বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

সহজ হচ্ছে আমেরিকার ভিসার আবেদন

আমেরিকার ভিসার আবেদন প্রক্রিয়া আরো সহজ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনকারী অনলাইনে আবেদন করে নিজের পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের সময়সূচি ঠিক করে নিতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় যেকোনো সহায়তার জন্য কল সেন্টারে ফোন করে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সহায়তা নিতে পারবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে নতুন নিময় চালু হবে। কল সেন্টার রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে।

সোমবার ঢাকাস্থ আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মার্কিন পররাষ্ট্র দফতরের কনসুল্যার বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি সচিব মিশেল থোরেন বন্ড। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড লে এবং প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার মনিকা শাই উপস্থিত ছিলেন।image_97545_0

নতুন নিময় চালুর উদ্দেশ সম্পর্কে মিশেল থোরেন বন্ড বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত জনগোষ্ঠী বাড়ছে এবং আমেরিকায় যাওয়ার জন্য ভিসার আবেদনও বাড়ছে। এ কারণে ভিসা প্রাপ্তি সহজ করার জন্য ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

তিনি জানান, ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭০ হাজার ভিসার আবেদন জমা পড়ে, এর মধ্যে ৩০ হাজার জনের ভিসা অনুমোদন করা হয়। এর মধ্যে প্রায় দুই হাজার শিক্ষার্থী ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশেল থোরেন বন্ড জানান, ভিসা প্রদান নীতিমালার সঙ্গে আবেদন সামঞ্জস্যপূর্ণ না হলে ভিসার আবেদন বাতিল করা হয়।

নতুন নিময় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, নতুন পদ্ধতিতে www.USTravelDocs.com/bd ওয়েব ঠিকানায় লগইন করে ভিসা আবেদনকারীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন ওয়েবসাইট ও কল সেন্টার থেকে বাংলা ও ইংরেজিতে তথ্য দেওয়া হবে। এতে ভিসার আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া আরো সহজ হবে।

ইরাকে সব জাতিগোষ্ঠী নিয়ে ঐকমত্যের সরকার

ইরাকে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বে একটি সর্বদলীয় ঐকমত্যের সরকার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

এই সরকারের প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি।

অবশ্য আল আবাদি এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।image_97531_0

মন্ত্রিসভার অন্যান্য পদগুলো সংখ্যাগরিষ্ঠ শিয়া, সুন্নি ও কুর্দ জনগোষ্ঠীর মধ্যে বাটোয়ারা করে দেয়া হয়েছে।

ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছেন সুন্নি নেতা সালেহ আল-মুতলাক, কুর্দি নেতা হোশায়ের জাবেরি এবং সাদর ব্লক-এর বাহা আল-আরাজি।

তেলমন্ত্রী হয়েছেন ইসলামিক সুপ্রিম কাউন্সিলের আদেল আব্দুল। সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনজন হয়েছেন ভাইস-প্রেসিডেন্ট সদ্য বিদায় নেয়া প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি, সাবেক স্পিকার ওসামা আল-নুজাইফা ও আইয়াদ আলাউয়ি।

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইরাকের নতুন এই সরকারের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোটে যোগ দিতে সুন্নি অধ্যুষিত দেশগুলোকে আহ্বান জানানোর জন্য আজ থেকে মধ্যপ্রাচ্যে এক সফর শুরু করবার কথা কেরির। সূত্র: বাসস

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

আমাজন জঙ্গলে কলম্বিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় রোববার এর ১০ আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মৃতদেহগুলোকে উদ্ধার করে অ্যারারাকুয়ারা শহরে নিয়ে গেছে। আগের দিন বিধ্বস্ত হওয়া বিমানটি অ্যারারাকুয়ারা থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকা কাকুয়েতার রাজধানী ফ্লোরেন্সের উদ্দেশে রওয়ানা দেয়।image_97437_0

উদ্ধারকারী দলের কর্মকর্তা গুস্তাভো ওরতেগা জানান, শনিবার বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের ৮ যাত্রী ও ২ ক্রুর প্রাণহানি ঘটে।

ওরতেগা আরো বলেন, যারা মারা গেছেন তাদের সবাই কলম্বিয়ার নাগরিক। এদের মধ্যে ছয় পুরুষ, তিনজন নারী ও একজন তরুণী।

বিমান বাহিনী জানিয়েছে, মৃতদেহগুলোর সন্ধান চালানোর সময় উদ্ধারকারী হেলিকপ্টারটি জঙ্গলে বিমানের আরোহীদের ছয় আত্মীয়কে দেখতে পান। তারা নিজ উদ্যোগেই বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন।

লেসার কোম্পানির বিমানটি স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় তিনটায় (গ্রিনিচ মান সময় ২০০০) আরারাকুয়ারা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি ফ্লোরেন্সিয়া শহরের ওপর দিয়ে যাবার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির ভগ্নাংশ পুয়ের্তো সান্তানদারের গ্রামীণ মধ্যাঞ্চল থেকে ১০ কিলোমিটার দূরে পরে থাকতে দেখা যায়। সূত্র: এএফপি

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তের নির্দেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কুলাঙ্গারদের নেত্রী’ বলায় বাদীর মতে ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে। এজন্য বাদী সোমবার সকালে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারার অপরাধেimage_97401_0

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহর আদালতে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেন। পরে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য পল্টন থানাকে নির্দেশ দেন বিচারক।
মামলার অভিযোগে বাদী বলেন, গত ২৪ আগস্ট লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটিতে তারেক রহমান এক আলোচনা সভায় ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী’ বলে বক্তব্য দিয়েছেন। যা গত ২৬ আগস্ট দৈনিক যায়যায়দিন পত্রিকায় ‘শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী’ শিরোনামে খবর প্রকাশিত হয়। গত ২ সেপ্টেম্বর তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন’ বলে দাবি করেন। যা বাদীর অভিযোগ মতে মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ।
গত ৩ সেপ্টেম্বর ওই বক্তব্য বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনামে প্রকাশিত হয়। একই দিনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকারকরা তেলবাজ’ শিরোনামে তারেক রহমানের আরো একটি বক্তব্য প্রকাশিত হয়। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এক বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে ‘জয় পাকিস্তান’ বলেছেন এবং ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন নাই’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে বঙ্গবন্ধুর মানহানি হয়েছে বলে দাবি করেন বাদি। এছাড়া ‘খন্দকারের কথায় আওয়ামী লীগের গায়ে আগুন’ শিরোনামে দৈনিক জনকণ্ঠের ৩নং পাতায় এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়। যা বাদীর মতে মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ।বাদী তার দলীয় অফিসে ২৬ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর এই সংবাদগুলো পড়ে বিস্মিত ও হতবাক হন।
এছাড়াও বাদী অভিযোগ করেন, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে গার্ড অব অনার প্রদান করেছেন জেনেও তারেক রহমান লন্ডনে বসে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে এবং মির্জা ফখরুল দেশের বিভিন্ন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। বাদী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

তারের বেড়া কেটে আনা হচ্ছে গরু

কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত পথে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে গরু আনছে ভারত থেকে। এমনকি কাঁটাতারের বেড়া কেটে আনা হচ্ছে গরু।

বাংলাদেশ সরকার গরুপ্রতি ৫০০ টাকা ভ্যাট নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু নিয়ে আসার বৈধতা দিলেও ভারত সরকারের রয়েছে গরুর পাচার রোধে কঠোর নীতি। অর্থাৎ সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী দেখলেই গুলি চালানোর নির্দেশ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর। এরপরও সীমান্ত দিয়ে প্রতিদিনই আসছে গরু। তবে পরিমাণে এবার একটু কম আসছে বলে জানালেন গরু ব্যবসায়ীরা।image_97429_0

বর্তমানে চুয়াডাঙ্গার বেনীপুর, মেদেনীপুর, কুসুমপুর, মুন্সিপুর ও ঠাকুরপুর সীমান্ত দিয়ে রাতে-দিনে শত শত  গরু ঢুকছে বাংলাদেশে। বেশিরভাগ রাতেই আসছে এসব গরু। এরপর সকালে জড়ো করা হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। নির্দিষ্ট জায়গাই বসে এসব গরুর হাট। বেলা ১১ টা থেকে ১২ টার মধ্যে বেচা-কেনা শেষ হয়ে যায়।

এসব হাটে গরু কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসেন প্রতিদিন। তবে এখন গরু আসছে কম। ফলে সীমান্তে ভারতীয় গরুর দামও একটু বেশি বলে জানালেন ব্যবসায়ীরা।

এসব ব্যবসায়ীরা আরো জানান, গরু ভারত থেকে উপযুক্ত দাম দিয়েই কিনে আনতে হচ্ছে। তাদের দাবি, ভারত থেকে এসব গরু না এলে দেশের বাজারে গরু আর গরুর গোশতের দামও অনেক চড়া হতো।

সীমান্তে গরু আনতে যাওয়া ব্যবসায়ীরা জানালেন, বিএসএফ দেখলেই গুলি চালায়। ফলে তারা এখন গরু আনতে ভারতের অভ্যন্তরে যান না। সীমান্তের জিরো পয়েন্ট অপেক্ষা করেন। ভারতীয়রা কাঁটাতারের বেড়া কেটে বিশেষ ব্যবস্থায় গরু পৌঁছে দিয়ে যান তাদের কাছে।

এসব গরু প্রতি ৫০০ টাকা হারে ভ্যাট নিয়ে সিল করে তিন দিনের বৈধতা দিচ্ছে বাংলাদেশের কাস্টমস ও বিজিবি। এ বৈধতার মেয়াদ আরো বাড়ানো দাবি বাংলাদেশি গরু ব্যবসায়ীদের।

এদিকে ভারত থেকে সীমান্ত পথে গরু আসায় কোরবানির বাজারে এবার দেশীয় গরুর খামারিরা গরুর দাম কম পাবেন। এতে তারা লোকসানে পড়তে পারেন বলে ধারণা করছেন চুয়াডাঙ্গা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. কোহিনুর ইসলাম ।

ভারতে গরু আনতে যাওয়া বাংলাদেশিরা  প্রতিনিয়ত  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে প্রাণ হারাচ্ছে। অনেকেই আবার আটক হয়ে নির্যাতনের শিকার হচ্ছে।

সীমান্ত পেরিয়ে এই গরু আনার প্রক্রিয়া ও বিএসএফর হত্যাকাণ্ডের ব্যাপারে বিজিবির নির্দেশনা নিয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ জানান, সীমান্ত পেরিয়ে যেসব গরু ভারত থেকে নিয়ে আসে বাংলাদেশিরা, সেগুলো জব্দ দেখিয়ে কাস্টমসের ভ্যাট আইনে গরু প্রতি ৫০০ টাকা হারে রাজস্ব নিয়ে বৈধতা দেয়া হয়। আর সীমান্তে অবৈধভাবে প্রবেশের ব্যাপারে বিজিবি কড়াকড়ি তো আছেই। এ ক্ষেত্রে গরু ব্যবসায়ীরা ভারতের অভ্যন্তরে কোনোভাবেই যেতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরে থেকেই তাদের গরু আনতে হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে গত দুই বছরে ছয়জন গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। আহত হয়ে পালিয়ে এসেছেন অন্তত ২০ জন। এছাড়া ২৫ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়ে ভারতের কারাগারে রয়েছেন।

প্লিজ আমাকে বিয়ে করো

নিজের জমানায় টেনিস কোর্টে প্রতিপক্ষকে ‘লাভ’-এ হারিয়েছেন অনেক বার। সেই কোর্টেই এবার জীবনের ‘লাভ ম্যাচ’টাও খেলে জিতলেন মার্টিনা নাভ্রাতিলোভা!

দীর্ঘদিনের বান্ধবী, রুশ সুন্দরী জুলিয়া লেমিগোভাকে বিয়ের প্রস্তাব দিয়ে ‘হ্যাঁ’-এ জবাব পেয়ে।

যুক্তরাষ্ট্র ওপেনে আর্থার অ্যাশ কোর্টে তখন সদ্য ঘটেছে নোভাক জকোভিচ পতন। রজার ফেডেরারের নামা বাকি। দুই সেমিফাইনালের মাঝের বিরতিতে সাদা পোশাকে উজ্জ্বল নাভ্রাতিলোভা একটি চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দেয়ার ফাঁকে আচমকা পাশে দাঁড়ানো লেমিগোভার সামনে হাঁটু মুড়ে বসে তিন ক্যারেটের হিরের আংটি তুলে ধরেন।image_97420_0

বলেন, “তোমাকে ছাড়া জীবন ভাবতে পারি না। প্লিজ আমাকে বিয়ে করো!”

আবেগতাড়িত ‘হ্যাঁ’-এ জবাব দিয়ে লেমিগোভা জড়িয়ে ধরেন মার্টিনাকে। বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচারে সেই ঘটনা দেখে ততক্ষণে হাততালিতে ফেটে পড়েছে গ্যালারি।
পরে সিঙ্গলস, ডাবলস মিলিয়ে ৫৯ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী কিংবদন্তি বলেন, “খুব নার্ভাস ছিলাম। সব কিছু সিনেমার মতো হল। যেন শরীরের বাইরে বেরিয়ে গিয়ে নিজেকেই বিয়ের প্রস্তাব রাখতে দেখছিলাম!”

সাতান্নর নাভ্রাতিলোভার সঙ্গে বিয়াল্লিশের লেমিগোভার সম্পর্কটা ২০০৬ থেকে। স্তন ক্যানসারের সঙ্গে নাভ্রাতিলোভার যুদ্ধে পাশে ছিলেন দুই মেয়ের মা লেমিগোভা।

সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে ১৯৯১-এ শেষ মিস ইউএসএসআর, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তৃতীয় লেমিগোভা প্যারিসের নামী মডেল ছিলেন। নিজের প্রসাধন কোম্পানি ও স্পা রয়েছে। দুই মেয়েকে নিয়ে তিনি নাভ্রাতিলোভার সঙ্গেই থাকেন।

১৯৮১ সালে সমকামী হওয়ার কথা খোলামেলা জানানোর পর থেকে সমকামীদের অধিকারের লড়াইয়ে প্রথম সারিতে থেকেছেন নাভ্রাতিলোভা।

জানিয়েছেন, বিয়েটা মায়ামিতে করবেন। যাতে ফ্লোরিডায় সমকামী বিয়ের সমানাধিকারের দাবি আরো মজবুত করে তুলে ধরা যায়।–ওয়েবসাইট।

‘ডব্লিউএইচও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন পুতুল

অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।image_97426_0

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং আঞ্চলিক কমিটির ৬৭তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এর উদ্যোগে এ অঞ্চলের ১১টি দেশের জন্য চলতি বছর থেকে এ পুরস্কার চালু করা হয়েছে।

এর আওতায় জনস্বাস্থ্যে অবদানের জন্য প্রতিবছর একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এবারের পুরস্কারের বিষয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

মনোস্তত্ত্ববিদ সায়মা আমেরিকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’র পরামর্শক হিসেবে কাজ করেন। গত জুনে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে’ অন্তর্ভুক্ত হন তিনি।

প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা

ব্যাংকিং নিয়মের বর্হিভুত হয়ে অতিরিক্ত চার্জ ধার্যগ করায় প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা (মোকাদ্দোমা) দায়ের করেছে ডটকম সুয়েটার্স লিমিটেড নামে একটি কোম্পানি।

রোববার ঢাকার ১ নং যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।image_97389_0.png

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ অক্টোবর শুনানির দিন ধার্য৮ করেছেন।

মামলাটি দায়ের করেন ডটকম সুয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান সাইয়্যেদ ফাইজুল আহসান। তারপক্ষে আইন হলেন- শাহ মো. মুনির শরীফ, আবুল কালাম মো. সোহেল, আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন আইনজীবী।

শাহ মো. মুনির শরীফ নতুন বার্তাকে জানান, “প্রিমিয়ার ব্যাংক বেআইনীভাবে আমার মক্কেলের বিরুদ্ধে পোস্ট লোন সৃষ্টি করেছে। ব্যাংকিং নিয়মের বাহিরে গিয়ে অতিরিক্ত চার্জ ধার্যা করেছে। এ ছাড়া এলসি কমিশনও পরিশোধ করেনি ব্যাংকটি।”

এ সব অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে ৬০ কোটি ৭০ লাখ ২৮ হাজার ১১৮ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ঝুটের ৮টি গুদাম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সোমবার ভোরে ঝুটের গুদামে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাশাপাশি অবস্থিত ঝুটের আটটি গুদাম পুড়ে গেছে।image_97396_0

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আলতাফ হোসেনের ঝুট গুদামে ভোর পৌনে পাঁচটার দিকে আগুন লাগে। পরে আরো সাতটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে আটটি গুদামের সব মালামাল পুড়ে গেছে।

কেরিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম সেরেনার

রোববার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে কেরিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস৷ এদিন ওজনিয়াকিকে ৬-৩,৬-৩ সেটে হারান বিশ্বের এক নম্বর টেনিস তারকা৷ এই নিয়ে টানা তিনবার ও কেরিয়ারে মোট ছ’বার এই টুর্নামেন্ট জিতলেন সেরেনা৷ একই সঙ্গে টেনিসের দুই কিংবদন্তি তারকা ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে একই তালিকায় চলে এলেন এই মার্কিন খেলোয়াড়৷image_97394_0

এই বছর একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সেরেনা৷ তাই বছরের শেষ বড় টুর্নামেন্টকেই পাখির চোখ করেছিলেন তিনি৷ ফ্লাশিং মেডোয় প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন সেরেনা৷ ফাইনালেও সেই ফর্ম অব্যহত ছিল তার৷ এদিন ওজনিয়াকি ও সেরেনাই দু’জনেই প্রথম সেটে খারাপ খেলেছেন৷ কিন্তু দ্বিতীয় সেট থেকেই স্বমহিমায় ফিরে আসেন সেরেনা৷

ম্যাচ জিতে তিনি বলেন,‘ এর থেকে ভালভাবে শেষ করতে পারতাম না৷ জিতে দারুণ লাগছে৷ ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি৷’ অন্যদিকে নিজের প্রিয় বন্ধুর কাছে ফাইনালে হেরে ওজনিয়াকি বলেন,‘ সেরেনাকে আমার শুভেচ্ছা৷ ও আমার থেকে ভালো খেলেছে৷ সেরেনাই এই জয় প্রাপ্য৷ সেরেনা আমার এমন একজন বন্ধু যে কোর্টে ও কোর্টের বাইরে আমার কাছে অনুপ্রেরণা৷’-ওয়েবসাইট।