লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে‘ যুবক নিহত
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম রনি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মকবুল আহম্মদের ছেলে।
সোমবার রাতে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে জেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জিসানকে আটক করতে চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসী জিসান বাহিনীর সঙ্গে পুলিশের প্রায় ২ ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।
একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে জিসান বাহিনীর সদস্য রনি মারা যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি রিভলবার ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাতেই লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে সমাজ এগিয়ে যাবে না : প্রধানমন্ত্রী
নারীর প্রতি সহিংসতা বন্ধ না করলে সমাজ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন এটা দেখে যে বাংলাদেশ তার স্বপ্ন পূরণে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, বেগম রোকেয়া এক সময় স্বপ্ন দেখেছিলেন, একটি নারীস্থান গড়ে তোলার। এককভাবে পুরোপুরি নারীদের নিয়ে চলা সম্ভব না হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং সংসদ উপনেতা নারী বলে উল্লেখ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
প্রসঙ্গতম নারী উন্নয়নে অবদান রাখায় এ বছর রোকেয়া পদক পেয়েছেন অধ্যাপক মমতাজ বেগম এবং সমাজকর্মী গোলাপ বানু।
বাগেরহাটে তেলবাহী ট্যাংকার ডুবে নিখোঁজ ১
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারি এলাকায় তেলবাহী ট্যাংকার ডুবে মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে তলা ফেটে ট্যাংকার ডুবির ঘটনা ঘটে।
জানা যায়,
মেসার্স হারুন এন্ড কোম্পানির মালিকানাধীন তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেন গোপালগঞ্জের একটি পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল নিয়ে সুন্দরবনের শ্যালা নদীতে যাত্রাবিরতি করে। ভোর ৪টার দিকে পাশ দিয়ে যাওয়া অপর একটি তেলবাহী জাহাজ জাহাজ ওটি সাউদার্ন স্টার সেভেনকে ধাক্কা দেয়।
এ সময়ে তলা ফেটে তেলবাহী জাহাজ ওটি ওটি সাউদার্ন স্টার সেভেন ডুবে যায়। এতে জাহাজের মাস্টার মোকলেসুর রহমান নিখোঁজ হন এবং ট্যাংকারে থাকা অন্য সদস্যরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।
এদিকে সকাল ১০টা থেকে কার্গো জাহাজটি উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় ডুবুরিদল, কোস্টগার্ড ও বনবিভাগ অভিযান শুরু করেছে।
‘ডিসিসি নির্বাচন জানুয়ারিতে’
আগামী জানুয়ারিতে হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০১৪ এর খসড়া প্রস্তাবটি ফেরত দিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
এ প্রসঙ্গে কয়েকজন সিনিয়র মন্ত্রী বলেন, বৈঠকে দুই সিটি করপোরেশনের প্রশাসকের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করার প্রস্তাব পাঠায় স্থানীয় সরকার বিভাগ। বৈঠকে কয়েকজন মন্ত্রী এর বিরোধিতা করেন। তাদের বিরোধিতার মধ্যেই প্রধানমন্ত্রী ডিসিসি নির্বাচনের নির্দেশ দেন।
এছাড়া বৈঠকে হজ প্যাকেজ ২০১৫ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এবারের প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। সর্বোচ্চ ব্যয় হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা।
খালি হাতে ২৬ তলায় ‘বানর রাজা’
হাজারো চোখ উপরের দিকে, কারো হাতে রেকর্ডার, কারো হাতে ক্যামেরা।আর কেউবা ভিডিও করা নিয়ে ব্যস্ত।ছোট বাচ্চারা স্পাইডার ম্যান বলে চেচাচ্ছে আর বড় এমন কান্ড দেখে জোরে নিশ্বাঃস ফেলছে।পনের মিনিটে ২৬ তালা একটি ভবন খালি হাত আর পায়ে বেয়ে উঠলেন জয়তিরাজ। যিনি ইতিমধ্যে ‘বানর রাজা’ হিসেবে নাম প্রতিষ্ঠা করেছেন।
রোববার ভারতের মঙ্গলুরু এলাকার পাদাভিনাঙ্গাদির একটি ভবন বেয়ে এ চমক দেখান জয়তিরাজ।
জয়তিরাজ যখন ২৬ তলা ভবন উঠছিলেন তখন উপস্থিত মানুষেরা অবাক বিস্ময়ে তার কান্ড দেখছিল।সবাইকে আরো অবাক করলেন তখন, যখন কোমরের নিরাপত্তা রশ্মি খুলেই তিনি শেষ তিন তলা ভবন বেয়ে উঠলেন ভবনের ছাদে। তখন মানুষদের চিৎকার আর হইচই পড়ে যায়। ছাদে উঠেই তিনি কর্ণাটকের পতাকা উড়ান।
নিজের এ কান্ড নিয়ে জয়তি বলেন, “এটা আমার কাছে পার্কে হাঁটার মতোই।স্থির পাথরে ভবনে এ কাজটা সহজ কিন্তু পাহাড়ের পাথর বেয়ে উঠা আরো কষ্টকর।”
এদিকে জয়তিরাজের কান্ড নিয়ে ‘জয়তিরাজ এলিয়াস ক্ষতিরাজ’ শিরোনামে ছবি বানাচ্ছে কানন্দা ফিল্ম।–দি হিন্দু।
‘১৮ ডিসেম্বর সরকার পতনের দিক-নির্দেশনা দেবেন খালেদা’
৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের নিয়ে আগামী ১৮ ডিসেম্বরের কনভেনশন থেকে সরকার পতনের দিক নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
ওইদিন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তৎকালীন ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কনভেনশনের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আন্দোলনের জোয়ারে অবৈধ সরকারের বিদায় হবে: মির্জা আলমগীর
জনগণের আন্দোলনের জোয়ারেই এই ‘অবৈধ’ সরকারের বিদায় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণভিত্তিহীন অবৈধ ক্ষমতার সিংহাসন যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভূমিতলে শায়িত হবে।’
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।
মির্জা আলমগীর বলেন, ‘অবৈধ সরকার তাদের জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধীদলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, শারীরিক নির্যাতন, হত্যা, গুমের রক্তাক্ত পথেই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে।’
অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
এ ছাড়া বিবৃতিতে যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের গুলশানের বাসায় পুলিশি তল্লাশীর নামে আসবাবপত্র তছনছ ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণেরও নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি।
বিএনপিকে আন্দোলনের কোন সুযোগ দেয়া হবেনা: সুরঞ্জিত
তেল-গ্যাসের দাম বাড়ালে ২০ দলের আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশের উন্নয়নের চাকাকে অব্যাহত রাখতে জনস্বার্থে সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। তবে আপনাদের আন্দোলনের কোনো সুযোগ রাখা হবে না। আপনারা সরকার পতনের আন্দোলন করার আগে নিজের ঘর সামলান।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সোমবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানুয়ারি মাসে আন্দোলনের প্রস্তুতির সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তিনি জানুয়ারিতে আন্দোলন করবেন বলেছেন, কিন্তু কোন জানুয়ারি সেটা তো আর বলেননি। এভাবে জানুয়ারি আসবে যাবে, আন্দোলনের প্রস্তুতিও চলবে।’
সুরঞ্জিত বলেন, ‘তিনি (খালেদা) ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বলেছিলেন, ঈদের পর আন্দোলন। পর পর দুইটা ঈদ গেলেও আন্দোলন করেননি। কারণ কোন ঈদের পর আন্দোলন, সেটা তো আর বলেননি। তেমনিভাবে সামনে ২০১৫ নাকি ২০৪১ কোন বছরের জানুয়ারিতে আন্দোলন হবে, সেটা জানা নেই।’
তিনি আরও বলেন, ‘জনগণ এ সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তাই জনগণ যখন চাইবে তখনই নির্বাচন দেওয়া হবে। এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, তখন আপনারাও অংশগ্রহণ করবেন।’
‘বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে বা কোনো একটি নির্দিষ্ট দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে’- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য যে কোনো সময়ের চাইতে উজ্জ্বল। বিশ্বের সকল দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’
দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গেরান্টি নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। বাসা থেকে বের হয়ে আবার ফিরে আসবে তারও নিশ্চয়তা নেই।
সোমবার দুপুরে এরাশের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েতে এসে শিক্ষার্থীরা লাশ হয়ে বাড়ি ফিরছে। এখন যে অবস্থা চলছে তার পরিবর্তন ও শান্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে। সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে কিন্তু তা প্রতিরোধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতির সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির মহা সচিব জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য এস এম হান্নান প্রমুখ।








