বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

প্রি-বুকিংয়ে রেকর্ড গড়ল ‘ব্যাচেলর পয়েন্ট’

দর্শকদের সর্বাধিক পছন্দের ও চাহিদাসম্পন্ন নাটক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন মুক্তি পেয়েছে। মুক্তির আগেই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে নাটকটি। যার প্রভাব দেখা গেল প্রি-বুকিংয়েও। নির্মাতা জানালেন, আগের সব রেকর্ড ভেঙেছে এটি।

১ জুন সংবাদ সম্মেলন করে কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছিলেন, পবিত্র ঈদুল আজহার রাত থেকে একসঙ্গে আট এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে। নির্মাতার সেই ঘোষণায় ব্যাচেলর পয়েন্টের অনুসারীদের মধ্যে হুলস্থুল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করতে শুরু করেন।

কাজল আরেফিন অমি গণমাধ্যমকে বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনো দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এ অ্যাচিভমেন্ট আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি অ্যাচিভমেন্ট।

ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির বানানো ‘ফিমেল ৪’, সেই তুলনায় ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন আরো তিন গুণ রেসপন্স পাচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, ‘ফিমেল ৪’-এর চেয়ে নতুন সিজন রিলিজের আগেই প্রি-বুকিংয়ে বেশি রেসপন্স এসেছে, বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে দর্শক প্রি-বুকিং করেছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। ২০২২ সালে ১১৬ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় নাটকটির ‘সিজন ৪’। এরপর থেকেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার এলো পঞ্চম সিজন। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পারসা ইভানা, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

আজ থেকে চলছে মেট্রোরেল, কাঁচা বা রান্না মাংস বহন নিষিদ্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ রবিবার (৮ জুন) থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল।

রবিবার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। তবে আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

গত মঙ্গলবার (৩ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেওয়া হবে।

মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেরি থেকে যমুনায় পড়ল অটোরিকশা, প্রাণ গেল ২ নারীর

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে ফেরী থেকে নদীতে পড়ে যায় একটি অটোরিকশা। এ ঘটনার ১৩ ঘণ্টা পর অটোরিকশায় থাকা দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা ৬টার দিকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খালেদা বেগম (৫৫) ও তার পুত্রবধূ ফারজানা বেগম (২২)। এসব তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন। তিনি বলেন, সকাল থেকে খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশাটি নদী থেকে উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশার ভেতর দুই নারীর মরদেহ পাওয়া যায়।

এর আগে ভোরে এই ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় খালেদার ছেলে কামাল হোসেনকে (১৯) উদ্ধার করা হয়। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানান, পরিবারটি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকে। ঈদের ছুটিতে তারা নবীনগর উপজেলার গ্রামের বাড়িতে যাচ্ছিল।

পরিবার সূত্রে জানা যায়, খালেদা বেগম তার দুই ছেলে ও পুত্রবধূকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনার সময় অটোরিকশার চালক কুদ্দুছ ও ছেলে সাগর মিয়া বাইরে দাড়িয়ে ছিলেন। অন্যদিকে আরেক ছেলে কামাল হোসেন, পুত্রবধূ ফারজানা ও খালেদা বেগম অটোরিকশায় বসে ছিলেন। এ সময় হালকা একটু ঝাঁকিতেই অটোরিকশাটি নদীতে পড়ে যায়। এ সময় কামাল বের হতে পারলেও শাশুড়ি ও পুত্রবধূ বের হতে পারেননি।

খবর পেয়ে সকালে ফেরিঘাটে গিয়েছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ফেরিতে নিরাপত্তা-ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ ট্রাম্পের!

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না।

স্থানীয় সময় শনিবার (৭ জুন) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তাকে জিজ্ঞেস করা হয়, তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে কি না? জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি তা-ই ধরে নিচ্ছি।

মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে ‘না’ বলে দেন। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের সঙ্গে তার প্রকাশ্য বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ।

টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তিনি ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করেন।

সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে কটাক্ষ করেন মাস্ক। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না সেটা আর থাকবে কি না।

মাস্ককে নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ভীষণ হতাশ। কারণ এখানে উপস্থিত অন্য যে কারো চেয়ে তিনি এ বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে। তবে ট্রাম্পের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক।

ট্রাম্পের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক একাধিক পোস্ট দিয়েছেন।
এসব পোস্টে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। প্রমাণ না দিলেও মাস্ক দাবি করেছেন, ট্রাম্প ‘এপস্টেইন ফাইল’–এ আছেন।

শনিবার এনবিসির সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাস্ক প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন।

সূত্র : বিবিসি

আমাদের দায়িত্ব রয়েছে এই দেশ গড়ার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্য দিয়ে যেন শহীদদের রক্তের দায় আমরা দিতে পারি।

আজ শনিবার (৭ জুন) ঈদের দিন সকাল ৯টায় এনসিপির উদ্যোগে কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
.
এর আগে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামায়াতে অংশ নেন।
পরে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় দেবিদ্বারে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৪টি গরু কোরবানি দেন। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়ি গোশত পৌঁছে দেন। এ সময় তিনি শহীদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতামকর্মীরা উপস্থিত ছিলেন।

গোশত বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আজ শনিবার ঈদের দিন শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি সে জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসী করেন। পাশাপাশি তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।
কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে এই দেশ গড়ার। আমরা যেন এই দেশকে যথাযথভাবে গড়তে পারি। তাদের রক্তের দায় যেন আমরা দিতে পারি। দলমতের ঊর্ধ্বে উঠে আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

তিনি আরো বলেন, ‘‘ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে দিয়েছেন, এপ্রিলে নির্বাচন করতে হলে এ বছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে।’’ সেই সঙ্গে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুন-দীপিকা জুটি

সম্প্রতি মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্তান জন্মদানের পর পুরোদমে সন্তান পালনে নিজেকে ব্যস্ত রেখেছেন। এমনকী কাজও নিয়ে এসেছেন নির্দিষ্ট গণ্ডির মধ্যে। ৮ ঘণ্টার বেশি শুটিং না করার শর্ত বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এ অভিনেত্রী।
যে শর্তের কারণে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন দীপিকা। সেই সিনেমায় দীপিকার বদলে সন্দীপ নিয়েছেন তৃপ্তি দিমরিকে। এরপর নাগ অশ্বিনের ‘কল্কি’র সিক্যুয়াল থেকেও বাদ পড়েছেন দীপিকা, এমনটা শোনা যাচ্ছে।

তবে এতসব হতাশার খবরের মাঝে দীপিকা ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর।
প্রভাসের সঙ্গে দুটি সিনেমা বাদ পড়লেও দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। যে সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছে বিখ্যাত পরিচালক অ্যাটলি।

অ্যাটলির সিনেমায় আল্লুর সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন ছিল দীপিকার। তবে গুঞ্জনকে সত্যি করলো প্রযোজনা সংস্থার ঘোষণা।
শনিবার সকালে প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার করা ভিডিও সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছে। টিমের পক্ষ থেকেও দীপিকা পাড়ুকোনের লুক প্রকাশ্যে আনা হয়েছে ৷ আগামী দিনে মৃণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীদের লুকও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এপ্রিলের শুরুতে আল্লুর জন্মদিনে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। তবে এই প্রজেক্টে আল্লুর বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে নানা চর্চা তৈরি হয়েছিল। বহু আলোচনা, অনুমানের পর অবশেষে স্পষ্ট হলো বিষয়টি।
মা হওয়ার আগে ২০২৩ সালে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ শেষ বার দেখা গিয়ে ছিল দীপিকাকে। মাঝের ২ বছর পর্দা থেকে বিরতি নেওয়ার পর সেই অ্যাটলির হাত ধরেই প্রত্যাবর্তন হচ্ছে দীপিকার।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এই সিনেমায় শুধু অ্যাকশন নয়, সাইন্স ফিকশন ধরা পড়তে চলেছে অন্যরকম পিরিয়ড ফ্যান্টাসি। হলিউডের প্রখ্যাত ভিএফএক্স প্রতিষ্ঠান এর জন্য কাজ করবে। জানা গেছে, আল্লু অর্জুনকে এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷ দীপিকা ছাড়াও এতে তিন থেকে পাঁচজন প্রধান অভিনেত্রী থাকবেন বলে জানা গেছে।

দেশের মঙ্গলের জন্য সবার দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

দেশের মঙ্গলের জন্য সবার দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিমকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন ড. মুহাম্মদ ইউনূস।
আজ সকাল সাড়ে ৭টা জাতীয় ঈদগাহে প্রথম জামাত শুরু হয়। খুতবার পর অংশ নেন মোনাজাতে।

মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, ‘সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।’

দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিতে একটি গোষ্ঠী কাজ করছে: ইশরাক

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে।’

শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।

পোর্ট-করিডোর হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মালিক জনগণ। আমরা এই দেশে থাকব। বিদেশে গিয়ে সেটেল হবো না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই।
অনেকটা বলা যেতে পারে, ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাইবে তাদের প্রভুদের খুশি করবে- সেই রাজনীতি তো পাঁচ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ।

চলে গেলেন ‘বাইসাইকেল থিভস’-এর সেই শিশুশিল্পী এনজো

মারা গেছেন ভিত্তোরিও দে সিকা নির্মিত ক্ল্যাসিক সিনেমা ‘বাইসাইকেল থিভস’-এর শিশুশিল্পী এনজো স্তাইওলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ‘বাইসাইকেল থিভস’ সিনেমাটিতে দুর্দান্ত অভিনয় করে বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নেন এনজো। তবে এই কালজয়ী সিনেমার পর আর সেভাবে পর্দায় দেখা মেলেনি তার।

‘বাইসাইকেল থিভস’ সিনেমায় স্তাইওলার বাবার চরিত্রে অভিনয় করেন কিবদন্তী ইতালিয়ান অভিনেতা লামবের্তো মাজ্জোরানি। তার ছেলের চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী এনজো স্তাইওলার। সিনেমায় দেখা যায়, কর্মহীন বাবা তাঁর ছেলেকে নিয়ে চুরি হওয়া সাইকেল খুঁজে বেড়ান রোমের রাস্তায়। ওই সাইকেল ছাড়া তাঁর কাজ করার উপায় নেই, ছেলেকে খাওয়ানোরও উপায় নেই।
চুরি হওয়া সাইকেল যেন একেবারে ভেঙে দেয় বাবার বুক। হতাশায় ক্লান্ত হয়ে একসময় তিনিও একটি সাইকেল চুরি করেন, কিন্তু ধরা পড়ে যান পথচারীদের হাতে। তারা তাকে ছেড়ে দিলেও ছেলের সামনে অপমানিত হন তিনি। এই সিনেমাই চিরতরে চলচ্চিত্র ইতিহাসে অমর করে রাখে ছোট্ট এনজো স্তাইওলাকে।

তবে তারকাখ্যাতির শুরুর পর স্তাইওলা ধীরে ধীরে চলচ্চিত্র জগত থেকে সরে আসেন। এমনকি শেষ বয়সে এসে তিনি চলচ্চিত্রে আসা নিয়ে খানিকটা আক্ষেপও করেন।

১৯৩৯ সালের ১৫ নভেম্বর রোমে জন্মগ্রহণ করেন স্তাইওলা। ২০২৩ সালের জুলাইয়ে এক সাক্ষাৎকারে তিনি প্রথমবার ভিত্তরিও দে সিকোর সঙ্গে দেখা হওয়ার স্মৃতি শেয়ার করেন। জানান, এটি তার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

যেখানে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ঈদ মোবারক’।

এদিকে, গতকাল এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি (NCP) দেবিদ্বার ; আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাইবোনদের আত্মত্যাগ।
এই পবিত্র কুরবানির ঈদে NCP পরিবার এবার তাদের পাশে দাঁড়াতে চায় আরও একটি বিশেষ মুহূর্তে। আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।