শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চিকিৎসার জন্য ব্যাঙ্কক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাঙ্কক গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

সোমবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল ইসলাম।

শায়রুল কবির খান বলেন, ‘সোমবার স্যার চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি।

চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাঙ্কককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়।’

মির্জা ফখরুল ইসলামের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, বিএনপির মহাসচিবের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ও তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ সোমবার বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বর্তমান অবস্থান ও ভবিষ্যত্ পরিকল্পনার কথা তুলে ধরবেন। গত এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা সফর করেন জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।
ঢাকা সফরকালে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, প্রতি দুই বছর পর পর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে থাকে। সম্মেলন শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর জন্য তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে থাকে।

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে চায় সরকার : উপদেষ্টা

জনগণের কাছে নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সব পর্যায়ে অর্থাৎ খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্যকে জনগণের জন্য নিরাপদ করতে সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশস্থ জাইকার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এ দ্রুত প্রকল্প পরিচালক এবং পরামর্শক নিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি, জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একক এবং সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।

খাদ্য মন্ত্রণালয় জানায়, দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়ানো হবে।

খাদ্য উপদেষ্টা ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে অর্থায়ন করার জন্য জাইকাকে ধন্যবাদ জানান এবং এই প্রজেক্টের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাইকার পক্ষ থেকে মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে ‘খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা টাস্ক ফোর্স’ গঠনের জন্য খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্যসচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ভয়াবহ রকমে ঠকানো হয় : প্রেসসচিব

বাংলাদেশে সাংবাদিকদের ভয়াবহ রকমে ঠকানো হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আমাদের সাংবাদিকদের পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হয়, ১০ হাজার টাকা বেতন দেওয়া হয়। এই যে ঠকানোটা সেগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত।’

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমাদের ডিএফপির সিস্টেমের সরিষার মধ্যেই ভূত আছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘সেই জায়গা থেকে আওয়াজ তোলা উচিত। সাংবাদিক একেকজন লিডার। তাদের নামে একেকজনের নামে পত্রিকা। ওই পত্রিকা পিএইচডি সবার ওপরে।
অথচ একটা কপিও চলে না। নিজে পড়েন আর ওনার বউ পড়েন—আর কেউ পড়েন না।’

তিনি আরো বলেন, ‘ওই আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো বড় বড় পত্রিকা থেকে চুরি করেন। বড় বড় পত্রিকা টাকা দিয়ে বেতন দিয়ে সাংবাদিক রাখেন আর তারা একটি রিপোর্ট করলে আন্ডারগ্রাউন্ড পত্রিকা তা চুরি করে ছাপিয়ে দেয়।
সাংবাদিক কপিরাইট নিয়ে আওয়াজ তোলা উচিত।’

এ সময় অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহসভাপতি গাজী আনোয়ার এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত থাকবে : প্রধান উপদেষ্টা

আঞ্চলিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের রংপুরে নির্মাণাধীন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা এবং যৌথ সমৃদ্ধিতে বিশ্বাস করি।’

সোমবার (১২ মে) ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে বাংলাদেশ সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস যৌথ অবকাঠামো ও জ্বালানি উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। আলাদাভাবে নয়, একসঙ্গে কাজ করলেই আমরা আরো বেশি লাভবান হতে পারব।’

আলোচনার মূল বিষয়গুলোর একটি ছিল বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ খাতে সহযোগিতা। গত অক্টোবরে স্বাক্ষরিত বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির মাধ্যমে ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা।
উভয় পক্ষ বৃহৎ পরিসরে আরো জলবিদ্যুৎ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বলেন, নেপাল সব খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে আগ্রহী। তিনি বলেন, ‘আমাদের সব সংসদ সদস্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারি শক্তিশালী করতে এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।
’

তিনি বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় দুই হাজার ৭০০ জন শিক্ষার্থী বিশেষত মেডিক্যাল কলেজে পড়াশোনা করছে। তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন এবং আরো শিক্ষা বিনিময় ও একাডেমিক সহযোগিতার আহ্বান জানান।

উভয় পক্ষ অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উন্নত হলে আঞ্চলিক বাণিজ্যের খরচ হ্রাস পাবে এবং মানুষ ও পণ্যের চলাচল সহজ হবে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

আ. লীগ নিষিদ্ধে নাশকতার শঙ্কা, রাজধানীসহ সারা দেশে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগ নিষিদ্ধে রাজধানীসহ সারা দেশে নাশকতার আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দলটি ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীসহ দেশের যেকোনো শহরে নাশকতা করতে পারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাব পুনর্গঠনের বিষয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস ঈদের আগে পরিশোধ করতে হবে। কিন্তু অবৈধ শ্রমিকরা রাস্তায় ঝামেলা করলে বরদাশত করা হবে না।

ঈদে গরুর হাটকে কেন্দ্র করে রাস্তায় যানজট কমাতে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গরুভর্তি ট্রাক যেন রাস্তায় যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে গরুর হাটে ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য সৃষ্টি হয়। এটিকে শক্তভাবে দমন করার জন্য প্রতি হাটে ১০০ আনসার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদে দেশের বাইরের কোনো রাষ্ট্র থেকে গবাদি পশু বাংলাদেশে আসতে দেওয়া হবে না। চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ মে) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।
প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব নিবন্ধন স্থগিতের তথ্য জানান।

৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন—৭১ আর ২৪ : তারেক রহমান

বাংলাদেশের ৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর আর চব্বিশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ২ মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছিলেন তিনি। তার সেই বক্তব্য সোমবার (১২ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করে।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি—এক, ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর; দুই, ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর।
’

তিনি বলেন, ‘বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতাপ্রিয় হাজারো-লাখো শহীদের রক্তে লেখা স্মারকে, একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তাটি হলো—দিল্লির তাঁবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর, দেশের সিপাহি-জনতাও এই বার্তাটিই দিয়েছিল।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে, পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাঁবেদার অপশক্তি ও তাদের দোসররা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত।

লড়াই এখনো বাকি : মাহফুজ আলম

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। কিন্তু লড়াই এখনো বাকি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার (১২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে।
ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূরীভূত করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেওয়া যাবে না। বরং সবার অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা এবং নানা টানাপড়েন থাকবে, স্বাভাবিক। কিন্তু দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘৭১-পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্রগঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্রগঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।