বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১ জুন) রাজধানীর মাল্টি পারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প।
’

তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ২৬ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে।’

তিনি এই তরুণদের কাজ লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে চীনের ১শ’ কম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ‘অপমানজনক’ মন্তব্য করেছেন: চীন

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চীনকে ‘হুমকি’ আখ্যা দিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে বেইজিং। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের অভিযোগ, সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে একটি ‘বাস্তব হুমকি’ হিসেবে উপস্থাপন করেছেন, যা দেশটির প্রতি ‘অপমানজনক’ ও এই অঞ্চলে ‘বিভাজনের বীজ বপণ করার উদ্দেশ্যে’ করা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হেগসেথ ইচ্ছাকৃতভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান উপেক্ষা করে, শীতল যুদ্ধের মানসিকতা উস্কে দিয়েছেন। এতে ব্লক রাজনীতির প্রসার ঘটানো এবং বিভাজন তৈরি করার প্রচেষ্টা স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন কার্যত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সংঘর্ষের মুখে ঠেলে দিচ্ছে।
’

উল্লেখ্য, সম্মেলনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান হেগসেথ। চীনের সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রস্তুতি জরুরি।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, তার সরকার ইতোমধ্যেই প্রতিরক্ষা খাতে বাড়তি এক হাজার কোটি অস্ট্রেলীয় ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

চলতি বছর ফিলিপিন্সের লুজন দ্বীপে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক টাইফুন ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে, যা চীন ও রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

দক্ষিণ চীন সাগরে দ্বীপ ও প্রবালপ্রাচীর নিয়ে চীন ও ফিলিপিন্সের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্ক করেছে চীন। হেগসেথ সম্মেলনে বলেন, তাইওয়ানকে দখলের চেষ্টার পরিণতি হবে ‘ভয়াবহ’। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে বলপ্রয়োগের হুমকি দিয়ে রেখেছে।

শাংরি-লা সম্মেলনে অংশ নিয়েছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধান, সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা।

মাদক সেবনের অভিযোগ অস্বীকার করলেন ইলন মাস্ক

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, টেসলা ও এক্স (পূর্বে টুইটার)-এর সিইও ইলন মাস্ক নিয়মিত কেটামাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ ব্যবহার করেন। প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক প্রায় প্রতিদিন কেটা্মাইন নেন, যার প্রভাব তার মূত্রাশয়েও পড়েছে। তবে এই প্রতিবেদন ঘিরে শুরু হওয়া বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মাক্স। এক্সের (পূর্বে টুইটার) একটি পোস্টে ইলন মাস্ক স্পষ্ট ভাষায় দাবি করে জানান, তিনি মাদক গ্রহণ করছেন না, নিউ ইয়র্ক টাইমস মিথ্যা বলছে।
তিনি আরো বলেন, ‘আমি কয়েক বছর আগে প্রেসক্রিপশন অনুযায়ী কেটামাইন ব্যবহার করেছিলাম এবং সেটা তখনই এক্স-এ জানিয়েছিলাম। এটা নতুন কোনো তথ্য না। এটি একসময় মানসিক অন্ধকার থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছিল, কিন্তু সেই সময়ের পর আর এটি গ্রহণ করিনি।’

তবে বিতর্ক তখন আরো বেড়ে যায় যখন শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মাস্কের চোখে কালশিটে দাগ দেখা যায়।
এটি এমন এক সময়ে ঘটে, যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়-সাশ্রয় প্রকল্প থেকে পদত্যাগ করেছিলেন। সেখানে মাস্ক মাদক সেবন সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান। এই কালশিটে চোখ নতুন করে আলোচনার জন্ম দেয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে মাস্কের অতীতের কিছু অদ্ভুত আচরণের কথাও উল্লেখ করা হয়েছে।
যার মধ্যে রয়েছে জনসমক্ষে নাৎসি-ধাঁচের স্যালুট এবং অনিয়ন্ত্রিত মন্তব্য। মাস্ক অবশ্য জানান, তার চোখের আঘাতটি খেলাচ্ছলে তার ছেলে এক্স-এর ঘুষিতে লেগেছে। ‘আমি আমার ছেলেকে বলেছিলাম আমাকে ঘুষি মারতে, বলেন মাস্ক, সে তা-ই করেছে।’ দেখা যাচ্ছে, পাঁচ বছরের একটা বাচ্চাও যদি মুখে ঘুষি মারে, ফলাফল এমনই হয়।

ইলন মাস্কের ঘন ঘন বিতর্কিত মন্তব্য ও কাজের জন্য তিনি গণমাধ্যমের নজরে থাকেন।
তবে মাদক সেবনের অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে এগুলো তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা মাত্র।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

রাফায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩০

গাজার রাফা এলাকায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১৫ জন।

রোববার (১ জুন) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং হামাসঘনিষ্ঠ গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আক্রান্ত ত্রাণ বিতরণকেন্দ্রটি পরিচালনা করছিল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি সংস্থা, যা ইসরায়েলের প্রত্যক্ষ সহযোগিতায় সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। তবে সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন অনেক ফিলিস্তিনি।

জিএইচএফের মাধ্যমে ত্রাণ বিতরণের সময় ইসরায়েল বায়োমেট্রিক যাচাইসহ নানা তথ্য যাচাই করছে বলে জানিয়েছে দেশটির সরকার। দখলদার ইসরায়েলিদের দাবি, হামাস-সংশ্লিষ্ট কেউ যাতে ত্রাণ নিতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে।

এর আগে গত বুধবারও একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ জন নিহত ও ৪৬ জন আহত হন বলে দাবি করে হামাস। তবে জিএইচএফ সে ঘটনার কথা অস্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই সময় হাজার হাজার ফিলিস্তিনি ত্রাণকেন্দ্রের দিকে ছুটে আসছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কম্পাউন্ডের বাইরে সতর্কতামূলক গুলি ছুড়েছিল।

গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে এই ধরনের হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাফা অঞ্চলটি বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্যতম সংকটপূর্ণ এলাকা।

পিএসজিকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন এমবাপ্পে-নেইমার

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) শেষমেশ ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণ করলো। শনিবার রাতে জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। প্রথমার্ধেই আশরাফ হাকিমি এবং তরুণ ফরাসি মিডফিল্ডার দেজিরে দুয়ে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পরও থামেনি লুইস এনরিকের দল। দ্বিতীয়ার্ধে দুয়ে করেন নিজের দ্বিতীয় গোল, এরপর খভিচা কাভারেস্কেইয়া ও সেনি মায়ুলুর গোলে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করে প্যারিসিয়ানরা।
এই জয়ের মাধ্যমে পিএসজি ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল।

পিএসজির এই ঐতিহাসিক জয়ে দলটির সাবেক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সাবেক ক্লাবকে।
দুজনেই পিএসজির হয়ে অনেক স্মরণীয় মুহূর্ত কাটালেও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাননি। তবে বর্তমান দলের সাফল্যে তারা খুশি এবং গর্বিত বলে জানান।

এমবাপ্পে লিখেন, ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।
’

নেইমার অবশ্য অত কিছু লেখেননি। পিএসজির অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসের ট্রফি উঁচিয়ে ধরার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ব্রাজিলের তারকা স্রেফ লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

‌কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ঈদুল আজহার পর ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সফরে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা।
এরপর ১২ জুন রাজকীয় অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হবে। আগামী ১৩ জুন তার দেশে ফিরবেন।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টা এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
এই সফরে রোহিঙ্গা সংকট নিরসনে এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরো সক্রিয় ভূমিকা চাওয়া হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

কোহলিকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙলেন ডি ভিলিয়ার্স

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাইনালে ওঠা নিয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা দল ও সমর্থকরা। এরই মাঝে দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স একটি মজার ঘটনা সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, এবারের আসরে প্রিয় বন্ধু বিরাট কোহলিকে দেওয়া একটি প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি।

আরসিবির দীর্ঘদিনের স্লোগান ‘এই সালা কাপ নামদে’ (এই বছর কাপ আমাদের) বলার ব্যাপারে ডি ভিলিয়ার্স কোহলিকে এই মৌসুমে এটি না বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু তিনি তা রাখতে পারেননি।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘হ্যাঁ, এটা আমার দোষ নয়। এখানকার লোকেরা আমাকে ফাঁদে ফেলেছে!’ তিনি হাসতে হাসতে যোগ করেন, ‘তারা জানে আমি এই কথাটি বলতে ভালোবাসি, তাই তারা ইচ্ছে করেই আমাকে প্ররোচিত করেছে!’

এই কথাটি আরসিবি-র সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যদিও দলটি এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি।
২০১১ থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ ১১ বছর বিরাট কোহলির সঙ্গে বেঙ্গালুরুর জার্সি গায়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। এই সময়কালে দলটি দু’বার ফাইনালে উঠলেও ট্রফি ছুঁতে পারেনি। বিশেষ করে ২০১৬ সালের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যাওয়া আজও ভক্তদের মনে দগদগে স্মৃতি।

এবার, অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিং এবং নতুন অধিনায়ক রাজাত পাটিদারের নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গালুরু।
গত বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে পৌঁছায় দলটি।

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন থাইল্যান্ডের সুশাতা

বিশ্বের সুন্দরীদের সেরার মুকুট এবার পৌঁছাল থাইল্যান্ডে। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুশাতা চুয়াংস্রি। শনিবার (৩১ মে) তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে সেরার মুকুট উঠে সুশাতার মাথায়।

নিয়ম অনুযায়ী, গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা ক্রাউন পরিয়ে দিয়েছেন ওপালা সুশাতার মাথায়। এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।
প্রতিযোগিতাটি উপস্থাপনা করেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন ব্যক্তিত্ব সাচিন কুম্ভার। ১০৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। এক মাসব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ছিল ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিশ্বব্যাপী সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্ল্যাটফর্ম।

চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্রতিযোগীদের পার হতে হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জ, টপ মডেল, বিউটি উইথ অ্যা পারপাস, ট্যালেন্ট, স্পোর্টস এবং মাল্টিমিডিয়া ইভেন্ট।
এসব ধাপ পেরিয়ে নির্বাচিত হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, এরপর প্রতিটি মহাদেশীয় অঞ্চলের শীর্ষ ১০, সেখান থেকে শীর্ষ ৫, পরে শীর্ষ ২ এবং শেষ পর্যন্ত একজন বিজয়ী।

বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হলো ওপাল সুশাতা চুয়াংস্রিকে

২২ বছর বয়সী সুশাতা মডেলিং জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। ২০২৪ সালে তিনি মিস ইউনিভার্স থাইল্যান্ড খেতাব জেতেন। এরপর যোগ দেন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে।
সেখানে ১২৫টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।

অবশেষে ইউরোপ সেরা পিএসজি—এনরিকে বললেন, ‘এটাই ছিল চূড়ান্ত লক্ষ্য’

প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) অবশেষে তাদের বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। শনিবার রাতে জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয়েছে ফরাসি ক্লাবটি। পিএসজি কোচ লুইস এনরিকে এ জয়কে তার এবং ক্লাবের ‘চূড়ান্ত লক্ষ্য’ হিসেবে অভিহিত করেছেন।

ম্যাচ শেষে কোচ লুইস এনরিক বলেন, ‘আমার এবং ক্লাবের চূড়ান্ত লক্ষ্য ছিল এই ট্রফি জয়।
সেটাই আমরা অর্জন করেছি। এটা এখন আমাদের, আর কাল এটা প্যারিসে ফিরবে।’

২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জয়ী এনরিকে বলেন, ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই তার লক্ষ্য ছিল এই শিরোপা। ‘আমার প্রথম দিনেই বলেছিলাম, আমাদের লক্ষ্য ট্রফি ক্যাবিনেট পূরণ করা।
চ্যাম্পিয়নস লিগই শুধু বাকি ছিল—সেটাও আজ পূর্ণ হলো,’ বলেন তিনি।

২০১১ সালে কাতারি মালিকানায় আসার পর থেকে পিএসজি ঘরোয়া ফুটবলে আধিপত্য দেখালেও ইউরোপের সর্বোচ্চ ট্রফিটি এতদিন ধরেই ছুঁতে পারেনি। এবার সেই অপূর্ণতা ঘুচল এনরিকের হাত ধরে।

ডুপ্লিকেটে যোগ্য স্বীকৃতি পাইনি : সোনালি

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। একের পর এক হিট সিনেমায় দেখা গেছে তাকে। কাজ করেছেন শাহরুখ-সালমান-আমিরদের সঙ্গে। ক্যারিয়ারে সিনেমা ও গ্ল্যামারের জন্য আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।
হিটও দিয়েছেন অনেক। তবে কিছু সিনেমা আজও স্মরণ করেন সোনালি যা তার প্রাপ্তির ঝুলিতে তাকে সন্তুষ্ট করতে পারেনি। যার মধ্যে একটি ‘ডুপ্লিকেট’।

ডুপ্লিকেটে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন সোনালি।
তবে অভিনেত্রীর মতে, তার চরিত্রটি যথাযত মর্যাদা পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ১৯৯৮ সালের ‘ডুপ্লিকেট’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, এই ছবিতে তাঁর চরিত্র যেমনভাবে শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেটি বদলে যায়—এবং শেষ পর্যন্ত তাঁর প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব পায়নি।

সোনালি জানান, প্রথমে সমান গুরুত্বের একটি চরিত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
কিন্তু পরে তিনি অনুভব করেন, তার চরিত্রটি ধীরে ধীরে গুরুত্ব হারায় এবং সেই স্বীকৃতি তিনি পাননি।

বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে, ডুপ্লিকেট নিয়ে সোনালি নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ছবিটির গান এখনও মানুষ মনে রেখেছে এবং এর জনপ্রিয়তাও প্রশংসাযোগ্য ছিল। তবে তিনি স্বীকার করেন, এই অভিজ্ঞতাটি তাকে ভবিষ্যতে চরিত্র বাছাইয়ের বিষয়ে আরও সচেতন করে তোলে।

এক্ষেত্রে জখম ছবির উদাহরণ টেনে সোনালি জানান, ‘জখম’ ছবিতে শুরু থেকেই তিনি জানতেন প্রধান চরিত্রটি তাঁর নয়, সেটি ছিল পূজা ভাটের।
তবুও তিনি ছবিটি বেছে নেন কারণ গল্পটি শক্তিশালী ছিল এবং পরিচালক মহেশ ভাটের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল। এক্ষেত্রে ডুপ্লিকেটে সেভাবে নিজের চরিত্র মেলে ধরতে পারেননি তিনি। সোনালির মতে, ডুপ্লিকেটে প্রথমে তার চরিত্রে কিছু ‘গ্রে শেড’ বা নৈতিক দ্বন্দ্ব রাখা হয়েছিল, যা বেশ মনে ধরেছিল তার। কিন্তু সময়ের সঙ্গে চরিত্রটি ধীরে ধীরে একমাত্রিক হয়ে ওঠে এবং গল্পে নিজের অবস্থান হারিয়ে ফেলে। অনেকটা সাইড ক্যারেক্টার হয়ে উঠে।

তবে এসব অপূর্ণতা তার ক্যারিয়ারে বেশি প্রভাব ফেলতে পারেনি। এ নায়িকার মতে, তার ক্যারিয়ারে সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য ফিরে আসে এবং তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন।

সোনালিকে সর্বশেষ দেখা গেছেন রেমো ডি’সুজার সিনেমা ‘বি হ্যাপি’-তে। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ইনায়াত বর্মা এবং নোরা ফাতেহি। সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং বর্তমানে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।