সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বিশ্বকে পরিবর্তনে আগে নিজ গ্রাম থেকে শুরু করতে হবে : প্রধান উপদেষ্টা

নতুন সভ‍্যতা গড়তে হলে তরুণদের নতুন পথ বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের ব্যাঙ্ককে স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

ড. মুহম্মদ ইউনূস বলেছেন, ‘তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।
দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে।’

এর আগে সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেমটির মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

শুক্রবার (৪ এপ্রিল) ড. ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন। এবারের সফরে ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। সে যত বড় টাই-স্যুট পরা হোক না কেন। পাশাপাশি পাহাড় এবং সমতল, সর্বত্রই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর অবধি বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেক বিওপি পরিদর্শন শেষে দুপুরে রাঙামাটিতে আসেন। এ সময় বিজিবি রাঙামাটি সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনো উদ্ধার হয়নি।
এই হাতিয়ারগুলো উদ্ধার হয়ে গেলে আইন-শৃঙ্খলার সমস্যা সমাধান হয়ে যেত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর লজিস্টিক সাপোর্ট এবং স্ট্রেংথ আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে যাতে কোনো প্রকার চাঁদাবাজি না হয় এ জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি আমাদের পার্বত্য উপদেষ্টা মহোদয়ও এই ব্যাপারে সজাগ আছেন এবং চেষ্টা করছেন।’

ভারতীয় মিডিয়ার সমালোচনা করে উপদেষ্টা বলেন, ‘মিথ্যা বলার জন্য পুরো বিশ্বে তারা চ্যাম্পিয়ন।
ওদের কয়েকটি মিডিয়া আছে শুধু গুজব ছড়ানোর জন্য। আমাদের দেশের মিডিয়া যদি সত্য সংবাদটি প্রচার করে, তাহলে দেশ এবং সরকারের জন্য ভালো । আমি অনুরোধ করব আমাদের দেশের মিডিয়া সঠিক ও সত্য সংবাদ প্রকাশ করে এই গুজবকে প্রতিহত করবে।’

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রমুখ।

গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুর্নিদিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘একই সঙ্গে নেপথ্যের কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে।’

এর আগে বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।
একাধিকবার অপরাধ প্রমাণে তথ্য-প্রমাণ মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে। পার পাওয়ার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘চূড়ান্ত তালিকা পেলে আমরা ব্যবস্থা নেব। তবে খসড়ার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফরমাল চার্জ গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে।
’

তাজুল ইসলাম বলেন, ‘তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনো সরাসরি, কখনো টেলিফোনেসহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিতও করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি। আইনের ভাষায় এ গণহত্যার সুপেরিয়র কমান্ড রেসপনসিবিলিটি শেখ হাসিনার।

একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ‘বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।’ তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদের হানাহানি মারামারি ও কলহমুক্ত হতে হবে।
আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা মাঠে এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এস এম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা জাসায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।

এভারটনকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল

প্রিমিয়ার লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। বুধবার মেরসিসাইড ডার্বিতে এভারটনকে তারা হারিয়েছে ১-০ গোলে হারিয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা।

এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে তারা। অন্যদিকে, ৯ ম্যাচ অপরাজিত থাকার পর এভারটন হারলো এবং তারা এখন ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে।

ম্যাচের শুরুতেই এভারটন ফরোয়ার্ড বেটো অফসাইডের কারণে গোলবঞ্চিত হন এবং পরে সহজ একটি সুযোগ নষ্ট করেন। লিভারপুলের হয়ে জয়ের গোলটি আসে ৫৭তম মিনিটে। লুইস দিয়াজের ব্যাক-হিল পাস ধরে জোটা ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান।

ম্যাচের ১১ মিনিটেই বিতর্ক সৃষ্টি হয় এভারটন অধিনায়ক জেমস তারকোভস্কির বিপজ্জনক ট্যাকল নিয়ে। তিনি লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাফে স্টাডস-আপ ট্যাকল করলেও শুধুমাত্র হলুদ কার্ড দেখেন। রেফারির এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল ভিএআরও। তারকোভস্কি সৌভাগ্যবান যে লাল কার্ড পাননি।

লিভারপুলের গোলরক্ষক কাইওইমহিন কেলেহার এই ম্যাচে শুরু করেন। কারণ ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে চোট পেয়ে অ্যালিসন বেঞ্চে ছিলেন। কেলেহারকে অবশ্য একটি বড় ধাক্কা সামলাতে হয়, যখন বেটো ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করলেও তার শট পোস্টে লেগে ফিরে আসে।

গত মাসে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিপক্ষে বিদায় নেয় এবং নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ফাইনালে হেরে যায়। তবে প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে তারা।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের মধ্যে সংযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন; কানেক্টিভিটি।

খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, অধ্যাপক ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়া আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

এবারো বিশ্বের ধনীদের তালিকা শীর্ষে ইলন মাস্ক

প্রতিবছরের মতো এবারো বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন ইলন মাস্ক। সাতটি কম্পানির সহপ্রতিষ্ঠাতা মাস্কের সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার ২০০ কোটি ডলার।

তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। প্রতিষ্ঠানটি ১৯৮৭ সাল থেকে এই তালিকা প্রকাশ করছে।
প্রথম বছরে শীর্ষ ধনীদের তালিকায় জায়গা পেয়েছিলেন ১৪০ জন। এবার এই তালিকায় জায়গা পেয়েছেন তিন হাজার ২৮ জন।

গত বছরের চেয়ে ধনীর সংখ্যা বেড়েছে ২৪৭ জন। সম্মিলিতভাবে বিশ্বের শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ এখন ১৬.১ ট্রিলিয়ন ডলার।

দ্বিতীয় স্থানে রয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। তিনি এখন ২১৬ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৬০০ কোটি ডলারের মালিক। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ২১৫ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় সেরা ধনী হয়েছেন। সফটওয়্যার জায়ান্ট ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বিশ্বের চতুর্থ সেরা ধনী হয়েছেন।

তার সম্পদের পরিমাণ এখন ১৯২ বিলিয়ন ডলার বা ১৯ হাজার ২০০ কোটি ডলার। ফ্যাশন বিশ্ব শাসনকারী বার্নার্ড আর্নল্ট রয়েছেন পঞ্চম স্থানে। তার প্রতিষ্ঠিত এলভিএমএইচ গ্রুপের অধীনে রয়েছে ৭৫টি ফ্যাশন ও কসমেটিকস ব্র্যান্ড। আর্নল্টের সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৮০০ কোটি ডলার। বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে।

৯৪ বছর বয়সী বাফেট ১৫৪ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৪০০ কোটি ডলারের মালিক। তালিকার সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তাঁর সম্পদের পরিমাণ ১৪৪ বিলিয়ন ডলার বা ১৪ হাজার ৪০০ কোটি ডলার।

সের্গেই ব্রিন বিশ্বের অষ্টম সেরা ধনী। তার দখলে রয়েছে ১৩৮ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৮০০ কোটি ডলার। স্পেনের উদ্যোক্তা আমানসিও ওর্তেগা তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন। ৮৯ বছর বয়সী ওর্তেগার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার বা ১২ হাজার ৪০০ কোটি ডলার। মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার রয়েছেন তালিকার দশম স্থানে। তার দখলে রয়েছে ১১৮ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৮০০ কোটি ডলার।

মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩০০০ ছাড়াল

মায়ানমারে এক শতকের মধ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।

গত শুক্রবার আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পের সবচেয়ে তীব্র প্রভাব পড়ে মান্দালয় শহরে। ভূমিকম্পবিধ্বস্ত অনেক এলাকায় আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিও দেখা দিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

তারা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সরকারি সহযোগিতা চাওয়ার পর বুধবার মিয়ানমারের জান্তা ২০ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র-পরিচালিত সংবাদমাধ্যম এমআরটিভি।

ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে এ যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে জানিয়ে বিদ্রোহীরা হামলা চালালে পাল্টা ‘যথোপযুক্ত ব্যবস্থা’ নেওয়ারও হুমকি দিয়েছে জান্তা, এমআরটিভির বরাত দিয়ে বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহের ভূমিকম্পের পর মায়ানমারে মানবিক সংকট মারাত্মকভাবে বেড়েছে। আনুষ্ঠানিকভাবে জান্তার দেওয়া মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও বিভিন্ন বিদেশি সরকার ভূমিকম্প আক্রান্ত অঞ্চলে উদ্ধারকর্মী ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মায়ানমার গৃহযুদ্ধের কারণে ব্যাপক সহিংসতার কবলে রয়েছে। সামরিক জান্তার বিরুদ্ধে বিভিন্ন জাতিগত মিলিশিয়া ও প্রতিরোধ বাহিনীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে।

‘শিয়েরারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে প্রিমিয়ার লিগে ফিরবে কেইন’

এত দিনে রেকর্ড নিজের করে নিতে পারতেন হ্যারি কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি দেওয়ায় রেকর্ডটা ভাঙা হয়নি ইংল্যান্ডের স্ট্রাইকারের। তবে একজনের বিশ্বাস, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের মালিক অ্যালেন শিয়েরারের রেকর্ড ভেঙে দেবেন কেইন।

সেই বিশ্বাসকারী হচ্ছেন টটেনহামের সাবেক কোচ টিম শেরউড।
ইংল্যান্ডের হয়ে ৩ ম্যাচ খেলা এই সাবেক মিডফিল্ডার জানিয়েছেন, শিয়েরারের রেকর্ড ভাঙতে আবারও প্রিমিয়ার লিগে ফিরবেন কেইন। ৫৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘শিয়েরারের রেকর্ডের দিকে এগিয়ে যেতে পারে কেইন। আমি মনে করি, সে আবারও প্রিমিয়ার লিগে ফিরবে এবং রেকর্ড ভাঙার দিকে তার চোখ থাকবে। সুযোগ থাকলে কেন নয়? একসময় সে ঘরে ফেরার সিদ্ধান্ত নেবে এবং তার জন্য অনেক অফারও থাকবে।

কেইনের আসা একমাত্র শিয়েরার পছন্দ করবে না বলে মনে করেন শেরউড। তিনি বলেছেন, ‘৩৫-৩৬ বছর বয়স পর্যন্ত কেইন খেলবে, এটা নিশ্চিত। তাই সে অনেক সময় পাবে। আমি শুধু ভাবতে পারি তার ফেরাটা যিনি চান না তিনি হচ্ছেন শিয়েরার।

এখন পর্যন্ত ২৬০ গোল নিয়ে শীর্ষে আছেন শিয়েরার। নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তির পরেই ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন কেইন। ৪৭ গোলের ব্যবধান অবশ্য এত দিনে মিলিয়েই যেতে পারত। কেননা বায়ার্নের হয়ে দুই মৌসুম শেষ হওয়ার আগেই এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৭ গোল করেছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। সে যা-ই হোক দুজনের বাইরে আর একজনেরই প্রিমিয়ার লিগে দুই শ গোলের কীর্তি আছে, তিনি হচ্ছেন ওয়েইন রুনি।
ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকারের গোলসংখ্যা ২০৮।

মজার ছলে অবশ্য একবার শিয়েরার জানিয়েছেনও, যেকোনো মূল্যে নিজের রেকর্ড রক্ষা করতে চান তিনি। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার বলেছিলেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে তার গাড়ি চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না : মাহফুজ

সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দল, দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে পরামর্শ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে।
তাই সরকার জনতার দাবির মুখে এই সিদ্ধান্ত নেবে।
’
বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদরাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহফুজ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার ওপর নির্ভর করবে নির্বাচন।।
এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।’

গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কমিশনের প্রতিবেদন নিয়ে সব অংশীজনের সঙ্গে পর্যালোচনা হবে।
পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুক করা সম্ভব ততটুক সংস্কার করে যাব। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতার বিষয়টি আছে। এটি সিরিয়াস ইস্যু। এ ছাড়া মালিকানা ইস্যুও রয়েছে। সবগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এ সময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।