শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আতাহারকে বাদ দিল স্টার ইন্ডিয়া

ataharবিশ্বকাপের ব্রডকাস্টিং স্পন্সর স্টার ইন্ডিয়া। আমার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তাই থাকা হচ্ছে না এবারের  বিশ্বকাপে, সাংবাদিকদের জানালেন আতাহার আলী খান।

টেস্ট মর্যাদা পাওয়ার প্রথম দিক থেকেই ধারাভাষ্যে বাংলাদেশের সমার্থক হিসেবে ছিলেন আতাহার আলী খান। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপেও তিনি ধারাভাষ্য দিয়েছেন। কিন্তু এবারের বিশ্বকাপে স্টার ইন্ডিয়ার অনাগ্রহের কারণে ধারাভাষ্য দিতে পারছেন না তিনি।

তিনি বলেন, দলকে ভীষণ মিস করব। দলের সাথে ধারাভাষ্যে থাকতে না পারার এই হতাশা অন্য কিছুর সাথে তুলনা হয় না।

৫ দিনের রিমান্ড মোসাদ্দেক আলী

faluবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে দিন পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেছে  সিএমএম আদালত।

সোমবার গোয়েন্দা পুলিশ (ডিবি)দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট হাসিবুল হকের আদালতে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার একটি মামলায় হাজির করা হয়।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলাটিতে বিএনপির ১৫ জন শীর্ষনেতাকে এজাহারভুক্ত আসামিসহ আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। ফালু এ মামলার সন্দেহভাজন আসামি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন আসামিরা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পর্দার আড়ালে নানামুখী তৎপরতা

daba0চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে পর্দার আড়ালে নানামুখী তৎপরতা চলছে। হার্ডলাইন তো আছেই। খালেদাও তার অবস্থানে অনড়। একচুলও নড়বেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তো সবার জানা। তিনি এটাকে রাজনৈতিক সঙ্কট মানতেই নারাজ। তার পরামর্শকরা ক্রমাগতভাবে বলে চলেছেন ডান্টা মেরে সব ঠান্ডা করা সম্ভব। আর ক’টা দিন সবুর করেন। বিএনপি-জামায়াত ক্লান্ত হয়ে পড়বে। রাজপথে ওদের কোনো লোকই থাকবে না। পেট্রলবোমা মারার লোকও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না।

জনবোমার কথা অবশ্য তারা বলছেন না। তাদের কথায়, জনগণ নীরব দর্শক হয়ে চুপচাপ বসে থাকবে। জনগণ বাড়িতে বসে কি ভাবছে এটা তাদের কাছে পৌঁছবে না। একদল আছেন তারা সারাক্ষণই বলছেন নেত্রী সব ঠিক, উদারতা দেখিয়ে আপনি তো খালেদার কার্যালয় পর্যন্ত গিয়েছিলেন অনেকটা ঝুঁকি নিয়ে। কি লাভ হলো। ওরা তো আপনাকে কোনো সম্মানই দেয়নি

জনমনে প্রতিক্রিয়া ছিল সাময়িক। যারা আপনাকে সেখানে যেতে বলেছিল তাদের উদ্দেশ্য কি তা ভেবে দেখতে হবে। এক পর্যায়ে এই গ্রুপ সামনে চলে আসে। তারা কোকোর দাফন বনানীর সামরিক গোরস্তানে না করার পরামর্শ দেয়। যথারীতি তাদের কথামত সিদ্ধান্ত হয়।

এতে কি হলো? প্রধানমন্ত্রী খালেদাকে দেখতে গিয়ে যেটুকু উদারতা দেখিয়েছিলেন তা নিমিষেই হারিয়ে গেল। তখন জনমনে প্রশ্ন উঠলো, এটা কি তাহলে লোক দেখানো ছিল?

এরপর কি ঘটলো। খালেদার কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হলো। যেখান থেকে খালেদা এখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ব্যাপক প্রতিক্রিয়া হলো দেশ-বিদেশে। এক পর্যায়ে চাপের কারণে ১৯ ঘণ্টা পরে বিদ্যুৎ সংযোগ দেয়া হলো। লাভের মধ্যে লাভ এটাই হলো, বাংলাদেশে একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো হাসিনার সরকার। এখনও খালেদার কার্যালয়ে ডিশ নেই। ইন্টারনেট নেই। মোবাইল কানেকশনও নেই। টিঅ্যান্ডটি সংযোগও নীরব।

হার্ডলাইনাররা খালেদাকে গ্রেপ্তারের যুক্তি দিয়ে চলেছেন। তারা বলছেন, তাকে গ্রেপ্তার করা হলে সব নীরব হয়ে যাবে। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে নিমিষেই।

শনিবার বসলো এক উচ্চ পর্যায়ের বৈঠক। যেখানে হাজির উচ্চ পর্যায়ের সব প্রশাসনিক কর্মকর্তা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বল প্রয়োগের মাধ্যমে সঙ্কটের সমাধান খোঁজার পক্ষে সবাই একমত হলেন। কিন্তু যারা ভিন্নমত পোষণ করেছেন তারা একমত হলেন না। তারা বলতে থাকলেন সঙ্কট যেহেতু রাজনৈতিক তাই সমাধানও রাজনৈতিকভাবে খুঁজতে হবে। এদের ভয়েস অবশ্য দুর্বল। ভয়ে ভয়ে তারা আওয়াজ তুলেছেন।

এর মধ্যেই পাশের বাড়ি থেকে পরামর্শ এসেছে। যে করেই হোক খালেদার সঙ্গে এনগেজমেন্টে যেতে। খবরটা আচমকা মনে হলেও ঠিক তা নয়। নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অস্থিতিশীল থাকুক তার সরকার তা চায় না। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে যান দিল্লিতে। বোঝানোর চেষ্টা করেন বাংলাদেশ পরিস্থিতি। যতটুকু জানা যায়, প্রণব জানিয়ে দেন তার কিছুই করার নেই। মোদি সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা চায় বাংলাদেশে প্রতিনিধিত্বশীল সরকার। সব দলের অংশগ্রহণে নির্বাচনের পক্ষে তারা।

এ খবরে সরকারের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। দিল্লি ছুটে যান দু’জন উপদেষ্টা। ফলাফল একই।

এর মধ্যে বারাক ওবামার সফর সবকিছু পাল্টে দেয়। সুজাতা সিং চাকরি হারান। যিনি রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে রীতিমতো অপমান করেছিলেন দিল্লিতে। মজিনা তাকে বোঝাতে গিয়েছিলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে বাংলাদেশে স্থিতি আসবে না। এই যুক্তি উড়িয়ে দিয়ে সুজাতা তাকে বলেন, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে। মজিনা হতাশ হয়েই ঢাকা ফিরেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেন ভারতের মনোভাব।

কংগ্রেস সরকার বাংলাদেশের ব্যাপারে একচোখা নীতি গ্রহণ করেছিল। আওয়ামী লীগ সরকারও ছিল কংগ্রেসের ব্যাপারে অন্ধ। বিজেপি ক্ষমতায় আসতে পারে এটাও তাদের ভাবনার মধ্যে ছিল না। নির্বাচনের সময় কংগ্রেসের প্রতি এমনভাবে হাত বাড়িয়ে দেয় যা শুনে মোদি রীতিমতো তাজ্জব হয়ে যান। থাক গে, ওসব অতীত। সুজাতাকে বরখাস্ত করে জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব নিযুক্তির পরে বাংলাদেশ অনেকটাই ভেঙে পড়ে। তাকে অভিনন্দন জানাতে কূটনৈতিক রীতিও অনুসরণ করেনি।

পর্দার আড়ালে আসলে কি হচ্ছে? সংলাপ না আলোচনা? নানা কথাই শোনা যাচ্ছে। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এক ধরনের যোগাযোগ চলছে দুইদিকে। কিভাবে সেটা। অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের রিমান্ডে নেয়া, মোসাদ্দেক আলী ফালুর গ্রেপ্তারের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন। তারা বলছেন, ফালু জেনেশুনে খালেদার সঙ্গে দেখা করতে গেলেন কেন? তিনি কি জানেন না ওখানে গেলেই শ্রীঘরে যেতে হয়। অনেকটা নাটকীয়ভাবে মির্জা ফখরুলকে কাশিমপুর থেকে ডিবি অফিসে আনা হলো কেন? রাজনৈতিক যোগাযোগ আগেও এভাবে হয়েছে।

প্রস্তাবটা কি? দুই পক্ষের মুখরক্ষা করে সমাধানের সূত্রইবা কি? জরুরি অবস্থা জারি করে আলোচনা। এতেও ভরসা নেই শাসককুলের। তারা জরুরি অবস্থা জারির পক্ষে নন। তারা মনে করেন, এতে খেলাটা তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এ কারণেই সম্ভবত দশ দিন আগে জরুরি শাসনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা বাতিল করে দেয়া হয়। প্রকাশ্য আলোচনার প্রস্তাবেও ঝুঁকি রয়েছে। মানুষ রাজপথে নেমে যাবে। কোকোর জানাজার সময় গুলি হবে না- এমনটা আঁচ করে লাখো লোক জমায়েত হয়েছিল। এটাও পর্যালোচনা করে দেখা হয়েছে। জবাব মিলেছে নেতিবাচক। বরং এমন গোয়েন্দা রিপোর্টের সমালোচনা হচ্ছে শাসক দলের বিভিন্ন কোরামে।

বিএনপি অগোছালো, জামায়াত ম্যানেজ হয়ে আছে এমন রিপোর্টই তারা দিয়েছিলেন। যার ভিত্তিতে আওয়ামী লীগ নেতারা প্রায়শই বলতেন, বিএনপির আন্দোলন করার মুরোদ নেই। খালেদার জনসভাগুলোতে জনসমাগম দেখে অন্য চিন্তা আসে সরকারের ভেতর। গাজীপুরের জনসভা বাতিল করার সিদ্ধান্ত এসেছিল গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, ছাত্রলীগের বাড়াবাড়িতে। ক্রমশ বলাবলি হচ্ছে, জনসভা করতে দিলে এতটা হতো না। ৪ জানুয়ারি সরকারইবা কেন অবরোধ করতে গেল। খালেদাকে ৫ জানুয়ারি জনসভা করতে দিলে তিনি কি করতেন? বসে যেতেন লোকজন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে। বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, এমন কোনো পরিকল্পনাই ছিল না তাদের। তাহলে প্রধানমন্ত্রী কিসের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নিলেন? তাহলে কি বলা যায়, খালেদা ক্ষমতায় থাকাকালে শেষদিকে যে পথে হেঁটেছিলেন সে পথেই তিনি হাঁটতে শুরু করেছেন? – মানবজমিন

সর্দি-জ্বরে মুক্তি মিলবে উপযুক্ত খাবারে

gajorতীব্র বা হালকা শীতে সামান্য অবহেলায় হতে পারে সর্দি, কাশি বা জ্বর। পশমী কাপড়ের আদুরে পরশে থাকার মজা নষ্ট হয়ে যায় এসব ছোটখাটো সমস্যায়। তাই সমস্যাগুলো এড়াতে খাবারের অভ্যাসে চাই কিছু পরিবর্তন। এজন্য শীতের কিছু প্রচলিত সবজি আপনাকে দেবে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় ক্ষমতা। জেনে নেয়া যাক সেসব খাবার সম্পর্কে।

সবুজ চা

সবুজ চা খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সবুজ চায়ে ভাইরাস ও ব্যাকটিরিয়া প্রতিরোধী উপাদান রয়েছে। ঠাণ্ডার দিনে ৩ থেকে ৫ কাপ চা পান করুন। সবুজ চা শীতের সময় আপনাকে রোগ থেকে দূরে রাখবে।

মাশরুম

মাশরুম শরীরের প্রতিরোধ ব্যবস্থার জন্য উপকারী। এটি শীতকালের ঠাণ্ডাজনিত রোগ ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে।

রসুন

রসুন জ্বর ও ঠাণ্ডা প্রতিরোধী উপাদান হিসেবে খুবই পরিচিত। রসুন বিশেষ ধরনের এনজাইমের মাত্রা বৃদ্ধি করে। রসুন যকৃতের রক্ত থেকে বিষাক্ত দ্রব্য শোষণ করতে সাহায্য করে। কাঁচা রসুন আপনাকে দিতে পারে বেশি উপকার।

মধু

শীতজনিত ঠাণ্ডা ও জ্বর থেকে রক্ষা পাওয়ার কার্যকরী পথ্য হলো মধু। এটি ব্যাকটিরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে। প্রতি রাতে ঘুমানোর আগে মধু সেবন ভাল ফল দেয়। প্রতিরাতে এক কাপ গরম দুধের সঙ্গে মিশিয়ে পান করলে বেশি উপকার পাবেন।

গাজর

গাজরে আছে প্রচুর পরিমাণ বেটা ক্যারেটিন। গাজরের স্যুপ রোগ প্রতিরোধে দারুণ কাজ করে। গাজর ঠাণ্ডা ও ফ্লু’র বিরুদ্ধে যুদ্ধ করে। এ ছাড়া ঠাণ্ডাজনিত ইনফেকশন থেকে রক্ষা করে।

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন

cabinet17জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই নীতিমালা সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়তা করবে বলে মন্ত্রিসভার সদস্যরা আশা প্রকাশ করেছেন।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৯ সালের জুলাইয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়। ২০১৩ সালের ১১ মার্চ সংশোধনীসহ উপস্থাপন করা হলে তা অনুশাসনসহ মন্ত্রিসভা ফেরত পাঠায়। আজকের সভায় কিছু পরিমার্জনসহ নীতিমালাটি অনুমোদন করা হয়েছে।

তিনটি ধাপে এ নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৬ সালের মধ্যে স্বল্প, ২০১৮ সালের মধ্যে মধ্যম ও ২০২১ সালের মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই নীতিমালা বাস্তবায়িত হবে। খুব শিগগির এ নীতিমালা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তিনি জানান, নীতিমালায় ১০টি উদ্দেশ্য, ৫৬টি কৌশলগত বিষয়বস্তু ও ৩০৬টি করণীয় উল্লেখ রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়াতে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিল্লির শাহি ইমামকে হিন্দু হওয়ার আহ্বান

prachiদিল্লির শাহি ইমামকে হিন্দু হতে বললেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী।।

শনিবার ভারতের বদায়ুতে হিন্দু কর্মীদের এক সম্মেলনে তিনি বলেন, ১৪০০ বছর আগে সবাই হিন্দু ছিলেন। এ জন্য আজম খান, পারভেজ  মুশাররফ, গিলানি এবং দিল্লির শাহি ইমাম বুখারি  ‘ঘর ওয়াপসি’ (ঘরে ফেরা) প্রয়োজন। তাদের জন্য ঘর ওয়াপসির দরজা  খোলা রয়েছে।

এ ছাড়া শাহি ইমামকে ‘মহিষ’ বলে কটাক্ষ করেছেন তিনি।

এর আগে হিন্দু নারীদের চারটি করে সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়ে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। শনিবারের সম্মেলনে তিনি আগের বক্তব্যকে সমর্থন করে বলেন, “আমি তো চার সন্তানের জন্ম দিতে বলেছি, ৪০টা কুকুর ছানার নয়।”

তিনি সরাসরি সভায় উপস্থিত জনতার উদ্দেশে বলেন, যদি এখানে কারোর ৫, ৬, ৮ বা তার বেশি সন্তান থাকে তিনি আমার কাছে চলে আসুন, আমি তাকে সম্মানিত করব।

খালেদা জিয়ার যে ৫ অডিও নিয়ে তোলপাড়

khaleda22বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মোবাইলে গোপন কথোপকথনের ৫ অডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয় মন্ত্রিসভার বৈঠকেও এ অডিও বার্তা নিয়ে তোলপাড় হয়। বৈঠকে খালেদা জিয়ার বেশ কয়েকটি মোবাইলে গোপন কথোপকথনের অডিও বার্তা শোনানো হয়।

বাংলা লিকস নামের একটি একাউন্ট থেকে ইউটিউবে আপলোড করা এসব কথোপকথন। যদিও খালেদা জিয়ার সেই কপোথকথনগুলো চার বছর আগের। চার বছর আগে ঢাকায় বিএনপির একটি সমাবেশের সময় দলের কয়েকজন নেতার সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়া মোবাইলে এ কথাগুলো বলেন। যেখানে নেতাদের নানা নির্দেশ দিতে শোনা যায় খালেদাকে। আর সেই অডিওগুলোই এখন ইউটিউবে সাড়া ফেলেছে। ‘খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা’-এমন কথা রয়েছে অডিও ফাইলগুলোর শিরোনামে।

মোবাইলে তখন খালেদা জিয়া কথা বলেন ঢাকা মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ কয়েকজরেন সঙ্গে। যেখানে তিনি বিভিন্ন সমাবেশ বা কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

খালেদার কার্যালয়ে ইন-আউট বন্ধ

karjaloy khaledaবিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যারলয়ে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এমনকি সাংবাদিকদেরও ভেতরে যেতে দেয়া হচ্ছে না।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে সারাদেশে টানা অবরোধের মধ্যে ৭২ ঘণ্টা  হরতাল চলছে। গত ৩ জানুয়ারি থেকে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।সম্প্রতি তার কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।যদিও বিচ্ছিন্ন করার ২০ঘণ্টা পর শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ দেয় ডেসকো।

তবে ইন্টারনেট ও ডিশ সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।

এতোদিন কার্যালয়ের ভেতরে আত্মীয় স্বজনদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কার্যালয়ে প্রবেশের সুযোগ ছিল। যদিও বিএনপির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ের আশপাশে দেখা যায়নি। সবশেষ রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার উপদেষ্টা মোসাদ্দেক আলী দেখা করে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ আটক করে।

এছাড়া রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আবদুর রউফসহ বেশ কয়েকজন শিক্ষক, সাংবাদিক নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করলেও পুলিশ কাউকে বাধা দেয়নি।আটকও করেননি।

কিন্তু সোমবার সকাল থেকে গুলশান কার্যালয়ের দৃশ্যপট পাল্টে যায়।অন্য সময়ের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কম থাকলেও কাউকে কার্যাালয়ে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। এরমধ্যে বেলা ১১টার দিকে কার্যালয়ের সামনে থেকে একজনকে আটক করে পুলিশ। তার কাছে একটি ব্যাগে মোবাইল ও কিছু ক্যাবল পাওয়া গেছে বলে জানা গেছে।

এদিকে দুপুরের দিকে একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার কার্যাটলয়ের ছোট গেইট পার হয়ে ভেতরে যাওয়ার পর পুলিশ তাকে বের হতে বলে। পরে তিনি বের হয়ে যান।

খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, “সকাল থেকে কাউকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আবার কেউ বের হতে চাইলেও তাতে বাধা দেয়া হচ্ছে।”

খালেদা জিয়ার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খানসহ কার্যালয়ের কর্মকর্তারা ও কর্মচারীরা আছেন। এছাড়াও পালাবদল করে দায়িত্ব পালন করছেন তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা।

এছাড়া ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে দিনের অধিকাংশ সময় খালেদা জিয়াকে সময় দিচ্ছেন বলে জানা গেছে।

এক নম্বর দল হয়েই বিশ্বকাপে নামছে অজিরা

ojiরবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে ১১২ রানে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে অস্ট্রেলিয়া৷ যার সুবাদে সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে আসল অজিরা৷ফলে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকেই বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া৷

অস্ট্রেলিয়ার থেকে ছ’পয়েন্টে পিছিয়ে দু’নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত৷ ভারতের সংগ্রহে ১১৪ পয়েন্ট৷ ১১৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷  ১০৮ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা চার নম্বরে ও ১০৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে পাঁচ নম্বরে৷১৪ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্নে বিশ্বকাপ অভিযান শুরু করবে মাইকেল ক্লার্ক অ্যান্ড কোং৷

খালেদাকে মোবাইল দিতে এসে যুবক আটক

karjaloy khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংযোগসহ একটি সিটিসেলের মোবাইল সেট উপহার দিতে এসে এক যুবক আটক হয়েছেন। তার নাম মাজহারুল ইসলাম। তিনি একজন ব্যবসায়ী বলে জানিয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, কার্যালয়ের মূল ফটকের সামনে চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক কর্মকর্তাকে সিটিসেলের ফোনটি দেন মাজহারুল। তখন গোয়েন্দা পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। সেই সঙ্গে ডিবি পুলিশ সেই ফোন সেটটি সিএসএফ কর্মকর্তার কাছ থেকে নিয়ে নেয়।

এদিকে সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কার্যালয়ে ফটকের সামনে নেতাকর্মী তো দূরের কথা গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।