শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া জনগণের সামনে প্রকাশ করুন

mahbub24বিডিআর বিদ্রোহের ঘটনায় চলমান বিচার প্রক্রিয়া দেশের সাধারণ মানুষের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান।

আজ বুধবার বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে বনানীস্থ সামরিক করবস্থানে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৩ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সৈনিক নিহত হওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

ওই ঘটনায় চলমান বিচার প্রক্রিয়ার সচ্ছতা দাবি করে সাবেক এ সেনাপ্রধান বলেন- কোনো নিরপরাধ মানুষ যাতে সাজা পেতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এসময় তাঁর সঙ্গে বেশ কিছু সাবেক সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে ৪ মার্চ আদালতে হাজির করার নির্দেশ

tarek21জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী ধার্য দিন আগামী ৪ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে এ আদেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত।

বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা ৭ মার্চ

s s cহরতালের সময় বৃদ্ধির কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বুধবার পরীক্ষা পরিবর্তনের কথা জানান।

২০ দলীয় জোট বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতালের সময় বৃদ্ধি করায় এই পরীক্ষা পেছানো হলো। এর আগে অবরোধের মধ্যে রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এসএসসিতে বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

এছাড়া এসএসসি ভোকেশনালে নতুন সিলেবাসের ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং পুরাতন সিলেবাসে ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং ভোকেশনালে দাখিলে ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১টি এবং ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১ বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে।

এ পর্যন্ত এসএসসিতে ১০ দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো পিছিয়ে শুক্র ও শনিবার ছুটির দিনে নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এসএসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।

কুড়ি ঘণ্টা কোথায় ছিলেন মান্না?

mannaa24বাংলাদেশে নাগরিক ঐক্য নামে একটি দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাসা থেকে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘণ্টারও বেশী সময় পরে এসে পুলিশ তাকে গ্রেপ্তার করার কথা স্বীকার করেছে।

মি. রহমানের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দাবী করা হয়, সোমবার গভীর রাতে তাকে সাদা পোশাকের পুলিশ বনানীর একটি বাসা থেকে তুলে নিয়ে যায়।

কিন্তু এদিন সারাদিনই পুলিশের তরফ থেকে তাকে আটকের অভিযোগ অস্বীকার করা হয়।

অবশ্য বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশ একটি সংবাদ সম্মেলন করে বলছে, মঙ্গলবার মাঝরাতে ধানমন্ডির একটি রেস্তোরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে গুলশান থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কিন্তু এর প্রায় কুড়ি ঘণ্টা আগে মি. রহমানকে তুলে নেবার যে অভিযোগ তার পরিবার করছে, সেই কুড়ি ঘণ্টা তিনি কোথায় ছিলেন, সেই প্রশ্নের জবাব এখনো পাওয়া যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে বিবিসির শাহনাজ পারভীন এই প্রশ্নটি তুললে পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, সেটার জবাব আমরা দিতে পারবো না। রেকর্ড বলছে তাকে গত রাত বারোটায় আটক করা হয়েছে। এর আগের খবর জানিনা।

মি. ইসলাম আরও বলেন, তার নিখোঁজ হবার ব্যাপারে তার পরিবারের তরফ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেটার তদন্ত করার পরই বলা যাবে তিনি কোথায় ছিলেন।

সেনা উসকানির মামলা:

র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিবিসিকে বলেছেন, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে গুলশান থানায় দণ্ডবিধির ১৩১ ধারায় একটি মামলা ছিল। সেই মামলার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দণ্ডবিধির ১৩১ ধারাটিতে বলা হয়েছে, বিদ্রোহে সাহায্য, প্ররোচনা বা কোন সৈন্য, নাবিক বা বৈমানিককে কর্তব্য হতে বিপথগামী করার চেষ্টা করা।

পুলিশ বলছে, আজই মি. রহমানকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

মি. রহমানের দল নাগরিক ঐক্য বাংলাদেশে বিবদমান প্রধান দুই দলকে সংলাপে বসানোর আহ্বান জানিয়েছিল এবং এই মর্মে আন্দোলন করছিল।

এরই এক পর্যায়ে মি. রহমানের কিছু টেলিফোন কথোপকথন ফাঁস হয়, যাতে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ ওঠে।

এই কথোপকথন ফাঁস হবার পরদিনই তাকে পুলিশ তুলে নিয়ে যায় বলে তার পরিবার অভিযোগ করে।

রণবীরের বোনের সঙ্গে দেখা করলেন ক্যাট!

katrinaবিয়ের বাদ্য হয়তো বাজার অপেক্ষায়। আর তাই তো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আজকাল প্রেমিক রণবীর কাপুরের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ মেলামেশা শুরু করেছেন।

ক্যাটরিনা কাইফ তার নতুন সিনেমা ‘ফিতুর’ এর শুটিং শেষ করে মুম্বাই ফিরেই বিশ্ব ভালোবাসা দিবসটি ভালোবাসার মানুষের সঙ্গে উদযাপন করতে উড়ে যান নয়া দিল্লিতে। রণবীর কাপুর সেদিন ব্যস্ত ছিলেন সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোনের সঙ্গে ‘তামাশা’ সিনেমার শুটিং নিয়ে।

জানা যায়, ক্যাটরিনা তখন চলে যান রণবীরের বোন রিদ্ধিমা কাপুরের সঙ্গে দেখা করতে। রিদ্ধিমার স্বামী দিল্লির এক ব্যবসায়ী।

তাই বুঝতে আর কারো বাকি নেই, এই অভিনেত্রী জোর উদ্যমে রণবীরের পরিবারের সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করছেন। এর আগে ক্যাটরিনা রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে হাসপাতালেও গিয়েছিলেন।

শাহজালাল বিমানবন্দরে ১৮ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ আটক ২

goldরাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত ২ যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলোন- সালাউদ্দিন এবং আবু সাঈদ। বুধবার সকালে স্বর্ণসহ তাদের আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন সালাউদ্দিন ও আবু সাঈদ। সন্দেহ হলে পরে তাদের শরীর তল্লাশি করে ১৮ কেজি ৭০০ ওজনের ১৬১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি বলে শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে।

আটককৃত সালাউদ্দিনের বাড়ি চাঁদপুর এবং আবু সাঈদের বাড়ি চট্টগ্রামে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনে ইসির ওয়েবসাইট চালু

id cardচলমান ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করেছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যারা ভোটার হতে চান অথবা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান তাদেরকে www.ecs.org.bd/bangla এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে চারটি ধাপে তথ্য পূরণ এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন শেষ হলেই মোবাইল বা ই-মেইলে যাওয়া গোপন নম্বরের মাধ্যমে একাউন্ট সচল করবেন। একাউন্ট সচল হওয়ার পর ভোটাররা ফরম পূরণের সময় দেয়া তথ্য দেখতে পারবেন এবং তা সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, রক্তের গ্রুপ, জন্ম তারিখ ছবিসহ প্রয়োজনীয় সব তথ্য সংশোধন করা যাবে। তবে তথ্য সংশোধের সময় অবশ্যই ইসির চাহিদামতো প্রমাণাদি দিতে হবে।

এ ছাড়া যে সব এলাকায় অনলাইনের ব্যবস্থা নেই তারাও লিখিত আবেদনের মাধ্যম তথ্য সংশোধন করতে পারবেন। বিদ্যমান ভোটারদের তথ্য সংশোধন শেষ হলেই ইসি স্মার্ট কার্ড প্রস্তুত শুরু করবে।

বর্তমান অনলাইন সুবিধার পাশাপাশি আগের সাধারণ নিয়ম অনুযায়ী সংশোধন ও নাগরিকরা নতুন ভোটার হতে পারবেন।

পদ্মায় লঞ্চডুবির ঘটনায় আরো ৫ লাশ উদ্ধার

lonch22পদ্মা নদীর পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় আরো ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ শিশু এবং ৩ পুরুষ। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৭৬ জনের লাশ উদ্ধার করা হলো।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভাটিতে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ও বাল্লা-মালতি এলাকা থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মায় কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা। এ সময় ২৫ থেকে ৩০ জন যাত্রী তীরে উঠে আসেন। এদের মধ্যে কয়েকজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরে ডুবে যাওয়ার ১৫ ঘণ্টা পর রবিবার রাত ৩টার দিকে লঞ্চ এমভি মোস্তফাকে উদ্ধার করেছে জাহাজ রুস্তম। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উদ্ধার অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। তবে লাশের খোঁজে অভিযান চলবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের ফাঁসির আদেশ

fashi25নেত্রকোনায় স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের মামলায় ২ ভাইসহ ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- শামীম (৩৫), ভিকন (১৭), ভিকনের ভাই টিকন (২০), তাপস (১৮) ও রূপ মিয়া (৩৫)। এদের মধ্যে রূপ মিয়া পলাতক রয়েছেন। এ ছাড়া এই মামলায় এখলাস নামে এক ব্যক্তিকে খালাস দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০০২ সনের ২০ জুলাই পূর্বধলার সাতপাটি গ্রামে বোনের বাড়িতে যাওয়ার সময় আসামিরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করে। পরদিন ২১ জুলাই পূর্বধলা থানায় ৬ জনকে আসামি করে নির্যাতনের শিকার ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এই মামলায় পুলিশ ২০০২ সালের ১১ আগস্ট চার্জশিট দাখিল করে। উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ সাইফুল আলম এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট সুভাষ বণিক অজয়।

মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

marder gunমাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪৫) এক ব্যক্তি নিহত এবং পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। নিহত দাউদের পিতার নাম বাবর আলী। তার বাড়ি জেলার সদর উপজেলার গৌড়িচরণপুর গ্রামে।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ছোট খালিমপুর গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দাউদ চাঁদাবাজ ও সন্ত্রাসী।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বড়ইচারা গ্রাম থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে দাউদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে অস্ত্র উদ্ধারে যায়। পুলিশের দলটি ছোট খালিমপুরে পৌঁছালে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে পালাতে গিয়ে দাউদ গুলিবিদ্ধ হন। পরে দাউদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ১টি করে বন্দুক, রাইফেল ও এয়ারগান এবং ২১টি গুলি উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের আহত ৪ সদস্য সদর হাসপাতালে চিকিৎসা নেন।

পুলিশ জানায়, দাউদের বিরুদ্ধে ৬টি হত্যা এবং ২টি অস্ত্র আইনে মামলা রয়েছে।