

পুঁজিবাজার : সূচকের ওঠানামায় চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ ফেব্রুয়ারি) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ দিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর— অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৩ ও ১৯১৪ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কম্পানির শেয়ারের মূল্য। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো— ফুওয়াং ফুড, বিডি থাই, বিএসসি, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিক, ফুওয়াং সিরামিক, আরডি ফুড, মিডল্যান্ড ব্যাংক, অগ্নি সিস্টেম ও খান ব্রাদার্স।

এর আগে রবিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৮ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২৯টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কম্পানির শেয়ারের দর।

ওলমো-তোরেসের গোলে আড়াই ঘণ্টার ব্যবধানে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় গত সপ্তাহে রায়ো ভায়োকানোর বিপক্ষে জিতে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। সেই বার্সাকে টপকে গতকাল শীর্ষে ছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু আড়াই ঘণ্টার ব্যবধানে আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা।

শনিবার রাতে লাস পালমাসের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
বদলি নামা দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

লিগে ২৫ ম্যাচ শেষে এখন বার্সার পয়েন্ট ৫৪, আতলেতিকোর ৫৩। আর এক ম্যাচ কম খেলে তিনে থাকা রিয়ালের পয়েন্ট ৫১। আজ রাতে জিরোনার বিপক্ষে রিয়াল জিতলে তাদের পয়েন্ট হবে বার্সার সমান (৫৪)।
কিন্তু গোল পার্থক্যের কারণে বার্সাই হয়তো চূড়ায় থাকবে।

গত নভেম্বরে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারানো লাস পালমাস গতকালও প্রথমার্ধে গোল করতে দেয়নি লেভানদোস্কি-রাফিনিয়িাদের।

বিরতির পরপরই ফেরমিনকে তুলে ওলমোকে মাঠে নামান ফ্লিক, তাতে মাঝমাঠের নিয়ন্ত্রণ বাড়ে।

কিন্তু গোলের জন্য হন্যে হয়ে ওঠা বার্সা কোচ ফ্লিক আসল চালটা চালেন বিরতির পরপরই।
ফেরমিন লোপেজকে তুলে ওলমোকে মাঠে নামান ফ্লিক, তাতে মাঝমাঠের নিয়ন্ত্রণ বাড়ে। ৬২ মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত পাস থেকে সেই ওলমোই দলকে এগিয়ে দেন।

গোল হজম করে তেতে ওঠে লা পালমাস। কোচ দিয়েগো মার্তিনেজ একসঙ্গে তিনটি পরিবর্তন এনে দলকে আক্রমণাত্মক করেন, যার ফলে কিছুটা চাপে পড়ে বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের বদলি নামেন ফেরান তোরেস।
১০ মিনিট পরেই তিনি করেন বার্সার দ্বিতীয় গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে গোল করেন তিনি। তার জয়ের পাশাপাশি আড়াই ঘন্টার ব্যবধানে শীর্ষে ফেরাও নিশ্চিত হয় বার্সেলোনার।

এর আগে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় আতলেতিকোর ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় কাল রাত সাড়ে ১১টায়। আর্জেন্টাইন তার হুলিয়ান আলভারেজের জোড়া গোল ও আনহেল কোরেয়ার এক গোলে আতলেতিকো যখন ৩-০ ব্যবধানের জয়ে শীর্ষে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিবিসিকে ৩ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করল ভারত

ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা ইন্ডিয়াস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) দেশটিতে বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বিবিসিকে তিন লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড বা তিন লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বলে তিনটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থাটি জানায়, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।
এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল দেশটির কর কর্তৃপক্ষ।

ইডির বিধিমালা অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা করার অধিকার রয়েছে সংস্থাটির।

ভারত সরকার বলছে, বিবিসির বিদেশি মালিকানার পরিমাণ হ্রাসের জন্য তাদের ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তাদের ২৬ শতাংশ বৈদেশিক শেয়ারের অনুমোদন ছিল।
এর ফলেই তাদের জরিমানা করা হয়েছে।

সংস্থাটির কার্যক্রম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশনামা এখনও পায়নি বলে দাবি করেছে বিবিসি।

এক বিবৃতিতে তারা বলেছে, আদেশের কোনো প্রতিলিপি এসে পৌঁছালে তা সঠিকভাবে পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

জানা যায়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশের পর বিবিসির বিরুদ্ধে কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। ওই ডকুমেন্টারিতে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল। সেই দাঙ্গায় সহস্রাধিক মানুষ প্রাণ হারান, যার সংখ্যাগরিষ্ঠই ছিলেন মুসলিম।

এই ডকুমেন্টারিকে প্রোপাগান্ডা বলে প্রত্যাখান করেছিল ভারত সরকার। তারা অনুষ্ঠানটির সম্প্রচার এমনকি সামাজিক মাধ্যমে এর ক্লিপ শেয়ারেও নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র: রয়টার্স

বুবলীর নতুন অধ্যায় শুরু

প্রযোজনায় নাম লেখালেন অভিনেত্রী শবনম বুবলী। প্রতিষ্ঠানের নাম রেখেছেন বিগ প্রডাকশনস। বুবলী ইনোভেটিভ গ্রুপের সংক্ষিপ্ত রূপ ‘বিগ’। গতকাল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।
তাঁর প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন। এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বুবলী।

জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।
বুবলীর প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা তো থাকবেনই। নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে তাঁর। বুবলী বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন।
অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’

বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন।
তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’

এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।

বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। কয়েক বছরের মতো এবার রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। ‘পিনিক’ ও ‘জংলি’ সিনেমা দুটির ঘোষণা এসেছে এরই মধ্যে।

জুনেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব : সংস্কার কমিশন

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ ছাড়া আগামী জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছে তারা। গতকাল শনিবার কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্টে এসব সুপারিশ করা হয়েছে।

সুপারিশে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই।
এই মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব। আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে।

সুপারিশে আরো বলা হয়, বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। নতুবা নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে।
স্থানীয় সরকারব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি।

এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ-এপ্রিলের (২০২৫) মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত এই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ আরো পাঁচটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে এই সংস্কার কমিশন গঠন করা হয়। তাঁর নেতৃত্বে কাজ করেছেন সাতজন সদস্য।

একই সঙ্গে ভোট, আইন একীভূত করার সুপারিশ

সংস্কারের সুপারিশে বলা হয়, একই তফসিলে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন অংশগ্রহণ করবে। প্রতিজন ভোটার নিজ নিজ ইউনিয়ন, পৌরসভা ও সিটির ওয়ার্ডের জন্য একটি ব্যালট পেপার, উপজেলার জন্য একটি এবং জেলার জন্য একটি ব্যালট পেপার পাবেন। তিনটি ব্যালটে তিনটি বা (প্রযোজ্য ক্ষেত্রে) একাধিক ভোট দিয়ে তাঁদের ভোট শেষ করবেন।

সুপারিশে বলা হয়, ১৯৭২ সালের পর পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক সম্পর্কবিহীন যে পাঁচটি পৃথক আইন ও অসংখ্য বিধিমালা বিভিন্ন সময় জারি করা হয়েছে, সে সব আইন ও বিধিসমূহ বাতিল করে সব প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুটি একীভূত ও একক স্থানীয় সরকার আইন ও প্রয়োজনীয় বিধি প্রণয়ন করে সব পরিষদের মধ্যে আন্ত প্রতিষ্ঠান সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠা করা যেতে পারে। এ রকম দুটি আইন করা হলে ওই আইন বলে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো হবে একই ধাঁচের সংসদীয় পদ্ধতির। তখন নির্বাচনব্যবস্থাটিও হবে সহজ, ব্যয় ও সময় সাশ্রয়ী।

থাকবে স্থানীয় সরকার সার্ভিস

গ্রাম ও নগরের সর্বত্র সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো হবে সমরূপ। স্থানীয় সরকারের ‘স্থানীয় সরকার সার্ভিস’ নামে একটি নিজস্ব সার্ভিস কাঠামো থাকবে। সেই সার্ভিসের অধীন জনবলের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পদায়নের সুযোগ থাকবে। কর্মচারীদের ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত অভিগম্যতা থাকলে পদোন্নতি ও পদায়নের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রণালয়ের নামও পরিবর্তন ‘স্থানীয় সরকার, জনসংগঠন ও জনপ্রকৌশল সেবা’ করার সুপারিশ করা হয়েছে।

পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে কমিশন৷ স্থানীয় সরকার বিভাগে বর্তমানে কার্যরত পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তরকে অধিকতর শক্তিশালী করে একটি পুনর্গঠিত নতুন অধিদপ্তর গঠন করার সুপারিশ করা হয়েছে৷ ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত সব প্রতিষ্ঠানের কাজকর্ম এই অধিদপ্তরের আওতাধীন হবে।

বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক স্থানীয় সরকার এবং ডেপুটি কমিশনার অফিসের সঙ্গে সংযুক্ত উপপরিচালক স্থানীয় সরকারের পদসমূহ বিলুপ্ত হবে। একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার অধীনে অন্যূন ১০ জনের একটি সংগঠন ওপরে বিবৃত অধিদপ্তরের অধীনে প্রতিটি জেলায় কাজ করবে।

স্থানীয় সরকারের স্তর কমানোর সুপারিশ

আগামী ১০ বছরের মধ্যে স্থানীয় সরকারের স্তরসংখ্যা হ্রাস করে গ্রাম-শহরের পার্থক্য কমিয়ে আনার সুপারিশ করেছে কমিশন। গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নতুন পদ্ধতির অধীনে নিম্নলিখিত তিনটি নতুন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয় সুপারিশে। বর্তমানে ১৯৬০-এর দশকের (পাকিস্তান আমলের) জেনারেল আইয়ুব খান প্রবর্তিত রাষ্ট্রপতিব্যবস্থার আদলের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংসদীয় পদ্ধতির আদলে পুনর্বিন্যস্ত করা হবে।

তিনটি পৃথক আইনের বদলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদকে একটি একক আইনের অধীনে আনা হবে। একইভাবে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোকে ভিন্ন একটি একক আইনের অধীনে আনা হবে। বর্তমানে বিরাজিত পাঁচটি পৃথক আইনের স্থলে প্রতিষ্ঠানগুলোকে দুটি মৌলিক আইনের অধীনে আনা যেতে পারে। নতুন আইনের অধীনে একই তফসিলে পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাচন একটি সুনির্দিষ্ট পদ্ধতির অধীনে আনয়নের সুপারিশ করা হয়।

স্থানীয় সরকারকে সংসদীয় আদলে পরিচালনার সুপারিশ

জাতীয় সংসদে যেমন নির্বাচিত সংসদ সদস্যরা থাকেন সব সংসদীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু, গ্রাম ও নগর নির্বিশেষে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য বা কাউন্সিলররা হবেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। সুপারিশে বলা হয়েছে, গ্রাম-নগর নির্বিশেষে প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো দুটি প্রধান অংশে বিভক্ত থাকবে, (১) বিধানিক অংশ এবং (২) নির্বাহী অংশ।

বিধানিক অংশের প্রধান হবেন ‘সভাধ্যক্ষ’ (জাতীয় সংসদের স্পিকারের অনুরূপ) এবং নির্বাহী অংশের প্রধান হবেন ‘চেয়ারম্যান’ বা ‘মেয়র’। তিনি পরিষদ বা কাউন্সিল নেতা হিসেবেও থাকবেন। সভাধ্যক্ষ জাতীয় সংসদের স্পিকারের অনুরূপ দায়িত্ব পালন করবেন। তিনি চেয়ারম্যানের সঙ্গে পরামর্শক্রমে পরিষদের সভা-অধিবেশন আহবান করবেন। সব সদস্য-সদস্যা যাতে তাঁদের মতামত দিতে পারেন, কোনো বিশেষ বিষয়ে বিতর্কে অংশ নিতে পারেন, সেসব বিষয় তিনি নিশ্চিত করবেন।

তেমনিভাবে সব স্থায়ী কমিটি গঠন ও সভা নিয়মিত অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করবেন। সভাধ্যক্ষকে সহায়তা করবেন একজন পূর্ণকালীন ‘সচিব’ এবং পাঁচ সদস্যের একটি সচিবালয়। সাধারণ নির্বাচনের পর নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পর সদস্যরা আইনে নির্ধারিত একটি শপথনামা উপস্থিত একটি ভোটার সমাবেশে নিজ নিজ ধর্মগ্রন্থে হাত রেখে একে একে উচ্চৈঃস্বরে পাঠ করে সেটিতে স্বাক্ষর করবেন এবং সদস্যদের জন্য রক্ষিত আসনে আসন গ্রহণ করবেন।

পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদাসম্পন্ন একটি স্থায়ী ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করার সুপারিশ করা হয়।

সব উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপনের সুপারিশ

সুপারিশে আরো বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি আদালতের পাশাপাশি একই পদমর্যাদায় প্রতিটি উপজেলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য একজন সিনিয়র সহকারী জজ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন করা।

ইউনিয়ন পরিষদের অধীন গ্রাম আদালত বিলুপ্ত করে ওয়ার্ড পর্যায়ে সালিসি ব্যবস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি দান এবং সালিসসমূহের তত্ত্বাবধান, সালিসকারদের প্রশিক্ষণ ও সালিসের আপিল শুনানির জন্য এডিআর আদালতের বিচারকের এখতিয়ার ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে সুপারিশে।

মেসি নৈপুণ্যে শেষ সময়ে হার এড়াল মায়ামি

যোগ করা সেময়ের শেষ মিনিটের গোলে ২-২ গোলে ড্র নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। শেষ সময়ে মেসির এসিস্ট থেকে তালেকসকো সেগোভিয়া মায়ামিকে সমতায় ফিরিয়ে এক পয়েন্ট এনে দেন।

বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে মেসি পাস দেন তমাস আভিলেসের কাছে।
গোল করে মায়ামিকে লিড এনে দেন ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাক। গোল করা আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখে বিপদে ফেলে দেন দলকে। আর তাতেই ২৩ মিনিটেই ১০ জনের দল হয়ে যায়া ইন্টার মায়ামি।

মায়ামি ১০ জনের দল হয়ে যাওয়ার ৩ মিনিট পরেই সমতায় ফিরে নিউইয়র্ক।
মিতিয়া ইলেনিচের গোলে সমতায় ফেরার পর ৫৫ মিনিটে আলোনসো মার্তিনেজের গোলে এগিয়ে যায় দলটি।

নিউইয়র্ক সিটি এই লিড ধরে রেখেছিল যোগ করা সময়ের ৯ মিনিট পর্যন্ত। মৌসুমের শুরুর ম্যাচে যখন হারের শঙ্কায় পড়ে মায়ামি তখন দলকে সেখান থেকে টেনে তুলেন আর্জেন্টাইন জাদুকর জাদুকর লিওনেল মেসিই। মাঝ মাঠের একটু ওপরে সেগোভিয়ার কাছ বল পাওয়া মেসি অনেকখানি দৌড়ে সামনে এগিয়ে গিয়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেই সেগোভিয়াকে।
ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করে সমতা আনেন।

আর তাতেই হারের মুখ থেকে সমতা নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।

‘আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা’

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। সব সময় আগলে রেখেছেন সন্তানকে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব।

বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। যেসব নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। এবার রাজকে নিয়ে ফের ক্ষোভ ঝাড়লেন পরীমিন।
আজ রবিবার সকাল ৮টায় শরীফুল রাজের নাম উল্লেখ না করলেও তাকে উদ্দেশ্য করে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন পরীমনি।

তিনি লেখেন, ‘রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো।
তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা র‌্যানডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ‍্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না?’

‘কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না। একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে।
জেনেই সব আগলে রাখে….। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।’

শেষে পরীমনি লিখেছেন, ‘আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না (ঘৃণা) খোলাই হয়।’

নেপালকে উড়িয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পাঁচ দশকেরও বেশি সময় পর কাবাডি টেস্ট সিরিজে অংশ নিয়ে চমক দেখাল বাংলাদেশ। নেপালকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল মিজানুর রহমান ও রাজিবরা।

পল্টনে শনিবার সিরিজের প্রথম ম্যাচে ৫৩-২৯ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য করে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা, যা শেষ পর্যন্ত ৫৩-২৯ পয়েন্টে পরিণত হয়।

রবিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবে। এরপর ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি হবে বাকি তিনটি ম্যাচ।

কাবাডি ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ হয়েছিল। ৫১ বছর পর নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে ফের কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ দলের হয়ে খেলছেন, মিজানুর রহমান (অধিনায়ক), দিপায়ন গোলদার, রাজিব আহমেদ, নেসার হাওলাদার, নাসির উদ্দিন, লিটন আলী, রোমান, ফারদৌস শেখ, মনিরুল চৌধুরী (সহ-অধিনায়ক), রাজু শেখ, রাসেল হোসেন, অমল চন্দ্র রায়, সবুজ মিয়া, আল আমিন,আসাদুজ্জামান ও সাজিদুল চাকলাদার।