মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সতীর্থরা আজ তাকে দিয়েছে গার্ড অব অনার।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।
এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন।
তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও।

ওয়ানডেতে ১৯ বছরের অসাধারণ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই ফরম্যাটে ২৭৪ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করেছেন।
এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।

আদালতে হাজির না হওয়ায় রাহুল গান্ধীকে ২০০ রুপি জরিমানা

ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি আদালতে মানহানির মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২০০ রুপি জরিমানা করা হয়েছে। লখনৌয়ের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (এসিজেএম) আদালত রাহুলের ২০০ রুপি জরিমানার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৪ এপ্রিল রাহুলকে ওই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

এনডিটিভির খবরে বলা হয়, ২০২২ সালে মহারাষ্ট্রে গিয়ে সাভারকর প্রসঙ্গে রাহুল একটি মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।
ওই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। লখনৌয়ের এসিজেএম আদালতে মামলাও দায়ের হয় কংগ্রেস নেতার বিরুদ্ধে। ওই মামলায় বুধবার লখনৌয়ের এসিজেএম আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাহুলকে। কিন্তু শেষ পর্যন্ত বুধবার আদালতে হাজিরা দেননি তিনি।

কংগ্রেস নেতার আইনজীবী এজলাসে জানান, তার মক্কেল সংসদের অধিবেশন সংক্রান্ত পূর্বনির্ধারিত কিছু কাজের জন্য আদালতে হাজিরা দিতে পারেননি। রাহুলকে যাতে সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই অনুরোধও জানান তার আইনজীবী।

তবে হাজিরা থেকে অব্যাহতির আর্জি মঞ্জুর করেনি আদালত। বুধবার আদালতে হাজির না থাকার জন্য রাহুলকে ২০০ রুপি জরিমানা করেছেন বিচারক।

অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, অভিযোগকারীর আইনজীবীর কাছে ওই জরিমানার অর্থ তুলে দিতে হবে। আগামী ১৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন অবশ্যই তাকে এজলাসে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।

‘বাংলাদেশ তোমাকে মিস করবে’, মুশফিকের অবসর নিয়ে তামিম

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় গতকাল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার অবসর ঘোষণার পর, তামিম ইকবাল একটি ভিডিও বার্তার মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন। মুশফিকের অবসর ঘোষণার কিছু সময় পরই ভিডিওটি তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ভিডিওতে তামিম, মুশফিকের সঙ্গে কাটানো ২০-২৫ বছরের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সব কিছুর জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন মুশফিককে।

ভিডিও বার্তার শুরুতে তামিম বলেন, ‘আজকে এমনই একটা দিন, সাধারণত কেউ যদি কোনো সংস্করণ থেকে অবসর নেয়, সবাই স্ট্যাটাস দেয়, তাদের অনুভূতিটা বোঝায়। কিন্তু এমন একজন ব্যক্তি আজ অবসর নিলেন, যার সঙ্গে আমার ২০-২৫ বছরের অভিযাত্রা। একটা স্ট্যাটাসে আমি আসলে বোঝাতে পারতাম না, তার প্রতি আমার অনুভূতি কেমন এবং এখন আমার আসলে কেমন মনে হচ্ছে।
আপনারা সবাই জানেন মুশফিক কিছুক্ষণ আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলতে চাই যে দোস্ত, তোর সঙ্গে আমার খেলার শুরু অনূর্ধ্ব-১৫ থেকে এবং আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি। তোকে দেখেছি যে সাধারণ ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েছিস। অনেকেরই তার কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি।
আমি দেখেছি যে একটি ছেলে কত কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব, আমার কাছে মনে হয় যে সে সবই করেছে, এখনো করে যায়। আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন। কিন্তু তার নিবেদন, খেলার প্রতি ভালোবাসা, এটা বিশাল। এটা আমি কথায় কোনো দিন কাউকে বোঝাতে পারব না।
খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কত কষ্টকর, আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু, আমি বুঝতে পারি যে এটা তার জন্য খুব খুব কঠিন।’

রেকর্ড, অর্জন আর কীর্তিতে সমৃদ্ধ এক ওয়ানডে ক্যারিয়ার মুশফিকুর রহিমের। উল্লেখযোগ্য দলীয় ট্রফি খুব বেশি নেই, তবে ব্যক্তিগত কীর্তির আলোয় ঝলমলে তার দীর্ঘ প্রায় ১৯ বছরের অধ্যায়। ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করা মুশফিক এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।

বাংলাদেশ দলের দীর্ঘদিনের সতীর্থের অবদান স্বীকার করে তামিম বলেন, ‘বন্ধু, তুমি যা কিছুই অর্জন করেছ, বাংলাদেশের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যা করেছ, এসব বছরের পর বছর মনে রাখা হবে।’

তামিম এরপর মুশফিকের প্রতি যোগ করেন, ‘এখনো তুই একটি সংস্করণে খেলবি—টেস্ট সংস্করণ। আমি সত্যিই আশা করি ও প্রার্থনা করি, তুই ভালো কর। অন্তত ১০০টি টেস্ট খেল, যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। আমি এটা আশা করব, ১০০তম টেস্ট অবশ্যই খেলবি। খুব আবেগপ্রবণ লাগছে, যেটা আমি টের পাচ্ছি, তুইও পাচ্ছিস। বাংলাদেশ তোকে মিস করবে। যা কিছুই করেছিস তুই দেশের জন্য, অনেক অনেক বছর সেসব মনে রাখা হবে…ধন্যবাদ, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ মুশফিক।’

গতকাল ওয়ানডেকে বিদায় বলে দেওয়া মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। ২০২২ সালে তিনি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

মুশফিককে বিদায়ি বার্তা দিয়েছেন তার আরেক সতীর্থ মাহমুদ উল্লাহও। ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘প্রিয় মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে তোমার সেঞ্চুরিটা এখনো মনে আছে। এটা খেলাটির প্রতি তোমার সম্মানবোধ, নিবেদন ও সর্বোচ্চ পর্যায়ে কঠোর পরিশ্রমী মানসিকতার প্রমাণ। এটা যেকোনো ক্রিকেটারকেই প্রেরণা জোগাবে। কোনো সন্দেহ নেই, তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের অভিযাত্রার জন্য শুভকামনা।’
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল এলো দেশে

পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে জাহাজটি বন্দরের কনটেইনার টার্মিনালে নোঙর করে। সব কিছু ঠিক থাকলে রাতেই চাল খালাস শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ-পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো।

দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান এসেছে। খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

খাদ্য অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জিটুজি ভিত্তিতে আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজটি গত ৪ মার্চ রাত ২টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। গতকাল বুধবার দুপুর ২টায় জাহাজটি বন্দরের সিসিটি-১-এ ভিড়েছে।

হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর বিবিসি ও সিএনএনের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বুধবার (৫ মার্চ) ট্রাম্প বলেছেন, ‘শালোম হামাস’- অর্থাৎ তুমি এটাকে হ্যালো অথবা বিদায়— যে কোনোটিই বেছে নিতে পারো।
পরে নয়, এখনই সব জিম্মিকে মুক্তি দাও।

তিনি বলেন, অবিলম্বে তোমরা যেসব লোককে খুন করেছ, তাদের সব মৃতদেহ ফিরিয়ে দাও, নইলে সব শেষ হয়ে যাবে। কেবল অসুস্থ এবং বিকৃত লোকেরাই মৃতদেহ রাখে, আর আমি মনে করি তোমরা অসুস্থ এবং বিকৃত!

ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি, যদি তোমরা আমার কথামতো কাজ না করো তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। আমি সেইসব প্রাক্তন জিম্মিদের সঙ্গে দেখা করেছি, যাদের তোমরা মুক্তি দিয়েছ।
তোমরা তাদের জীবন ধ্বংস করে দিয়েছ।

তিনি বলেন, এটা তোমাদের জন্য শেষ সতর্কবার্তা। এখনো সুযোগ আছে, এটাই গাজা ছেড়ে যাওয়ার জন্য তোমাদের শেষ সময়। যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো তাহলে গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।
আর যদি তোমরা এটি না করো, তাহলে তোমরা বাঁচতে পারবে না। একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নাও। এখনই জিম্মিদের মুক্তি দাও, নইলে পরে চরম মূল্য দিতে হবে!

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ভবিষ্যৎ আরো সন্দেহের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। খবর বিবিসির।

বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ নিশ্চিত করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে।

গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার বিষয়ে জানতে চাইলে ওয়াল্টজ সাংবাদিকদের বলেন, আমরা এক ধাপ পিছিয়ে এসেছি। ট্রাম্প প্রশাসন ‘এই সম্পর্কের সব দিক’ স্থগিত এবং পর্যালোচনা করার বিষয়ে ভাবছে।

২০২২ সালে রাশিয়ার পূর্ণ আক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে আসছিল যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তথ্য আদান-প্রদানের স্থগিতাদেশ আংশিক নাকি পুরোপুরি এবং কত দিন এটি কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করল যুক্তরাষ্ট্র।

আফ্রিদির পাওনা উদ্ধারে দায়িত্ব নেবে না বিসিবি

প্রসঙ্গটি তুলতেই আগে খুব এক চোট হেসে নিলেন ফারুক আহমেদ। সময় নিয়ে হাসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি স্বস্তির নিঃশ্বাসও ফেললেন যেন, ‘এটি একটি ভালো দিক যে লাহোরে এসে আফ্রিদির সঙ্গে আমার দেখা হয়নি।’

দেখা না হলেও বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মেন্টর হিসেবে চুক্তির বেশির ভাগ অর্থ বুঝে না পাওয়া শহীদ আফ্রিদির কাছ থেকে ই-মেইল পাওয়ার ঘটনা ঠিকই পিছু নিয়ে আছে ফারুকের। পাকিস্তানের সাবেক ক্রিকেটার অভিযোগ জানালেও চুক্তির কপি পাঠাননি বলে বিসিবি সভাপতি এখনো কিছুটা অন্ধকারে।

তবে চুক্তিতে যা-ই থাকুক, এখানে বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের তেমন কিছু করার দেখছেন না ফারুক। কেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির আমন্ত্রণে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল দেখতে লাহোরে এসে সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত নই। (বিপিএলে) ফ্র্যাঞ্চাইজি, বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি থাকে। তবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোন দল কাকে আনছে, সেটি সম্পূর্ণ তাঁদের ব্যাপার।
তবে এটি সত্যি যে আফ্রিদির মতো কেউ যদি এমন মন্তব্য করেন এবং কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর এ রকম কোনো সমস্যা হয়, তাহলে সেটি পুরো দেশের ওপরই আসে।’

আফ্রিদির সমস্যা সমাধান করে দেওয়ার আইনি পথও খোলা দেখছেন না ফারুক, ‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি (ফ্র্যাঞ্চাইজিকে)। কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। কিসের ভিত্তিতে আমরা বলব?’ এই ঘটনায় অবশ্য ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে আরো বেশি সতর্কতার দাবি শুনতে পাচ্ছেন বিসিবি সভাপতি।

যদিও এখানে তাঁর আসা ভিন্ন কারণে। জুলাই-আগস্টে পাকিস্তানকে বাংলাদেশে আতিথ্য দেওয়ার একটি ‘উইন্ডো’ খুলেছে দুই দেশের বোর্ড। সেটিরই সূচি চূড়ান্ত করতে এসে ফারুক বললেন, ‘আমরা শ্রীলঙ্কা থেকে ফেরার পর পাকিস্তান যাব। একটি খসড়া তারিখ আছে। বলেছি আজকের মধ্যেই যেন চূড়ান্ত করা হয়।
’

এফটিপির (ফিউচার ট্যুরস প্রগ্রাম) বাইরের তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টির সিরিজ নিশ্চিত করে দিয়েছেন পিসিবি সভাপতিও, ‘বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা এই সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। অচিরেই দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর পিসিবি ভবিষ্যৎ ভাবনায় এরই মধ্যে টি-টোয়েন্টি দল থেকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞদের ছেঁটে ফেলে সামনে এগোতে চাইছে। মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহর বিষয়ে একই রকম ভাবনা এখনই ভাবছেন না জানিয়ে ফারুক বললেন, ‘আমার সঙ্গে তাঁদের কথা হয়নি। সিনিয়র যারা আছে, এটি (অবসরের সিদ্ধান্ত) তাদের দিক থেকেই আসা উচিত। বোর্ড কী করবে, সেটি পরে ঠিক করা হবে। তা ছাড়া আমাদের পরের সাদা বলের সিরিজেরও দেরি আছে, জুলাই-আগস্টে। সময় আছে এটি নিয়ে কথা বলার।’ জাতীয় দলের জন্য কোচ নিয়োগের সিদ্ধান্ত অবশ্য সপ্তাহখানেকের মধ্যেই নিয়ে ফেলতে চান বিসিবি সভাপতি। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ১০০ দিনের চুক্তিতে কাজ করে যাওয়া ফিল সিমন্সকে পেতেই আগ্রহী ফারুক বলছিলেন, “স্থানীয় কোচদের গড়ে তুলতে চাই আমরা। এ ক্ষেত্রে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করেছেন সিমন্সও। এই সপ্তাহেই আলোচনা করব তাঁর সঙ্গে। তবে তাঁর মতো ‘ডেডিকেটেড’ কোচকে এবার আমরা পূর্ণকালীন ভিত্তিতে চাই।”

রাফিনিয়ার গোলে বেনফিকাকে হারাল ১০ জনের বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল বার্সেলোনা। ফেবারিট হিসেবে মাঠে নামা বার্সা ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে বিপদে পড়ে। তবে সেই চাপও শেষ পর্যন্ত তাদের জয়রথ থামাতে পারেনি। প্রতিপক্ষের একটি ভুলে পাওয়া গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয় পরের লেগে নিজেদের মাঠে সুবিধাজনক অবস্থানে রাখবে বার্সেলোনাকে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বুধবার রাতে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।। ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

বেনফিকার মাঠে শুরু থেকেই বার্সাকে ভালোই চ্যালেঞ্জ দিচ্ছিল বেনফিকা। ২০ সেকেন্ডের মাথায় প্রথম সুযোগ তৈরি করে বেনফিকা। যদিও সে যাত্রায় কোনোভাবে বেঁচে যায় হ্যান্সি ফ্লিকের দল। বিপরীতে ১২ মিনিটে বার্সার নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি তুরবিন।
এরপর ফের সুযোগ পেয়েছিল বেনফিকাও। কিন্তু গোল আদায় করতে পারেনি তারাও। ম্যাচের ২২ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। আক্রমণ ঠেকাতে গিয়ে বেনফিকার ভাঞ্জেলিস পাভদিলিসকে বক্সের সামনে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। এতরুণ ডিফেন্ডারকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি।

এর পর একজন কম নিয়ে প্রায় ৮০ মিনিট খেলতে হয়েছে বার্সাকে। একজন কম নিয়েও অবশ্য বেনফিকার সঙ্গে লড়াই জমিয়ে রাখে হ্যান্সি ফ্লিকের দল। বেনফিকার আক্রমণের চাপ সামলে চেষ্টা করে গোল আদায়ের। যদিও প্রথমার্ধে শেষ পর্যন্ত গোল পায়নি কোনো দলই।

বিরতির পরও আধিপত্য বিস্তার খেলতে শুরু করে বেনফিকা। ৫০ ও ৫৮ মিনিটে সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসেনি। বেনফিকা না পারলেও ভুল করেনি বার্সা। ৬১ মিনিটে ১০ জনের বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। দারুণ এক মাটি কামড়ানো এক শটে গোল করেন দুর্দান্ত ছন্দে থাকা এ ব্রাজিলিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি মৌসুমে নিজের ২৫তম গোল তার।

এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে লক্ষ্যভেদের। কিন্তু শেষ পর্যন্ত আর গোল পায়নি কোনো দলই। ঘরের মাঠে ১০ জনের বার্সার বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বেনফিকাকে।

আগামী মঙ্গলবার বার্সেলোনায় হবে ফিরতি লেগ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ইউক্রেন

খনিজ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে যেকোনো সময় স্বাক্ষর করতে তারা প্রস্তুত বলে জানিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কাছ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলে জানান।

আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন আইনসভা কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এ কথা জানান। তাতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কি।
এ ছাড়া রাশিয়া এখন শান্তির জন্য প্রস্তুত বলে জোরালো ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার কংগ্রেসের অধিবেশনে জেলেনস্কির ওই চিঠি পড়ে শোনান ট্রাম্প।

চিঠিতে বলা হয়, ‘স্থায়ী শান্তিচুক্তির জন্য যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে বসতে প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না।
ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখায় আমেরিকা যা করেছে, আমরা সত্যিই তা সম্মান করি। খনিজ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে যেকোনো সময় স্বাক্ষর করতে প্রস্তুত ইউক্রেন।’

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে জেলেনস্কির সঙ্গে তার সম্পর্কের বরফ গলে যাওয়ার কিছুটা ইঙ্গিত মিলেছে। বিষয়টি ভালোভাবে দেখছে রাশিয়া।
কারণ ইউক্রেনীয় নেতার অংশগ্রহণ ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র সব সময় বিজয়ীর পক্ষে থাকার চেষ্টা করে। আজ হোক বা কাল—রাশিয়া যুদ্ধে জিতবেই, কারণ ইউক্রেনের চেয়ে রাশিয়া বড় এবং তাদের তুলনামূলক বেশি সম্পদ রয়েছে।

গাজায় বিদ্যুৎ-পানি বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে। ইসরায়েলের একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, হামাসের ওপর চাপ সৃষ্টি করতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে গাজায়।
এই সময়ের মধ্যে বড় ধরনের সংঘাত না ঘটলেও যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর মধ্যেই গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আশঙ্কার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি।

গত মঙ্গলবার দোস্ত্রি বলেন, ‘হামাস যত বেশি সময় ধরে আপস করতে অস্বীকৃতি জানাবে, ইসরায়েল তত বেশি সুবিধা পাবে।

হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে।
আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি সম্পন্ন করছি। গাজার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে।’

ওমর দোস্ত্রি আরো বলেন, ‘ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। আমরা চাই, যত বেশি সম্ভব জীবিত বন্দিদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক।
এ জন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছেন। তিনি চান, চুক্তির প্রথম ধাপকেই দীর্ঘায়িত করা হোক। এরই অংশ হিসেবে গত রবিবার ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।

অন্যদিকে হামাস ইসরায়েলের শর্ত মেনে নিতে রাজি নয়।
তাদের দাবি, যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলতে হবে এবং অবিলম্বে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে হবে। এই পর্বে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল এক সপ্তাহের মধ্যে গাজার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার মতো নীতিও থাকতে পারে।

এদিকে গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার বিপরীতে পাঁচ হাজার তিন কোটি ডলারের গাজা পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন আরব নেতারা। মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি সভায় তারা এ পরিকল্পনা অনুমোদন করেন।

গত মঙ্গলবার দোস্ত্রি বলেন, ‘হামাস যত বেশি সময় ধরে আপস করতে অস্বীকৃতি জানাবে, ইসরায়েল তত বেশি সুবিধা পাবে।’

হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে। আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি সম্পন্ন করছি। গাজার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ওমর দোস্ত্রি আরো বলেন, ‘ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। আমরা চাই, যত বেশি সম্ভব জীবিত বন্দিদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক। এ জন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছেন। তিনি চান, চুক্তির প্রথম ধাপকেই দীর্ঘায়িত করা হোক। এরই অংশ হিসেবে গত রবিবার ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।

অন্যদিকে হামাস ইসরায়েলের শর্ত মেনে নিতে রাজি নয়। তাদের দাবি, যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলতে হবে এবং অবিলম্বে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে হবে। এই পর্বে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল এক সপ্তাহের মধ্যে গাজার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার মতো নীতিও থাকতে পারে।