বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মিয়ানমারের ‘হস্তী কূটনীতির’ প্রশংসা করলেন পুতিন

রাশিয়া সফরে গেছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হ্লাইংয়ের বৈঠক করার কথা রয়েছে। এ সময় তারা কিছু কাগজপত্রে স্বাক্ষর করবেন ও বিবৃতি দেবেন।

মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন জান্তাপ্রধান মিন অং হ্লেইং।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া, মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে একটি চুক্তিতেও স্বাক্ষর করেন তিনি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। মঙ্গলবার (৪ মার্চ) মস্কো সফরের সময় তিনি পুতিনকে এই উপহার দেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিয়ানমারের সামরিক জান্তা প্রধানের সঙ্গে আলোচনায় সম্পর্কে এগিয়ে নেওয়ার প্রশংসা করেছেন। এ ছাড়া মস্কোকে ছয়টি হাতি উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

পুতিন মিন অং হ্লাইং-কে বলেন, ‘এবং অবশ্যই, আপনার উষ্ণ উপহারের জন্য আমি আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আপনি গত বছর আমাদের কাছে ছয়টি হাতি এনেছিলেন এবং সেগুলো ইতিমধ্যেই মস্কো চিড়িয়াখানায় দেওয়া হয়েছে।
’

৬৮ বছর বয়সী মিন অং হ্লাইং খুব কমই বিদেশ ভ্রমণ করেন। তিনি রাশিয়ান সামরিক সরঞ্জামের মানের প্রশংসা করেছেন এবং বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থন করেছেন যেখানে তিনি বিশ্বাস করেন যে মস্কো শীঘ্রই বিজয়ী হবে।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হাতি উপহার দেওয়া রাশিয়া ও মিয়ানমারের সম্পর্ককে আরো দৃঢ় করার একটি প্রতীকী প্রয়াস। অনেকে একে ‘হস্তী কূটনীতি’ বলেও উল্লেখ করছেন।

বৈঠকে দুই দেশের সম্পর্কের ২৫তম বার্ষিকীর কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা আমাদের বন্ধুত্বের ভিত্তির রজতজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। মিয়ানমার ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে ক্রমশ বিকশিত হচ্ছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’ এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে ১০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনার দায়িত্বও রোসাটমের হাতে থাকবে।

পুতিন আরো ঘোষণা করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৯ মে মস্কোতে অনুষ্ঠিতব্য সামরিক কুচকাওয়াজে মিয়ানমারের একটি সামরিক ইউনিট অংশ নেবে। তিনি বলেন, মিন অং হ্লাইংও এতে অংশ নেবেন। চীনের মতো রাশিয়াও মিয়ানমারের সামরিক বাহিনীকে সমর্থন করে এবং সহযোগিতা উন্নয়ন করছে। তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন পথ খুলছে।

মিত্রবাহিনী

২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী অং সান সু চির প্রশাসনকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে, যার ফলে গৃহযুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের মতে, মিয়ানমার অভ্যন্তরীণ সংঘাত, অর্থনীতি, ক্ষুধায় ব্যাপক বিপর্যস্ত এবং দেশটির ৫ কোটি ৫০ লাখ মানুষের এক-তৃতীয়াংশের সাহায্য প্রয়োজন। ২০২১ সালের অভ্যুত্থানের পর রাশিয়া ছিল প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা জান্তাকে সমর্থন করেছিল, যখন বিরোধীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের জন্য বিশ্বজুড়ে তাদের নিন্দা করা হচ্ছিল।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, তিনি কৃষি, পারমাণবিক শক্তি, পরিবহন এবং অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য ভালো সম্ভাবনা দেখেছেন।

ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার মতে, মিশুস্তিন বলেছেন, ‘রাশিয়া এবং মিয়ানমারের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সফলভাবে বিকশিত হচ্ছে এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।’ রাশিয়ান কম্পানিগুলো দাউইতে মিয়ানমারের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের পরিকল্পনা করছে। মিশুস্তিন সংস্থাগুলোর নাম উল্লেখ করেননি।

সূত্র: রয়টার্স

ভাঙল প্রেম, হচ্ছে না তামান্না-বিজয়ের বিয়ে!

খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পাওয়া জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বার্মা। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। মুম্বাইয়ে নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা।

এরমধ্যেই হঠাৎ যেন ছন্দপতন।
পথ আলাদা হয়ে গেল দুই তারকার! সপ্তাহখানেক হলো সম্পর্ক ভেঙেছেন তারা। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। তবে বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ, এমন নয়।

কর্মক্ষেত্রে সময়টা বেশ ভালোই যাচ্ছে তামান্নার।
যে গানেই নাচছেন তা-ই ‘হিট’। যদিও গত বছরের শেষে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে তামান্নার নাচ যেন হিল্লোল তোলে আসমুদ্রহিমাচল। অন্যদিকে কাজের অভাব নেই বিজয়েরও। গত বছর মণীশ মালহোত্রার বাড়িতে দীপাবলির অনুষ্ঠানে তাদের ছবি দেখে অনেকেই তাদের জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন।

সর্বত্রই বিজয়কে দেখা গেছে প্রেমিকার খেয়াল রাখতে। কিন্তু কেন ভাঙল তাদের প্রেম, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার।

২১ এপ্রিল থেকে রিয়াদে ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট

আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে ৫ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে। আজ বুধবার (৫ মার্চ) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-রিয়াদ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে।
পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় অবতরণ করবে।

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া, ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪,০৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১,৯৯৮ টাকা। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

পোশাকের মধ্যে লুকানো স্বর্ণের বার, গ্রেপ্তার অভিনেত্রী

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টামস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) কর্মকর্তারা তাকে আটক করেন।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রী রান্যা রাও স্বর্ণ সম্বলিত পোশাক পরে এবং তার পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে তা পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেছেন। এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দক্ষিণী এই অভিনেত্রী তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন। এমনকি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তদন্ত করছেন যে, অভিনেত্রী রান্যা রাওয়ের আত্মীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন প্রয়োগকারী কর্মকর্তা তার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন কিনা, নাকি নিজেকে রক্ষার জন্য বিভ্রান্ত করছিলেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুর এইচবিআর লেআউটে ডিআরআই সদর দপ্তরে নেয়া হয়।
এ ছাড়া স্বর্ণা পাচারের এ ঘটনায় সে একাই জড়িত, নাকি দুবাই ও ভারতের মধ্যে বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের কোনো অংশ জড়িত রয়েছে―সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। আজ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।
এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। বুধবার উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না।
যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এ জন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।

প্রসঙ্গত, শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন।

আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। তার গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী, স্বল্পমেয়াদি শ্রম অভিবাসী এবং বাংলাদেশে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে। তিনি শ্রম নিয়োগ শিল্প, সামাজিক সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে নিবন্ধ প্রকাশ করেছেন।

সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড নিক্ষেপ, স্ট্রোক করলেন আইনপ্রণেতা

অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সেখানে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে হামলা চালানো হয়। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ভেতরে বিরোধী দলের সদস্যরা ধোঁয়াটে গ্রেনেড ছুড়ে মারলে কমপক্ষে তিনজন সার্বিয়ান এমপি আহত হন। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন হামলা চালান দেশটির বিরোধীদলীয় নেতারা।

লাইভ টেলিভিশনে রাজনীতিবিদদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে এবং ছাত্র বিক্ষোভকারীদের সমর্থনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে।

সরকারবিরোধী আন্দোলনে গত চার মাস ধরে উত্তপ্ত সার্বিয়া। প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবিতে বেশ কয়েকবার আন্দোলনে নামে দেশটির শিক্ষার্থী ও সাধারণ মানুষ। চার মাস আগে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যুর পর শুরু হয় এই বিক্ষোভ, যা এখন আরো বৃহৎ আন্দোলনে রূপ নিয়েছে।
এই বিক্ষোভ সার্বিয়ান সরকারের জন্য সবচেয়ে বড় হুমকি।

এদিকে স্পিকার আনা ব্রনাবিচ বলেন, দুই আইনপ্রণেতা আহত হয়েছেন হামলায়। এর মধ্যে একজন এসএনএস পার্টির জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়াকে রক্ষা করবেন বলে জানান তিনি।

পার্লামেন্টের মেঝেতে ঝুলন্ত একটি ব্যানারে লেখা ছিল, ‘সার্বিয়া শাসনব্যবস্থার পতনের জন্য জেগে উঠছে’। অধিবেশন চলাকালীন ক্ষমতাসীন জোটের রাজনীতিবিদরা আলোচনা করলেও, বিরোধী এমপিরা শিস বাজাচ্ছিলেন এবং শিঙা বাজাচ্ছিলেন। বিরোধী এমপিরা ‘সাধারণ ধর্মঘট; এবং ‘হত্যার জন্য ন্যায়বিচার’ লেখা সাইনবোর্ডও উঁচিয়ে ধরেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ান পার্লামেন্টে কর্মপরিকল্পনা উত্থাপন করে প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট, তা অনুমোদনও হয়। এর পরেই এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধীদলীয় জোট।
কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

তুমুল হট্টগোল শুরু হয় পার্লামেন্ট ভবনে। একপর্যায়ে পার্লামেন্টের ভেতরে স্মোক গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন বিরোধী দলের সদস্যরা। যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো ও গোলাপি ধোঁয়া দেখা যায়। ধস্তাধস্তিতে আহত হয় দুই সংসদ সদস্য। এর আগেও ১৯৯০ সালে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকেই মারামারি এবং পানি ছোড়ার ঘটনা ঘটেছে।

সূত্র : বিবিসি, সিএনএন

স্কুলে ভর্তিতে ‘জুলাই কোটা’ বাতিল, যুক্ত হলো ‘সংরক্ষিত আসন’

স্কুলে ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আদেশ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।

নতুন আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের ফলে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারীকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো।

এতে আরো বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত/শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত/ শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র/গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত/ শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম ৭ দিন বিঘ্নিত হতে পারে

সৌর ব্যতিচারের কারণে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাতদিন সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল)।

মঙ্গলবার (৪ মার্চ) বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কম্পানিটি আরো জানিয়েছে, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে।

বিজ্ঞপ্তিতে অনুসারে, আগামী ৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৮ মিনিট; ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট; ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট; ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত ৯ মিনিট।

এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত : সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই থাকা উচিত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে তা নেওয়া হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে। এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত। সংস্কার কমিশনের রিপোর্টের পর থেকেই তো সেটি বলেছি। ভোটার নিবন্ধনের বাই প্রডাক্ট তো। এটি থাকা উচিত।
আমরা এ বক্তব্য দিয়েই যাচ্ছি।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান আছে। সামনে একটি নির্বাচন আছে। বাস্তব বিষয়াদি সব বিবেচনায় নিয়েই সরকার সিদ্ধান্ত নেবে, এটি আমি ধারণা করতে পারি।
এরই মধ্যে প্রাথমিক সভায় প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। সভার কার্যপত্র এখনো পাইনি। সেটি পেলে আমরা বুঝতে পারব তাদের চিন্তা-ভাবনা কী?’

তিনি বলেন, ‘এ বিষয়ে (এনআইডি সেবা) আমাদের মতামত সরকারকে লিখিত আকারেও জানাব। সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করে ফেলবে, আমি এমনটি মনে করছি না।
’

যদি ইসি থেকে এনআইডি সেবা চলে যায়, কী ধরনের সমস্যা হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা যা হবে আমরা লিখিত আকারে জানাব। সমস্যা তো হবেই। তবে সরকারের এ ধরনের চিন্তা রয়েছে, সব নাগরিক সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কি না।’

সিইসি বলেন, ‘আমি তো উপদেষ্টা পরিষদের মিটিংয়ে থাকি না। সরাসরি শুনিনি। যা-ই হোক, গতকাল (সোমবার) একটি মিটিং হলো। সেখানে প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। আরো মিটিং হবে। সরকার এনআইডি সেবা ইসি থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি এমনটি এখনো শুনিনি।’

বাংলাদেশে সস্তায় তেল দেবে আরামকো

বাংলাদেশে সস্তায় তেল সরবরাহে সম্মত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, সরকার দুটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গেল ৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য চেষ্টা করেও পারেনি আরামকো।

প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন দফায় বাংলাদেশে এলেও স্বাগত জানানো হয়নি। এর পরও বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী।