সোমবার, অক্টোবর ৫, ২০২৬

মিরাজের ৫ উইকেটের দিনে জিম্বাবুয়ের ৮২ রানের লিড

জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস শুরুতেই একটা বার্তা পাওয়া গিয়েছিল। সিলেট টেস্টে লিড নিতে যাচ্ছে তারা। ইনিংস শেষেও তাই হয়েছে। ৮২ রানের লিড পেয়েছে সফরকারীরা।

বাংলাদেশের ১৯১ রানের বিপরীতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছে ২৭৩ রানে। লিডটা আরো বড় হতে পারত জিম্বাবুয়ের। তা হতে দেননি মেহেদী হাসান মিরাজ। প্রতিপক্ষের ইনিংসের শেষটা তিনিই টেনেছেন।
এক এক করে ৫ উইকেট তুলে নিয়ে। টেস্টে ১১তম বারের মতো এই কীর্তি গড়লেন তিনি। ঘরের মাঠে সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে মিরপুরে।

শুরুটা অবশ্য নাহিদ রানাই করেছিলেন। যদিও প্রথম উইকেট পেতে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। কেননা উদ্বোধনী ৬৯ রানের জুটি গড়েছিলেন ব্রায়ান বেনেট ও বেন কারান। দ্বিতীয় দিনের খেলা শুরুর তৃতীয় ওভারে ১৮ রান করা কারানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ। তার বলে ক্যাচ নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন মমিনুল হক।

জিম্বাবুয়ের অন্য ওপেনার বেনেটকেও পরে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন নাহিদ। ড্রেসিংরুমে ফেরার আগে ৫৭ রানের ইনিংস খেলে দলকে দারুণ শুরু এনে দেন বেনেট। জিম্বাবুয়ের ২১ বছর বয়সী ওপেনার আউট হওয়ার পরের ওভারেই অর্থাৎ, ২২তম ওভারে তৃতীয় বলে নিক ওলেচকে আউট করে জিম্বাবুয়ে হতাশা কাটিয়ে ওঠার আগে আরেকটি ধাক্কা দেন হাসান মাহমুদ। কেননা দলীয় ৮৮ রানেই দুই উইকেট হারায় তারা।

সতীর্থরা ফিরলে ম্যাচের হাল ধরেন শন উইলিয়ামস। অন্য সতীর্থদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে নিজে ড্রেসিংরুমে ফেরার আগে বাংলাদেশের রান শোধ দিয়েছেন। দলীয় সর্বোচ্চ ৫৯ রান করে যখন মিরাজের বলে আউট হলেন তখন জিম্বাবুয়ে ২ রানের লিডও এনে দিয়েছেন তিনি।

মিরাজের সেই শুরু এরপর একে একে আরও চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তিনি। ভিক্টর নিয়ায়ুচিকে আউট করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে মাঝে ওয়েলসি মাধেভেরে (২৪), নায়াশা মায়াভো (৩৫) ও রিচার্ড এনগারাভা (২৮*) বিশোর্ধ্ব তিন ইনিংস খেলে দলকে এক শ ছুঁই ছুঁই লিড এনে দিয়েছেন।

আমরা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই, ওয়াং ইউবোকে প্রধান উপদেষ্টা

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গভর্নরের প্রথম বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটা সবে শুরু। আমরা এত কাছাকাছি, তবু এত দূরে।
আসুন, এ পরিস্থিতি বদলে ফেলি।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, আপনি আবারও আমাদের দেখতে আসবেন—আমরা ভালো প্রতিবেশী হতে চাই, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই।’

প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে বলেন, ‘এটি দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ তিনি চীনের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং সম্পর্ক উন্নয়নে উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য প্রেসিডেন্ট শি চিনপিংকে ধন্যবাদ জানান।

গভর্নর ইউবো অধ্যাপক ইউনূসের বক্তব্যে আন্তরিকভাবে সাড়া দিয়ে বলেন, ‘আমার এই সফরের উদ্দেশ্য হলো আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা ও ইউনান প্রদেশের গভর্নর যুব বিনিময়, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

গভর্নর ইউবো জানান, ইউনানে একটি চীনা ব্যাংক ইতোমধ্যে অধ্যাপক ইউনূস প্রবর্তিত ক্ষুদ্রঋণ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি দুই দেশের অভিন্ন সামাজিক লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, ‘চীনে অনেকেই এই পদ্ধতির সুফল পাচ্ছেন।’

তিনি পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল ও ভাষা শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানো এবং সামুদ্রিক খাবার, আম ও কৃষিপণ্যের মতো খাতে বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব দেন।

‘মানুষের সঙ্গে মানুষের সংযোগে জোর দিতে হবে এবং আমাদের অঞ্চলগুলোকে আরো ঘনিষ্ঠ করে তুলতে হবে,’ বলেন ওয়াং ইউবো।

প্রধান উপদেষ্টা গভর্নরের প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘আপনি যা বলেছেন—স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য বা প্রশিক্ষণ বিষয়ে আমরা সব কিছুর সঙ্গে একমত।
আমরা এগুলো আগের চেয়ে দ্রুত বাস্তবায়ন করতে চাই। আমরা আরো ঘনিষ্ঠ অংশীদার ও প্রকৃত বন্ধু হতে চাই।’

বৈঠকে স্বাস্থ্যসেবাকে মূল অগ্রাধিকারখাত হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণসহ চিকিৎসা পর্যটন সেবা চালুর ক্ষেত্রে চীন সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এই সহযোগিতা আমাদের অংশীদারির একটি নতুন অধ্যায়।’

উভয় পক্ষ শিক্ষা বিনিময় বাড়ানোর গুরুত্ব নিয়েও একমত হন। বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে এবং অধ্যাপক ইউনূস উল্লেখযোগ্য হারে এই সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

‘আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব,’ তিনি জোর দিয়ে বলেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে, প্রধান উপদেষ্টা পারস্পরিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং নতুন সমৃদ্ধির সুযোগ উন্মোচনে চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার বাংলাদেশের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সোনাক্ষী, শ্রদ্ধা কাপুর থেকেও কেন পিছিয়ে এই অভিনেত্রী

বলিউডের বড় বড় খ্যাতনামীদের দরজা তাদের জন্য খোলা। ওরা ফোন করলে তারা সাড়াও দেন। সেসব অভিনেত্রীরা চাইলে যেকোনো জায়গায় পৌঁছেও যেতে পারেন। শুধু পারেন না নুসরাত ভারুচা, এমনটাই জানালেন অভিনেত্রী।
সমসাময়িক হয়েও তাই তিনি সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরের থেকেও পিছিয়ে। হঠাৎই এমন অভিযোগ নুসরাত ভারুচার।

অভিযোগের মাধ্যমে আবারও বলিউডের স্বজনপোষণের দিকে আঙুল তুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, তিনি পরিশ্রম করেও সেই জায়গায় পৌঁছাতে পারেননি।

‘প্যায়ার কা পাঞ্চনামা’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন নুসরাত। তার দাবি, ছবি মুক্তির পরে বিভিন্ন প্রযোজক-পরিচালকদের দরজায় দরজায় ঘুরেছেন। কেউ সাড়া দেননি।

ক্ষোভ প্রকাশ করে নুসরাত বলেন, ‘অথচ একই জায়গায় দিব্যি পৌঁছে যাচ্ছে সোনাক্ষী বা শ্রদ্ধা।
ওদের ডাকে প্রত্যেক পরিচালক, প্রযোজক সাড়া দেন। না ডাকতেই ওদের কাজও দেন! কারণ, ওরা তারকা সন্তান। আমি সেটা নই।’

অভিনেত্রীর মতে, তার মধ্যেও ব্যতিক্রম আছেন। যেমন, পরিচালক কবীর খান।
তিনি অভিনেত্রীকে সময় দিয়েছেন। তার কথা শুনেছেন। সহযোগিতা করারও চেষ্টা করেছেন। খুব কম সুযোগ পাওয়ার পরেও তিনি তারকা সন্তানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করেননি। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছেন। লাভ রঞ্জন, হানসাল মেহতা, বিশাল ফুরিয়ার মতো পরিচালকদের ছবিতে নিজের প্রতিভার জোরে কাজ করেছেন।

নুসরাতের আশা, তারকা সন্তান না হয়ে অভিনয়ের জোরেই আগামী দিনে আরও ভালো করবেন তিনি।

পলাতক আ. লীগের নেতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : শফিকুল আলম

বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পলাতক আওয়ামী লীগের নেতাদের ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেছেন, যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ আছে, খুনের মামলা আছে, তাদের সবার বিষয়ে আমরা সিরিয়াস। তাদের প্রত্যেকেরই প্রত্যাবাসন চাইবো, তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে।
তাদের আইনের আওতায় আনা আমাদের কেন, আমি মনে করি পরবর্তী সরকারের জন্যও এটা একটি নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজ খুব ভালোভাবে করবো। আমরা আশা করবো যাতে কাজটা শেষ করে দিয়ে যেতে পারি। আমরা যদি আমাদের সময়ে না করতে পারি, আমাদের পরে যে সরকার আসবে তারাও এই কাজটি করবেন।
কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে মজফুর্তি করছেন। অবশ্যই তাদেরকে ফেরানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কাজটা আমরা করবো। আওয়ামী লীগের যেসব নেতা বাইরে গেছে, এদের বেশিরভাগের হাতেই অর্থ আছে।

তিনি বলেন, আপনারা পত্রিকায় দেখেছেন, এক একজনের অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা আমরা পেয়েছি। আমার-আপনার অ্যাকাউন্টে তো এক কোটি টাকার লেনদেনও দেখা যায় না, অথচ এক একজনের ৮০০, ৯০০, ১২০০ কোটি টাকার লেনদেন। একজন সরকারের সচিব বা মন্ত্রী কত টাকা পায়, বলেও প্রশ্ন রাখেন তিনি।

ফরাসি আইন প্রণেতাদের ভিসা বাতিল করল ইসরায়েল

ইসরায়েল সরকার ২৭ জন ফরাসি বামপন্থী আইন প্রণেতা এবং স্থানীয় কর্মকর্তাদের ভিসা বাতিল করেছে। রবিবার ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল সফর শুরু করার দুই দিন আগে প্রতিনিধিদলের ভিসা বাতিল করেছে বলে জানায় ওই দলটি।

ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়ার মাত্র কয়েক দিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। ফ্রান্স দ্রুতই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানান।
এ নিয়ে কূটনৈতিক উত্তেজনা শুরুর পর এই খবর সামনে এলো।

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে ম্যাখোঁ নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জনের ভিসা বাতিল করা হয়েছে এমন একটি আইনের অধীনে, যে আইন কর্তৃপক্ষকে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে পারে এমন ব্যক্তিদের নিষিদ্ধ করার অনুমতি দেয়।

ফ্রান্সের ইকোলজিস্ট এবং কমিউনিস্ট পার্টির ১৭ জন সদস্য এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের ‘সম্মিলিত শাস্তির’ শিকার হয়েছেন এবং ম্যাখোঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা জানায়, জেরুজালেমে ফরাসি কনস্যুলেট তাদের পাঁচ দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছে। তারা আরো বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তির সংস্কৃতি জোরদার করার লক্ষ্যে তাদের মিশনের অংশ হিসেবে ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল সফরের ইচ্ছা পোষণ করেছিলেন তারা।’

তারা বলেন, ‘প্রথমবারের মতো, ইসরায়েল সরকার আমাদের এক মাস আগে অনুমোদিত ভিসা বাতিল করেছে। আমাদের যাত্রার মাত্র দুই দিন আগে।
’ দলের সদস্যরা বলেন, ‘আমরা বুঝতে চাই কেন এই আকস্মিক সিদ্ধান্ত, যা সম্মিলিত শাস্তির মতো।’

প্রতিনিধিদলে ছিলেন ইকোলজিস্ট পার্টির জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঁসোয়া রাফিন, অ্যালেক্সিস করবিয়ার এবং জুলি ওজেন, কমিউনিস্ট ডেপুটি সৌম্য বোরৌহা এবং কমিউনিস্ট সিনেটর মারিয়ানা মার্গেট। অন্য সদস্যরা হলেন শহরের বামপন্থী মেয়র এবং স্থানীয় আইন প্রণেতারা।

সূত্র : এএফপি

৮৮ বছর বয়সে চলে গেলেন পোপ ফ্রান্সিস

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু, রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। আজ সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় এই খবর জানানো হয়।

ভ্যাটিকানের ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল বার্তা সংস্থা এপিকে জানান, রোমের বিশপ ফ্রান্সিস আজ সকালে পিতার গৃহে ফিরে গেছেন। তাঁর পুরো জীবন ঈশ্বর ও গির্জার সেবায় নিবেদিত ছিল।
​ ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​

কার্ডিনাল কেভিন ফারেল ভ্যাটিকানের টিভি চ্যানেলে ঘোষণা করেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা করতে হবে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি আমাদেরকে আনুগত্য, সাহস এবং সর্বজনীন প্রেমের সঙ্গে গসপেলের মূল্যবোধের নিয়ে বাঁচতে শিখিয়েছেন, বিশেষত দরিদ্রতম এবং সবচেয়ে প্রান্তিকদের পক্ষে।
’

পোপ ফ্রান্সিসের মৃত্যু গির্জার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। এখন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং গির্জার ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করবে।​ পোপ ফ্রান্সিসকে ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ফেব্রুয়ারিতে ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। এরপর পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর গত মাসে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছিলেন পোপ ফ্রান্সিস।

সূত্র : বিবিসি, এএফপি

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষর এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা পুলিশ সুপার পদমর্যাদার।

প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশের মো. হাবিবুর রহমানকে চট্টগ্রামের সিএমপি এবং খুলনা কেএমপির শেখ মনিরুজ্জামান মিঠুকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট করতে’ ক্ষতিকর চুক্তির নিন্দা চীনের

চীন সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা অন্যান্য দেশের তীব্র সমালোচনা করে তীব্র শুল্ক যুদ্ধে ওয়াশিংটনকে ‘তুষ্ট’ করা দেশের বিরুদ্ধে পাল্টাব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের ওপর ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হলেও, চীন অনেক পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্মুখীন হয়েছে। চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের সমান্তরালে বেশ কয়েকটি দেশ এখন শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু বেইজিং সোমবার দেশগুলোকে সতর্ক করে বলেছে, তারা যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি না করে যা তাদের স্বার্থের সঙ্গে আপস করবে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘তুষ্টি শান্তি আনবে না এবং আপসকে সম্মান করা হবে না।’

বেইজিং আরো বলেছে, অন্যের স্বার্থের বিনিময়ে নিজের সাময়িক স্বার্থ হাসিল করার অর্থ বাঘের কাছে তার চামড়া চাওয়ার শামিল।

চীন সতর্ক করে বলেছে, এই পদ্ধতি, ‘চূড়ান্তভাবে উভয় দিকেই ব্যর্থ হবে এবং অন্যদের ক্ষতি করবে’।

ওই মুখপাত্র বলেন, চীনের স্বার্থের বিনিময়ে যেকোনো পক্ষের চুক্তিতে পৌঁছনোর তীব্র বিরোধিতা করে বেইজিং।

তারা আরো বলেন, যদি এমন পরিস্থিতি দেখা দেয়, চীন কখনই তা মেনে নেবে না এবং শক্তভাবে পারস্পরিক পাল্টাব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও বেইজিং একে অপরের আমদানির ওপর চোখ ধাঁধানো শুল্ক আরোপ করেছে।
যা অর্থনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে অচলাবস্থার সৃষ্টি করেছে, বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছে এবং বাজারকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে। তিনি আরো বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সঙ্গে কথা বলছি।’ চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে বলেও ঊল্লেখ করেন ট্রাম্প।

তিনি হোয়াইট হাউসে বলেন, ‘আমি মনে করি, আমরা চীনের সঙ্গে খুব ভালো একটি চুক্তি করতে যাচ্ছি।’

চীন ‘শেষ পর্যন্ত’ বাণিজ্য যুদ্ধ লড়াই করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে কিনা তা নিশ্চিত করেনি। যদিও তারা সংলাপের আহ্বান জানিয়েছে।

সরকারিভাবে ২০০ নারী কর্মী নেবে জর্ডান, বেতনের সঙ্গে থাকছে যেসব সুবিধা

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০০ নারী পোশাককর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের বিনামূল্যে থাকা-খাওয়া ও চিকিৎসার সুবিধা দিবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এমনকি কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। আজ সোমবার বোয়েসেল (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০০ নারী পোশাককর্মী নিয়োগ দেবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক মূল বেতন ২২ হাজার ২৩০ টাকা। অনলাইন আবেদন লিংক https://brms.boesl.gov.bd/ । অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে।

চাকরির শর্তাবলি

(১) চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য);

(২) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন);

(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে;

(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;

(৫) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত হবে;

(৬) প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে;

(৭) একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে;

(৮) অন্যান্য শর্ত জর্ডানের নাম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ :

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫% ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। তবে মেডিক্যাল ফি, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। জর্ডানে যাওয়ার পর প্রার্থীর মেডিক্যাল ফি, পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে :

(১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা);

(২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১০ (দশ) সেট রঙিন ফটোকপি;

(৩) ভোটার আইডি কার্ড / জন্ম নিবন্ধন (8) শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ :

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ আগামী ২৫ ও ২৬ এপ্রিল সকাল ৮ টায় সাক্ষাৎকার/ টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (দারুস সালাম, মিরপুর) উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০২৪৮৩১৯১২৫ ও ০২৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে ও প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ এ যোগাযোগ করা যেতে পারে।

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত আরো ১২

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় আরো ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সানার শুব জেলার ফারাহ পাড়ার বাজারে এই হামলা চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (২০ এপ্রিল) রাতে আল ফারাহ মার্কেটে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা।

হুতি সমর্থিত সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

তকে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় নেতৃত্ব এই হামলা সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে বা তাদের অভিযানে বেসামরিক হতাহতের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে।

মার্চে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
এর পর থেকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে ওয়াশিংটন। হামলায় সামরিক স্থাপনাসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এরপর দেশটিতে অন্তত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।