মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের

কী দুর্দান্তভাবেই না ঘুঁরে দাঁড়ালেন হাসান নওয়াজ। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে নেমে প্রথম দুই ম্যাচেই মারলেন ডাক। তাই তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামাটা তার জন্য ছিল আরো ভীষণ চাপের।

কিন্তু আজ সেই চাপকেই শক্তিতে পরিণত করে রেকর্ডই গড়লেন হাসান নওয়াজ।
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি। তার রেকর্ডের দিন বড় ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তানও। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজও বাঁচিয়ে রাখল পাকিস্তান। যদিও ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা।

প্রথম দুই ম্যাচ হেরে এমনিতেই চাপে ছিল পাকিস্তান। তার ওপর অকল্যান্ডে আজ রেকর্ড ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে। সবমিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। এমন কঠিন সময়ে কিভাবে ঘুঁরে দাঁড়াতে হয় তারই যেন নজির স্থাপন করল পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে পাকিস্তান। সেটিও ২৪ বল হাতে রেখে।

এর আগে সর্বোচ্চ রান তাড়ার স্কোর ছিল ১৭৪ রান। ২০২০ সারে নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪ উইকেটে জিতেছিল তারা। সবমিলিয়ে পাকিস্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার জয়।
২০২১ সালে ২০৮ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। শীর্ষে থাকা সেই রেকর্ড জয়েও ৮৭ রানের ইনিংস খেলেছিলেন সেদিনের ম্যাচসেরা রিজওয়ান।

রেকর্ড গড়া জয়ে নেতৃত্ব দিয়েছেন হাসান নওয়াজ। মোহাম্মদ হারিসকে সঙ্গী করে শুরুটাও করেন দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৭৪ রানের জুটি গড়েন তারা। সেটিও ৫.৫ ওভারে। ৪১ রানে হারিস আউট হওয়ার পর আর কোনো উইকেট হারাতে দেননি হাসান নওয়াজ ও সালমান আগা (৫১*)। দুজনে মিলে অবিচ্ছেদও ১৩৩ রানের জুটি গড়ে রেকর্ড জয় এনে দিয়েছেন।

আজ শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন হাসান নওয়াজ। যেন ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচের ক্ষোভটাই আজ ঝারতে চেয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। সেটা পেরেছেনও ২২ বছর বয়সী ব্যাটার। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলাদের কচুকাটা করেছেন তিনি। ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রানের ইনিংসে গড়েছেন রেকর্ড। পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে। তার ৪৪ বলের সেঞ্চুরিতে ভেঙে গেছে বাবর আজমের রেকর্ড।

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাবর। আজ ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নেমে রেকর্ডটা নিজের করে নিলেন হাসান নওয়াজ। পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে সেঞ্চুরি করেছেন ২২ বছর বয়সী ব্যাটার। পাকিস্তানের অন্য দুই সেঞ্চুরিয়ান হচ্ছেন রিজওয়ান ও মোহাম্মদ শেহজাদ।

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে ভেস্তে গেছে মার্ক চাপম্যানের দুর্দান্ত ৯৪ রানের ইনিংস। অকল্যান্ডে আজ নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারও তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। ৪৪ বলে ৯৪ রানের ইনিংস সেই সাক্ষ্যই দেয়। ১১ চার ও ৪ ছক্কার ইনিংসটিকে সহজেই সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন তিনি।

কেননা যখন তিনি আউট হন তখন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলছিল ১২.৫তম ওভারের। কিন্তু দলীয় স্কোর বাড়ানোর নেশায় সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হেলায় মিস করেন চাপম্যান। শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শর্ট থার্ডে শাদাব খানের হাতে তালুবন্দি হন। তার ইনিংসেই ভর করে আজ রেকর্ড ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু হাসান নওয়াজের উইলোর সামনে উড়ে গেল কিউইরা।

গাজা ও ইয়েমেনে হামলা : মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলী খামেনির

গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এই আগ্রাসনকে বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি আজ এ খবর জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা গতকাল বৃহস্পতিবার ফার্সি নববর্ষ ১৪০৪ শুরু হওয়া উপলক্ষে দেওয়া ভাষণের একাংশে এসব মন্তব্য ও আহ্বান তুলে ধরেন।

খামেনি বলেছেন, এ ঘটনা পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয়, তাই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদ ভুলে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর অবস্থা মোকাবেলা করতে হবে। যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয়।

তিনি আরো বলেন, মার্কিন সরকারও এই বিপর্যয়ের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের সম্মতিতে এই অপরাধযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।
ইয়েমেনের ওপর ও দেশটির বেসামরিক জনগণের ওপর হামলাও আরো এক অপরাধ, যা অবশ্যই ঠেকাতে হবে।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, দামেস্কে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টার শাহাদাতবরণ, ইরানি জাতির জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাহাদাত এবং এরপর তেহরান ও লেবাননের তিক্ত ঘটনাবলীর কারণে ইরানি জাতি ও ইসলামী উম্মাহ বেশ কয়েকজন মূল্যবান ব্যক্তিত্বকে হারিয়েছে এই ফার্সি বছরে।

লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট মোকাবেলার ক্ষেত্রে ইরানি জাতি উদার চিত্তে তাদের লেবাননি ও ফিলিস্তিনি ভাইবোনদের সহায়তায় বন্যার জোয়ারের মতো সাহায্যের বিপুল চালান পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। আর এর মধ্য দিয়েও ইরানি জাতির উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

খামেনি এ প্রসঙ্গে প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা, বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালংকার উপহার দেওয়ার ঘটনাকে ইরানের ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ইরানি জাতির দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তি, প্রস্তুতি ও আধ্যাত্মিক মনোবল প্রিয় এই জাতির ভবিষ্যৎ ও সব সময়ের জন্য মূল্যবান পুঁজি এবং এর ফলে এই দেশটির ওপর আল্লাহর অনুগ্রহের ধারা অব্যাহত রয়েছে।

সূত্র : এএফপি, বাসস

হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে দেশে ফিরছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইট।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ‘লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটা মাঝপথ থেকে ফিরে এসেছে, কারণ বর্তমানে লন্ডনে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট যাওয়া-আসা শুরু করব।
’

এক বিবৃতিতে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরটি ‘গুরুতর বিদ্যুৎ-বিভ্রাট’-এর সম্মুখীন হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরো তথ্যের জন্য তাদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, ‘অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে। তবে আমরা নিশ্চিত নই, বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম আবার কখন চালু হবে। কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর হিথ্রো।
এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করে।

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।

অপরদিকে ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

উত্তর কোরিয়া পৌঁছেছেন মস্কোর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই

রাশিয়ার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। তার দেশটির নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার কথা রয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সের্গেই শোইগু আগমনের খবর প্রকাশ করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসও এ খবর নিশ্চিত করেছে।

কেসিএনএ জানিয়েছে, শোইগুর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পিয়ংইয়ংয়ে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরাগ স্বাগত জানান। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে ‘আরআইএ নভোস্তি’ জানিয়েছে, ‘উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে শোইগুর সাক্ষাতের কথা রয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়ার পক্ষে ইউক্রেনের সঙ্গে লড়াইয়ের জন্য। যাদের রাশিয়ার পূর্ব কুরস্ক অঞ্চলে যুদ্ধে পাঠানো হয়েছে।
এ ছাড়া কামান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ভারী অস্ত্রও পাঠিয়েছে উত্তর কোরিয়া।

ধারণা করা হয়, উত্তর কোরিয়া এর বিনিময়ে মস্কোর কাছ থেকে সামরিক ও বেসামরিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তা পেয়েছে।
তবে পিয়ংইয়ং বা মস্কো কেউই পিয়ংইয়ংয়ের অস্ত্র ও সেনা মোতায়েনের কথা স্বীকার করেনি। তারা বলেছে, গত বছরের জুনে স্বাক্ষরিত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন অব্যাহত রেখেছে তারা, যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।

সূত্র : রয়টার্স

আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক : আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর।
এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এনিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে কয়েকটি সংগঠন।

চ্যাম্পিয়নস ট্রফিতে আয় প্রত্যাশার চেয়েও বেশি, দাবি পিসিবির

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০৭ কোটি টাকা) মুনাফা অর্জন করবে বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টটি আয়োজন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, এমন খবর প্রত্যাখ্যান করে পিসিবির মুখপাত্র আমির মির এবং প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা সংবাদ সম্মেলনে জানান, এই টুর্নামেন্ট বোর্ডের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোর আপগ্রেডে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেছে পিসিবি, এমন খবরকে উড়িয়ে দিয়ে আমির মির জানান, টুর্নামেন্টের সব খরচ আইসিসি বহন করেছে। মির আরো যোগ করেন, পিসিবি গেটমানি এবং টিকিট বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে আয় করেছে।

মির বলেন, পিসিবি শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ২ বিলিয়ন রুপি আয়ের লক্ষ্য রেখেছিল, তবে তারা এই লক্ষ্যটি ছাড়িয়ে গেছে। অডিটের পরে, আমরা আইসিসি থেকে আরো অতিরিক্ত ৩ বিলিয়ন রুপি পাওয়ার প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, পিসিবির মোট রাজস্ব ২০২৩-২৪ অর্থবছরে ১০ বিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। মির বলেন, ‘বর্তমানে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কারণে পিসিবি এখন বিশ্বের শীর্ষ তিনটি ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্থান পেয়েছে।
’

পিসিবি ইতিমধ্যে ৪০ মিলিয়ন রুপি ট্যাক্স পরিশোধ করছে বলেও জানান তিনি।

পিসিবির প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজাও মোহসিন নাকভির ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বোর্ডের অর্থনৈতিক লক্ষ্য পূরণে নকভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আর্থিক কাঠামো পুনর্গঠনেও তার সক্রিয় ভূমিকা ছিল।

তিনি আরো বলেন, পিসিবির বেশ কয়েকটি আর্থিক বিনিয়োগ রয়েছে এবং স্টেডিয়াম আপগ্রেডের জন্য বাজেট ১৮ বিলিয়ন রুপি বরাদ্দ ছিল।
প্রকল্পের প্রথম পর্বের জন্য ১২ বিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছিল, এবং এর মধ্যে ১০.৫ বিলিয়ন রুপি ইতিমধ্যে খরচ করা হয়েছে। বাকি তহবিল এসব স্টেডিয়াম এবং আরো অন্যান্য স্টেডিয়ামের উন্নতির জন্য ব্যবহৃত হবে, যার মধ্যে করাচি, ফয়সালাবাদ এবং রাওয়ালপিন্ডিও রয়েছে।

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়ে মির বলেছেন, চেয়ারম্যান নাকভি তাদের বেতন কমানোর সিদ্ধান্তটি প্রত্যাহার করেছেন।

মুরতাজা বলেছেন, খুব শীঘ্রই পিসিবি তাদের চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত সব আর্থিক বিবরণ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরই তুলে দিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অব এডুকেশন) ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে বলা হয়েছে, শিক্ষা দপ্তরকেই গুটিয়ে ফেলা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠানের আয়োজন করে এই আদেশে স্বাক্ষর করেন তিনি।

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেছেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা দপ্তর বন্ধ করে দেব।
এই দপ্তর ভালো কোনো কাজ করছে না।’ তবে প্রশাসনিক নির্দেশে বিস্তারিতভাবে বলা হয়নি, কোন প্রকল্প বন্ধ করা হবে।

শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন, আইনি পদক্ষেপ নিয়ে এই দপ্তরকে বন্ধ করে দিতে। লিন্ডার প্রশংসা করে ট্রাম্প বলেছেন, তিনি ভালো কাজ করছেন।
মনে হয়, তিনিই অ্যামেরিকার শেষ শিক্ষামন্ত্রী হবেন।

শিক্ষা দপ্তর যে সব গুরুত্বপূর্ণ প্রকল্প চালাতো, তা অন্য এজেন্সির হাতে দিয়ে দেওয়া হবে। ট্রাম্প জানিয়েছেন, কেন্দ্রীয় স্তরে শিক্ষা দপ্তর তুলে দেওয়ার অর্থ হলো, শিক্ষা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত এবার রাজ্যগুলো নেবে।

তবে তার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্তও আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে।

ট্রাম্প বলেছেন, শিক্ষাক্ষেত্রে অ্যামেরিকা অন্য দেশের তুলনায় অনেক বেশি অর্থ খরচ করে। তা সত্ত্বেও সাফল্যের নিরিখে মার্কিন পড়ুয়ারা একেবারে নিচের দিকে থাকে।

এই পদক্ষেপের মাধ্যমে মূলত শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের চারপাশে ডেস্কে শিশুদের অর্ধবৃত্তাকারভাবে বসার ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের হাতে নির্বাহী আদেশের নিজস্ব সংস্করণ স্বাক্ষরের জন্য ছিল। ট্রাম্প যখন আদেশে স্বাক্ষর করার জন্য তার মার্কার খোলেন, তখন শিশুরাও তাকে অনুসরণ করে।
যখন তিনি ক্যামেরার জন্য সম্পূর্ণ আদেশটি তুলে ধরেন, তখন বাচ্চারাও তাই করছিল।

স্বাক্ষর অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, “আমি ফেডারেল শিক্ষা বিভাগকে একবারে নির্মূল করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব। এবং এটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? শিক্ষা বিভাগ, আমরা এটি নির্মূল করতে যাচ্ছি, এবং সবাই জানে এটি সঠিক, এবং ডেমোক্র্যাটরা জানে এটি সঠিক।”

আল জাজিরা জানিয়েছে, ফেডারেল সরকারের মধ্যে বিভিন্ন শিক্ষা উদ্যোগকে একীভূত করার প্রচেষ্টার অংশ হিসাবে ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি করার মাধ্যমে সেসময় তিনি একটি নতুন মন্ত্রিসভা-স্তরের অবস্থান তৈরি করেন, যা তখনও রিপাবলিকানরা যুক্তি দিয়েছিলেন যে— এই পদক্ষেপ রাজ্য এবং স্থানীয় স্কুল বোর্ডগুলোর ক্ষমতা কেড়ে নেবে।

তবে যুক্তরাষ্ট্রের এই বিভাগের একটি সীমিত ম্যান্ডেট রয়েছে। এটি পাঠ্যক্রম বা স্কুল প্রোগ্রামিং নির্ধারণ করে না বরং শিক্ষার ওপর তথ্য সংগ্রহ, গবেষণা প্রচার, ফেডারেল সাহায্য বিতরণ এবং বৈষম্যবিরোধী ব্যবস্থা কার্যকর করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে থাকে।

‘সিউ’ উদযাপন করে রোনালদোকে দর্শক বানালেন হইলুন্দ, হেরেছে পর্তুগাল

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে পর্তুগাল। পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিলেন রোনালদো-ফার্নান্দেজরা। ফলও পেয়েছে হাতেনাতে। ঘরের মাঠে রাসমুস হইলুন্দের গোলে জিতেছে ডেনমার্ক।
এ জয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ডেনিশরা।

কোপেনহেগেনে বৃহস্পতিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। ৭৮ মিনিটে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন রাসমুস হইলুন্দ। পুরো ম্যাচে ডেনমার্ক ২৩টি শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি।
অন্যদিকে, মাত্র ৮টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে রোনালদো-ফার্নান্দেজরা।

ম্যাচ শুরু হতেই বিপদে পড়তে যাচ্ছিল পর্তুগাল। গোলরক্ষক কস্তা শট নেওয়ার সময় পা বাড়িয়ে দেন সামনেই থাকা ডেনিশ ফরোয়ার্ড মিকা বিয়েরেথ, তার পায়ে লেগে বল গোলের দিকে ছুটছিল। স্লাইড করে গিয়ে বল ধরে বাইরে পাঠান কস্তা।
অষ্টম মিনিটে ডেনিশ রক্ষণে প্রথম ভীতি ছড়ায় পর্তুগাল। পেদ্রো নেতোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল ঝাঁপিয়ে ঠেকান।

২৩তম মিনিটে পর্তুগালের ডি-বক্সে তাদের মিডফিল্ডার রেনাতো ভেইগার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্রিস্তিয়ান এরিকসেনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কস্তা। ৩৪তম মিনিটে উল্লেখযোগ্য প্রথম প্রচেষ্টা চালান ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৬ মিনিটে ডেনমার্ককে হতাশ করেন কস্তা। বিয়েরেথের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন এই গোলরক্ষক। কিছুক্ষণের মধ্যে আবার ডেনিশদেন হানা, এই দফায় এরিকসেনের শট গোললাইনে ফেরান ডিফেন্ডার দিয়োগো দালোত।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন কস্তা। গুস্তাভ ইসাকসেনের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। বদলি নামার নবম মিনিটে গোল পেতে পারতেন হইলুন্দ, তবে তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমবার ব্যর্থ হলেও ৭৮তম মিনিটে কস্তার প্রতিরোধ ভাঙেনে এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। সতীর্থদের পাসিং ফুটবলে তৈরি হওয়া সুযোগ থেকে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান হইলুন্দ। এরপর রোনালদোর পছন্দের সি…উ উদযাপনই করলেন তরুণ এই ফরোয়ার্ড। গোল খেয়েও জেগে উঠতে পারেনি পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল তারা।

২২ বছর বয়সী হইলুন্দ সম্প্রতি বলেছিলেন, আমি রোনালদোর কারণে ফুটবলের প্রেমে পড়েছিলাম। আজ রোনালদোর বিপক্ষে গোল করার পর রোনালদোর সি…উ উদযাপনই করলেন তরুণ এই ফরোয়ার্ড।

আগামী রোববার পর্তুগালের মাঠে হবে ফিরতি লেগের ম্যাচটি।

‘শিন বেট’ গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল ইসরায়েল সরকার

দেশজুড়ে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু। নতুন করে গাজায় অভিযান চালানোর বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার ইসরায়েলের সরকার সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তকে সমর্থন করেছে। নেতানিয়াহু জানিয়েছেন, দেশের নিরাপত্তা তথা গোয়েন্দাপ্রধান রনেন বারকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের মেয়াদে নিযুক্ত হয়েছিলেন তিনি। আগামী বছরই তার মেয়াদ শেষ করার কথা ছিল।

গোয়েন্দাপ্রধান রনেন বারকে পূর্ববর্তী ইসরায়েলি সরকার নিয়োগ করেছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভূতপূর্ব হামলার আগেও নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক টানাপোড়েনপূর্ণ ছিল, যা গাজায় যুদ্ধের সূত্রপাত করেছিল। ৪ মার্চ হামাসের হামলার নিয়ে অভ্যন্তরীণ শিন বেট প্রতিবেদন প্রকাশের পর সম্পর্ক আরো খারাপ হয়। হামাসের আক্রমণ প্রতিরোধে সংস্থার নিজস্ব ব্যর্থতা স্বীকার করেছে শিন বেট। রনেন বার ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করবেন এবং আক্রমণ প্রতিরোধে তার সংস্থার ব্যর্থতার দায়ভার গ্রহণ করবেন।

সরকারিভাবে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘সর্বসম্মতিক্রমে গোয়েন্দাপ্রধান রনেন বারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত মঙ্গলবার থেকে হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় নেমেছেন। সরকারের বিরুদ্ধে তারা তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ, হামাসের হাত থেকে সব বন্দিকে উদ্ধার না করে নতুন করে গাজায় আক্রমণ চালিয়ে প্রধানমন্ত্রী ভুল করেছেন। দ্রুত এই অভিযান বন্ধের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

একই সঙ্গে তারা নেতানিয়াহুর একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এরই জেরে রনেনকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে রনেন একটি তদন্তও শুরু করেছিলেন। অভিযোগ, ইসরায়েলের সঙ্গে কাজ করলেও কাতারে তাদের বেআইনি অর্থের লেনদেন আছে।

বৈঠকে রনেন ছিলেন না

যে বৈঠকে রনেনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে আরো অনেকে থাকলেও রনেন উপস্থিত ছিলেন না। তবে সেখানে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। যা এখন ইসরায়েলের সংবাদমাধ্যমে ঘুরছে। রনেন সেখানে লিখেছেন, ‘যে পদ্ধতিতে একজন উচ্চপদস্থ অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে, তা পদ্ধতিগতভাবে ভুল।’

রনেনের অভিযোগ, দেশের স্বার্থে নয়, নেতানিয়াহু এ কাজ করেছেন তার নিজের স্বার্থে।

নেতানিয়াহুর অভিযোগ

এদিকে এক্স হ্যান্ডেলে নেতানিয়াহু দেশজুড়ে বিক্ষোভের দায় চাপিয়ে দিয়েছেন বামপন্থীদের ওপর। বামপন্থী ‘ডিপস্টেট’ চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।

বস্তুত, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তাদের আটকাতে পুলিশ জলকামান ব্যবহার করে। বহু বিক্ষোভকারী আহত হয়েছেন। ডেমোক্র্যাট বিরোধী দলের নেতা ইয়ের গোলানকে পুলিশ ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এক্স হ্যান্ডেলে গোলান অবশ্য লিখেছেন, ‘কয়েকটি ধাক্কা আমায় আটকে রাখতে পারবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বন্দিদের ফিরিয়ে আনব।’

বিক্ষোভকারীদের বক্তব্য, এখনো গাজায় অন্তত ৫৯ ইসরায়েলি বন্দি আছেন। যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর বন্দি করেছিল সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস। এর মধ্যে ২০ জন এখনো জীবিত আছে বলে খবর পাওয়া গেছে। নেতানিয়াহু সংঘর্ষ-বিরতির চুক্তি ভঙ্গ করে নতুন করে গাজায় অভিযান চালানোয় জীবিত বন্দিদেরও মেরে ফেলা হবে বলে মনে করছেন বিক্ষোভকারীরা।

বস্তুত, সংঘর্ষ-বিরতি শুরু হওয়ার পর অধিকাংশ বন্দিকেই হস্তান্তর করেছে হামাস। সবাই ফিরে আসার আগেই নেতানিয়াহু নতুন করে আক্রমণ শুরু করায় বিরক্ত দেশের একটি বড় অংশের মানুষ। সম্প্রতি একটি জনমত সমীক্ষাও করা হয়েছিল। সেখানে দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ চান, লড়াই বন্ধ করে বন্দি প্রত্যর্পণ নিয়ে আরো বেশি আলোচনা চালাক সরকার।

সূত্র : ডয়চে ভেলে বাংলা, এএফপি