শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বাঘের চামড়াসহ আটক ১

tiger cসাতক্ষীরার তালা উপজেলায় বাঘের চামড়াসহ দ্বীন মোহাম্মদ গাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি জেলার শ্যামনগর উপজেলার খলিষাবুনিয়া গ্রামের গোলাম মো. গাইনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে র‌্যাব -৬ সদস্যরা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের কদমতলা থেকে তাকে আটক করেন।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তাকে বাঘের চামড়াসহ আটক করা হয়।
তিনি আরও জানান, দ্বীন মোহাম্মদ চামড়াটি তিনি দুই মাস আগে সুন্দববন সংলগ্ন শ্যামনগর উপজেলার পার্শেমারি এলাকার ইউনুস আলীর কাছে থেকে ৫০ হাজার টাকায় কিনেন। পরে সেটি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের ইকবালের বাড়িতে রেখে দেন। বৃহস্পতিবার দেড় লাখ টাকায় চামড়াটি বিক্রির জন্য কদমতলা বাজারে নিয়ে আসেন তিনি। সেখান থেকেই চামড়াসহ তাকে গ্রেফতার হয়।

 

আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি ব্যবসায়ীদের

busgpহরতাল ও অবরোধের মত কর্মসূচি বন্ধ করতে আইন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই)প্রশাসনিক ভবনে ব্যবসায়ী নেতাদের এক মতবিনিময় সভায় এ দাবি জানান হয়।
চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধে আগামী ৮ ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে এফবিসিসিআই ও চেম্বার অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘যে দলই বিরোধী দলে থাকুক না কেন কেউ যাতে হরতাল-অবরোধ কর্মসূচি না দিতে না পারে সেজন্য আইন করে এটি বন্ধ করতে হবে।’তিনি বলেন, ‘চলমান সহিংসতায় ব্যবসার যে ক্ষতি হয়েছে তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে, মানুষকে জীবন দিতে হচ্ছে।’
রাজনীতিবিদদের কাছে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে কাজী আকরাম বলেন, ‘ব্যবসায়ীরা দেশ বাঁচাতে চায়, ব্যবসা বাঁচাতে চায়।’
আগামী রোববার ৮ ফেব্রুয়ারির কর্মসূচিতে সারাদেশের ব্যবসায়ীদের ১৫ মিনিটের জন্য পতাকা হাতে রাস্তায় নামারও আহ্বান জানান এ ব্যবসায়ী নেতা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ বলেন, ‘আমরা এফবিসিসিআই সভাপতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে গিয়ে সংসদের চলমান অধিবেশনেই আইন করে হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধের আহবান জানাব।’
হরতাল-অবরোধের মত সহিংস কর্মসূচি বন্ধ করা না হলে ব্যবসায়ীরা সরকারকে কর দেয়া বন্ধ করেও দেবে বলেও হুমকি দেন তিনি।

 

আমার নজর থাকবে যে ১০ জনের দিকে

rechard১৪টি দলে ১৫ জন করে ক্রিকেটার৷ কার দিকে নজর রাখবেন? ১০ জনকে বেছে দিলেন ভিভ রিচার্ডস৷ আই সি সি-র ওয়েবসাইটে৷

এ বি ডি’ভিলিয়ার্স: ওকে দিয়েই শুরু করতে হচ্ছে৷ কিছুদিন আগে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরান করল৷ ওকে যত দেখছি, মনে হচ্ছে নিজেকে দেখছি৷ দেখে মনে হচ্ছে না ব্যাট করতে নেমে ওর কোথাও কোনও সমস্যা হচ্ছে বলে৷ ও যে শটগুলো মারে, সেগুলো দেখলেই মন আনন্দে ভরে যায়৷ ওর স্টাইলটাই আমার পছন্দ৷ ও এমন একজন ব্যাটসম্যান, যাকে একদিনের ক্রিকেটের কোনো দল থেকেই বাদ দেওয়া যাবে না৷

বিরাট কোহলি: আর যার দিকে তাকিয়ে আছি, সে হল বিরাট কোহলি৷ টেস্টে যতগুলো সেঞ্চুরি আছে, একদিনের ক্রিকেটে তার সংখ্যা দ্বিগুণ৷ এত কম বয়সেই এই কাজটা করেছে৷ সীমিত ওভারের ক্রিকেটে ও এতটাই আত্মবিশ্বাসী৷ বলছি না যে টেস্টে ওর আত্মবিশ্বাস নেই, কিন্তু একদিনের ক্রিকেটে ওর আক্রমণাত্মক মেজাজটাই আমার পছন্দ৷ যেভাবে কেরিয়ার শুরু করেছিল, এবং তারপর আজ যে জায়গায় পৌঁছেছে, তাতে এক কথায় অনবদ্য৷ ও আরও ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে৷

ক্রিস গেইল: আক্রমণাত্মক ব্যাটসম্যানদের নিয়ে আলোচনাটাই অসম্পূর্ণ থেকে যাবে ক্রিস গেইলের নাম না করলে৷ নিজের দিনে ও বোলারের ঘুম ছুটিয়ে দেবে৷ যেকোনো পরিবেশে, পরিস্হিতিতে ও ম্যাচ উইনার৷ ও ছন্দে থাকলে বিপক্ষ চোখের নিমেষে ম্যাচ হেরে বসবে৷ ও এতটাই বিধ্বংসী৷

স্টিভ স্মিথ: এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷ একেবারে প্রথাগত ব্যাটসম্যান বলতে আমরা যা বুঝি, ও তা নয়৷ কিন্তু গত দু’বছরে ও যা উন্নতি করেছে, অবিশ্বাস্য৷ আর কাউকে এতটা উন্নতি করতে দেখিনি৷ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হওয়ার পর ওর উন্নতিটা দেখছি৷ নিজের ইচ্ছেমতো ফিল্ডারদের মাঝখান দিয়ে যেখানে-সেখানে বল পাঠাচ্ছে৷ ক্রিকেটে ‘হ্যান্ড-আই কো-অর্ডিনেশন’ বলতে যা বুঝি, সেটা স্মিথের অসাধারণ৷ ও নিজের দেশে বিশ্বকাপ খেলবে৷ সেই সুবিধেটুকু যে পুরোপুরি নেবে, তাতে কোনো সন্দেহ নেই৷

গ্লেন ম্যাক্সওয়েল: অস্ট্রেলিয়া দলে খেলার জন্য ও ব্যাটসম্যান হিসেবে জাতে উন্নতি করেছে৷ অসামান্য প্রতিভা৷ কিন্তু নিজের ক্ষমতার প্রতি সুবিচার করেনি৷ হয়ত সেই কারণে আমরা জানি না, কোনো বিশেষ দিনে ও কী করতে পারে৷ আর এই কারণেই ওকে আমার এই তালিকায় রেখেছি৷ আমি দেখতে চাই, নিজের দেশের মাটিতে ও কী করতে পারে৷ যদি ম্যাক্সওয়েল ওর সেরা ছন্দে থাকে, অন্য অনেক দলকে ভুগতে হবে৷

ব্রেন্ডন ম্যাকালাম: এরকমই এক ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম৷ পরের দিকে ও অবশ্য ম্যাক্সওয়েলের থেকে বেশি ধারাবাহিকতা দেখিয়েছে৷ ব্যাটসম্যান হিসেবে তো বটেই, ক্যাপ্টেন হিসেবেও ও কতটা কী করে, তা দেখার জন্য অপেক্ষা করে আছি৷ এটা হয়ত ওর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শেষ সুযোগ৷

কুমার সাঙ্গাকারা: সাঙ্গাকারাও ওর শেষ বিশ্বকাপ খেলছে৷ আম্তর্জাতিক ক্রিকেটকে গত কয়েক বছরে ও যতটা আলোকিত করেছে, আর কোনও ব্যাটসম্যান পারেনি৷ টেস্ট, একদিনের ক্রিকেট, দুটিতেই প্রচুর রান করেছে৷ আমি শ্রীলঙ্কার ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত৷ আমার বিশ্বাস সাঙ্গাকারার যা অভিজ্ঞতা, তা দিয়ে ও দলকে বিশ্বকাপে ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করতে পারবে৷

ডেল স্টেন: বোলারদের মধ্যে স্বাভাবিক ভাবেই সবার আগে আসবে ডেল স্টেনের নাম৷ আমার মতে ও বিশ্বের সেরা ফাস্ট বোলার৷ গত কয়েক বছর ধরে৷ ও এতটাই ধারাবাহিক ও আক্রমণাত্মক, আর কারও সঙ্গে তুলনাই করা যাবে না৷ সীমিত ওভারের ক্রিকেটেও কখনও রান আটকানোর কথা ভাবে না৷ ওর বোলিং পুরোটাই গতির ওপর নির্ভরশীল৷ যে ধরনের ক্রিকেটই হোক না কেন, উইকেট ও পাবেই৷ ওর জন্যই দক্ষিণ আফ্রিকা এতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ৷ এবারের বিশ্বকাপে দলের হয়ে স্পেশাল কিছু করে দেখানোর সুযোগ ওর সামনে৷

মুহম্মদ ইরফান: সাত ফুট লম্বা৷ ও আর একজন ফাস্ট বোলার, যার দিকে নজর রাখতে হবে৷ ওর উচ্চতার জন্য অস্ট্রেলিয়ান বাউন্স ভরা উইকেটে ও কার্যকরী হবেই৷ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে দেবে৷ তার ওপর ও বাঁহাতি৷ সেটা বাড়তি সমস্যার কারণ হবে ব্যাটসম্যানদের কাছে৷ গোটা প্রতিযোগিতায় ও যদি ফিট থাকে, পাকিস্তান কিন্তু দুর্দান্ত একজন বোলারকে পাবে৷

দেশের চিপা গলি আর হাঁটা পথের প্যানারোমা ভিউ তুলছে গুগল

google striআনুষ্ঠানিকভাবে ডিজিটাল ট্যুর শুরু করলো বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে স্ট্রিট ভিউ ট্রেকার এবং ওয়্যারেবল ব্যাকপ্যাক নিয়ে চালু হলো পায়ে চলা পথের দৃশ্য ধারণ কার্যক্রম। এরফলে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে বা বহুমাত্রিক উপায়ে পায়ে হাঁটার রাস্তাগুলোর ছবি তোলা যাবে।

আর স্ট্রিট ভিউ ট্রেকারের সাহায্যে গুগল বাংলাদেশের আরো অনেক অফ-রোড বা জনগণ কম চলাচল করে এমন সব রাস্তার ছবি ও মানচিত্র তুলে ধরবে; যা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন।

গুগল স্ট্রিট ভিউ-এর মাধ্যমে থ্রিডি মানচিত্রের ৬৫টি দেশের নির্বাচিত তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। শুরুতে জাতীয় সংসদ ভবন ও দিনাজপুরের কান্তজীর মন্দির সহ ৪২টি পর্যটন স্থাপনা এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রপলিটনের কোনাকাঞ্চিসহ বিস্তৃত পরিসরের পথ চিত্র উন্মুক্ত হলো বিশ্বদুয়ারে।

বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও আনুষ্ঠানিকভাবে এই পথচিত্র উন্মোচন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন গুগল এশিয়া প্যাসিফিক পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন এবং প্রকল্প সহযোগী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্টর জেনারেল (অ্যাডমিন) এবং এটুআই প্রকল্পের পরিচালক জনাব কবির বিন আনোয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুগল’র গণমাধ্যম মুখপাত্র জেফরি ইউসোফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক মিজ জানিনা জারুজেলস্কি, অ্যাক্সেস টু ইন্ফরমেশন অনির চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, কানো জায়গার স্ট্রিট ভিউ বা রাস্তার চিত্র দেখতে হলে ম্যাপ বা মানচিত্রের একেবারে ডানদিকে নিচে গিয়ে অরেঞ্জ বা কমলা রংয়ের ‘পেগম্যান’-এর ওপর ক্লিক করতে হবে। সেখানেই নীল রংয়ে ওই রাস্তাটি দেখা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনেও গুগল ম্যাপ সার্চ করেও সরাসরি কাঙ্খিত পথচিত্র দেখা যাবে।

গুগলের এই সুবিধা চালুর ফলে যে কেউই গুগল ম্যাপ দেখে যেমন অনায়াসে পরিচিত ও অপরিচিত রাস্তা ধরে গাড়ি চালিয়ে কাজের জায়গা বা সভাস্থলে পৌঁছানোর পাশাপাশি নিজ শহরের রাস্তাঘাট সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারবেন। বাংলাদেশী ব্যবসায়ীরাও তাদের ওয়েব সাইটগুলোতে গুগল ম্যাপের লিংক যুক্ত করে ব্যবসায়িকভাবে উপকৃত হতে পারেন। উদাহরণস্বরুপ- হোটেলগুলো যদি তাদের নিজ নিজ ওয়েবসাইটে গুগল ম্যাপ সংযুক্ত রাখে তাহলে সম্ভাব্য গ্রাহকেরা রাস্তার পাশে হোটেলের অবস্থান কেমন এবং হোটেলের আশপাশের পরিবেশটাও বা কী রকম সেই ধারণা পাবেন।

গুগলের এই সুবিধা চালুর ফলে সারা বিশ্বের মানুষের জন্য ডিজিটাল উপায়ে বাংলাদেশের রাজধানীর কোনো সেতু থেকে শুরু করে বন্দরনগর চট্টগ্রামের উপক‚লীয় এলাকার পথচিত্র বা রাস্তার মানচিত্র ৩৬০ ডিগ্রি কোণ থেকে জেনে নেয়ার সুযোগ তৈরি হয়েছে। সেই সুবাদে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশে ৬৫তম দেশ হিসেবে স্ট্রিট ভিউ বা পথচিত্রের উদ্বোধন উপলক্ষ্যে মঞ্চে উপস্থিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। স্ট্রিট ভিউ একটি চমকপ্রদ প্রযুক্তি কারন এটি আইসিটি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পর্যটন থেকে ব্যবসা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সেক্টরের জন্য সুবিধা নিয়ে আসবে। ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ এর লক্ষ্যে সরকার এইসকল খাত এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি আইসিটি প্রযুক্তির বর্ধিত ব্যবহারের মাধ্যমে সরকারি পরিষেবা বাড়াতে চেষ্টা করে যাচ্ছে।”

বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচি প্রকল্পের পরিচালক জনাব কবীর বিন আনোয়ার বলেন, “এই অংশীদারির ভিত্তিতে এ ধরনের একট ফলপ্রসূ উদ্যোগ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এতে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার রুপকল্প বাস্তবায়নের মৌলিক উদ্দেশ্য ও প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। এর ফলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আমরা মনে করি। এখন থেকে বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা মানুষজন গুগল ম্যাপের সাহায্যে স্ট্রিট ভিউ বা পথচিত্র ব্যবহার করে আমাদের দেশ, মানচিত্র ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এমনটা ভেবে আমরা অত্যন্ত খুশি।’’

গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বলেন, ‘‘আমরা আশা করি যে নতুন এই স্ট্রিট ভিউ বা পথচিত্র বাংলাদেশকে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে তুলে ধরবে। কারণ এতে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় তীর্থস্থানগুলোর ছবিও দেখা যাবে। আর এই পথচিত্র বৈশ্বিক পর্যটকদেরও বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করবে। আমরা গুগল ম্যাপের মাধ্যমে আগামী মাসগুলোতে বাংলাদেশের আরও অনেক জায়গার পথচিত্র নিয়ে আসব বলে আশা রাখি।’’

তিনি জানান, এই স্ট্রিট ভিউ বা পথচিত্র তৈরি করতে গিয়ে গুগল মানুষের প্রাইভেসি বা গোপনীয়তার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে; যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং সবার উপকার হয়। গুগল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রিট ভিউ বা পথচিত্রের ছবিগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেখানে কারো চেহারা বা গাড়ির লাইসেন্স প্লেটের লেখা ঘোলাটে দেখাবে।

অর্থাৎ গুগল ম্যাপে মানুষের চেহারা চেনা ও গাড়ির নম্বর প্লেট স্পষ্টভাবে বুঝা যাবে না। এছাড়াও গুগল ম্যাপে দেওয়া স্ট্রিট ভিউ বা পথচিত্রে উপস্থাপিত কারো ছবি যদি আরো ঘোলাটে বা অস্পষ্ট করার অনুরোধ জানান কেউ সে অনুযায়ী কাজ করবে গুগল।

এর আগে গত ২২ জানুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রাম শহরের ভিউ দেখা যাচ্ছে গুগলে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্ট্রিট ভিউ উম্মুক্ত হয়েছে। গত বছরের নভেম্বরে গুগলের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হেড অব এমার্জিং মার্কেটস জেমস ম্যাকক্লুর জানিয়েছিলেন, স্ট্রিট ভিউ প্রকল্পে ঢাকাসহ অন্যান্য প্রধান প্রধান শহরগুলোর সাথে প্রায় ১০০টি ঐতিহাসিক এবং পর্যটন এলাকার কার্যক্রম চলছে। ২০১৫ সালের শুরুর দিকে এই স্ট্রিট ভিউ উন্মুক্ত করার আশাবাদ জানিয়েছিলেন ম্যাকক্লুর।

যেসব দেশে স্ট্রিট ভিউ সুবিধা বিদ্যমান, সেখানকার ব্যবহারকারীগণ গুগল ম্যাপস থেকে যেকোনো এলাকার দৃশ্য জুম করে বড় আকারে দেখতে পান। বামপাশে অবস্থিত কমলা রঙের পেগমান আইকনটি টেনে এনে ম্যাপের নীল রঙ চিহ্নিত রাস্তাগুলোর ওপর বসিয়ে এই সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে এটুআই এর সহযোগিতায় বাংলাদেশ সরকারের অনুমোদনে গুগল ঢাকা এবং চট্টগ্রাম জুড়ে স্ট্রিট ভিউ গাড়িতে তাদের কার্যক্রম শুরু করে।
গুগল ম্যাপের স্ট্রিট ভিউ বা পথচিত্র সম্পর্কে আরো বিস্তারিত জানতে কিংবা বিনোদন ও ব্যবসায়ের ক্ষেত্রে কীভাবে এটি ব্যবহার করতে হবে তা বুঝতে হলে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ভিজিট করুন: www.google.com/maps/about/behind-the-scenes/streetview/।

খানজাহানের ধলাপাহাড় মারা গেছে

বাগেরহাটের ঐহিত্যবাহী হয়রত খানজাহান (র.) এর মাজার দিঘির শতবর্ষী ‘ধলাপাহাড় কুমির’টি মারা গছে।|

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিঘির পানিতে কুমিরটির মৃতদেহ ভেসে ওঠে।

মাজারের খাদেম হুমাউন কবির ফকির বলেন, দিঘির পাড়ের বাসিন্দারা সকালে কুমিরটিকে ভাসতে দেখে। প্রশাসনের লোকদের জানান হলে তারা এসে কুরিটিকে উদ্ধার করেছে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকেন্দু শেখর গায়েন বলেন, মৃত কুমিরটি লম্বায় প্রায় ৯ ফুট। এই প্রজাতির মিঠা পানির কুমির সাধারণত ১১ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কুমিরটির বয়স আনুমানিক ১০০ বছর।

Pan Statits (বর্বি জাতীয় রোগ) রোগে আক্রন্ত হয়ে মাদি কুমিরটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

দুপুর আড়াইটার দিকে তিনি আরও জানান, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মাজার প্রাঙ্গণে কুমিরটির ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কুমিরটির মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।

২০১৬ সালের মধ্যে ফোরজি: জয়

joy5প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যেই বাংলাদেশের মানুষ চতুর্থ প্রজন্মের প্রযুক্তি (ফোরজি) সেবা পাবেন। ওই বছরের শুরুতেই ফোরজি তরঙ্গের নিলাম হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ইনফো সরকার ফেস-টু প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সজীব ওয়াজেদ জয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সরকার দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের যে ট্যাব বিতরণ করা হয়েছে, তা দিয়ে জনগণকে সেবা প্রদান করবেন। আপনাদের সবার সহযোগিতায় গড়ে তুলব ডিজিটাল বাংলাদেশ।’
তিনি বলেন, ‘বিটিআরসির সহযোগিতায় সারা দেশে ইন্টারনেট সেবা কম খরচে পৌঁছে দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট নিউট্রালিটি পলিসিও হাতে নেয়া হয়েছে। এ বছরের মধ্যেই সারা দেশে থ্রিজি সেবা জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।’
প্রধানমন্ত্রীপুত্র জয় আরো বলেন, ‘২০১৬ সালের শুরুতে ফোরজি সিগনালের নিলাম হবে। ওই বছরের মধ্যেই দেশের নাগরিকরা ফোরজি সুবিধা পাবেন।’
ট্যাব বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতিত্ব করেন। এসময় আরো ছিলেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলি যোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর কর্মকার।

 

বাংলাদেশের খেলার সময়সূচি

bcbআগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে একাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। উদ্বেধনী ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। একই দিনে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।

তবে মাশরাফি-সাকিব-মুশফিকদের বিশ্বকাপ অভিযান শুরু হবে চারদিন পর ১৮ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচে টাইগাররা আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশের অপর প্রতিপক্ষরা হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

এদিকে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সময়ের পার্থক্য ৫/৬ থেকে ঘণ্টা হওয়ায় বাংলাদেশে অধিকাংশ ম্যাচই হবে সকাল সকাল। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচটি যখন টাইগাররা খেলবে তখন হয়তো অনেকেই ঘুম ঘুম চোখ নিয়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। কেননা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

এছাড়া অন্যান্য ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়, ও সাড়ে ৯টায়।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
তারিখ                   প্রতিপক্ষ          সময়                ভেন্যু
১৮ ফেব্রুয়ারি       আফগানিস্তান   ৯.৩০            ক্যানবেরা
২১   ফেব্রুয়ারি      অস্ট্রেলিয়া         ৯.৩০            ব্রিসবেন
২৬  ফেব্রুয়ারি      শ্রীলঙ্কা,              ৯.৩০           ডুনেডিন
৫   মার্চ                স্কটল্যান্ড             ৪.০০            নেলসন
৯  মার্চ                 ইংল্যান্ড               ৯.৩০          অ্যাডিলেড
১৩  মার্চ             নিউজিল্যান্ড        ৭.০০            হ্যামিল্টন

ভ্যালেন্টাইনস ডেতে যুগল দেখলেই বিয়ের নির্দেশ

love5ভ্যালেন্টাইনস ডের আগেই নড়েচড়ে বসল ভারতের পশ্চিম উত্তর প্রদেশের হিন্দু মহাসভা। তারা ঠিক করেছেন, এ দিন প্রণয়ী যুগলরা একসঙ্গে উদযাপন করলে তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। এই ধরণের পশ্চিমী প্রথা জনসমক্ষে উদযাপন করা ভারতের মতো দেশের শোভা পায় না। তাই এই সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।

এই দিন কোনো প্রেমিক-প্রেমিকাকে গোলাপ ফুল হাতে দেখা গেলে, বা কোনো পার্কের কোণায় আলিঙ্গনরত অবস্থায় দেখা গেলেই তাদের আর্য সমাজের নিয়ম মেনে বিয়ে দেয়া হবে। যদি প্রেমিক ও প্রেমিকা এক ধর্মের বা গোত্রের না হন, তবে তাদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

একটি সংবাদমাধ্যমকে মহাসভার সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিক জানিয়েছেন, ভারতের মতো দেশে বছরের ৩৬৫ দিনই ভালবাসার দিন। তবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উদযাপন করার প্রয়োজন কী? আমরা ভালবাসার বিপক্ষে নই, কিন্তু যারা একে অপরকে ভালবাসে বলে দাবি করে তাদের অবিলম্বে বিয়ে করা উচিত্। যদি তারা আমাদের বলেন যে ভাবার জন্য সময় প্রয়োজন, তাহলে অবশ্যই তাদের একসঙ্গে ঘোরাফেরা করা উচিত্ নয়। আমরা ওদের অভিভাবকদেরও বিষয়টা জানাবো।

দশ দিন আগে থেকেই বিয়ে নিয়ে ধন্দে থাকা প্রেমিক-প্রেমিকাদের খুঁজে বের করার জন্য পশ্চিম উত্তর প্রদেশে বিভিন্ন দল নিযুক্ত করেছে হিন্দু মহাসভা। এই গোষ্ঠীর আগ্রার প্রতিনিধি মহেশ চন্দনা জানালেন, যদি ভারতের সকল মানুষ হিন্দু হতেন তাহলে আমরা অসবর্ণ বিয়ে মেনে নিতাম। কিন্তু তা যেহেতু নয়, তাই প্রেমীযুগলকে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

তবে আগামী ১৫ ফেব্রুয়ারি হিন্দু সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় এই বছর ভ্যালেন্টাইনস ডেতে জোর করে বিয়ে দেয়া থেকে বিরত থাকছে বজরঙ্গ দল। অন্যদিকে, হিন্দু মহাসভার মিরাটের প্রতিনিধি পন্ডিত অশোক শর্মা জানিয়েছেন যেসব হিন্দুরা অন্য ধর্মের প্রতি সহৃদয় তাদের ঘর ওয়াপসি প্রয়োজন। যাতে তারা অন্য কোনো ধর্মের অস্তিত্বই না স্বীকার করে। বুধবার চন্দ্র প্রকাশ কৌশিক মিরাটে গিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

খালেদার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

student2পরীক্ষার সময় হরতাল-অবরোধ বন্ধের দাবিতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কয়েকশ’ শিক্ষক-শিক্ষার্থী। মানববন্ধন শেষে তারা বিএনপি চেয়ারপারসন বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের নামের একটি সংগঠনের ব্যানারে বৃস্পতিবার দুপুর ১২টার দিকে ১৫/২০ জন শিক্ষক ও কয়েকশ’ শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করেন। তারা গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে প্রায় পৌনে একঘণ্টা অবস্থান করেন।
এসময় শিক্ষক-শিক্ষার্থদের হাতে সাদা পতাকা দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের হাতে ‘আমাদের পুড়িয়ে মেরো না’, ‘আমাদের পরীক্ষা দিতে দাও’, ‘পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিবে না’ সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান শেষে তারা বিএনপি নেত্রীর কার্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে একটি স্মারকলিপি দেন। বিএনপি নেত্রী বরাবর লেখা স্মারকলিপিতে পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ বন্ধের অনুরোধ করা হয়।
স্মারকলিপিটি দেন বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।

 

শেষ বিশ্বকাপের তারকারা

afridi5বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুতি চলছে অংশগ্রহণকারী ১৪টি দলের। অনেকেই অপেক্ষা করছেন প্রথম বিশ্বকাপ খেলার রোমাঞ্চ উপভোগ করতে। আবার অনেক তারকা শেষ বিশ্বকাপ খেলার জন্য প্রহর গুনছেন।

আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ যেই তারকাদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে তাদের নিয়েই আমাদের এই আয়োজন।

কুমার সাঙ্গাকারা: আসন্ন বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা লঙ্কানদের হয়ে ৩৯৭টি ওয়ানডে খেলে ১৩ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি ও ৮৪টি হাফ-সেঞ্চুরি করা সাঙ্গাকারার অবসরের ফলে লঙ্কান দলে যে একটা শুন্যতা তৈরি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৪ সালে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কুমার সাঙ্গাকারা যে সন্দেহাতীতভাবে ১৯৯৬ বিশ্বকাপজয়ীদের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের প্রধান সেনানী সেটা আর বলার অপেক্ষা রাখে না।শহিদ আফ্রিদি: বিশ্বের সর্বকালের অন্যতম ‘ভয়ঙ্কর’  ওয়ানডে খেলোয়াড়টির নাম শহিদ খান আফ্রিদি। ধুম-ধাড়াক্কা চার-ছয়ের জন্য ক্যারিয়ারের শুরুর দিকেই ‘বুম বুম’ আফ্রিদি উপাধি পান তিনি। ১৯৯৬-১৯৯৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট-বিশ্বে সাড়া ফেলে দেন এই পাঠান। যেই রেকর্ডটি ২০১৪ সাল পর্য-ন্ত অক্ষুণ্ন ছিল।

তবে শুধু ব্যাটিং নয়, গত কয়েক বছরে স্পিন বোলিংয়েও নিজের সেরা নৈপুণ্য প্রদর্শন করেছেন পাকিস্তানের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এই নায়ক। এর আগে চারটি বিশ্বকাপে (১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১১) অংশ নেয়া আফ্রিদি এবার তার শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

বিশ্বকাপের মেগা ইভেন্টের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন বলে আফ্রিদি এর আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। ক্যারিয়ারে ইতোমধ্যে ৩৯১টি ওয়ানডে খেলা আফ্রিদি এরই মধ্যে ৭ হাজার ৯০০ রানের বেশি করেছেন। বল হাতে নিয়েছেন ৩৯৩টি উইকেট, যেটি ওয়ানডের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। পাকিস্তানের দ্বিতীয় শিরোপা জয়ের জন্য আফ্রিদির দিকেই তাকিয়ে রয়েছে দল।

মাহেলা জয়াবর্ধনে: শ্রীলঙ্কার ব্যাটিংয়ের অন্যতম ‘স্তম্ভ’ বলা হয় মাহেলা জয়াবর্ধনেকে। দেশটির এমনকি ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। আসন্ন বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটকেও গুডবাই জানিয়েছেন জয়াবর্ধনে। গত বিশ্বকাপে ৯ ম্যাচে ৩০৪ রানে করেছিলেন তিনি। তবে তার দল ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়।

গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ৪৪১ ওয়ানডে খেলা জয়াবর্ধনে এবার তার ক্যারিয়ারের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ওয়ানডেতে ১৮টি সেঞ্চুরিতে ১২ হাজার ৫০০ এর বেশি রান করেছেন এই লঙ্কান গ্রেট। ১৮ বার জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য গত দুই বিশ্বকাপের রানার্স-আপরা সাঙ্গাকারার মতো জয়াবর্ধনের দিকেও তাকিয়ে রয়েছে।

মাইকেল ক্লার্ক: অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কও তার শেষ বিশ্বকাপ থেলতে যাচ্ছেন। এখনো ওয়ানডে থেকে অবসরের ঘোষণা না দিলেও ৩৩ বছর বয়সী এই তারকার এটিই যে শেষ বিশ্বকাপ তা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। ফিটনেস ফিরে পেতে লড়াই করা মাইকেল ক্লার্ক এর আগে দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। গত বিশ্বকাপে ৭০ গড়ে ৩০০ এর অধিক রান করেছেন তিনি।

২০০৩ সালে ওয়ানডে অভিষেক হওয়া মাইকেল ক্লার্ক গত ১০ বছর ধরে দলের সেরা খেলোয়াড়ে পরিণত হন।

জেমস অ্যান্ডারসন: জেমস অ্যান্ডারসন ইংলিশ দলের সেরা পেসার। দেশটির ইতিহাসের সেরা পেসারও বটে। বয়স ইতোমধ্যেই ৩২ হয়ে গেছে। ফলে এর আগে তিনটি বিশ্বকাপে খেলা অ্যান্ডারসনের এটিই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। ২০০২ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর এর মধ্যে ২৬৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন তিনি। ফলে নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সবকিছুই করতে চাইবেন তিনি।

এছাড়া পাকিস্তানের মিসবাহ উল হক, ইউনিস খান, ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ডেনিয়েল ভেট্টরি, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও চন্দরপলও এবার শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। -ক্রিকইনফো